শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৮:৪০ পি.এম
কিছু গান এমন আছে, যেগুলো প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকে এবং সময়ের গণ্ডি পেরিয়ে যায়। যদিও সময় পরিবর্তিত হয় এবং মানুষের জীবনযাত্রায় নানা পরিবর্তন আসে, তবুও পুরনো দিনের পরিচিত সুরগুলো হৃদয়ে অন্য রকম অনুভূতি জাগায়।
কখনো প্রেমের আবেশ, কখনো বিরহের বিষণ্নতা, কখনো দেশ ও মাটির টান, আবার কখনো জীবনের ফেলে আসা দিনগুলোর স্মৃতি। এমন সব কালজয়ী বাংলা গানের সুরে শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে এক নান্দনিক সন্ধ্যা উপভোগের সুযোগ তৈরি হয়েছে।
রাজধানীর ৩০০ ফুট সড়কের ব্যস্ততা পেরিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করলেই চারপাশের আবহ বদলে যাবে। বাইরে যানবাহনের ছুটে চলা এবং নগরজীবনের কোলাহল, ভেতরে মৃদু আলো, রাজকীয় মোঘল সাজসজ্জা এবং প্রিয় বাংলা গানের মূর্ছনা।
টেবিলে সাজানো রয়েছে নানা পদের ঐতিহ্যবাহী মোঘল খাবার। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনের সঙ্গে আড্ডার ফাঁকে মঞ্চের পরিবেশনায় মেতে ওঠার সুযোগ, সব মিলিয়ে সন্ধ্যাটি স্মৃতি ও আনন্দের এক বিশেষ আয়োজন হয়ে উঠেছে।
এই দিন আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হচ্ছে ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’ এর বিশেষ পর্ব ‘এডিশন : কালজয়ী বাংলা গান’। সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত চলবে এ আয়োজন। এবারের পর্বে বাংলা গানের সোনালি দিনের জনপ্রিয় ও কালজয়ী সব সৃষ্টি প্রাধান্য পাবে।
বাংলা গানের ভান্ডার বৈচিত্র্যে ভরপুর। আধুনিক গান, চলচ্চিত্রের গান, ব্যান্ডসংগীত কিংবা লোকজ ধারার গান, প্রতিটি ক্ষেত্রেই রয়েছে অসংখ্য স্মরণীয় সৃষ্টি। কিছু গান মানুষের শৈশব কৈশোরের স্মৃতি জাগিয়ে তোলে, কিছু গান মনে করিয়ে দেয় জীবনের বিশেষ কোনো মুহূর্ত। আবার এমন অনেক গান রয়েছে, যেগুলো শুনলেই অজান্তে ঠোঁটে সুর চলে আসে। সেই চেনা গানগুলোই এ সন্ধ্যায় সংগীতপ্রেমীদের ফিরিয়ে নেবে সোনালি দিনের আবেগে।
এ আয়োজনের বিশেষত্ব হলো, এখানে গান শোনার পাশাপাশি অতিথিরা উপভোগ করতে পারবেন ঐতিহ্যবাহী মোঘল খাবার। আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টের অন্যতম আকর্ষণ মোঘল রন্ধনশৈলীতে তৈরি নানা পদ। পুরোনো রেসিপি ও ঐতিহ্যের ছোঁয়ায় তৈরি এসব খাবারের স্বাদে রয়েছে ভিন্নতা। খাবার পরিবেশনেও রাখা হয়েছে রাজকীয় আয়োজন। মোঘল পোশাকে পরিবেশনকর্মীদের উপস্থিতি এবং ঐতিহ্যবাহী সাজসজ্জা অতিথিদের সামনে তুলে ধরে এক ভিন্ন আবহ।
ফলে এ সন্ধ্যায় খাবার কেবল নৈশভোজের আয়োজনেই সীমাবদ্ধ থাকছে না। বরং সংগীতের সঙ্গে মিলেমিশে তৈরি করবে উপভোগের নতুন মাত্রা। একদিকে মঞ্চে ভেসে আসবে প্রিয় বাংলা গানের সুর, অন্যদিকে টেবিলে চলছে খাবারের স্বাদ নেওয়া আর প্রাণখোলা আড্ডা। পরিচিত কোনো গান বেজে উঠলে অতিথিদের অনেকেই হয়তো গুনগুন করে গলা মেলাবেন, ফিরে যাবেন জীবনের কোনো স্মৃতিময় সময়ে।
‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’ এর আয়োজনের আরেকটি দিক হলো, প্রতি শুক্রবার সংগীতের ভিন্ন ভিন্ন ধারা নিয়ে সাজানো হচ্ছে একেকটি পর্ব। ফলে একই স্থানে বারবার এলেও অতিথিদের জন্য থাকছে নতুন অভিজ্ঞতা। নব্বইয়ের দশকের হিন্দি গান থেকে শুরু করে রবীন্দ্রসংগীত, নজরুলগীতি এবং কালজয়ী বাংলা গান এভাবেই সংগীতের নানা ধারাকে এক মঞ্চে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকদের সূচি অনুযায়ী, আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে পিয়ানো ও ভোকাল সংগীতের আয়োজন। এরপর ১১ ডিসেম্বর থাকছে শাস্ত্রীয় যন্ত্রসংগীত এবং ১৮ ডিসেম্বর পরিবেশিত হবে লোকসংগীত বা ফোক।
সব মিলিয়ে ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’ শুধু গান কিংবা খাবারের আয়োজন নয়; এটি ব্যস্ত নগরজীবনের মাঝে প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় কাটানো, পুরোনো দিনের স্মৃতি রোমন্থন এবং ঐতিহ্যের স্বাদ নেওয়ার একটি উপলক্ষ। কালজয়ী বাংলা গানের আবেগ আর মোঘল খাবারের রাজকীয় স্বাদ মিলিয়ে আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টের এ আয়োজন সংগীত ও খাদ্যপ্রেমীদের জন্য হয়ে উঠতে পারে এক স্মরণীয় সন্ধ্যা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ থাকবে না। এই সময়ে উপজেলার সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, রাজারহাট উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফলে নির্ধারিত সময়ে উপজেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ বিষয়ে রাজারহাট উপকেন্দ্রের ইনচার্জ হাফিজুল ইসলাম জানান, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সেক্ষেত্রে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ চালু হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ