ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পোশাকশিল্পে চার ধরনের চাপ, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান


পোশাকশিল্পে চার ধরনের চাপ, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান

অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট বিশ্লেষকরা পোশাকশিল্পে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পটিকে টিকিয়ে রাখার জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তারা উল্লেখ করেছেন, বর্তমানে পোশাকশিল্প চার ধরনের চাপের সম্মুখীন। চাপগুলো হলো রপ্তানি বাজারের চাহিদা, পণ্যের নিম্নমুখী মূল্য, ক্রমবর্ধমান উৎপাদন ব্যয় এবং শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়। এই কারণে, বর্তমান মজুরি সংকটকে শুধুমাত্র মালিক-শ্রমিক দ্বন্দ্ব হিসেবে না দেখে, এসব বিষয়কে একত্রে বিবেচনা করার প্রয়োজনীয়তা রয়েছে বলেও তারা জানান।

বুধবার, রাজধানীর কারওয়ানবাজারে বিডিবিএল ভবনের সম্মেলন কক্ষে সংস্কারমুখী নাগরিক প্ল্যাটফর্ম ‘ভয়েস ফর রিফর্ম’ কর্তৃক আয়োজিত ‘পোশাক খাতে শ্রমিকের মজুরি ও শিল্পের টিকে থাকা: ভারসাম্য কোথায়, সমাধান কী?’ শীর্ষক সংলাপে বক্তারা এসব মন্তব্য করেন।

বক্তারা বলেন, নতুন ১৭ হাজার টাকার ন্যূনতম মজুরির ফলে অবশেষে বাংলাদেশের ন্যূনতম মজুরি ভিয়েতনাম ও ভারতের মতো কিছু প্রতিযোগী দেশের কাছাকাছি পৌঁছেছে। এটি একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। সামগ্রিক বাস্তবতা মাথায় রেখে শ্রমিকদের এই মজুরি গ্রহণ করা উচিত বলেও তারা মন্তব্য করেন।

আরও পড়ুন: সম্মিলিত ইসলামী ব্যাংকের বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

সংলাপের শুরুতে ভয়েস ফর রিফর্মের সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ২০২৬ সালের জানুয়ারি-সেপ্টেম্বরের আমদানি তথ্য উপস্থাপন করে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের রপ্তানি ও পণ্যমূল্যের প্রবণতা বিশ্লেষণ করেন।

তিনি জানান, ২০২৩ সালে ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণের সময় গ্রেডভেদে গড়ে প্রায় ৫৫ শতাংশ মজুরি বৃদ্ধি পেয়েছে। সেই সময় রপ্তানিকারকদের ডলারের বিনিময় হার ১০২ টাকা থেকে প্রায় ১১৮ টাকায় (প্রায় ১৫-১৬ শতাংশ) সমন্বয় হওয়ায় শিল্প সেই বাড়তি ব্যয়ের একটি বড় অংশ সামাল দিতে সক্ষম হয়েছিল। তবে গত ১২ মাসে ডলারের বিপরীতে টাকার মানের সমন্বয় হয়েছে মাত্র প্রায় ১ দশমিক ৭ শতাংশ।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ বলেন, মজুরি বোর্ডের মাধ্যমে বর্তমান মজুরি নির্ধারণ প্রক্রিয়া আদর্শ নয়। শ্রমিকদের জীবনযাত্রার মান এবং জীবনযাপন ব্যয় সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই। ফলে যে সিদ্ধান্তই নেওয়া হোক, তা কোনো পক্ষই পুরোপুরি মেনে নিতে পারে না। তিনি প্রতি তিন বা পাঁচ বছর পরপর নয়, বরং প্রতি বছর মূল্যায়নের ভিত্তিতে মজুরি সমন্বয়ের একটি স্থায়ী ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, বাংলাদেশের অর্থনীতি পোশাকশিল্পের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। দীর্ঘকাল ধরে সরকারের সব সুযোগ-সুবিধা পোশাকশিল্পই পেয়ে এসেছে, অথচ চামড়া ও চামড়াজাত পণ্যের মতো অন্যান্য রপ্তানিখাতে সরকারের যথেষ্ট মনোযোগ দেওয়া উচিত ছিল। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে না পারলে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখা সম্ভব হবে না বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: কফি ও কাজুবাদাম চাষে বদলাতে পারে পাহাড়ের অর্থনীতি: পার্বত্যমন্ত্রী

সংলাপে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক সভাপতি ড. রুবানা হক, বিজিএমইএর সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, লেখক ও মানবাধিকার-শ্রম অধিকারকর্মী ফিরোজ আহমেদ, বিজিএমইএর পরিচালক ফয়সাল সামাদ এবং ইনোভিশন কনসালটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও পানাম ইনস্টিটিউটের ট্রাস্টি মো. রুবাইয়াত সারওয়ার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা গড়ে তুলতে চায়: সমাজকল্যাণ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


সরকার অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা গড়ে তুলতে চায়: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, সরকার অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা গড়ে তুলতে চায় যাতে কেউ বঞ্চিত না হয়।

তিনি বুধবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর সন্ধানী ভবনে জাতীয় চক্ষুদান সমিতির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, কর্নিয়া প্রতিস্থাপনের জন্য কোনো সহায়তা প্রয়োজন হলে সমাজকল্যাণ মন্ত্রণালয় তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সরকার চক্ষুদান সম্পর্কিত সব বিষয়ে সহায়তা প্রদান করবে।

এসময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, তরুণদের মধ্যে কর্নিয়া প্রতিস্থাপনের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হলে চক্ষুদান আন্দোলন আরও গতিশীল হবে।

প্রতিমন্ত্রী জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় কর্নিয়া প্রতিস্থাপনে সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

তিনি চক্ষুদান সংক্রান্ত সেবা নিয়ে সরকারের পাশাপাশি সন্ধানীকে এনজিও বা আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা গ্রহণের আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তিতে আরডিআরএসের ইতিবাচক মূল্যায়ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


কক্সবাজারে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তিতে আরডিআরএসের ইতিবাচক মূল্যায়ন

কক্সবাজারের বিদ্যালয়গুলোতে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্ব, মতামত প্রকাশ ও অন্যান্য সক্ষমতা বিকাশে ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা গেছে। এই চিত্রটি আরডিআরএস বাংলাদেশের বাস্তবায়িত ‘প্রমোটিং জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন (জিইএসআই)’ প্রকল্পের সমাপনী মূল্যায়নে উঠে এসেছে।

বুধবার (২৫ নভেম্বর) কক্সবাজার শহরের হোটেল বিচ ওয়ের সম্মেলন কক্ষে জেলার সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রকল্পের সমাপনী মূল্যায়নের (এন্ডলাইন ইভ্যালুয়েশন) ফলাফল উপস্থাপন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবর রহমান। সভায় মোট ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

সভায় প্রকল্প ব্যবস্থাপক সৈয়দা নূরে নাবিলা তাবাসসুম প্রকল্পের লক্ষ্য, উল্লেখযোগ্য কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, কক্সবাজার জেলার পাঁচটি উপজেলার আটটি বিদ্যালয়ে লাইক ক্লাব (LIKE Club—Learning Innovation & Knowledge Exchange Club) গঠন করা হয়েছে। এসব ক্লাবের মাধ্যমে ২৯টি কার্যক্রম পরিচালিত হয়েছে।

ক্লাবের কার্যক্রমের মধ্যে শিক্ষার্থীদের উদ্যোগে বিতর্ক, কুইজ প্রতিযোগিতা ও বিভিন্ন সহশিক্ষামূলক আয়োজন বিশেষ সাড়া ফেলেছে। শিক্ষকদের প্রশিক্ষণ, অভিভাবকদের সঙ্গে মতবিনিময় এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সদস্যদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তির পরিবেশ তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা করা হয়েছে।

পরে প্রকল্পের গবেষণা সহযোগী মো. জহুরুল ইসলাম সমাপনী মূল্যায়নের গবেষণার ফলাফল উপস্থাপন করেন। তিনি বেসলাইন ও এন্ডলাইন গবেষণার তুলনামূলক চিত্র তুলে ধরে বলেন, প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের ফলে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের সহশিক্ষামূলক ও সক্ষমতাভিত্তিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ ও প্রাপ্যতায় ইতিবাচক পরিবর্তন এসেছে। বিশেষ করে, শিক্ষার্থীদের ১৬টি সক্ষমতার প্রতিটি ক্ষেত্রেই অগ্রগতি পরিলক্ষিত হয়েছে।

গবেষণায় দেখা গেছে, প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক—সব পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যেই ইতিবাচক পরিবর্তন এসেছে। তবে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রে এ পরিবর্তন তুলনামূলকভাবে বেশি দৃশ্যমান। ছেলে ও মেয়ে উভয় শিক্ষার্থীর মধ্যেই বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ, শারীরিক সুস্থতা, আত্মবিশ্বাস, নিজস্ব মতামত প্রকাশসহ বিভিন্ন সক্ষমতার ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা গেছে।

গবেষণা উপস্থাপনায় বলা হয়, বিদ্যালয়ভিত্তিক কার্যক্রম এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ জেন্ডার সমতা, সামাজিক অন্তর্ভুক্তি ও সামগ্রিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রকল্পের আওতায় কার্যক্রম পরিচালিত আটটি বিদ্যালয় হলো—রামুর উত্তর মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পল্লানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কক্সবাজার সদরের হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামুর চেইন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহেশখালীর ঘটিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উখিয়ার ইনানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামু খিজারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এবং উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়।

সভায় উপস্থিত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা প্রকল্পের অর্জন, বাস্তবায়নের অভিজ্ঞতা এবং সফল কার্যক্রমগুলো ভবিষ্যতে কীভাবে অব্যাহত ও সম্প্রসারণ করা যায়, সে বিষয়ে মতামত ও পরামর্শ দেন। প্রকল্পের ইতিবাচক উদ্যোগগুলো টেকসই করতে বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক, স্থানীয় অংশীজন ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত দিল স্পষ্ট বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত দিল স্পষ্ট বার্তা

মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধটি ভারত কর্তৃক প্রচলিত নিয়ম বা প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে, নয়াদিল্লি স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, ভ্রমণ নথিসহ কোনো নাগরিকের স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টি প্রত্যর্পণ অনুরোধ থেকে সম্পূর্ণ আলাদা।

বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব তথ্য প্রদান করেন।

ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ এবং স্বেচ্ছায় দেশে ফেরার প্রসঙ্গ তুলে ধরে রণধীর জয়সওয়াল বলেন, “প্রত্যর্পণ অনুরোধটি আমাদের প্রতিষ্ঠিত প্রক্রিয়া (প্রচলিত নিয়ম) অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে। তবে ভ্রমণ নথিসহ স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক কোনো নাগরিকের বিষয়টি প্রত্যর্পণ অনুরোধ থেকে পৃথক।”

আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার কথিত প্রত্যাবর্তন নিয়ে ভারতের অবস্থান জানতে চাইলে মুখপাত্র বিষয়টিকে ঢাকা এবং শেখ হাসিনার নিজস্ব বিষয় হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “এটি হাসিনা এবং বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়। আমাদের এর সাথে আর কিছু বলার নেই।”

এছাড়া ব্রিফিংয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টিও আলোচিত হয়। রণধীর জয়সওয়াল বলেন, “বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনায় আমরা উদ্বিগ্ন। আমরা বাংলাদেশ সরকারকে এই ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।”

#ডব্লিউএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্ড সুবিধার অপব্যবহার: পোশাক রপ্তানিতে ৭৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


বন্ড সুবিধার অপব্যবহার: পোশাক রপ্তানিতে ৭৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম কাস্টমস হাউসের আইসিডি একটি ঘটনা উদ্ঘাটন করেছে, যেখানে বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল ব্যবহার না করে স্থানীয়ভাবে সংগৃহীত স্টকলটের তৈরি পোশাক রপ্তানির চেষ্টা করা হয়েছে।

এই ঘটনায় সরকারের প্রায় ৭৫ লাখ টাকা রাজস্ব ফাঁকির বিষয়টি প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে।

বুধবার বেলা ১২টার দিকে চট্টগ্রামের পোর্টলিংক লজিস্টিকস সেন্টার লিমিটেড নামের একটি অফডকে রপ্তানি পণ্যচালানে অভিযান পরিচালনা করে এই অনিয়ম উদ্ঘাটন করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রামের প্রিভেন্টিভ টিম এই অভিযান পরিচালনা করে।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, গাজীপুরের বিকেসি সোয়েটার লিমিটেডের নামে দাখিল করা বিল অব এক্সপোর্ট নম্বর সি-৭৭০৯৯৪-এর আওতাধীন পণ্য চালানটি সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট ও অফডক কর্তৃপক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে শতভাগ কায়িক পরীক্ষা করা হয়।

রপ্তানিকারক প্রতিষ্ঠানটি চালানে তিন ধরনের পণ্য হিসেবে ৩৯ হাজার ৩৭৯ পিস লেডিস ও মেনস সোয়েটার, ৪৫৮ পিস লেডিস স্কার্ট এবং ১৭১ পিস লেডিস প্যান্ট ঘোষণা করেছিল। তবে পরীক্ষায় ঘোষিত পণ্যের পরিবর্তে সম্পূর্ণ ভিন্ন ও ঘোষণা-বহির্ভূত বিভিন্ন ধরনের স্টকলটের তৈরি ৪০ হাজার ৮ পিস পোশাক পাওয়া যায়।

চালানটির ঘোষিত মূল্য ছিল ৫২ হাজার ১০ দশমিক ৪০ মার্কিন ডলার এবং এর গন্তব্য ছিল লেবানন। তবে ইউটিলাইজেশন ডিক্লারেশনে (ইউডি) নোটিফাই পার্টি হিসেবে বেলজিয়ামের নাম উল্লেখ ছিল।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, প্রতিষ্ঠানটি বন্ড সুবিধার আওতায় ইউডি নম্বর ২৬/৩৬৩১/০১০-এর অধীনে শুল্কমুক্তভাবে আমদানি করা বিভিন্ন ধরনের সুতা, কাপড় তৈরির কাঁচামাল এবং আনুষঙ্গিক উপকরণ ব্যবহার করে ঘোষিত পণ্য উৎপাদন ও রপ্তানি না করে ভিন্ন উৎসের পোশাক রপ্তানির চেষ্টা করে।

এ সময় বন্ড সুবিধায় আমদানি করা কাঁচামাল ও আনুষঙ্গিক উপকরণ অবৈধভাবে অপসারণের বিষয়টিও উদ্ঘাটিত হয়।

কাস্টমস কর্তৃপক্ষের প্রাথমিক হিসাবে, এ ঘটনায় প্রায় ৭০ লাখ টাকার শুল্ক এবং ৪ লাখ ৪৮ হাজার ৩১৭ টাকার মূল্য সংযোজন কর (মূসক) ফাঁকির বিষয়টি শনাক্ত হয়েছে। সব মিলিয়ে রাজস্ব ফাঁকির পরিমাণ প্রায় ৭৪ লাখ ৪৮ হাজার ৩১৭ টাকা।

এ ঘটনায় চূড়ান্ত প্রতিবেদন তৈরি এবং সংশ্লিষ্ট রাজস্ব ফাঁকির মামলা দায়েরের প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%