০৭:৩৪ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান সমালোচনা ও ট্রলের বিরুদ্ধে কড়া জবাব দিয়েছেন, যা আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমানকে রাষ্ট্রীয় সফরে সঙ্গে নেওয়ার বিষয় নিয়ে। তিনি বিস্ময় প্রকাশ করে মন্তব্য করেন যে, দেশে সাধারণ মানুষের জীবনমান ও জীবিকার অনেক সংকট থাকা সত্ত্বেও সেসব জরুরি বিষয় বাদ দিয়ে অহেতুক আলোচনা ও কুৎসা রটনায় সময় নষ্ট করা হচ্ছে।
বুধবার জাপানের টোকিওর হোটেল নিউ ওতানিতে বাংলাদেশ কমিউনিটির আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমার কাছে খুব আশ্চর্য লাগল, আমাদের সাথে তারেককে নিয়ে এসেছি এবার—আমজনতার তারেক। গত দুই-তিন দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে দেখলাম অনেক কথা! যেমন—ওর কোনো অবদান নেই, ওকে নিয়ে এসে এখানে সরকারের পয়সা নষ্ট করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি।’
আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ
দেশের বিরাজমান বাস্তব সংকটগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘দেশে এত সমস্যা আছে, সেগুলো নিয়ে কোনো আলাপ দেখি না। অথচ সংস্কার অনেক ধরনেরই হতে পারে। এয়ার কন্ডিশন রুমে বসে সংস্কারও যেমন সংস্কার, তেমনি মেহনতি ও খেটে খাওয়া মানুষের জীবনকে একটু উন্নত করার সংস্কারও কিন্তু বড় সংস্কার।’
তিনি আরো বলেন, ‘যেহেতু আমরা রাজনীতিকেরা মানুষের কাছে ভোটের জন্য যাই, তাই আমার কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার হলো খেটে খাওয়া সাধারণ মানুষের জীবনকে কিছুটা সহজ ও স্বস্তিদায়ক করা।’
উল্লেখ্য, জাপান যাওয়ার আগে আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান বলেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনের প্রথম দেশের বাইরে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে জাপানের পথে। শুকরিয়া মহান আল্লাহর নিকট। কৃতজ্ঞতা ও ভালোবাসা সবাইকে।’
আরও পড়ুন: মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায়ে ইসরাইলের ওপর চাপ বাড়বে, দাবি আসিফ নজরুলের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন