শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
১০:০৮ পি.এম
যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক থাকা সত্ত্বেও, ভারতের শিল্প ও বাণিজ্য মহল আশা প্রকাশ করেছে যে ২০২৭ সালের মার্চের মধ্যে দেশের মোট রপ্তানি ১ ট্রিলিয়ন (১ লাখ কোটি) ডলার ছাড়িয়ে যাবে। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, রপ্তানি প্রবৃদ্ধির ধারাবাহিকতা এবং বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) কারণে এই লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে মনে করছে ভারতের শিল্প ও বাণিজ্য সংস্থাগুলোর ফেডারেশন অ্যাসোচ্যাম।
অ্যাসোচ্যামের মহাসচিব সৌরভ সান্যাল জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শুল্ক ভারতের রপ্তানিতে বড় ধরনের প্রভাব ফেলবে না। বর্তমানে ভারতের রপ্তানির পরিমাণ ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে এবং প্রবৃদ্ধির হার ১৫ শতাংশ।
২০২৬ সালের ইন্ডিয়া এনার্জি সভরেনটি সামিটের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সান্যাল বলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের (ইউএসটিআর) ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণায় ভারতের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে না। তিনি আরও জানান, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য আলোচনা সফল হলে প্রস্তাবিত শুল্ক ২৫ শতাংশ থেকে কমে ১৭ শতাংশে নেমে আসতে পারে।
ভারতের পণ্য বাণিজ্যের পরিমাণ যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলে ধরে সান্যাল বলেন, বর্তমানে দুই দেশের পণ্য বাণিজ্যের পরিমাণ ৫৯ বিলিয়ন ডলার। প্রতি মাসে গড়ে প্রায় ৮ দশমিক ৫ বিলিয়ন ডলারের বাণিজ্য হচ্ছে। চলতি অর্থবছর শেষ হতে এখনো পাঁচ মাস বাকি রয়েছে।
বর্তমান প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে, বাকি সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের পণ্য বাণিজ্যে আরও ৪১ বিলিয়ন ডলার যুক্ত হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
সান্যাল বলেন, ‘বর্তমান গতিতে রপ্তানি অব্যাহত থাকলে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে ভারতের রপ্তানি ১ লাখ কোটি ডলারের সীমা অতিক্রম করবে বলে আমরা অত্যন্ত আশাবাদী।’
বিশ্ববাজারে বাণিজ্য অনিশ্চয়তার মধ্যে রপ্তানির নতুন বাজার তৈরিতে ভারতের উদ্যোগের কথাও তুলে ধরেন অ্যাসোচ্যামের মহাসচিব। তিনি জানান, ইতিমধ্যে ৩৭টি দেশের সঙ্গে আটটি মুক্ত বাণিজ্য চুক্তি করেছে ভারত। এসব চুক্তির ফলে দেশটির রপ্তানিকারকেরা বিকল্প বাজারে পণ্য ও সেবা সরবরাহের সুযোগ পাচ্ছেন।
তিনি বলেন, ভারত ইতিমধ্যে এমন অনেক পণ্য ও সেবা উৎপাদন করছে, যেগুলো অন্যান্য দেশে রপ্তানি করা সম্ভব। যুক্তরাষ্ট্রের শুল্কসংক্রান্ত চ্যালেঞ্জ সত্ত্বেও ভারতের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে কোনো বড় সমস্যা দেখছেন না বলে জানান সান্যাল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অফিসে সারাদিন বসে কাজ করা, দীর্ঘ সময় কম্পিউটারের সামনে থাকা অথবা ভারী ব্যাগ নিয়ে চলাফেরা করা, এসব কারণে পিঠে ব্যথা হওয়া নতুন কিছু নয়। অনেকেই এই ধরনের ব্যথাকে দৈনন্দিন জীবনের অংশ মনে করে গুরুত্ব দেন না। ব্যথা হলে মলম লাগানো, গরম পানির সেঁক দেওয়া অথবা ব্যথানাশক ওষুধ খেয়ে সাময়িক স্বস্তি পাওয়ার চেষ্টা করেন। কিন্তু যদি ব্যথা দিন দিন বাড়তে থাকে, রাতে ঘুম ভাঙিয়ে দেয় অথবা হাত-পায়ে অবশভাব ও দুর্বলতা দেখা দেয়, তাহলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। কারণ, দীর্ঘস্থায়ী পিঠের ব্যথার পেছনে মেরুদণ্ডের গুরুতর সমস্যা থাকতে পারে।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, অধিকাংশ পিঠের ব্যথা সাধারণ চিকিৎসায় কমে যায়। তবে যদি ব্যথা দীর্ঘ সময় স্থায়ী থাকে বা ক্রমাগত বাড়তে থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। শ্রী বালাজি অ্যাকশন মেডিক্যাল ইনস্টিটিউটের স্পাইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের প্রধান চিকিৎসক হরবিন্দর সিং চাবরা জানিয়েছেন, সাধারণ সর্দি-কাশির পর পিঠের ব্যথা অন্যতম পরিচিত স্বাস্থ্য সমস্যা। জীবনের কোনো না কোনো সময় প্রতি ১০ জনের মধ্যে আটজন উল্লেখযোগ্য মাত্রায় পিঠের ব্যথায় ভোগেন। তাঁদের মধ্যে প্রায় ৭০ শতাংশের আবারও এ সমস্যা দেখা দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় বসে থাকা, শারীরিক পরিশ্রমের অভাব, ভুল ভঙ্গিতে বসা এবং সঠিক নিয়ম না মেনে ভারী জিনিস তোলা পিঠের ব্যথার অন্যতম কারণ। যদিও মলম বা গরম পানির সেঁকে সাময়িক আরাম মিললেও সমস্যার মূল কারণ দূর হয় না।
কখন চিকিৎসকের কাছে যাবেন
যদি কয়েক সপ্তাহ ধরে পিঠের ব্যথা থাকে, চিকিৎসা নেওয়ার পরও ব্যথা না কমে বা ক্রমাগত বাড়তে থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিশেষ করে বিশ্রামের সময়ও যদি ব্যথা থাকে অথবা বারবার ঘুম ভেঙে যায়, তাহলে সতর্ক হওয়া প্রয়োজন। চিকিৎসক হরবিন্দর সিং চাবরার মতে, এ ধরনের ব্যথার পেছনে মেরুদণ্ডের সংক্রমণ, প্রদাহজনিত সমস্যা, অস্টিওপোরোসিসের কারণে মেরুদণ্ডের হাড়ে চিড় বা ফাটল এবং বিরল ক্ষেত্রে টিউমারও থাকতে পারে।
এছাড়া হাত-পায়ে অবশভাব, ঝিনঝিন করা বা দুর্বলতা দেখা দিলে অবহেলা করা যাবে না। হাঁটতে সমস্যা হওয়া কিংবা শরীরের ভারসাম্য রাখতে অসুবিধা হওয়াও সতর্কসংকেত। মেরুদণ্ডের স্নায়ুতে চাপ পড়লে এমন উপসর্গ দেখা দিতে পারে। দুর্বলতা ক্রমাগত বাড়তে থাকলে দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন।
যেসব লক্ষণে জরুরি চিকিৎসা প্রয়োজন
পিঠের ব্যথার সঙ্গে যদি প্রস্রাব বা মল নিয়ন্ত্রণে নতুন সমস্যা দেখা দেয়, তাহলে দ্রুত হাসপাতালে যেতে হবে। প্রস্রাব করতে অসুবিধা, প্রস্রাব আটকে যাওয়া কিংবা উরুর ভেতরের অংশ ও যৌনাঙ্গের আশপাশ অবশ হয়ে যাওয়াও বিপজ্জনক লক্ষণ। বিশেষ করে তীব্র কোমরব্যথা বা পায়ে দুর্বলতার সঙ্গে এসব উপসর্গ দেখা দিলে তা ‘কডা ইকুইনা সিনড্রোম’-এর লক্ষণ হতে পারে।
এটি মেরুদণ্ডের নিচের অংশের স্নায়ুগুচ্ছে চাপ পড়ার কারণে ঘটে। সময়মতো চিকিৎসা না হলে মূত্রথলি, অন্ত্র ও যৌন কার্যক্ষমতার ওপর স্থায়ী প্রভাব পড়তে পারে। তাই এমন উপসর্গ দেখা দিলে এক মুহূর্তও দেরি করা উচিত নয়।
কারা বেশি ঝুঁকিতে
তরুণদের মধ্যে দীর্ঘ সময় বসে কাজ করা, শারীরিক পরিশ্রমের অভাব এবং ভুল ভঙ্গিতে বসার কারণে পিঠের ব্যথা বাড়ছে। বিশেষ করে কর্মক্ষেত্রে বসার চেয়ার ও টেবিলের সঠিক বিন্যাস না থাকলে সমস্যা আরও বাড়তে পারে। অন্যদিকে, বয়স্কদের ক্ষেত্রে বয়সের সঙ্গে মেরুদণ্ডের ডিস্ক ক্ষয় হওয়া এবং মেরুদণ্ডের স্নায়ু চলাচলের পথ সরু হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। অস্টিওপোরোসিসে আক্রান্ত ব্যক্তিদের সামান্য পড়ে যাওয়া কিংবা সাধারণ শারীরিক কাজের কারণেও মেরুদণ্ডের হাড় ভেঙে যেতে পারে।
কিভাবে রোগ নির্ণয় ও চিকিৎসা হয়
পিঠের ব্যথার কারণ জানতে চিকিৎসক প্রথমে রোগীর শারীরিক অবস্থা, আগের উপসর্গ ও চিকিৎসার ইতিহাস পর্যালোচনা করেন। পাশাপাশি স্নায়ুর কার্যকারিতা পরীক্ষা করা হয়। প্রয়োজন অনুযায়ী এক্স-রে বা এমআরআই করার পরামর্শ দিতে পারেন।
চিকিৎসক চাবরার মতে, মেরুদণ্ডের সমস্যায় আক্রান্ত মাত্র ৩ থেকে ৫ শতাংশ রোগীর অস্ত্রোপচারের প্রয়োজন হয়। অধিকাংশ ক্ষেত্রে ওষুধ, ফিজিওথেরাপি, বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ব্যায়াম, সঠিক দেহভঙ্গি বজায় রাখা এবং জীবনযাত্রায় পরিবর্তনের মাধ্যমে চিকিৎসা সম্ভব। তবে স্নায়ুতে গুরুতর চাপ, ক্রমাগত স্নায়বিক দুর্বলতা কিংবা মেরুদণ্ডের অস্থিতিশীলতা থাকলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। তাই পিঠের ব্যথাকে সাধারণ সমস্যা ভেবে দীর্ঘকাল অবহেলা করা উচিত নয়। ব্যথার ধরন ও সঙ্গে থাকা উপসর্গের দিকে খেয়াল রাখতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান শিক্ষার্থী ও তরুণ সমাজের সামনে তিনটি বড় চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের শিক্ষাঙ্গনকে নিরাপদ রাখা, চাকরিজীবী না হয়ে উদ্যোক্তা ও নেতা হিসেবে গড়ে ওঠা এবং বাংলাদেশকে বিশ্বের কাছে অনুকরণীয় রাষ্ট্রে পরিণত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু ও জকসুর নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে ‘বিয়ন্ড ক্যাম্পাস : লিডিং টুমরো’ (Beyond Campus : Leading Tomorrow) শীর্ষক এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
অনুষ্ঠানে দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি ও তরুণদের উদ্দেশে ডা. শফিকুর রহমান যে তিনটি চ্যালেঞ্জ বা বিশেষ বার্তা তুলে ধরেন, তা নিচে দেওয়া হলো:
১. নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও দেশ গড়ার কাজে যুক্ত হওয়া: ডা. শফিকুর রহমান বলেন, কলুষিত বাংলাদেশের বুকে অস্থির ক্যাম্পাসগুলোতে শান্তি ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে ছাত্র সংসদ প্রতিনিধিরা একটি অনুকরণীয় মডেল উপস্থাপন করেছেন। তবে শুধু এই পাঁচটি বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিরাপদ করার চ্যালেঞ্জ নিতে হবে। পাশাপাশি ছাত্রজীবন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হলের সিট ও ক্যাম্পাস ছেড়ে দিয়ে দেশ গড়ার বৃহত্তর কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
২. চাকরিজীবী নয়, সব ক্ষেত্রে উদ্যোক্তা ও নেতা হওয়া: তরুণদের কারও অধীনে চাকরিজীবী হিসেবে না দেখে সব ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণ—সব ক্ষেত্রেই তরুণদের উদ্যোক্তা ও নেতা হতে হবে। তরুণদের অবদানের স্বীকৃতিস্বরূপ ইতিমধ্যেই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিটি করপোরেশনে একজন তরুণকে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ ছাড়া কেবল ঢাকায় পড়ে না থেকে নিজ নিজ এলাকা ও গ্রামবাংলায় ফিরে গিয়ে সমাজের স্তরে স্তরে থাকা দুর্নীতিবাজদের তাড়িয়ে জনগণের পাশে দাঁড়ানোর পরামর্শ দেন তিনি।
৩. অনুসরণকারী নয়, অনুকরণীয় জাতি গঠন: বাংলাদেশ চিরদিন অন্য দেশকে অনুসরণ করে চলবে না উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, আমরা এমন পরিবর্তন চাই, যেন বিশ্ববাসী দেখে বাংলাদেশ কী করছে এবং অন্যরা যেন বাংলাদেশকে অনুসরণ করে। আর এই জায়গা তৈরি করতে হলে তরুণদেরই নেতৃত্ব দিতে হবে।
বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ৫ আগস্টের পর একদল মানুষের রাতারাতি বদলে যাওয়া, ঘুষ-দুর্নীতি-চাঁদাবাজি, গণভোটের রায় অস্বীকার এবং ফ্যাসিবাদীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার কারণেই দেশে নতুন করে সংকট তৈরি হয়েছে। তবে দেশের যুবসমাজ কোনো ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে আসতেও দেবে না, বসতেও দেবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানের আয়োজন ও সমন্বয়ের জন্য তরুণ চিকিৎসক ডা. খালেদুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা. শফিকুর রহমান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ