ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পোস্তগোলা ব্রিজে শতাধিক ল্যাম্পপোস্ট, সন্ধ্যায় অন্ধকারে আতঙ্কিত স্থানীয়রা


পোস্তগোলা ব্রিজে শতাধিক ল্যাম্পপোস্ট, সন্ধ্যায় অন্ধকারে আতঙ্কিত স্থানীয়রা

রাজধানীর পোস্তগোলা ব্রিজ, যা বুড়িগঙ্গা সেতু-১ নামেও পরিচিত, এর দুই পাশে শতাধিক ল্যাম্পপোস্ট থাকা সত্ত্বেও একটিতেও বাতি জ্বলছে না। সন্ধ্যা নামলেই সেতুর ওপর অন্ধকার নেমে আসে। এর ফলে যানবাহনের চালক ও সাধারণ পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

দুর্ঘটনার ঝুঁকি বাড়ার পাশাপাশি, পর্যাপ্ত আলোর অভাবে চুরি ও ছিনতাইয়ের আতঙ্কে রয়েছেন সেতু দিয়ে চলাচলকারীরা। গুরুত্বপূর্ণ এই সেতুর এমন পরিস্থিতি চললেও কর্তৃপক্ষের নজর যেন নেই।

সোমবার (১৬ নভেম্বর) রাতে সরেজমিনে এমন চিত্র দেখা যায়। পোস্তগোলা ব্রিজ রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। প্রতিদিন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অসংখ্য যানবাহন ও মানুষ এই সেতু ব্যবহার করেন। অথচ সেতুর দুই পাশে শতাধিক ল্যাম্পপোস্ট থাকলেও সেগুলোতে বাতি না জ্বলায় রাতে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

আরও পড়ুন: রাষ্ট্রবিরোধী মিছিলে অর্থায়নের অভিযোগ, রাজধানী থেকে আ.লীগ নেতা গ্রেফতার

সেতুতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় যানবাহনের চালকদের চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। স্থানীয়রা প্রশ্ন তুলছেন, গুরুত্বপূর্ণ একটি সেতুতে এতগুলো ল্যাম্পপোস্ট থাকা সত্ত্বেও সেগুলো কেন অচল রয়েছে।

প্রাইভেট চালক সাজিদ যুগান্তরকে বলেন, "সড়কবাতি স্থাপন করা হলেও সেগুলো সচল রাখার দায়িত্ব কার?" তিনি আরও জানান, "নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা থাকলে শতাধিক ল্যাম্পপোস্ট অন্ধকারে পড়ে থাকার কথা নয়।"

একটি গুরুত্বপূর্ণ সেতুতে রাতের বেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পোস্তগোলা ব্রিজে শতাধিক ল্যাম্পপোস্ট থাকার পরও বাতি না জ্বলার অভিযোগ জনদুর্ভোগের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন তুলেছে।

কেরানীগঞ্জের বাসিন্দা শেখ ওমর ফারুক যুগান্তরকে বলেন, "আমি প্রতিদিন এই সেতু দিয়ে পারাপার হই। সেতুর সড়কবাতি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের ভূমিকা কী, কেন বাতিগুলো সচল করা হচ্ছে না এবং কবে নাগাদ সমস্যার সমাধান হবে—এসব প্রশ্নের উত্তর চান স্থানীয় বাসিন্দা ও নিয়মিত চলাচলকারীরা।"

আরও পড়ুন: মিরপুরে নাশকতার অভিযোগে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেফতার

জুরাইনের ব্যবসায়ী আনোয়ার যুগান্তরকে বলেন, "দ্রুত সব ল্যাম্পপোস্ট সচল করে সেতুতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।" তিনি আরও যোগ করেন, "একই সঙ্গে দুর্ঘটনা প্রতিরোধ এবং চুরি-ছিনতাইয়ের আশঙ্কা কমাতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হবে।"

ঢাকা-মাওয়া রোডস অ্যান্ড হাইওয়ের প্রধান প্রকৌশলী মো. মনির হোসেন যুগান্তরকে জানান, "খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খিলগাঁওয়ে সিপাহীবাগ ও নন্দীপাড়ায় দুই নারীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


খিলগাঁওয়ে সিপাহীবাগ ও নন্দীপাড়ায় দুই নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগ ও নন্দীপাড়া এলাকা থেকে পৃথক ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) রাতে পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন থানা পুলিশ। মৃতরা হলেন শামসুন্নাহার বেগম (৫৮) ও ফাতেমা আক্তার (২০)।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক কাজী আবু জুবাইর জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে সিপাহীবাগের একটি বাসার পঞ্চম তলা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় শামসুন্নাহার বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, স্বামীর মৃত্যুর পর থেকেই শামসুন্নাহার মানসিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। গত এক মাস ধরে তার মানসিক অসুস্থতা কিছুটা বৃদ্ধি পেয়েছিল। হয়তো এই থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে মনে করছেন স্বজনরা।

শামসুন্নাহার বেগম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার দক্ষিণ বাসুরিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্লার স্ত্রী। তিনি দুই মেয়ে ও এক ছেলের মা।

অপরদিকে, একই দিন রাত সাড়ে ১০টায় নন্দিপাড়া ভাড়া বাসা থেকে গৃহবধূ ফাতেমা আক্তারের (২০) মরদেহ উদ্ধার করেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক এরশাদ আলী। মৃতের বাবা-মা, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ছয় মাস আগে পারিবারিকভাবে ফাতেমার সঙ্গে রাকিবের বিয়ে হয়েছিল। স্বামীর বাসায় নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

ফাতেমা জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর গোপালপুর গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে। বর্তমানে খিলগাঁও নন্দিপাড়া নেওয়াজবাগ ১৩ নম্বর রোডে ভাড়া বাসায় থাকতেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত, স্ত্রী হাসপাতালে মারা যান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত, স্ত্রী হাসপাতালে মারা যান

খুলনার ডুমুরিয়ায় একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন সাতক্ষীরার তালা উপজেলার লক্ষণপুর গ্রামের জ্ঞানেন্দ্র রায়ের ছেলে স্বপন কুমার রায় এবং তার স্ত্রী হান্না সরকার। দুর্ঘটনার ফলে স্বপন কুমার রায় ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রীকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে খুলনা থেকে ছেড়ে আসা বগুড়া থেকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তালাগামী মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এ ঘটনায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন স্বামী-স্ত্রী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।

নিহতদের স্বজন শিমমন সরকার জানান, স্বপন কুমার রায় তার শ্বশুর এবং হান্না সরকার তার শাশুড়ি। তারা দুজনই একটি মিশনে চাকরি করতেন। তাদের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।

ডুমুরিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ও খুলনা ট্রাফিক পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

খর্ণিয়া হাইওয়ে থানার পরিদর্শক জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তিনি দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ম্যানগ্রোভ সংরক্ষণে কার্বন ক্রেডিটের সম্ভাবনা দেখছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


বাংলাদেশ ম্যানগ্রোভ সংরক্ষণে কার্বন ক্রেডিটের সম্ভাবনা দেখছে

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার পাশাপাশি কার্বন ক্রেডিটের সম্ভাবনা কাজে লাগাতে বৃক্ষরোপণ, ম্যানগ্রোভ সংরক্ষণ এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ জানিয়েছেন, উপকূলীয় ম্যানগ্রোভ বন সংরক্ষণ ও পুনরুদ্ধারের মাধ্যমে ‘ব্লু কার্বন’ থেকে উচ্চমূল্যের কার্বন ক্রেডিট তৈরির সুযোগ রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের (আইডব্লিউএম) আয়োজনে ‘রুটেড ইন দ্য ডেল্টা, রাইজিং ফর দ্য ক্লাইমেট’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশের কার্বন ক্রেডিট কার্যক্রমের সম্ভাবনা, বিশ্বাসযোগ্যতা এবং বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

ড. সাইমুম পারভেজ বক্তব্যে বলেন, পরিবেশ সংরক্ষণ ও কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগকে যথাযথ পরিমাপ ও যাচাইয়ের মাধ্যমে জলবায়ু অর্থায়নের সুযোগে রূপ দেওয়া সম্ভব। তিনি উল্লেখ করেন যে, এ ক্ষেত্রে ম্যানগ্রোভ সংরক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি জানান, সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রোপণ করা গাছের অধিকাংশই হবে ম্যানগ্রোভ। উপকূলীয় ম্যানগ্রোভের গাছ ও মাটিতে সঞ্চিত কার্বনকে ‘ব্লু কার্বন’ বলা হয়। প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করতে পারলে এসব বন সংরক্ষণ ও পুনরুদ্ধারের মাধ্যমে উচ্চমূল্যের কার্বন ক্রেডিট তৈরির সুযোগ রয়েছে। একই সঙ্গে ম্যানগ্রোভ বন উপকূল রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় মানুষের জীবিকায় গুরুত্বপূর্ণ অবদান রাখে।

ড. সাইমুম পারভেজ নিজের শৈশবের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, তিনি নদীতীরবর্তী এলাকায় বড় হয়েছেন। নদীর পানিপ্রবাহের সঙ্গে তার বেড়ে ওঠার স্মৃতি জড়িয়ে আছে। এ প্রসঙ্গে তিনি ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খননের সরকারি উদ্যোগের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, পরিকল্পিতভাবে খাল-নদী খনন ও পুনরুদ্ধার করা গেলে পানিপ্রবাহ সচল রাখা, জলাবদ্ধতা কমানো এবং শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ ও সেচের সুযোগ বাড়ানো সম্ভব। পাশাপাশি নদী-খালের সংযোগ পুনরুদ্ধার কৃষি, মৎস্যসম্পদ এবং নদীনির্ভর মানুষের জীবিকার জন্যও গুরুত্বপূর্ণ।

বর্জ্য ব্যবস্থাপনায় ‘থ্রি আর’—রিডিউস, রিইউজ ও রিসাইকেল অর্থাৎ বর্জ্য উৎপাদন কমানো, পুনর্ব্যবহার এবং পুনঃপ্রক্রিয়াজাতকরণের ওপরও গুরুত্ব দেন তিনি। তার মতে, এসব চর্চা সম্পদের অপচয় কমানোর পাশাপাশি নদী-খালের দূষণ প্রতিরোধ এবং চক্রাকার অর্থনীতির প্রসারে সহায়ক হতে পারে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সভাপতিত্ব করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও জাতিসংঘ অনুবিভাগের প্রধান এ কে এম সোহেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব ড. শাহ আবদুল সাদী।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইডব্লিউএমের জলবায়ু অর্থায়ন বিশেষজ্ঞ এবং কৌশল ও ব্যবসাবিষয়ক প্রধান এম. সামিউন নবী।

প্যানেল আলোচনায় অংশ নেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী, সিভিএফ-ভি২০ সচিবালয়ের ব্যবস্থাপনা পরিচালক ও ভি২০ অর্থায়ন উপদেষ্টা সারা জেন আহমেদ, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের উদ্ভাবনী অর্থায়ন বিভাগের প্রধান সিদ্ধার্থ সিনহা এবং নিউ এরা এনার্জির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রেনে উটন টমলিন।

আলোচনায় বাংলাদেশের কার্বন ক্রেডিট কার্যক্রম এগিয়ে নিতে পরিবেশগত সুফলের নির্ভরযোগ্য পরিমাপ, স্বাধীন যাচাই, স্বচ্ছতা এবং স্থানীয় জনগোষ্ঠীর ন্যায্য অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রকৃতি সংরক্ষণকে দায়িত্বশীল বিনিয়োগ ও মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণের সঙ্গে যুক্ত করার সম্ভাবনাও উঠে আসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের অস্থায়ী ভবন নির্মাণ ৪৫ দিনের কাজ ৭ মাসে শেষ হয়নি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের অস্থায়ী ভবন নির্মাণ ৪৫ দিনের কাজ ৭ মাসে শেষ হয়নি

পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবন নির্মাণের অভাবে, প্রায় দুই দশক ধরে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এই অঞ্চলের লক্ষাধিক মানুষ। অতীতে একাধিক অনিয়ম ও দুর্নীতির কারণে ফাইলবন্দী থাকা প্রকল্পের পর, সম্প্রতি সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED) ৪৫ দিনের মধ্যে একটি অস্থায়ী ভবন নির্মাণের কার্যাদেশ প্রদান করলেও, সাত মাস অতিবাহিত হলেও সেই কাজ এখনও সম্পন্ন হয়নি। এর ফলে সাধারণ রোগীরা চিকিৎসা সেবার জন্য চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছেন।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, পিরোজপুরের কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবনটি প্রায় ১৮ বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এরপর ২০০৮ সালে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বরিশালের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স নূরী এন্টারপ্রাইজ’-কে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে তিন তলা বিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণের ওয়ার্ক অর্ডার দেয়। ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নতিকরণ প্রকল্পের আওতায় ওপিডি ভবন এবং দুটি আবাসিক ভবন নির্মাণের পরিকল্পনা ছিল, তবে ২০০৮ সালের ২৫ জুন চুক্তি স্বাক্ষরিত হয়ে ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও প্রতিষ্ঠানটি তা সম্পন্ন করেনি।

অভিযোগ রয়েছে, নূরী এন্টারপ্রাইজ শুরু থেকেই নানা অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেয়। আংশিক কাজ করে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। পরবর্তীতে কাজ অসমাপ্ত রেখেই ঠিকাদারি প্রতিষ্ঠান চলে যাওয়ায় সরকারি অর্থের অপচয় ঘটে এবং ভবনটি কোনো কাজে আসেনি। এই সমস্ত অনিয়মের কারণে দুর্নীতি দমন কমিশন মামলা করেন।

দীর্ঘদিন ধরে নতুন হাসপাতাল ভবন নির্মাণের জন্য দুই দফায় টেন্ডার হলেও অজানা কারণে নির্মাণকাজ ঝুলে থাকে। সাধারণ মানুষের চরম ভোগান্তি ও দাবির মুখে কর্তৃপক্ষ বিকল্প হিসেবে একটি অস্থায়ী অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেয়।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED), পিরোজপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী তাঞ্জিলা ফেরদৌসি স্বাক্ষরিত গত ০৫ মে ২০২৬ তারিখের কার্যাদেশে (স্মারক নং- 45.02.0079.363.18.001.26-343) ‘মেসার্স হাওলাদার ফাউন্ডেশন’ নামক ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওপিডি এবং কিচেন ব্লকের জন্য ১ তলা বিশিষ্ট আধা-স্থায়ী কাঠামো নির্মাণের দায়িত্ব দেওয়া হয়। ১ কোটি ১১ লাখ ২৩ হাজার টাকারও বেশি চুক্তিমূল্যের এই কাজের শর্ত অনুযায়ী, চুক্তি স্বাক্ষরের সাত দিনের মধ্যে সাইট বুঝে নিয়ে এবং পরবর্তীতে ৪৫ দিনের মধ্যে কাজ শেষ করে তা হস্তান্তর করার কথা ছিল।

তবে বিস্ময়ের বিষয় হলো, কার্যাদেশে ৪৫ দিনের মধ্যে কাজ শেষ করার কড়া নির্দেশ থাকা সত্ত্বেও, দীর্ঘ সাত মাস পেরিয়ে গেলেও সেই অস্থায়ী অবকাঠামো নির্মাণের কাজ এখনও শেষ হয়নি। ফলে যুগ যুগ ধরে চলা স্বাস্থ্যসেবা প্রাপ্তির দুর্ভোগ থেকে কাউখালীবাসী আজও মুক্তি পাচ্ছেন না। স্থানীয় এলাকাবাসী অবিলম্বে এই নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুব্রত কর্মকার জানিয়েছেন, ভবন সংকটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। ডাক্তার, নার্সসহ অন্যান্য কর্মচারীদের জন্য আবাসনের ব্যবস্থা নেই। তবে তিনি জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এখন আইনি জটিলতা নেই। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর মহোদয় নতুন ভবন নির্মাণের বিষয়ে আশ্বস্ত করেছেন।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED) পিরোজপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী তাঞ্জিলা ফেরদৌসি বলেন, ঠিকাদারকে নোটিশ দেওয়া হয়েছে। তিনি অসুস্থ থাকার কারণে আগামী দিন থেকে তার প্রতিনিধির মাধ্যমে অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন এবং দ্রুত সময়ের মধ্যে নতুন ভবন হস্তান্তর করবেন বলে জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%