ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পাটজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণে ২ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ


পাটজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণে ২ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে রাজধানী ঢাকায় ‘বাংলাদেশের পাট খাতের কৌশলগত অর্থনৈতিক কূটনীতি ও রপ্তানি সম্প্রসারণ’ শীর্ষক একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম দুই মন্ত্রণালয়ের উদ্যোগে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করার ঘোষণা দেন এবং অচিরেই একটি ভিন্ন মাত্রার আন্তর্জাতিক পাট এক্সপো আয়োজনের কথাও জানান।

এ সভায় উভয় মন্ত্রণালয়ের সচিবসহ জ্যেষ্ঠ কর্মকর্তা, পাট অধিদপ্তর, পাটশিল্প, গবেষণা প্রতিষ্ঠান ও উন্নয়ন-সহযোগী সংস্থা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: যশোরে ১০ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধ রুস্তমের ৫ বছরের কারাদণ্ড

সভার শুরুতেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাটশিল্পকে পুনরুজ্জীবিত করার বর্তমান সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি পাট খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সোনালী আঁশের সোনালি দিন ফিরিয়ে আনতে ‘পাট ও পাটজাত পণ্যের প্রদর্শনী’-এর গুরুত্ব তুলে ধরেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেন যে, পাটশিল্পের উন্নয়নে বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোর সহায়তা নিয়ে অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।

আজকের বিশেষ উদ্যোগের বিষয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি সরকারের দুই মন্ত্রণালয় এবং বেসরকারি খাতের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন যাতে পাটের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং পাটের নতুন বাজার সম্প্রসারণ সম্ভব হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, দুই মন্ত্রণালয়ের সমন্বয়ে যৌথ কার্যনির্বাহী গ্রুপ গঠন করা হবে। এই গ্রুপটি জাতীয় পর্যায়ে পাট প্রদর্শনীর জন্য কর্মপন্থা ঠিক করা, পাট শিল্পের উন্নয়নে বাণিজ্য বাধা দূরীকরণ, গবেষণা করা এবং মিল-আধুনিকায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করবে। এ ছাড়াও, প্রস্তাবিত আন্তর্জাতিক পাট এক্সপো-তে দেশি-বিদেশি ক্রেতা, গবেষক ও বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানানো হবে।

বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরসমূহে পাটের বাধ্যতামূলক ডিসপ্লে সেন্টার ও গিফট শপ স্থাপন করা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পাটজাত স্কুল ব্যাগ তৈরির প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং পাটবীজের আমদানিনির্ভরতা কাটিয়ে উঠতে আগামী ৩ বছরের মধ্যে দেশীয় উৎপাদন বাড়ানোর মাধ্যমে পূর্ণ স্বয়ংসম্পূর্ণতা অর্জনের বিষয়ে সভায় আলোচনা করা হয়।

আরও পড়ুন: চব্বিশের মতো সবাইকে এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

উভয় মন্ত্রণালয় পাটকে একটি আধুনিক জৈব-বৃত্তাকার শিল্পে রূপান্তরের, কৃষকের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করার এবং বাংলাদেশকে জলবায়ুবান্ধব পাট-সমাধানের একটি বিশ্বস্ত বৈশ্বিক উৎস হিসেবে প্রতিষ্ঠার অভিন্ন লক্ষ্যে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের দুই ফ্ল্যাটের ইনভেন্টরিতে মিলল ২৬০ ধরনের পণ্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের দুই ফ্ল্যাটের ইনভেন্টরিতে মিলল ২৬০ ধরনের পণ্য

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর গুলশানে অবস্থিত দু’টি ফ্ল্যাটে আদালতের নির্দেশনায় পরিচালিত ইনভেন্টরি কার্যক্রমে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রায় ২৬০ ধরনের পণ্য ও মূল্যবান সামগ্রীর সন্ধান পেয়েছে।

গত রোববার ও সোমবার পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ মূল্যবান সামগ্রী, বিলাসবহুল ব্র্যান্ডের ঘড়ির আনুষঙ্গিক সামগ্রী, শতাধিক স্যুট-টাই, ইলেকট্রনিকস, আসবাবপত্র ও গৃহস্থালি সামগ্রীর একটি তালিকা প্রস্তুত করা হয়েছে।

দুদকের তদন্তকারী দলের সদস্য, সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের প্রতিনিধি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, গুলশান থানার পুলিশ এবং ভবন কর্তৃপক্ষের উপস্থিতিতে গুলশান-২-এর ৬৬ নম্বর সড়কের ১১ নম্বর ভবনের ৭এ ও ৭বি ফ্ল্যাটে সোমবার সকাল সাড়ে ১১টা থেকে এ কার্যক্রম পরিচালিত হয়ে ছিল।

ইনভেন্টরি তালিকা অনুযায়ী, দুই ফ্ল্যাটের মধ্যে বিপুল পরিমাণ পোশাক ও ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রীর অন্তর্ভুক্ত রয়েছে ২৭৬টি টাই, ১৪০টি স্যুট, ৯১টি শার্ট, ৫৩টি প্যান্ট, ১৩টি পাঞ্জাবি, ১২টি লুজ প্যান্ট, পাঁচটি ট্রাউজার, ৪০টি ব্যবহৃত সালোয়ার-কামিজ, পুরুষদের তিনটি ওভারকোট, নারীদের দু’টি ওভারকোট, সাতটি সানগ্লাস, একটি আলেকজান্ডার ম্যাককুইন ব্র্যান্ডের জুতা, একটি লেডিস হ্যান্ডব্যাগ, সাতটি বেল্ট, তিনটি মুক্তার মালা এবং একটি বোর্নিও পার্লস পাওয়া গেছে।

তালিকায় বিলাসবহুল ঘড়ির আনুষঙ্গিক সামগ্রীর সম্মিলনে রয়েছে চারটি রোলেক্স ঘড়ির খালি বক্স, একটি ব্যবহৃত নষ্ট রোলেক্স ঘড়ি, চারটি প্যাটেক ফিলিপ ঘড়ির খালি বক্স, একটি প্যাটেক ফিলিপের সার্টিফिकेट, একটি অডেমার পিগে ঘড়ির খালি বক্স, একটি অডেমার পিগের ওয়ারেন্টি কার্ড, একটি ভাসন কনস্ট্যান্টিন ঘড়ির বক্স, একটি পারমিজিয়ানি ফ্লুরিয়ের ঘড়ির খালি বক্স, দু’টি জ্যাগার-লেকুলত্র ঘড়ির খালি বক্স, একটি ব্রেগুয়ে ঘড়ির খালি বক্স এবং একটি এলইউসি ব্র্যান্ডের ঘড়ির খালি বক্স। এছাড়া পাওয়া গেছে মার্সিডিজ-বেঞ্জ, ল্যান্ড রোভার, টয়োটা ও ডিফেন্ডার ব্র্যান্ডের পাঁচটি গাড়ির চাবি।

প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্যার সামগ্রীর মধ্যে রয়েছে রিচুয়ালস ব্র্যান্ডের তিনটি পারফিউম, দু’টি ফেব্রিক স্প্রে, ছয়টি কার এয়ার ফ্রেশনার, দু’টি স্টেইন রিমুভার, একটি স্মার্ট ব্যান্ড, একটি ইলেকট্রিক আয়রন, একটি ইলেকট্রিক লাইটার, ৯টি জিলেট ব্লেডসহ অন্যান্য ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রীর তালিকাও প্রস্তুত করা হয়েছে।

ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্যের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে একটি প্লে-স্টেশন (পিএস-৫), একটি ৫৫ ইঞ্চি সনি টেলিভিশন, একাধিক ডাইকিন, জেনারেল ও গ্রি ব্র্যান্ডের এয়ার কন্ডিশনার, একটি ফ্রিজ, একটি ডিপ ফ্রিজ, একটি ওয়াশিং মেশিন, একটি মাইক্রোওভেন, একটি টোস্টার, একটি ইলেকট্রিক কেটলি, একটি ট্রেডমিল, একটি ওয়েট মেশিন, তিনটি ব্লাড প্রেসার মেশিন, দু’টি পালস অক্সিমিটার, একটি রাউটার এবং অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম।

এছাড়া দুই ফ্ল্যাটে একাধিক কিং সাইজ বেড, সোফা সেট, ডাইনিং টেবিল, চেয়ার, ওয়ারড্রোব, স্টিলের ভল্ট, শোকেস, সেন্টার টেবিল, ঝাড়বাতি, ওয়াল মিরর, কার্পেট, পর্দা, ফুলদানি, শোপিস, ট্রলি, আলমারি ও অন্যান্য আসবাবপত্রের পাশাপাশি কাচের গ্লাস, সিরামিক কাপ-প্লেট, বাটি, জগ, ট্রে, রান্নার কড়াই, দা-বটি, হটপট, ফ্লাস্ক, কাপড় শুকানোর হ্যাঙ্গার এবং বিভিন্ন গৃহস্থালি সামগ্রীর তালিকা প্রস্তুত করা হয়েছে।

দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ বাসস-কে জানিয়েছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দকৃত সম্পদের পূর্ণাঙ্গ ইনভেন্টরি প্রস্তুতের এই পুরো কার্যক্রম শেষে তা আদালতে দাখিল করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘তেলাপোকা’ আন্দোলন নিয়ে অবশেষে মুখ খুললেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


‘তেলাপোকা’ আন্দোলন নিয়ে অবশেষে মুখ খুললেন মোদি

ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনার কারণে উত্তাল হয়ে পড়েছে তেলাপোকাদের যুব আন্দোলন নিয়ে অবশেষে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সারাদেশে ক্ষোভের আগুনে ঘি ঢালার মতো মেডিকেল ভর্তি পরীক্ষার (NEET) প্রশ্ন ফাঁসের ঘটনায় তিনি একটি ‘ত্রুটিহীন’ ও নির্ভরযোগ্য সরকারি পরীক্ষাব্যবস্থা গড়ে তোলার জন্য জোর আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) ক্ষমতাসীন এনডিএ (NDA) জোটের আইনপ্রণেতাদের সঙ্গে এক বৈঠকে মোদি স্পষ্টভাবে বলেছেন, দেশের তরুণ সমাজের ভবিষ্যৎ নিয়ে কোনো প্রকার ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। তরুণদের অধিকার রক্ষা এবং তাদের ভবিষ্যত সুরক্ষায় সবাইকে একযোগে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সংসদীয় বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু গণমাধ্যমকে প্রধানমন্ত্রী মোদির এই নির্দেশনার কথা নিশ্চিত করেছেন।

গত মে মাসে অনুষ্ঠিত জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে মোদি সরকারের তৃতীয় মেয়াদে দেখা দিয়েছে একটি বড় ধরনের রাজনৈতিক সংকট। গত সোমবার দিল্লিতে হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ বিক্ষোভকারী ভারতের সংসদ ভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে মিছিল বের করেছেন। বিতর্কিত এই ঘটনায় দেশের প্রায় ২০ লাখের বেশি শিক্ষার্থী সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং চরম হতাশায় একাধিক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্ব পদত্যাগ, প্রশ্ন ফাঁসে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণের দাবি জানান এবং চলমান অনশনকারী বিশিষ্ট পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের মুক্তির দাবিতে আন্দোলনে নেমেছেন। মিছিলে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস প্রয়োগ করলে ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হয়, যার ফলে পুলিশ সদস্যসহ শতাধিক তরুণ আহত ও হাসপাতালে ভর্তি হন। চাকরির অভাব এবং বারবার প্রশ্নপত্র ফাঁসের কারণে ক্ষুব্ধ হয়ে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP) আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে।

এদিকে, উদ্ভূত পরিস্থিতির মধ্যে নরেন্দ্র মোদি দাবি করেছেন, অনিয়মের খবর পাওয়ার সাথে সাথেই তাঁর সরকার কঠোর আইনি ব্যবস্থা নিয়েছে। ইতোমধ্যে এই চক্রের ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কারাগারে পাঠানো হয়েছে। পুনঃপরীক্ষা সফলভাবে আয়োজন করে নির্দিষ্ট সময়ে ফল প্রকাশ করা হয়েছে। অন্যদিকে, পুলিশের সহিংস হামলার কারণে আন্দোলনকারীরা আপাতত সংসদ অভিমুখে মিছিল না করার ঘোষণা দিলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

দেওয়ালে রক্তের দাগ রয়েছে, উল্টে পড়ে থাকা ব্যারিকেড, ভাঙা কাচ এবং রাস্তা জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা স্যান্ডেল দেখে বোঝা যাচ্ছে বিশৃঙ্খলার অবস্থা। কোথাও একটি স্কার্ফ পড়ে আছে, কোথাও ভাঙা চশমা আর ছেঁড়া শার্ট রয়েছে—ভারতের রাজধানী জুড়ে এসব জিনিস বিশৃঙ্খলার স্মারক হিসেবে পড়ে রয়েছে।

নয়া দিল্লির প্রাণকেন্দ্র—পার্লামেন্ট স্ট্রিট এবং ঔপনিবেশিক আমলের চত্বর কনট প্লেস—এগুলো সোমবারের পুলিশি ক্র্যাকডাউনের চিহ্ন রাখছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হাজার হাজার আন্দোলনকারী, যারা অধিকাংশই শিক্ষার্থী, রাজধানীকে স্থবির করে দিয়েছিল।

আন্দোলনকারীদের একটি বড় অংশ পার্লামেন্টের দ্বারপ্রান্তে পৌঁছে গেলেও, পুলিশের টিয়ার গ্যাসের কারণে বাধ্য হয়ে তারা পিছিয়ে আসে। এই ঘটনায় ১০০ জনেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছেন।

১৮ বছর বয়সী অংশুল দেব বলেন, "আমি এখনো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে আমি দিল্লিতে আছি।" অংশুল আরও বলেন, "আমাদের অভিভাবকরা যে সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছেন, তারা আমাদের সাথে সন্ত্রাসী ও অপরাধীদের মতো আচরণ করছে। এটি আমাদের দেশ, এবং তাদের বিদ্বেষমূলক রাজনীতি থেকে আমরা আমাদের দেশকে মুক্ত করছি। আমরা এই মোহ ভেঙে দিতে এখানে এসেছি।"

প্রশ্নপত্র ফাঁস এবং জালিয়াতির কারণে লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ভারতের তরুণ সমাজ, যা বিশ্বের বৃহত্তম জেন-জি (Gen Z) গোষ্ঠী, তাদের মধ্যে গত দুই মাস ধরে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছিল। কিছু ক্ষেত্রে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়; আবার কোথাও কোথাও যে-সব শিক্ষার্থী উত্তরপত্রের কপি চেয়েছিল, তারা দেখে যে তাদের ভুল গ্রেডিং করা হয়েছে। প্রশ্ন ফাঁসের কারণে অন্তত ২০ জনেরও বেশি শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ সম্পর্কিত প্রতিবাদ নিয়ে কোনো কথা বলেননি, তবে সোমবার আন্দোলনকারীদের খুব কাছাকাছি দূরত্বে থাকা পার্লামেন্টে তাকে হাস্যোজ্জ্বল মুখে দেখা গেছে।

মঙ্গলবার বিকেলে ভারতের বিরোধীদলীয় নেতা, কংগ্রেসের রাহুল গান্ধী নয়া দিল্লিতে মোদীর বাসভবনের বাইরে অবস্থান নেন। অন্যান্য সংসদ সদস্যরাও তার সঙ্গে যোগদান করেন এবং তিনি সবাইকে একত্র হওয়ার উদাত্ত আহ্বান জানান।

বিশ্লেষকরা বলছেন, মোদী সরকারের কাছ থেকে দাবি আদায় করার ক্ষেত্রে শিক্ষার্থী আন্দোলনকারীদের সামনে বেশ কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে। তবে শিক্ষার্থীদের আন্দোলন, সরকারের কাউকে জবাবদিহির আওতায় না আনার মানসিকতা এবং পুলিশের নির্মম দমন-পীড়ন প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে দীর্ঘদিনের একটি অভিযোগকে শক্তিশালী করেছে—তিনি সামাজিকভাবে নির্বাচিত হলেও কার্যত একজন স্বৈরাচারীর মতো আচরণ করেন।

এক স্বৈরাচারীর মুখোমুখি আন্দোলনকারীরা পুলিশ জোরপূর্বক ওয়াংচুককে আন্দোলনস্থল থেকে সরিয়ে নেওয়ার পর থেকেই মোদির পদত্যাগের দাবি জানিয়ে আসছেন। সোমবার মধ্য নয়াদিল্লি জুড়ে প্রধানমন্ত্রীর পদত্যাগের স্লোগান প্রতিধ্বনিত হয়েছে।

লেখক ও মোদীর জীবনীকার নিলঞ্জন মুখোপাধ্যায় বলেন, "এত বিপুলসংখ্যক আন্দোলনকারীর উপস্থিতি নিজে থেকেই প্রধানমন্ত্রীর জন্য একটি বড় চ্যালেঞ্জ।" তিনি বলেন, "এখন পর্যন্ত মোদি আন্দোলনকারীদের কোনো ছাড় না দিয়ে কঠোর ও অটল মনোভাবের নেতা হিসেবে নিজেকে জাহির করার চিরাচরিত কৌশলই গ্রহণ করেছেন।"

২০১৪ সাল থেকে ক্ষমতায় থাকা এই প্রধানমন্ত্রীর জীবনীকার আরও যোগ করেন, "ভোটব্যাংকে টান না পড়া পর্যন্ত মোদি কোনো প্রতিবাদ গুঁড়িয়ে দিতে বা ব্রুট ফোর্স (পশুবল) প্রয়োগ করতে দ্বিধা করেন না।" তিনি আরও বলেন, "তারা তাদের পুরোনো দমন-পীড়নের পথেই হাঁটবে। তরুণদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ এবং সরকারবিরোধী হাওয়া থাকা সত্ত্বেও মোদি এই আন্দোলন থেকে নিজেকে পরাজিত হিসেবে তুলে ধরতে চাইবেন না।"

সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকল ঘি উৎপাদনের অভিযোগে ‘তাহের কোম্পানি’র ৩ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


নকল ঘি উৎপাদনের অভিযোগে ‘তাহের কোম্পানি’র ৩ লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুরের বিসিক শিল্প নগরীতে আবু তাহের ছানা কোম্পানিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ৩৮ কার্টুন নকল ঘি জব্দ করেছে। এই সময় উৎপাদনকারী প্রতিষ্ঠানের ম্যানেজার কাম কারিগর জিল্লাল হোসেনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে কোম্পানির মূল মালিক জিল্লালের আপন ভাই আব্দুল মান্নান পলাতক রয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশের নেতৃত্বে অভিযানে অংশ নেওয়া হয়। এ সময় জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সুমধু চক্রবর্তী উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত জিল্লাল সদর উপজেলার চররুহিতা গ্রামের বশির উল্যার ছেলে। তিনি আপন ভাইয়ের প্রতিষ্ঠান হলেও, সেখানে তিনি মাসিক বেতনে চাকরি করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, প্রতিষ্ঠানটি ৫০ কার্টুন ঘি বিক্রির জন্য অর্ডার নেয়। জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে নিরাপদ খাদ্য বিভাগের সহযোগিতায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ৩৮ কার্টুন নকল ঘি জব্দ করা হয়েছে। প্রতিটি কার্টুন বরাবর ৯০০ গ্রাম ওজনের ১২টি কোটা রয়েছে। এগুলো ভ্রাম্যমাণ আদালতের সামনেই বিনষ্ট করা হয়। নকল ঘি উৎপাদনের কারণে প্রতিষ্ঠানের মালিকের ভাই জিল্লালকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে ২ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। জরিমানার টাকা পরিশোধ করলে তাঁকে ছেড়ে দেওয়া হবে।

জিল্লাল ভ্রাম্যমাণ আদালতের সামনে স্বীকার করেছেন যে, তারা সয়াবিন তেল, ডাল্ডা ও ঘি’র ফ্লেভার ব্যবহার করে ঘি তৈরি করে। তারা ৯০০ গ্রাম ঘি কোটা দোকানে প্রায় ১৪০০ টাকায় বিক্রি করে। তবে তাদের কারখানায় সয়াবিন তেল পাওয়া যায়নি।

জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সুমধু চক্রবর্তী বলেন, মার্জারিন ঘি উৎপাদনের জন্য প্রতিষ্ঠানটি অনুমোদন নেওয়া হয়েছিল। কিন্তু তারা নকল ঘি তৈরি করে আসছিল। এটি মানবদেহের জন্য ক্ষতিকারক। ঘি’র কোটায় নগদ টাকার কুপন রয়েছে। এই ঘি তারা বাবুর্চির মাধ্যমে সরবরাহ করে আসছে। এছাড়া নোংরা পরিবেশে এ ঘি তৈরি করা হচ্ছিল। কোম্পানি আবু তাহের ছানা নামে বিসিক থেকে প্রতিষ্ঠানের জন্য জমি নিয়েছিল, কিন্তু এখন তাহের ফুড ইন্ডাস্ট্রিজ নাম দিয়ে নকল ঘি তৈরি করছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশ বলেন, প্রতিষ্ঠানটির মালিক আব্দুল মান্নান পলাতক রয়েছেন। জিল্লাল একই পণ্য উৎপাদন ও অন্যান্য সব কাজ করে থাকেন। এ কারণে নকল ঘি উৎপাদনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ২ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতে যদি পুনরায় একই কাজ করা হয়, কোম্পানির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%