ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে তরুণী সুমাইয়া নিহত


ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে তরুণী সুমাইয়া নিহত

ঝিনাইদহ শহরের কাঞ্চননগর বাবুর আলীর মোড় এলাকায় সুমাইয়া খাতুন সুমা (২৬) নামের এক তরুণী প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নিহত হয়েছেন।

এটি ঘটেছে বুধবার (১৮ নভেম্বর) সকালে শহরের বাবুর আলী মোড় এলাকায়। পুলিশ এ সময় ঘাতক এনামুল হক মিরাজকে আটক করেছে। সুমাইয়া খাতুন কাঞ্চন নগর বাবর আলীর মোড় এলাকার সেকেন্দার শেখের কন্যা।

সুমার ভাই রাতুল হোসেন জানিয়েছেন, আট বছর আগে এনামুল হক মিরাজের সঙ্গে তার বোনের পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। তাদের সংসারে ফারহান নামে ৬ বছরের একটি সন্তান রয়েছে। চার বছর আগে তাদের বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর মিরাজ প্রায় সময় তাদের এলাকায় আসতেন। বুধবার সকালে সুমা তার সন্তানকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বাড়ির সামনে মিরাজের সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে সুমার মাথায় ইট দিয়ে আঘাত করেন মিরাজ। এতে সুমা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: উত্তরা থেকে গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানিয়েছেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মৃতদেহ সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মিরাজকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলের পর এবার ফরহাদ ইকবালকে স্বপদে ফেরানোর দাবি টাঙ্গাইল তৃণমূল বিএনপি নেতা কর্মীদের

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


নড়াইলের পর এবার ফরহাদ ইকবালকে স্বপদে ফেরানোর দাবি টাঙ্গাইল তৃণমূল বিএনপি নেতা কর্মীদের

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে পুনর্বহালের পর এবার টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে দলীয় পদে ফিরিয়ে আনার দাবি উঠেছে।

টাঙ্গাইলের তৃণমূল নেতা-কর্মীদের একাংশ এ দাবি জানাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ও বিবৃতিতে স্থানীয় নেতা-কর্মীরা বলছেন, নড়াইলে দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলে টাঙ্গাইলেও একই সিদ্ধান্ত নেওয়া উচিত। তাঁদের মতে, অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে তাঁর আগের পদে ফিরিয়ে দিলে দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।

তৃণমূল নেতা-কর্মীদের দাবি, ফরহাদ ইকবাল দীর্ঘদিন ধরে টাঙ্গাইলের রাজপথে বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে তাঁকে পুনরায় টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে ফিরিয়ে আনা প্রয়োজন।

উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় ২০২৬ সালের ২১ জানুয়ারি অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। একই দিনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয় নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামকেও।

পরবর্তীতে ১৭ নভেম্বর কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তে মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে পুনর্বহাল করা হয়। এ সিদ্ধান্তের পর টাঙ্গাইলেও ফরহাদ ইকবালকে দলীয় পদে ফিরিয়ে আনার দাবি ও আলোচনা নতুন করে সামনে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিস্তিনিদের যৌন নির্যাতনে ইউরোপে প্রশিক্ষিত কুকুরের ব্যবহার: আলবানিজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


ফিলিস্তিনিদের যৌন নির্যাতনে ইউরোপে প্রশিক্ষিত কুকুরের ব্যবহার: আলবানিজ

জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ অভিযোগ করেছেন যে, ইউরোপের দেশগুলোতে ফিলিস্তিনি বন্দীদের ওপর যৌন নির্যাতনের জন্য প্রশিক্ষণ দেওয়া কুকুর ব্যবহার করা হচ্ছে। তিনি উল্লেখ করেছেন যে, এই কুকুরগুলো বিক্রি করে কিছু ইউরোপীয় নাগরিক মুনাফা লাভ করছে। আলবানিজ বিষয়টিকে ‘জঘন্য’ হিসেবে অভিহিত করেছেন।

সম্প্রতি তুরস্কের সংবাদমাধ্যম ইয়েনি শাফাকের ইংরেজি সংস্করণে আলবানিজের বক্তব্যসহ একটি ছবি প্রকাশিত হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, ‘ইউরোপীয় দেশগুলোতে প্রশিক্ষিত কুকুর দিয়ে ফিলিস্তিনি বন্দীদের ধর্ষণ করা হচ্ছে। ইউরোপের মানুষ ফিলিস্তিনিদের ধর্ষণের কাজে ব্যবহৃত কুকুর বিক্রি করে মুনাফা করছে। এটি জঘন্য।’

আলবানিজের এই বক্তব্যের পটভূমি পাওয়া যায় গত ৪ নভেম্বর আয়ারল্যান্ডের পার্লামেন্টের ইউরোপীয় বিষয়ক কমিটির বৈঠকে। সেখানে তিনি ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলেন। তার বক্তব্যের লিখিত বিবরণ আয়ারল্যান্ডের পার্লামেন্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। দ্য আইরিশ টাইমসের প্রতিবেদনে কুকুর ব্যবহারের অভিযোগসহ তার বক্তব্য তুলে ধরা হয়েছে।

বৈঠকে আলবানিজ বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে হত্যা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচার আটক, নির্যাতন ও ধর্ষণের ঘটনা নতুন নয়। তবে সাম্প্রতিক সময়ে এসব নির্যাতনের ব্যাপকতা ও ধরন আরো ভয়াবহ হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।

আলবানিজ বন্দীদের সাক্ষ্য উল্লেখ করে বলেন, নির্যাতনের শিকার ব্যক্তিদের মধ্যে কেউ কেউ কুকুর দিয়ে যৌন নিপীড়নের শিকার হয়েছেন। তার অভিযোগ, ইউরোপের বিভিন্ন দেশে এসব কুকুরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয় এবং পরে সেগুলো বিক্রি বা ইসরাইলে পাঠানো হয়। ইউরোপের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনের প্রয়োগ নেই।

ফিলিস্তিনি বন্দীদের ওপর নির্যাতনের অভিযোগ নিয়ে গত জুনে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে আলজাজিরা। সেখানে ইসরাইলের বিভিন্ন বন্দিশিবির ও কারাগার থেকে মুক্তি পাওয়া কয়েকজন ফিলিস্তিনির সাক্ষ্য তুলে ধরা হয়। তাদের মধ্যে কয়েকজন কুকুর দিয়ে যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ করেন।

প্রতিবেদনে মোহাম্মদ জাকি আল-বাকরি নামের গাজার এক সাবেক বন্দীর বক্তব্য তুলে ধরা হয়। তিনি দাবি করেন, ইসরাইলি হেফাজতে থাকা অবস্থায় তাকে পোশাক খুলতে বাধ্য করা হয়, হাত-পা বেঁধে রাখা হয় এবং একটি বড় কুকুর দিয়ে যৌন নির্যাতন করা হয়। একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন আরো কয়েকজন সাবেক বন্দী।

আলজাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, এসব সাক্ষ্যে শুধু কুকুর দিয়ে আক্রমণের অভিযোগই নয়, বন্দীদের নগ্ন করা, মারধর, চোখ বেঁধে রাখা, যৌন নিপীড়ন এবং নির্যাতনের দৃশ্য ধারণের মতো ঘটনার কথাও উঠে এসেছে। জাতিসংঘের বিশেষ প্রতিবেদক আলবানিজও ওই অনুসন্ধানী প্রতিবেদনের তথ্যচিত্রে সাক্ষাৎকার দিয়েছেন।

তবে কুকুরকে পরিকল্পিতভাবে যৌন নিপীড়নের কাজে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ নিয়ে বিতর্ক রয়েছে। গত মে মাসে যুক্তরাষ্ট্রের জিউইশ টেলিগ্রাফিক এজেন্সি (জেটিএ) এ বিষয়ে কুকুরের আচরণ ও প্রশিক্ষণ বিশেষজ্ঞ জেমস ক্রসবির মতামত প্রকাশ করে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যানাইন ব্রেন প্রকল্পের সঙ্গে যুক্ত সাবেক এই পুলিশ কর্মকর্তা বলেন, কোনো কুকুরকে সফলভাবে যৌন নিপীড়ন করার জন্য প্রশিক্ষণ দেওয়া অত্যন্ত অসম্ভব বলে মনে হয়।

ক্রসবি ব্যাখ্যা করেন, কুকুরকে মানুষের শরীরের ওপর ওঠা বা নির্দিষ্ট কিছু শারীরিক আচরণ শেখানো সম্ভব হলেও যৌন নিপীড়নের অভিযোগে বর্ণিত অনুপ্রবেশমূলক কর্মকাণ্ড প্রশিক্ষণের মাধ্যমে করানো সম্পূর্ণ ভিন্ন বিষয়।

অন্যদিকে, ফিলিস্তিনি বন্দীদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে ইসরাইল। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় আলবানিজের বক্তব্যকে ‘মিথ্যা ও জঘন্য অভিযোগ’ বলে প্রত্যাখ্যান করেছে। দেশটির কারা কর্তৃপক্ষও বন্দীদের ওপর নির্যাতনের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে।

পার্লামেন্টের বৈঠকে আলবানিজ শুধু বন্দীদের নির্যাতনের অভিযোগই তোলেননি; ইসরাইলের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের আরো কঠোর অবস্থান নেওয়ার আহ্বানও জানিয়েছেন। তার মতে, ফিলিস্তিনে ইসরাইলের কর্মকাণ্ডের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের বর্তমান অবস্থান আন্তর্জাতিক আইন রক্ষার অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি আয়ারল্যান্ডকে ইউরোপীয় ইউনিয়নের সভাপতির দায়িত্ব কাজে লাগিয়ে সদস্যদেশগুলোকে ইসরাইলের বিষয়ে অবস্থান পরিবর্তনে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। তার ভাষায়, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় আয়ারল্যান্ডের দৃঢ় ভূমিকা নেওয়া প্রয়োজন।

ফ্রানচেস্কা আলবানিজ ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক। তার বক্তব্য ও অভিযোগ তার নিজস্ব ম্যান্ডেটের অধীনে দেওয়া পর্যবেক্ষণ; এগুলো স্বয়ংক্রিয়ভাবে জাতিসংঘের সব সংস্থার আনুষ্ঠানিক অবস্থান হিসেবে গণ্য হয় না।

সূত্র: দ্য আইরিশ টাইমস, আলজাজিরা , জিউইশ টেলিগ্রাফিক এজেন্সি (জেটিএ), দ্য টাইমস অব ইসরাইল ও

আইবিটাইমস ইউকে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৌলভীবাজারে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের পর হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


মৌলভীবাজারে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের পর হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

মৌলভীবাজারের রাজনগরে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের পর চালক মোছাব্বিরকে হত্যা করার ঘটনায় ৬ জন আসামির বিরুদ্ধে আদালত যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেছে। আদালত একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছে, এবং অর্থদণ্ডের অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মোসাম্মৎ সামশাদ বেগম এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছেন—তাজুল ইসলাম, নূর উদ্দিন, ফরমুজ মিয়া, টিপু আহমেদ, বশির মিয়া (পলাতক) এবং খুরশেদ মিয়া (পলাতক)। আদালত সূত্রে জানা গেছে, মামলায় মোট ৬ জন আসামি ছিল।

দীর্ঘ সময় ধরে বিচারাধীন এই মামলার রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং মৌলভীবাজার আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে চলা এ হত্যা মামলার রায়ে আমরা সন্তুষ্ট। ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মামলাটির রায় হয়েছে। আমরা আশা করি, এ রায়ের মধ্য দিয়ে নিহত ব্যক্তির পরিবার ন্যায়বিচার পেয়েছেন।’

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাকসু নির্বাচনের দাবিতে প্রশাসন ভবনের সামনে ৩০ ঘণ্টার অবস্থান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


রাকসু নির্বাচনের দাবিতে প্রশাসন ভবনের সামনে ৩০ ঘণ্টার অবস্থান

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের জন্য ৩০ ঘণ্টা ধরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন রাবি সংস্কার আন্দোলনের নেতাকর্মীরা, যাদের নেতৃত্ব দিচ্ছেন রাকসুর সাবেক জিএস সালাহউদ্দিন আম্মার।

অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে ‘মঞ্চ ২৪’ নামের একটি ছাত্রসংগঠনের নেতাকর্মীরাও তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। আন্দোলনকারীরা ঘোষণা করেছেন যে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ২৪ ঘণ্টা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

মঙ্গলবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে শুরু হওয়া এই কর্মসূচি এখনও চলমান রয়েছে।

কর্মসূচির সময় আন্দোলনকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়, যেমন ‘রাকসু না সিন্ডিকেট, রাকসু রাকসু’, ‘প্রশাসনের কালক্ষেপণ মানবে না শিক্ষাঙ্গন’, ‘আদু, জদু, মধু ভাই, তারা কি আর রাকসু চায়’, ‘হারার ভয়ে খেলে না, সেই কথা তো বলে না’, ‘ঘুম ভাঙো, চোখ খোলো, রাকসু কবে হবে সেটা বলো’ এবং ‘রাকসু আমার অধিকার, কেড়ে নেওয়ার সাধ্য কার’।

রাবি সংস্কার আন্দোলনের সদস্যসচিব আরিফ আলভি বলেন, "আমরা গতকাল থেকে অবস্থান করছি, এর মাঝে আমরা প্রশাসনের সঙ্গে বসেছি তারা আমাদেরকে দুইটা মুলা ঝুলিয়ে দিয়েছে। ভর্তি পরীক্ষা আর অডিটের নামে তারা আমাদেরকে মুলা ঝুলানোর চেষ্টা করছে।"

তিনি আরও বলেন, "তাদের কথার কোনো যৌক্তিকতা নেই। এগুলো রাকসু নির্বাচন পেছানোর পাঁয়তারা। তাদের কথায় আমরা কোনোভাবেই কর্মসূচি প্রত্যাহার করব না। আমাদের দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলবে।"

মঞ্চ ২৪-এর সাংগঠনিক সম্পাদক আল ইমরান জিহাদ বলেন, "আমরা গতকাল থেকে এখানে অবস্থান করছি। প্রশাসন আমাদেরকে অযৌক্তিক যুক্তি দিয়ে দুইটা মুলা ঝুলিয়ে দিয়েছে। যার ফলে শিক্ষার্থীদের অধিকার ক্ষুন্ন হচ্ছে। তারা চাচ্ছেন না যে রাকসু হোক। রাকসু শিক্ষার্থীদের অধিকার এটা দিতেই হবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব। এছাড়া আমাদের যদি মনে হয় এভাবে কাজ হচ্ছে না তাহলে আমরা অন্য কর্মসূচি দিতে বাধ্য হবো।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%