০৮:৩১ পি.এম
গাজা, সিরিয়া ও লেবানন থেকে সেনা প্রত্যাহার, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া এবং ইরানকে পারমাণবিক শক্তির দেশ হিসেবে গ্রহণ করার জন্য ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়তে পারে বলে সতর্ক করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ২৬তম সংসদে বক্তব্য রাখার সময় তিনি সকলকে মতভেদ ভুলে তার নেতৃত্বে একটি ঐক্যবদ্ধ সরকার গঠনের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, দেশের বাইরের এই গুরুতর হুমকি ও চাপ মোকাবেলা করতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে।
নেতানিয়াহু তার বক্তব্যে ইরানকে ইসরাইলের জন্য সবচেয়ে বড় বিপদ হিসেবে চিহ্নিত করেন এবং অভিযোগ করেন যে তেহরান আবার তাদের পারমাণবিক কার্যক্রম শুরু করতে চাইছে। সাম্প্রতিক সংঘর্ষে সামরিক হামলার মাধ্যমে গাজা, লেবানন ও ইরানের শীর্ষ নেতাদের হত্যা করার বিষয়টিকে তিনি একটি বড় সাফল্য হিসেবে দাবি করেন। তার মতে, এই অভিযানের ফলস্বরূপ এলাকায় শক্তির সমীকরণ ইসরাইলের পক্ষে পরিবর্তিত হয়েছে। তবে তিনি সতর্ক করেন যে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পেলে পশ্চিম তীরে তাদের অর্জিত সাফল্য বিপন্ন হতে পারে।
নেতানিয়াহু বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন হতে দেওয়া যাবে না—এই দাবিতে তিনি অটল রয়েছেন। বাইরের দেশের যেকোনো নির্দেশ বা চাপ প্রতিহত করার জন্য একটি শক্তিশালী জাতীয় ঐক্যবদ্ধ সরকারের প্রয়োজন।
আরও পড়ুন: ইরান কেন নির্মাণ করছে শত শত বাঁধ?
এছাড়াও, আরব রাজনৈতিক দলগুলোর সমর্থনে নতুন সরকার গঠনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন নেতানিয়াহু। তিনি দাবি করেন, আরব দলগুলো সন্ত্রাসবাদকে সমর্থন করে, তাই নতুন সরকারে তাদের কোনো স্থান থাকা উচিত নয়। সংসদের কিছু সদস্য তাদের সহায়তায় সরকার গঠনের চেষ্টা করছেন বলেও তিনি অভিযোগ করেন। তবে তিনি স্পষ্ট করেন যে, আরব দলগুলোর রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও ইসরাইলে বসবাসকারী সাধারণ আরব নাগরিকদের জীবনযাত্রা ও অর্থনৈতিক উন্নতির কাজ অব্যাহত থাকবে।
নেতানিয়াহু এই বক্তব্যটি ইসরাইলের নতুন সরকার গঠন নিয়ে চলমান নানা জল্পনা-কল্পনা ও মতভেদের মধ্যে প্রদান করেন।
সূত্র: মিডলইস্ট মনিটর
আরও পড়ুন: গণহত্যার রায়, তবু রোহিঙ্গাদের জীবন অনিশ্চয়তায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন