বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
১০:৫৮ পি.এম
সাংবাদিক শেখ ফরিদ উদ্দিন (৫০) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"।
শেখ ফরিদ উদ্দিন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘ সময় ধরে লিভার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
তিনি আড়াইহাজার থানা প্রেসক্লাবের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেন, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ছিলেন এবং দৈনিক দিনকালের সাবেক স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন।
মৃত্যুকালে তিনি বাবা-মা, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় নিজ বাড়িতে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিক মহলসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন তেজগাঁও ইমাম-খতিব উলামা পরিষদের নেতারা।
বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদ সদস্যের কার্যালয়ে পরিষদের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান মোমতাজীর নেতৃত্বে এ সাক্ষাৎ ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
এ সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, উলামা পরিষদের সহসভাপতি মাওলানা হাফিজুর রহমান ও মাওলানা লিয়াকত আলী, জামায়াতের শিল্পাঞ্চল থানা আমির কলিম উল্লাহ এবং ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ উল্লাহ ভুইয়া হারুন।
এছাড়া পরিষদের সদস্য মাওলানা সাইফুল ইসলাম ফারুকী, মাওলানা রুকনুদ্দীন, মাওলানা আবুল খায়ের ফোরকানী, মাওলানা আব্দুল মতিন, মাওলানা ইব্রাহীম, মাওলানা মুহাম্মাদ মুরশিদ আলম, মাওলানা ফজলুর রহমান, মাওলানা হাবিবুর রহমান ও মাওলানা মাসউদুর রহমানসহ স্থানীয় অন্যান্য আলেম-উলামা ও নেতারা উপস্থিত ছিলেন।
সৌহার্দ্যপূর্ণ এই মতবিনিময় সভায় গত ১৭ অক্টোবর শিল্পাঞ্চলে একটি মাহফিলে সংসদ সদস্যের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত আচরণের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। নেতারা দেশের ধর্মীয় ও সামাজিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও মতবিনিময় করেন।
এ সময় সংসদে খতমে নবুওয়াতের সুরক্ষায় বিল উত্থাপন, ইসলামের মৌলিক আকিদা-বিশ্বাস ও ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি ও প্রস্তাব সংসদ সদস্য সাইফুল আলম খান মিলনের কাছে পেশ করেন।
সভায় নেতারা ১৭ অক্টোবরের মাহফিলে সংঘটিত ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। তাঁরা সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান যে, তাঁদের উত্থাপিত দাবিগুলো যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখবেন।
জবাবে সাইফুল আলম খান মিলন জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা অনুযায়ী জাতীয় সংসদে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপি মন্তব্য করেছেন যে, "কয়েকটি গাড়ি ও বাড়িতে আগুন দিয়ে এবং বিদেশ থেকে উস্কানি দিয়ে সরকারকে ক্ষমতাচ্যুত করা যাবে না।" তিনি সংশ্লিষ্টদের ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে বলেছেন, "এই সময়ের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে ফিরে না এলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামই তাদের প্রতিহত করতে যথেষ্ট।"
আজ বৃহস্পতিবার, আওয়ামী লীগের নেতাকর্মীদের সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। বরিশাল-৩ আসনের জয়নুল আবেদীন এই কর্মসূচিতে বক্তব্য রাখেন।
জয়নুল আবেদীন বলেন, "একটি ফ্যাসিস্ট দল আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করছে। তবে গাড়ি-বাড়ি পুড়িয়ে সেই লক্ষ্য অর্জন সম্ভব নয়।" তিনি উল্লেখ করেন, "আপনাদের নেতা পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছেন; আর আপনারা চলে আসবেন? জাতীয়তাবাদী দলের সৈনিক ও আইনজীবীরা তা কোনোদিন বরদাস্ত করবে না।"
তিনি আরও বলেন, "বাংলাদেশের মানুষ এই সরকারকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে নির্বাচিত করে তারেক রহমানকে প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছেন। আপনারা কয়েকটা গাড়ি পুড়িয়েই সরকারকে হটিয়ে ফেলবেন, যদি ভেবে থাকেন, তাহলে ভুল করবেন।"
জয়নুল আবেদীন বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে বলেন, "গোপালগঞ্জকে স্বাধীন করলেই সব হয়ে যাবে-এমন ভাবনার সুযোগ নেই। এখনও সময় রয়েছে, আপনারা ‘গোপালী’ মানসিকতা থেকে সরে আসুন।"
বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, "দেশের মানুষ ও জিয়াউর রহমানের অনুসারীরা জেগে উঠেছে। বিরোধী দলে থাকাকালেও তারা মাথা নত করেনি, এখনো করবে না। তাদের রুখে দেওয়া আমাদের সবার ঈমানী দায়িত্ব।" তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এই কর্মসূচিতে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি, সুপ্রিমকোর্ট বারের সম্পাদক আইনজীবী মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল, জামিল আখতার এলাহী, মাহবুবুর রহমান খান, গাজী তৌহিদুল ইসলাম, ব্যারিস্টার আসাদুজ্জামান ও শরীফ ইউ আহমেদসহ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এতে কয়েকশ আইনজীবী অংশ নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মিয়ানমারের রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর যুক্তরাজ্য লন্ডনে মিয়ানমার দূতাবাসের ডিফেন্স অ্যাটাশেকে (প্রতিরক্ষা উপদেষ্টা) বহিষ্কার করেছে। মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।
এছাড়া, যুক্তরাজ্য সরকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে এই রায় নিয়ে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এই সিদ্ধান্তের কথা জানান।
এর আগে, গাম্বিয়ার বিরুদ্ধে মিয়ানমারের মামলায় আইনি লড়াইয়ে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ ১১টি দেশ আইসিজেতে যুক্ত হয়েছিল।
রায়ের পরপরই ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিক পদক্ষেপ নেয়ার কথা তুলে ধরে বলেন, "মিয়ানমার সরকারের বিরুদ্ধে বিদ্যমান নিষেধাজ্ঞার উপর ভিত্তি করে মিয়ানমারের প্রতিরক্ষা উপদেষ্টাকে বহিষ্কারের নির্দেশ দিচ্ছি।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দীর্ঘদিন ধরে চলছিল অপেক্ষা। নির্যাতন, বাস্তুচ্যুতি এবং অনিশ্চয়তার মাঝে বছরের পর বছর কেটে গেছে।
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় ঘোষণার মুহূর্তে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরগুলোতে উত্তেজনা ছিল তীব্র। কারও চোখে উৎকণ্ঠা ছিল, আবার কারও মনে নতুন আশার সঞ্চার ঘটেছিল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল তিনটার আগে থেকেই উখিয়ার ১৫ নম্বর জামতলী ক্যাম্পের মাঠে শয়ে শয়ে রোহিঙ্গা জড়ো হতে শুরু করেন। সময়ের সাথে সাথে মানুষের ভিড় ক্রমশ বাড়তে থাকে।
মাঠে জায়গা না পেয়ে অনেকে আশপাশের সড়ক ও খোলা জায়গায় অবস্থান নেন। সবার একটাই অপেক্ষা ছিল; আন্তর্জাতিক আদালত কী সিদ্ধান্ত দেয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ