০৭:০৩ পি.এম
রাজধানীর কাঁটাবনে একটি ১৪ তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে দুই যুবক নিহত হয়েছেন। আবাসিক ভবনটির ১২ তলায় অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের চেম্বারে এই আগুন লেগেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চেম্বারটি অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের। তাঁর মৃত্যুর পর তাঁর ছেলে ব্যারিস্টার মোয়াজের এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান সেখানে অফিস করতেন।
শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে ভবনে আগুন লাগার খবর ফায়ার সার্ভিস পায়। পরে তাদের ৬টি ইউনিটের চেষ্টায় রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই অগ্নিকাণ্ডের ফলে মো. জনি (২৪) ও আবদুস সালাম (২০) নামের দুজন যুবকের মৃত্যু হয়।
আরও পড়ুন: শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় এশিয়ার দেশগুলোকে বাজেট বাড়ানোর আহ্বান মাহ্দী আমিনের
আব্দুস সালাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমানের ক্লার্ক এবং জনি ব্যারিস্টার মোয়াজের ক্লার্ক ছিলেন বলে জানিয়েছেন তাঁদের হাসপাতালে পৌঁছানোর দায়িত্বে থাকা আইনজীবী সরোয়ার।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানিয়েছেন, ভবনটি থেকে দগ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করা হয় এবং তাঁদের হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আবদুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। দুই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।
আইনজীবী সরোয়ার বলেন, ভেতরে থাকা দুজন হয়তো বাঁচার জন্য বাথরুমে গিয়েছিলেন। ধোঁয়ায় অক্সিজেনের ঘাটতি হওয়ায় তাঁদের শ্বাসরোধ হতে পারে এবং এ কারণেই মৃত্যু হয়ে থাকতে পারে।
নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন নিউ মার্কেট থানার উপপরিদর্শক এসআই মো. শাহিন হোসেন। তিনি বলেছেন, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানানো যাবে।
আরও পড়ুন: যশোরে ১০ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধ রুস্তমের ৫ বছরের কারাদণ্ড
প্রসঙ্গত, এ এফ হাসান আরিফ ছিলেন অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা। তিনি গত বছরের ১৯ ডিসেম্বর মারা গিয়েছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন