০৮:৪০ পি.এম
নারায়ণগঞ্জ, ১২ অক্টোবর, ২০২৬ : নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসক ও অন্যান্য প্রয়োজনীয় জনবলের ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাড. আবুল কালাম।
তিনি উল্লেখ করেন, হাসপাতালের চিকিৎসক ও কর্মী সংকটের পাশাপাশি ৩০০ শয্যার হাসপাতালটিকে ৫০০ শয্যায় রূপান্তরের কাজ চলমান থাকায় কিছু বিভাগের কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন যে ভবনের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন হলে বন্ধ বিভাগগুলো আবারও চালু করা যাবে।
আজ সোমবার বিকালে শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ভোলাহাটে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও চোলাই মদসহ আটক ১
তিনি জানান, প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দেওয়ার উদ্যোগের অংশ হিসেবে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিতে স্থানীয় সংসদ সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে হাসপাতালগুলোর সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হয়।
সংসদ সদস্য আবুল কালাম আরও বলেন, হাসপাতালটিতে দীর্ঘ ১৮ বছর ধরে বিদ্যমান বিভিন্ন ত্রুটি ও অব্যবস্থাপনা শনাক্ত করে সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, তা দূর করার লক্ষ্যে সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে সাধারণ মানুষের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
তিনি আরও বলেন, ১৫ তলাবিশিষ্ট হাসপাতাল কমপ্লেক্সের ৭ তলার নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি কাজ দ্রুত সম্পন্ন করে হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করা সম্ভব হবে। এতে নারায়ণগঞ্জের বাসিন্দারা আরও সহজে ও স্বাচ্ছন্দ্যে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।
এর আগে, ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসাসেবা কার্যক্রম জোরদার করতে জেলা প্রশাসনের উদ্যোগে ৩ হাজার ৭শ’টি ডেঙ্গু পরীক্ষার কিট হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
আরও পড়ুন: কাউখালীতে মতুয়া আশ্রমের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে নবান্ন উৎসব উদযাপিত
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক শহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. এস এম সাখাওয়াত হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন