ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর


দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) পরিচালনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট দ্বিতীয়বারের মতো সফলভাবে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়ে টানা প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করেছে। এই সময়ে গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক মূল্য প্রায় ৭ কোটি ৬ লাখ টাকা ছিল।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।

জাতীয় সঞ্চালন লাইনের একাধিক সূত্র জানায়, দ্বিতীয় দফায় রূপপুরের প্রথম ইউনিট থেকে ধারাবাহিকভাবে প্রায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা ছিল ১০ থেকে ২৪ ঘণ্টা, তবে নির্ধারিত সময়সীমা পেরিয়ে তা প্রায় ৩০ ঘণ্টা অব্যাহত ছিল।

আরও পড়ুন: বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় যাতায়াত ও প্রবেশের নতুন নির্দেশনা

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের অগ্রযাত্রায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে বিদ্যুৎকেন্দ্রটির পরিচালন সক্ষমতা ও প্রযুক্তিগত প্রস্তুতির ক্ষেত্রে এটি এনপিসিবিএলের উল্লেখযোগ্য অর্জন বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

দ্বিতীয় দফায় সফলভাবে বিদ্যুৎ সরবরাহের পর ইউনিটটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বর্তমানে বিদ্যুৎ সরবরাহকালে বিভিন্ন অপারেটিং প্যারামিটার, টারবাইন-জেনারেটর সিস্টেম এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা ও পারফরম্যান্স বিশ্লেষণ করা হচ্ছে। এসব বিশ্লেষণের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পরিচালন কার্যক্রম নির্ধারণ করা হবে বলে জানিয়েছে এনপিসিবিএল।

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বলেন, “দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সংযুক্ত হয়ে টানা ৩০ ঘণ্টা ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এটি এনপিসিবিএলের পরিচালন সক্ষমতা, আমাদের প্রকৌশলী ও অপারেটরদের দক্ষতা এবং রাশিয়ান অপারেশনাল সহযোগীদের সঙ্গে সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।

তিনি আরও বলেন, “অপারেটর হিসেবে এনপিসিবিএল বিদ্যুৎকেন্দ্রটির নিরাপদ, নির্ভরযোগ্য ও দক্ষ পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ। সর্বোচ্চ পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করে আন্তর্জাতিক মানদণ্ড ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করেই আমরা পরবর্তী কার্যক্রম এগিয়ে নিচ্ছি।

আরও পড়ুন: সাতক্ষীরায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‌্যালি

এ অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্ত নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, রাশিয়ান সহযোগী প্রতিষ্ঠান এবং এনপিসিবিএলের সব কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অভিনন্দন জানান তিনি।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদনে বহুমুখীকরণ, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ড. মামুন: আট মাসে ৩৭ পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেমিনার, ১৫০০ সমঝোতা স্মারক সই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


ড. মামুন: আট মাসে ৩৭ পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেমিনার, ১৫০০ সমঝোতা স্মারক সই

সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন বাস্তবায়নের লক্ষ্যে গত আট মাসে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ১ হাজার ৫০০টিরও বেশি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, যা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন জানিয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন’ শীর্ষক সেমিনারে তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

অধ্যাপক ড. মামুন উল্লেখ করেন, সমঝোতা স্মারক স্বাক্ষর করাই যথেষ্ট নয়, বরং সেগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে শিল্পপ্রতিষ্ঠানের চাহিদার সঙ্গে সমন্বয় করা জরুরি। এর জন্য শিল্পপ্রতিষ্ঠানের অভিজ্ঞ পেশাজীবীদের অতিথি শিক্ষক হিসেবে যুক্ত করা, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, হাতে-কলমে প্রশিক্ষণ এবং বাস্তব প্রকল্পে কাজের সুযোগ বৃদ্ধি করা অপরিহার্য।

তিনি আরও বলেন, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি লিয়াজোঁ সেল গঠন এবং নিয়মিত চাকরি মেলার আয়োজনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। স্নাতক পর্যায়ে তিন থেকে ছয় মাসের বেতন-ভিত্তিক ইন্টার্নশিপ শিক্ষাক্রমের অংশ করার পরিকল্পনাও রয়েছে।

বিশ্ববিদ্যালয়কে শুধুমাত্র চাকরিপ্রার্থী তৈরির প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি। তার মতে, একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির কার্যকর অংশীদারত্ব নতুন প্রযুক্তি উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেমিনারে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী নূর এবং বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা এ কে এম ফাহিম মাশরুর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনটিআরসিএর নিয়োগ পরীক্ষা বিসিএসের মানের করার পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


এনটিআরসিএর নিয়োগ পরীক্ষা বিসিএসের মানের করার পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষক নিয়োগের মান নিশ্চিত করার লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ পরীক্ষা বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষার মানের সমান করার পরিকল্পনা করছে সরকার। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, বিসিএস ও নন-ক্যাডার শিক্ষকদের মধ্যে বৈষম্য এবং আত্মীকরণসংক্রান্ত জটিলতা নিরসনেও কাজ চলছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২১২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, "শিক্ষকদের সবচেয়ে বড় সাফল্য হলো শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা।" তিনি উল্লেখ করেন, শিক্ষকতার মাধ্যমে সমাজ ও দেশের জন্য কী অবদান রাখা যাচ্ছে, সেটি অন্য কোনো পেশার সঙ্গে তুলনা না করে বিবেচনা করতে হবে।

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমে পরিবর্তন আনার ওপর গুরুত্ব দিয়ে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, "প্রশিক্ষণ শুধু প্রথাগত হলে চলবে না।" তিনি জানান, প্রশিক্ষণে নতুনত্ব, সৃজনশীলতা, প্রযুক্তির ব্যবহার এবং বিষয়ভিত্তিক দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে প্রশিক্ষণার্থীদের প্রত্যাশা বিবেচনায় নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম সাজাতে হবে।

অনুষ্ঠানে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির পরিচালক ড. আতিকুল ইসলাম পাঠান, পরিচালক অধ্যাপক মো. শাহজাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী। সেখানে নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণা করে তিনি বলেন, "রসায়ন বিভাগে ভর্তি হয়ে জীবনে চলার জন্য অনেক কিছু শিখেছি।"

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, "রসায়ন আমাকে ভাবনার জগতকে কীভাবে তুলে ধরতে হয়, তা শিখিয়েছে।" তিনি জানান, এই বিভাগ তাকে অদম্য স্পৃহা দিয়েছে। নিজের কাজকে ভালোবাসতে শেখার পাশাপাশি এখান থেকে পাওয়া অনুপ্রেরণায় দেশাত্মবোধ ও ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার প্রত্যয়ে কাজ করছেন তিনি।

এ সময় শিক্ষামন্ত্রী সবাইকে দেশাত্মবোধ নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করে দেশ গড়ার আহ্বান জানান। প্রখ্যাত রসায়নবিদ মুকাররম হোসেন খন্দকারকে স্মরণ করে তিনি বলেন, এ বিভাগের শিক্ষার্থীদের তার আদর্শ ধারণ করে উৎকৃষ্ট মানের রসায়নবিদ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।

রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফরিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অশান্তি সৃষ্টির চেষ্টা হলে জনগণ প্রতিহত করবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


অশান্তি সৃষ্টির চেষ্টা হলে জনগণ প্রতিহত করবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজবাড়ী, ২৪ নভেম্বর, ২০২৬ : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম মন্তব্য করেছেন যে, রাজবাড়ী একটি শান্তিপ্রিয় অঞ্চল। তিনি উল্লেখ করেন, এখানে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে জনগণ তাদেরকে প্রতিহত করবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, "দেশ ও জনগণের কল্যাণে কীভাবে কাজ করতে হয়, তা পতিত দল আওয়ামী লীগ জানে না।" তিনি দাবি করেন, সাম্প্রতিক কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ তাদের অক্ষমতা প্রমাণ করেছে এবং দলটি দেশ ও জনগণের জন্য নিরাপদ নয়।

আজ বিকেলে রাজবাড়ী রেলগেটসংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে জেলা বিএনপি আয়োজিত গণমিছিল ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী।

প্রতিমন্ত্রী বলেন, "ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৭ বছরে দেশের ব্যবসা-বাণিজ্য নষ্ট ও ধ্বংস করেছে।" তিনি অভিযোগ করেন, ওই সরকারের শাসনামলে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে কারাবরণ করতে হয়েছে এবং তাদের ওপর নিপীড়ন-নির্যাতন চালানো হয়েছে। মিথ্যা মামলার শিকারও হয়েছেন অনেকেই। তিনি বলেন, বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না এবং এসব পরিস্থিতি মোকাবিলা করেই তারা ক্ষমতায় এসেছে।

তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে রাজবাড়ী জেলায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। বিএনপি সরকার দেশকে সমৃদ্ধ ও উন্নত করার চেষ্টা করছে। সাবেক আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আপনি বসে বসে জ্বালাও-পোড়াও ও ষড়যন্ত্র করবেন না।"

প্রতিমন্ত্রী আওয়ামী লীগকে ‘আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সন্ত্রাসী রাজনৈতিক দল’ হিসেবে আখ্যা দেন। তিনি উল্লেখ করেন, দলটির নেত্রীর নির্দেশে থানা জ্বালিয়ে দেওয়া, লুটপাট, পুলিশ হত্যা, আগুন দিয়ে মানুষের বাড়িঘর, হাসপাতাল, যাত্রীবাহী বাস ও ট্রাক পুড়িয়ে দেওয়া এবং পদ্মা সেতুর পিলারে আগুন দেওয়ার মতো কর্মকাণ্ড সংঘটিত হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, রাজবাড়ী জেলাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে পদ্মা সেতু নির্মাণ করা হবে। এছাড়া, জেলায় সাড়ে আট হাজার কোটি টাকা ব্যয়ে একটি রেলওয়ে ক্যারেজ নির্মাণ, নতুন একটি উপজেলা প্রতিষ্ঠা এবং পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত বাঁধের রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম, বিএনপির সাবেক আহ্বায়ক মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মজিদ, জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল গফুর, খায়রুল আনাম বকুল এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক ফারুক হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


নেত্রকোনায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় তিন বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ অন্তর মিয়া (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে। শিশুটির বাবা এ ঘটনায় বাদী হয়ে কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ, ভুক্তভোগী শিশুটির পরিবার এবং মামলার এজাহার থেকে জানা যায়, উপজেলার ওই গ্রামে গত রোববার দুপুরে শিশুটি বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত অন্তর মিয়া শিশুটিকে ডেকে নিজ ঘরে নিয়ে যান। ঘরে কেউ না থাকার সুযোগে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

এদিকে, শিশুটির মা দুপুরের খাবার খাওয়ানোর জন্য তাকে খুঁজতে গিয়ে ডাকাডাকি শুরু করেন। মায়ের ডাক শুনে অভিযুক্ত শিশুটিকে ছেড়ে পালিয়ে যায়। পরে কান্না করতে করতে ঘর থেকে বেরিয়ে শিশুটি তার মাকে ঘটনার কথা জানায়। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্য এবং স্থানীয় লোকজন অভিযুক্তকে খুঁজতে শুরু করেন।

পরে বিকালে পাশের একটি বাজারে স্থানীয় লোকজন অন্তর মিয়াকে দেখতে পেয়ে আটক করেন। এ সময় তাকে মারধর করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

সোমবার রাত পৌনে ১১টার দিকে শিশুটির বাবা ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। পরে তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, তারা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছেন। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সকালে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কেন্দুয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান আছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং সেখানে শিশুটির জবানবন্দি গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%