ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চাকসুর বরাদ্দের ৯ লাখ টাকা আবাসিক শিক্ষার্থীদের জন্য, অনাবাসিকরা বঞ্চিত ৭০ শতাংশ


চাকসুর বরাদ্দের ৯ লাখ টাকা আবাসিক শিক্ষার্থীদের জন্য, অনাবাসিকরা বঞ্চিত ৭০ শতাংশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) মেয়াদ শেষ হওয়ার প্রান্তে এসে সংগঠনটির ভিপি, জিএস ও এজিএসের জন্য বরাদ্দকৃত প্রায় ৯ লাখ টাকা আবাসিক শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করা হয়েছে। তবে, বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ অনাবাসিক শিক্ষার্থীর জন্য এসব উদ্যোগ সরাসরি উপকারে আসেনি। এ কারণে ছাত্র সংসদের বরাদ্দের অর্থ ব্যবহারে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের স্বার্থের ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনাবাসিক শিক্ষার্থীদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি হলেও চাকসু ও হল সংসদগুলোর কার্যক্রম মূলত আবাসিক শিক্ষার্থীদের কেন্দ্র করে পরিচালিত হয়েছে বলে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপকালে জানা গেছে। দীর্ঘ সময় ধরে আবাসিক হলের সুবিধা, শিক্ষা উপকরণ ও বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্ব দেওয়া হলেও অনাবাসিক শিক্ষার্থীদের যাতায়াত, খাবার ও অন্যান্য প্রয়োজনের দিকে কার্যক্রম তুলনামূলকভাবে কম লক্ষ্য করা গেছে। যদিও চাকসুর কিছু সম্পাদকের উদ্যোগে শিক্ষার্থীদের বৃহত্তর অংশকে সম্পৃক্ত করার চেষ্টা দেখা গেছে।

জানা গেছে, চাকসুর সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনির যাতায়াত, আপ্যায়ন ও চা-নাশতার জন্য বরাদ্দ ছিল প্রায় চার লাখ টাকা। তিনি ব্যক্তিগত ও আনুষঙ্গিক কাজে এ অর্থ ব্যয় না করে বিশ্ববিদ্যালয়ের ১০টি ছাত্র হল এবং মাস্টারদা সূর্য সেন হলের নারী ব্লকের জন্য মোট ১১টি ডিপ ফ্রিজের ব্যবস্থা করেন। যদিও এই উদ্যোগটি আবাসিক শিক্ষার্থীদের জন্য সুবিধা তৈরি করেছে, অনাবাসিক শিক্ষার্থীরা এর সরাসরি সুফল পাচ্ছেন না।

আরও পড়ুন: রোহিঙ্গা সংকট: আশ্রয়শিবিরে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ কমছে

অন্যদিকে, চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিবের আপ্যায়ন, চা-নাশতা, যাতায়াতসহ আনুষঙ্গিক খাতে বরাদ্দ ছিল প্রায় দুই লাখ ৫০ হাজার টাকা। তাঁর বক্তব্য অনুযায়ী, তিনি এ অর্থের কোনো অংশ ব্যক্তিগত কাজে ব্যয় করেননি এবং বরাদ্দ থেকে কোনো টাকা উত্তোলনও করেননি। দায়িত্বের শেষ সময়ে এসে শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি সমস্যা সমাধানে বরাদ্দের অর্থ ব্যবহারের সিদ্ধান্ত নেন তিনি।

চাকসুর যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) আইয়ুবুর রহমান তৌফিকও তাঁর জন্য বরাদ্দ করা দুই লাখ ৫০ হাজার টাকা নিজের বা অফিসের কাজে ব্যয় করেননি বলে জানা গেছে। বরাদ্দকৃত অর্থ তিনি আবাসিক হলের শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা ও সেবামূলক উপকরণ নিশ্চিত করতে ব্যয় করেছেন।

তিন নেতার বরাদ্দের অর্থ শিক্ষার্থীদের কল্যাণে ব্যবহারের উদ্যোগ থাকলেও এর সুবিধাভোগী কারা তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের একটি বড় অংশ প্রতিদিন শহর থেকে শাটল ট্রেনে যাতায়াত করেন। তাঁদের জন্য বসার জায়গা, খাবারের সুবিধা কিংবা যাতায়াতকেন্দ্রিক সমস্যা সমাধানে এ অর্থের কোনো অংশ ব্যয় করা হলে তা আরও বেশি শিক্ষার্থীর কাজে আসত কি না, সে প্রশ্নও সামনে এসেছে।

হল সংসদের কার্যক্রমেও আবাসিকদের প্রাধান্য নিয়ে প্রশ্ন উঠেছে। হল সংসদগুলোর নেতারা সংশ্লিষ্ট হলের শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হলেও তাঁদের অধিকাংশ কার্যক্রম আবাসিক শিক্ষার্থীদের কল্যাণেই সীমাবদ্ধ ছিল বলে অভিযোগ রয়েছে। ফলে হল সংসদ নির্বাচনে অংশ নেওয়া অনাবাসিক শিক্ষার্থীদের প্রত্যাশা কতটা পূরণ হয়েছে, তা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

আরও পড়ুন: ইতমিনান বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৫ হাজার শিক্ষার্থী

এমন উদ্যোগ নেওয়ার কারণ জানতে চাইলে চাকসুর সাবেক ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, "আমি যে ফ্রিজগুলো দিয়েছি ঐই ফ্রিজগুলোতে ২টি পার্ট আছে। যার একটি পার্ট অনাবাসিক শিক্ষার্থীরা যেন ব্যবহার করতে পারে সেটি বলে দেওয়া হয়েছে।"

তিনি আরও বলেন, "চাকসুতে বাজেটের কয়েক গুণ কাজ করেছি। যার কালেকশনগুলো ভিপি জিএসের মাধ্যমে হয়েছে। এগুলোর সুযোগ সুবিধা অনাবাসিকরাও পাচ্ছে।"

তবে চাকসুর সাবেক জিএস সাঈদ বিন হাবিব বলেন, "আমি আমার বাজেটের যে ফ্রিজগুলো দিয়েছি সেগুলো অনাবাসিক শিক্ষার্থীরাও ব্যবহার করতে পারবে। এছাড়া আমি কেন্দ্রীয় লাইব্রেরি, শারীরিক শিক্ষা বিভাগ, বিভিন্ন হলে পানির ফিল্টারের ব্যবস্থা করেছি। যা অনাবাসিক শিক্ষার্থীদেরও কাজে আসবে।"

চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, "আসলে আড়াই লক্ষ টাকা পরিমাণে খুবই কম। এই টাকা দিয়ে ৭০ শতাংশ অনাবাসিক শিক্ষার্থীদের কল্যাণে স্থায়ী কিছু করা যাবে বলে আমার মনে হয়না। তাই আমি আবাসিক হলগুলোতে স্থায়ী কিছু করার চেষ্টা করেছি। যেন হলোগুলোতে অনাবাসিক শিক্ষার্থীরা আসলেও সুবিধা নিতে পারবে।"

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে লকডাউনের প্রভাব নেই, বার্ষিক পরীক্ষা স্বাভাবিকভাবে অনুষ্ঠিত

তিনি আরও বলেন, "চাকসু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে প্রায় ৭০ থেকে ৮০ লক্ষ টাকা নিয়েছে। এই টাকা তো শিবির প্যানেলই পেয়েছে। আর সেই টাকা দিয়ে ওনারা শুধু জামায়াত শিবিরকে প্রমোট করেছে। ওনারা চাইলে এই টাকা দিয়ে অনাবাসিকদের জন্য স্থায়ী কিছু করতে পারতো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জে নাট্যচক্রের ২৫ বছর পূর্তির রজতজয়ন্তী উৎসব শুরু

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০২:১০ পি.এম


সিরাজগঞ্জে নাট্যচক্রের ২৫ বছর পূর্তির রজতজয়ন্তী উৎসব শুরু

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ‘নাট্যচক্র গ্রুপ থিয়েটার’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে দুই দিনব্যাপী রজতজয়ন্তী উৎসব বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শুরু হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই উৎসবের উদ্বোধন করেন উল্লাপাড়া বিজ্ঞান কলেজের প্রিন্সিপাল রোটারিয়ান মো. আব্দুস সাত্তার।

নাট্যচক্রের সভাপতি আব্দুল আলীম মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান মুরাদ। উদ্বোধনী বক্তব্যে অতিথিরা উল্লেখ করেন, "দীর্ঘ ২৫ বছর ধরে জেলা শহরে নাট্যচর্চার ধারাবাহিকতা বজায় রাখা একটি প্রশংসনীয় উদ্যোগ।" তারা আরও বলেন, তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে নিয়মিত নাট্যচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য মমিন বাবু, নাট্য ফেডারেশন সিরাজগঞ্জের সভাপতি গোলজার হোসেন এবং স্থানীয় বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে সিরাজগঞ্জের কৃতি নাট্যকার, গীতিকার ও অভিনেতা নূর মোহাম্মদকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়। আলোচনা পর্ব শেষে সমসাময়িক সামাজিক অনিয়ম ও দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলে ব্যঙ্গাত্মক নাটক ‘চোর সমাচার’ মঞ্চস্থ হয়। নাটকটি উপভোগ করেন মিলনায়তনে উপস্থিত বিপুলসংখ্যক দর্শক।

উল্লেখ্য, ২০০১ সালে প্রতিষ্ঠিত নাট্যচক্র দীর্ঘকাল ধরে মঞ্চনাটক, পথনাটক ও সাংস্কৃতিক প্রশিক্ষণের মাধ্যমে জেলার সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। উৎসবের দ্বিতীয় ও শেষ দিন আজ শনিবার আলোচনা সভা, আবৃত্তি, নৃত্য এবং নাট্যচক্রের পরিবেশনায় নাটক ‘কানামাছি খেলা’ মঞ্চস্থ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হ্যালোইনে সহিংসতার আশঙ্কায় ফ্রান্সে ৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০২:১০ পি.এম


হ্যালোইনে সহিংসতার আশঙ্কায় ফ্রান্সে ৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন

হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে নতুন সহিংস বিক্ষোভ ও নাশকতার সম্ভাবনা নিয়ে উদ্বেগের কারণে ফ্রান্সের সরকার দেশজুড়ে প্রায় ৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

শনিবার (৩১ অক্টোবর) টানা তৃতীয় সপ্তাহের মতো আন্দোলনকারীরা রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছেন। রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানের সামনের অংশ আগেভাগেই কাঠের তক্তা দিয়ে ঢেকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে অনাকাঙ্ক্ষিত ভাঙচুর ও লুটপাট ঠেকানো যায়।

আন্দোলনটি শুরুতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অর্থনৈতিক বৈষম্য ও শিক্ষাব্যবস্থার সংকটের প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান এবং আন্দোলনকারীদের আহত হওয়ার ঘটনায় এর পরিধি আরও বেড়ে যায়। বর্তমানে শিক্ষার্থীদের পাশাপাশি ট্রেড ইউনিয়ন ও ইয়েলো ভেস্ট আন্দোলনের কর্মীরা নাগরিক স্বাধীনতা, নিরাপত্তা বাহিনীর জবাবদিহি এবং শান্তিপূর্ণ প্রবাদের অধিকার সুরক্ষার দাবি জানাচ্ছেন।

গত ১৭ অক্টোবরের বিক্ষোভে দেশজুড়ে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ অংশগ্রহণ করে এবং সেখানে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে ২৪ অক্টোবরের কর্মসূচিতে ৪ লাখ ১০ হাজার মানুষ অংশ নেন, যেখানে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, হ্যালোইনের মুখোশ পরে দুষ্কৃতকারীরা সহজেই বিক্ষোভকারীদের সঙ্গে মিশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শহরের কেন্দ্রস্থলে কোনো বিক্ষোভের অনুমতি দেওয়া হবে না। তিনি সতর্ক করেছেন যে, হ্যালোইনের সুযোগ নিয়ে মুখ ঢেকে সহিংসতা চালানোর চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজধানী প্যারিসে ৪০টিরও বেশি মেট্রো স্টেশন বন্ধ রাখা এবং ট্রাম চলাচলে বিঘ্ন ঘটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে ড্রোন, হেলিকপ্টার ও সাঁজোয়া যান প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে, আগামী ছয় মাসের মধ্যে ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে জনমত জরিপে কট্টর ডানপন্থী নেত্রী মেরিন লে পেন এগিয়ে রয়েছেন। এই রাজনৈতিক প্রেক্ষাপটে দেশে চলমান অস্থিরতাকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শতভাগ ফেল করা কলেজ নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০২:১১ পি.এম


শতভাগ ফেল করা কলেজ নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশের ২৯৩টি শূন্য পাস প্রতিষ্ঠান এবং সেসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের জন্য নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, সরকার এসব প্রতিষ্ঠানকে বন্ধ না করে বরং পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত বা পুনর্বিন্যাস করার চিন্তা করছে। শিক্ষকদের চাকরি যাবে না বলে শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেছেন।

শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা এটা জানি যে অনেক জায়গায় অযাচিত অনেক কলেজ হয়েছে। রাতারাতি তো বন্ধ করে দেওয়া যাবে না। তবে সেগুলোকে সীমিত পরিসরে কিভাবে আমরা রি-অ্যাডজাস্ট করব, সে ব্যাপারে আমাদের ভাবনা রয়েছে।"

তিনি আরো বলেন, "জিরো পার্সেন্টেজ এবারও বেড়েছে, মানে জিরো পাস করা প্রতিষ্ঠানেরও সংখ্যা বেড়েছে। তো সেগুলোকে নিয়ে আমরা কনসিডার করব, কিভাবে পার্শ্ববর্তী জায়গায় মার্জ করা যায় কি না। তবে শিক্ষকদের চাকরি যাবে না, এটা আমি নিশ্চিত করতে পারি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উচ্চফলনশীল জাত উদ্ভাবনে বিপ্লব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০২:১২ পি.এম


বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উচ্চফলনশীল জাত উদ্ভাবনে বিপ্লব

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) দেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে, যা পরমাণু শক্তির শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রিত ব্যবহারের মাধ্যমে সম্ভব হয়েছে। এ প্রতিষ্ঠানটি ২২টি ফসলের ১৩৯টি উচ্চফলনশীল ও উন্নত বৈশিষ্ট্যসম্পন্ন জাত উদ্ভাবন করেছে। এর মধ্যে ৯৬টি জাত সরাসরি মিউটেশন ব্রিডিং বা বিকিরণ প্রযুক্তির মাধ্যমে উদ্ভাবিত হয়েছে।

এছাড়া, বিনা ১০টি জীবাণুসার এবং ৫৭টি আধুনিক কৃষি প্রযুক্তি উদ্ভাবন করেছে। তারা মূলত প্ল্যান্ট মিউটেশন ব্রিডিং বা পরমাণু বিকিরণ (যেমন-গামা রশ্মি, এক্স-রশ্মি বা আয়ন বিম) প্রয়োগের মাধ্যমে উদ্ভিদের জিনগত পরিবর্তন ঘটিয়ে নতুন নতুন ফসলের জাত ও প্রযুক্তি উদ্ভাবন করে।

বিনা’র বিজ্ঞানীরা তাদের সফল ও যুগোপযোগী গবেষণা কর্মকাণ্ডের জন্য দেশ ও বিদেশে প্রশংসিত হয়েছেন। এ পর্যন্ত বিনা ৩১টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছে। এর মধ্যে স্বাধীনতা পদক-২০১৯ সহ জাতীয়ভাবে ২২টি এবং আন্তর্জাতিকভাবে ৯টি পুরস্কার রয়েছে।

বিনা’র ভারপ্রাপ্ত মহাপরিচালক শরীফুল হক ভুঁইয়া জানান, "পরমাণু শক্তির শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রিত ব্যবহারের মাধ্যমে দেশের কৃষিতে অনেক পরিবর্তন এনেছে বিনা। এ পর্যন্ত ২২টি ফসলের মোট ১৩৯টি উচ্চফলনশীল ও উন্নত জাত উদ্ভাবন করেছে প্রতিষ্ঠানটি।" তিনি বলেন, এর মধ্যে পারমানবিক শক্তি প্রয়োগের মাধ্যমে ৯৬টি জাত উদ্ভাবন করেছে বিনা।

বিনা’র কর্মকর্তাদের মতে, প্রতিষ্ঠানটি ধান, পাট, গম, ডাল, তেলবীজ, সব্জি ও মসলা জাতীয় শস্যের ২২টি ফসলের উচ্চ ফলনশীল এবং উন্নত গুণাবলী সম্পন্ন ১৩৯টি জাত উদ্ভাবন করেছে। ফসলের উন্নত জাতগুলো ছাড়াও ডাল ও শিম জাতীয় তেল ফসলের নাইট্রোজেনের বিকল্প হিসেবে ইনস্টিটিউট ১০টি জীবাণুসার উদ্ভাবন করেছে। বর্তমানে ছোলা, মসুর, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মাষকলাই, বরবটি ও ধৈঞ্চা’র জীবাণু সার ইনস্টিটিউট থেকে তৈরি ও সরবরাহ করা হচ্ছে। এসব জীবাণু সার প্রয়োগে সয়াবিনে ৭৫ থেকে ১৫০ ভাগ এবং ডাল ও শিম জাতীয় শস্যে ২০ থেকে ৪৫ ভাগ পর্যন্ত ফলন বৃদ্ধি পায়। জীবাণু সার প্রয়োগের ফলে ইউরিয়া সার দেওয়ার প্রয়োজন হয় না। ফসফো-ভার্মিকম্পোস্ট ব্যবহারের মাধ্যমে মৃত্তিকার স্বাস্থ্য সুরক্ষা এবং ফসফেটিক সারসহ অন্যান্য রাসায়নিক সারের সাশ্রয় হয়। এছাড়াও বিনা ৫৭টি প্রযুক্তি উদ্ভাবন করেছে।

পারমাণবিক পদ্ধতিতে বিনার প্রধান উদ্ভাবন ও সাফল্যের মধ্যে বিনাধান-১৪ উল্লেখযোগ্য। সাধারণত প্রচলিত পদ্ধতিতে ধানের একটি নতুন জাত তৈরি করতে ৮ থেকে ১২ বছর সময় লাগে। কিন্তু বিনা আয়ন বিম প্রযুক্তির সাহায্যে মাত্র ৪ বছরে স্বল্পমেয়াদি ও উচ্চ ফলনশীল জাত বিনাধান-১৪ উদ্ভাবন করেছে।

উপকূলীয় অঞ্চলের লবণাক্ত মাটি এবং দেশের বন্যাপ্রবণ এলাকার জন্য বিশেষ জাত (যেমন- বিনাধান-১০, বিনাধান-২৩ ইত্যাদি) উদ্ভাবন করা হয়েছে। এর ফলে উপকূলের প্রায় ৪০ থেকে ৫০ ভাগ পতিত জমি চাষাবাদের আওতায় এসেছে। ধান ছাড়াও তারা বিনা সরিষা, বিনা মুগ, বিনা মসুর, বিনা সয়াবিন, বিনা টমেটো এবং বিনা চিনাবাদামের মতো উচ্চ ফলনশীল ও রোগপ্রতিরোধী জাত তৈরি করেছে।

মাটির উর্বরতা বৃদ্ধি ও ক্ষতিকর রাসায়নিক সারের ব্যবহার কমাতে বিনা ১০টি জীবাণু সার উদ্ভাবন করেছে। এই জীবাণু সার ব্যবহারে ডাল ও শিম জাতীয় শস্যের ফলন ২০ থেকে ৪৫ ভাগ এবং সয়াবিনের ফলন ৭৫ থেকে ১৫০ ভাগ পর্যন্ত বৃদ্ধি পায়। এটি ব্যবহারে জমিতে অতিরিক্ত ইউরিয়া সার দেওয়ার প্রয়োজন হয় না, যা কৃষকের খরচ বাঁচায় এবং পরিবেশ রক্ষা করে। বিনা দেশীয় ফসলের জিনগত বৈশিষ্ট্য গভীরভাবে জানার জন্য জিনোম সিকোয়েন্স উন্মোচন করেছে। এর মাধ্যমে তারা খরা, অতিরিক্ত তাপমাত্রা, রোগবালাই এবং পোকামাকড় প্রতিরোধী ফসলের জাত তৈরি করছে।

বিনা উদ্ভাবিত ফসলের জাতসমূহের মধ্যে রয়েছে- ধান ২৬ টি’র মধ্যে আউশ জাতের ধান ২টি, আমন জাতের ধান ১৪টি, বোরো জাতের ধান ১০টি, গম ১টি, তেল জাতীয় ফসল ৩৭ টির মধ্যে সরিষা ১২ টি, চিনাবাদাম ১২ টি, সয়াবিন ৭টি, তিল ৬টি, ডাল জাতীয় ফসল ৪১টির মধ্যে মসুর ১২টি, মুগ ১৩টি, ছোলা ১১টি, মাষ ৩ টি, খেসারী ২টি, উদ্যানতাত্ত্বিক ফসল ২৫টির মধ্যে টমেটো ১৩টি, লেবু ৩টি, পিঁয়াজ ২টি, মরিচ ২টি, হলুদ ১টি, রসুন ১টি, কুল ১টি, সফেদা ১টি, কালিজিরা ১টি, আঁশ জাতীয় ফসল ৪টি ও পাট ৪টি।

এ ছাড়া বিনা উদ্ভাবিত উল্লেখযোগ্য কিছু প্রযুক্তিসমূহের মধ্যে প্রধান প্রধান শস্য পরিক্রমায় সমন্বিত পুষ্টি ব্যবস্থাপনা, ধান ভিত্তিক শস্য পরিক্রমায় ফসফেট সারের ব্যবস্থাপনা, ধান চাষে নাইট্রোজেন সারের ব্যবস্থাপনা, ফসফেটিক জীবাণু সার, লবণাক্ত জমিতে গম চাষ, মাটিতে দস্তার প্রয়োজনীয়তা নির্ণয়, পানি সংরক্ষণের মাধ্যমে বরেন্দ্র এলাকার জন্য নতুন শস্য পরিক্রমা, আর্সেনিকমুক্ত পানি উত্তোলনের জন্য অগভীর নলকূপ স্থাপন, ধানগাছের মাধ্যমে আর্সেনিক শোষণ, মাটি-উদ্ভিদে আর্সেনিকের স্থানান্তর, লবণাক্ত এলাকায় ফসলের সেচ ও পানি ব্যবস্থাপনা, সমন্বিত ব্যবস্থাপনায় টমেটো গাছের ঢলে পড়া রোগ দমন, রোগ প্রতিরোধী শস্য জাত উদ্ভাবন ও বিস্তার, মাটির স্বাস্থ্য সেবা, লবণাক্ত এলাকায় সূর্যমুখী, ভূট্টা ও সয়াবিন চাষে সেচ ও পানি ব্যবস্থাপনা, লবণাক্ত এলাকায় ফারো রোপন পদ্ধতি, লবণাক্ত এলাকায় গম চাষে সেচ ও পানি ব্যবস্থাপনা, মাল্টার কলম করার কলাকৌশল এবং সফেদার বংশবিস্তার কলাকৌশল অন্যতম।

কৃষি গবেষণায় প্রাতিষ্ঠানিক অবদানের স্বীকৃতিস্বরূপ ইনস্টিটিউট ১৯৭৯-৮০ সালের কৃষি উন্নয়নে ‘রাষ্ট্রপতি পুরষ্কার’ লাভ করেছে। কৃষি গবেষণা ও কৃষি উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮০-৮১ ও ১৯৮১-৮২ সালে ‘রাষ্ট্রপতি পুরষ্কার’ অর্জন করে প্রতিষ্ঠানটি।

কৃষি গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মির্জা মোফাজ্জল ইসলামের নেতৃত্বে বায়োটেকনোলজি বিভাগ, বিনা ২০১৩ সালে কৃষি মন্ত্রণালয় থেকে জাতীয় কৃষি পুরষ্কার রৌপ্য পদক লাভ করে। কৃষি গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ২০১৪ সালে কৃষি মন্ত্রণালয় থেকে জাতীয় কৃষি পুরস্কার স্বর্ণ পদক লাভ করে।

এ ছাড়া কৃষি গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের ‘জাতীয় পরিবেশ পদক-২০১৬’ স্বর্ণ পদক অর্জন করে। কৃষি গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের স্বাধীনতা পদক-২০১৯ অর্জন করে।

ফুড সিকিউরিটিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৪ সালে ড. মির্জা মোফাজ্জল ইসলাম (প্রাক্তন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা) জাতিসংঘের এফএও-আইএইএ থেকে আন্তর্জাতিক পর্যায়ে ‘আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট’ লাভ করেন। কৃষি গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ বিনা ২০১৬ সালে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ‘আইডিবি প্রাইজ ২০১৬ সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ পুরষ্কার লাভ করে।

লবণ ও জলমগ্নতা সহনশীল ধানের জাত উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের ড. মির্জা মোফাজ্জল ইসলাম এবং উদ্ভিদ প্রজনন বিভাগকে ২০১৮ সালে সম্মাননা প্রদান করা হয়।

মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামছুন্নাহার বেগম কৃষি গবেষণায় মিউটেশন ব্রিডিং এর স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে ওমেন ইন প্ল্যান্ট ব্রিডিং অ্যাওয়ার্ড অফ এফএও-আইএইএ অফ দ্য ইউনাইটেড ন্যাশনস পুরষ্কার লাভ করেন। মিউটেশন ব্রিডিং এর মাধ্যমে ফসলের জাত উদ্ভাবনের জন্য প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিনা ২০২১ সালে ‘আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট’ অর্জন করে।

বিনা’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহবুবুর রহমান খান প্রতিষ্ঠানটির উদ্ভাবনী সক্ষমতার কথা তুলে ধরে বলেন, "বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত একটি জাতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠান হচ্ছে বিনা, যার প্রধান কাজ হলো- পারমাণবিক কৌশল ও বায়োটেকনোলজি ব্যবহার করে বিভিন্ন ফসলের উচ্চ ফলনশীল ও প্রতিকূলতা-সহনশীল জাত উদ্ভাবন করা।" বর্তমানে প্রতিষ্ঠানটি পারমাণবিক শক্তি প্রয়োগের মাধ্যমে কৃষিতে উচ্চফলনশীল জাত উদ্ভাবনে পৃথিবীর অষ্টম অবস্থানে রয়েছে। সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%