০৮:১৮ এম
ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরান। তবে এ দাবিটি সরাসরি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। ফলে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বার্তাসংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, বুধবার (৩ জুন) ইরানের নৌবাহিনী দাবি করে যে, তারা ওমান উপসাগরে অবস্থানরত একটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তেহরানের অভিযোগ, ওই যুদ্ধজাহাজটি ইরানি বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে পরিচালিত মার্কিন অভিযানের নিয়ন্ত্রণকেন্দ্র হিসেবে কাজ করছিল।
ইরানের নৌবাহিনীর জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, হরমুজ প্রণালিতে নিয়ম লঙ্ঘন এবং ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: গাজায় ফিলিস্তিনিদের ওপর গোপন নজরদারি, অ্যামাজনে ৩৫ লাখ ছবি আপলোড ইসরাইলের
বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন যুদ্ধজাহাজটি ইরানের আঞ্চলিক জলসীমার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল। পরিস্থিতি পর্যবেক্ষণের পর সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
ইরান দাবি করেছে যে তারা অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তৎপরতার ওপর নজরদারি অব্যাহত রেখেছে এবং প্রয়োজন হলে আরও পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সম্পূর্ণভাবে ইরানের এই দাবি প্রত্যাখ্যান করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তারা জানায়, ইরান মিথ্যা তথ্য প্রচার করছে। সমুদ্রে থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক সম্পদ নিরাপদ রয়েছে এবং স্বাভাবিকভাবে তাদের দায়িত্ব পালন করছে।
আরও পড়ুন: আল-আকসা মসজিদ প্রাঙ্গণে পুলিশের উপস্থিতিতে শতাধিক দখলদারের হামলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন