০৩:১৩ পি.এম
ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, ব্যাটারিচালিত রিকশা রাজধানী থেকে উঠিয়ে দেওয়া কেবল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) একার পক্ষে সম্ভব নয়। তিনি বলছেন, এ সমস্যার সমাধানে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর মোহাম্মদপুরের লেক রোডে এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক মামলা দায়ের ও যানবাহন মনিটরিং কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এসময় ডিএমপি কমিশনার জানান, ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে তিনি উল্লেখ করেন, পুলিশের একার পক্ষে এ সমস্যা সমাধান সম্ভব নয় এবং এ বিষয়ে সমন্বিতভাবে কাজ চলমান রয়েছে।
আরও পড়ুন: ‘না মানে না, হাসিনা ফিরবে না’: আবিদুল ইসলাম খান
তিনি এও বলেন, রাজধানীর ১৮টি গুরুত্বপূর্ণ মোড় ও ক্রসিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা চালুর পর এখন পর্যন্ত প্রায় দেড় হাজার মামলা করা হয়েছে এবং ৩৮ হাজার সমন জারি করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা যায়, গত ৭ মে থেকে ঢাকার বিভিন্ন মোড়ে পরীক্ষামূলকভাবে এআই প্রযুক্তির ব্যবহার শুরু করছে ট্রাফিক বিভাগ। ট্রাফিক আইন লঙ্ঘন হলে ক্যামেরার মাধ্যমে সংশ্লিষ্ট যানবাহন শনাক্ত করা হচ্ছে। পরে যানবাহনের মালিকের বিরুদ্ধে ডিজিটাল পদ্ধতিতে মামলা করা হচ্ছে।
ডিএমপি কমিশনার পরবর্তীতে বলেন, এআই ক্যামেরা চালুর পর ট্রাফিক সিগন্যালে আইন মানার প্রবণতা বেড়েছে। পূর্বে সিগন্যালে যানবাহন থামানোর জন্য ট্রাফিক সদস্যদের হিমশিম খেতে হলেও বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ার পুলিশ-বিজিবি-আনসারের ৬ গাড়িতে অগ্নিসংযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন