শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
১২:০২ পি.এম
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা বিভাগের প্রধান শন কেয়ার্নক্রসকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশটিতে ব্যাপক প্রযুক্তিগত সেবা বিপর্যয়ের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই থেকে উদ্ভূত নিরাপত্তা ঝুঁকির কারণে উদ্বেগ বৃদ্ধি পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
বৃহস্পতিবার এএফপির কাছে হোয়াইট হাউসের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেয়ার্নক্রসের বরখাস্তের সিদ্ধান্তে পূর্ণ সমর্থন দিয়েছেন। প্রশাসনের মতে, তার দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ছিল না।
কেয়ার্নক্রসের স্থলাভিষিক্ত হিসেবে আপাতত দায়িত্ব পালন করবেন প্রতিরক্ষা দপ্তরের বর্তমান প্রধান তথ্য কর্মকর্তা কার্স্টেন ডেভিস। সূত্রের দাবি, ডেভিসের এই পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা রয়েছে এবং সিনেটও তার নিয়োগ অনুমোদন করেছে।
গত কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্রে একাধিক বড় ধরনের প্রযুক্তিগত সেবা বিপর্যয় ঘটেছে। এর ফলে অসংখ্য মানুষ ভ্রমণ, যোগাযোগ ও অনলাইন কেনাকাটাসহ বিভিন্ন ই-কমার্স সেবা ব্যবহারে ভোগান্তিতে পড়েছেন।
এমনকি দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অত্যন্ত গোপনীয় অভ্যন্তরীণ যোগাযোগ নেটওয়ার্কও এসব বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতীয় সাইবার পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার আগে শন কেয়ার্নক্রস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
এর আগে, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে রিপাবলিকান ন্যাশনাল কমিটির (আরএনসি) প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ