ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কাঠালিয়ায় ফেসবুকে অপপ্রচার ও মানহানির ঘটনা প্রশাসনের নজরে, আইনি পদক্ষেপের পরামর্শ


কাঠালিয়ায় ফেসবুকে অপপ্রচার ও মানহানির ঘটনা প্রশাসনের নজরে, আইনি পদক্ষেপের পরামর্শ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাইবিহীন তথ্য, ব্যক্তিগত আক্রমণ এবং মানহানিকর পোস্টের মাধ্যমে অপপ্রচার চালানোর প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে। বিষয়টি ইতিমধ্যে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এসেছে। এ অবস্থায় অপপ্রচার রোধে সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি ভুক্তভোগীদের আইনি আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় সচেতন মহল ও পুলিশ সূত্রে জানা গেছে, ব্যক্তিগত বিরোধ, রাজনৈতিক বা সামাজিক প্রতিহিংসা এবং অসৎ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে একটি অসাধু চক্র ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করছে। তারা কোনো ধরনের দালিলিক প্রমাণ বা নিরপেক্ষ যাচাই-বাছাই ছাড়াই উপজেলার সাধারণ মানুষ, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবীদের বিরুদ্ধে গুরুতর ও ভিত্তিহীন অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দিচ্ছে।

খোঁজ নিয়ে আরও জানা গেছে, অনেক ক্ষেত্রে পুরোনো ছবি, খণ্ডিত তথ্য কিংবা ভুয়া স্ক্রিনশট ব্যবহার করে জনমনে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। এমনকি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার ভয় দেখিয়ে অর্থ আদায় বা ব্ল্যাকমেইলিংয়ের মতো গুরুতর অভিযোগও উঠছে চক্রটির বিরুদ্ধে।

আরও পড়ুন: বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল

এ বিষয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা জানান, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মূল ভিত্তি হলো তথ্যের সত্যতা যাচাই এবং অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের সুযোগ রাখা। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো জবাবদিহিতা বা ফিল্টার না থাকায় যে কেউ যাচাইবিহীন তথ্য প্রকাশ করে দিচ্ছেন, যা সরাসরি অপপ্রচার ও অপসাংবাদিকতার শামিল।

বিষয়টির আইনি দিক তুলে ধরে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট নাসিরুদ্দিন কবির বলেন, “অনলাইনে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য ছড়িয়ে কারো সুনাম ক্ষুণ্ণ করা দেশের প্রচলিত দণ্ডবিধি এবং সাইবার সুরক্ষা আইনে স্পষ্টতই দণ্ডনীয় অপরাধ। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কারো মানহানি করে বা ভয়ভীতি দেখায়, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্টরা জানিয়েছেন, অপপ্রচারকারীদের শনাক্ত করতে ইতিমধ্যে নজরদারি বাড়ানো হয়েছে। কাঠালিয়া উপজেলার কোনো বাসিন্দা এমন অপপ্রচার বা অনলাইন হয়রানির শিকার হলে আবেগতাড়িত হয়ে পাল্টা আক্রমণে না গিয়ে সংশ্লিষ্ট পোস্টের স্ক্রিনশট, আইডি ও লিংক সংরক্ষণ করে নিকটস্থ কাঠালিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রাম ওয়াসা সুপেয় পানির উৎপাদন ও সরবরাহ বাড়াতে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চায়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানারাত ইউনিভার্সিটিতে এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা, ভর্তি ফিতে ৫০% ছাড়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


মানারাত ইউনিভার্সিটিতে এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা, ভর্তি ফিতে ৫০% ছাড়

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) ২০২৬ সালের এইচএসসি ও আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংবর্ধনা ও উচ্চশিক্ষা এবং ক্যারিয়ারবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে ‘হায়ার স্টাডি ইন বাংলাদেশ: চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ’ শীর্ষক সেমিনারটি আয়োজন করা হয়।

একই অনুষ্ঠানে স্প্রিং সেমিস্টার ২০২৭-এর ১০ দিনব্যাপী ভর্তি মেলার উদ্বোধন করা হয়। এই মেলা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব প্রোগ্রামে ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশবিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। ট্রেজারার মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন অ্যাডমিশন অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পরিচালক মো. আবদুল কাদের। মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন প্রফেসর মো. মাহবুব আলম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের ডিন ড. আবু আইয়ুব মো. ইব্রাহিম, রেজিস্ট্রার এ. এইচ. এম. আবু সাঈদ এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব শিক্ষার্থীদের সঠিক বিষয় নির্বাচন, নৈতিক মূল্যবোধ চর্চা এবং আধুনিক দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি উল্লেখ করেন, ‘আ সেন্টার অব অ্যাকাডেমিক অ্যান্ড মোরাল এক্সিলেন্স’ মূলমন্ত্রকে ধারণ করে মানারাত ইউনিভার্সিটি দক্ষ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

মূল প্রবন্ধে প্রফেসর মো. মাহবুব আলম উচ্চশিক্ষার চ্যালেঞ্জ ও সম্ভাবনা, বিষয় নির্বাচন, ক্যারিয়ার পরিকল্পনা এবং দক্ষতা উন্নয়ন বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের বক্তব্য ও কুইজ প্রতিযোগিতার আয়োজনও করা হয়।

ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড়ে স্প্রিং ২০২৭ ভর্তি মেলা

স্প্রিং সেমিস্টার ২০২৭-এর ভর্তি মেলার উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব প্রোগ্রামে ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। নতুন শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় উপহারও রয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে টিউশন ফির ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ ছাড়ের সুযোগও প্রদান করা হচ্ছে। এছাড়া অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ে যেসব প্রোগ্রামে ভর্তির সুযোগ রয়েছে সেগুলো হলো—বিবিবিএ, বিএ (অনার্স) ইন ইংলিশ, বি. ফার্ম (অনার্স), সিএসই (রেগুলার ও ইভেনিং), ইইই (রেগুলার ও ইভেনিং), এলএলবি (অনার্স), ব্যাচেলর অব জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, বিএ (অনার্স) ইন ইসলামিক স্টাডিজ (রেগুলার ও সাপ্তাহিক), এমবিএ (রেগুলার ও এক্সিকিউটিভ), এমএ ইন ইংলিশ (ইভেনিং) এবং এলএলএম।

ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৭৮০৩৬৪৪১৪-১৫ এবং ০১৭০৯১২৬৩৯৪ নম্বরে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাতুরে টিপু সুলতানের জন্মবার্ষিকীর শোভাযাত্রায় শব্দদূষণের অভিযোগে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


লাতুরে টিপু সুলতানের জন্মবার্ষিকীর শোভাযাত্রায় শব্দদূষণের অভিযোগে মামলা

ভারতের মহারাষ্ট্র রাজ্যের লাতুর শহরে টিপু সুলতানের জন্মবার্ষিকীর শোভাযাত্রায় শব্দদূষণ নীতিমালা লঙ্ঘনের অভিযোগে আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দেশটির পুলিশ। শনিবার (২১ নভেম্বর) পুলিশের পক্ষ থেকে এই তথ্য প্রকাশিত হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শোভাযাত্রার সময় আইনিভাবে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি শব্দে লাউডস্পিকার এবং উচ্চক্ষমতা সম্পন্ন সাউন্ড সিস্টেম ব্যবহারের প্রমাণ পাওয়ার পর শহরের তিনটি থানায় মামলা দায়ের করা হয়। এ সময় পুলিশ সদস্যরা শব্দ পরিমাপক যন্ত্র ব্যবহার করে শোভাযাত্রাগুলো পর্যবেক্ষণ করেন। যন্ত্রে শব্দের মাত্রা রেকর্ড করার পর যাঁরা নিয়ম ভঙ্গ করেছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।

এর আগে, শুক্রবার, পুলিশের একটি অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন সাউন্ড সিস্টেমযুক্ত তিনটি গাড়ি জব্দ করা হয়। জব্দ করা গাড়িগুলোর সম্মিলিত বাজারমূল্য প্রায় সাড়ে ৮ লাখ রুপি। শব্দদূষণ নিয়ন্ত্রণ অভিযানের অংশ হিসেবে গাড়িগুলো আটক করা হয়েছে।

একজন পুলিশ কর্মকর্তা জানান, শোভাযাত্রায় অনুমোদিত মাত্রার চেয়ে অত্যধিক জোরে সাউন্ড সিস্টেম ব্যবহারকারীদের লক্ষ্য করে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেকোনো জনসমাগম এবং উৎসবে শব্দদূষণ সংক্রান্ত বিধিনিষেধ কঠোরভাবে কার্যকর করার প্রচেষ্টার অংশ হিসেবেই এসব মামলা এবং জব্দের ঘটনা ঘটেছে।

কর্তৃপক্ষ জোর দিয়ে জানিয়েছে, মামলা দায়েরের আগে শব্দের মাত্রা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য যথাযথভাবে নথিভুক্ত করে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করা হয়েছে। ওই অঞ্চলে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক শোভাযাত্রায় শব্দদূষণ রোধে পুলিশের চলমান কঠোর অবস্থানেরই প্রতিফলন এই ঘটনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের ক্ষমতা ইসির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের ক্ষমতা ইসির

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণ বিধিমালা লঙ্ঘন হলে নির্বাচন কমিশন (ইসি) প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা রাখে।

সম্প্রতি সংশোধিত ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালার বিধি ৩২ এর উপ-বিধি (১) ও (২) এ এই বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংশোধিত বিধিমালার বিধি ৩২ এর উপ-বিধি (১) এ উল্লেখ করা হয়েছে- ‘এই বিধিমালার অন্যান্য বিধানে যা কিছুই থাকুক না কেন, যদি কোনো উৎস থেকে প্রাপ্ত রেকর্ড বা লিখিত রিপোর্টের মাধ্যমে কমিশনের কাছে স্পষ্ট হয় যে, চেয়ারম্যান বা সদস্য পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী বা তার নির্বাচনি এজেন্ট এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করেছেন বা লঙ্ঘনের চেষ্টা করেছেন, তাহলে কমিশন বিষয়টি সম্পর্কে তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিতে পারবে।’

উপ-বিধি (২) এ বলা হয়েছে, ‘উপ-বিধি (১) এর অধীন তদন্ত রিপোর্ট প্রাপ্তির পর কমিশন যদি সন্তুষ্ট হয় যে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার নির্বাচনি এজেন্ট বা তার নির্দেশে বা তার পক্ষে তার প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতিতে অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করেছেন বা লঙ্ঘনের চেষ্টা করেছেন, তাহলে কমিশন তাৎক্ষণিকভাবে লিখিত আদেশ দ্বারা, উক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকশিল্পাঙ্গনের সভাপতি হলেন হাসিব বিল্লাহ, সাধারণ সম্পাদক নূৎফা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


বাকশিল্পাঙ্গনের সভাপতি হলেন হাসিব বিল্লাহ, সাধারণ সম্পাদক নূৎফা

বাকশিল্পাঙ্গনের নতুন পর্ষদ গঠন করা হয়েছে। ২০২৬ -২০২৮ মেয়াদে গঠিত এই পর্ষদে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাসিব বিল্লাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন নূৎফা বিনতে রব্বানী।

শুক্রবার রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত বাকশিল্পাঙ্গনের দ্বিবার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট নতুন পর্ষদ গঠন করা হয়। কমিটিতে মনোয়ার মাহমুদ জুয়েল নতুন সহ-সভাপতি নির্বাচিত হন, সংগঠন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আয়াত আলী, শিল্প ও শিক্ষা অনুষ্ঠান সম্পাদক হয়েছেন জোবায়ের ইকবাল টোটেম, কোষাধ্যক্ষ হয়েছেন জেবুন নাহার রুমা, এবং দপ্তর সম্পাদক হয়েছেন রেবেকা সুলতানা লিজা। এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ আজহারুল হক, সুবিদিতা চন্দ সোনালী, ডলি দাস এবং বনি আমিন তাকি।

এর আগে সকাল থেকেই বাকশিল্পাঙ্গনের দ্বিবার্ষিক সাধারণ সভা উপলক্ষে সংস্কৃতি বিকাশ কেন্দ্র সদস্যদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে। সকাল সাড়ে ১১ টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর সাধারণ সম্পাদকের প্রতিবেদন, কোষাধ্যক্ষের প্রতিবেদন উপস্থাপন, আলোচনা, নতুন কর্মপরিকল্পনা প্রণয়ন এবং নতুন পর্ষদ গঠনের কার্যক্রম এগিয়ে চলে। আনুষ্ঠানিকতা শেষে সবাই একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। অনুষ্ঠানে দিনভর আবৃত্তি, গান এবং প্রাণবন্ত আড্ডায় মেতে থাকেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%