০৯:৪০ পি.এম
সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন, সরকারের আমলে গুম-খুনের বিচার না হলে বিএনপিকে বিদায়ের রাস্তা খুঁজতে হবে।
মঙ্গলবার (২৩ জুন) রাতে রাজধানীর বিজয়নগরে আওয়ামী লীগ আমলে ঘটিত গুম, খুন, গণহত্যা এবং দুর্নীতির দ্রুত বিচার দাবিতে ১১ দলীয় ঐক্যের সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘মজলুম অবস্থায় আওয়ামী গণহত্যার বিচার চাইলেও ক্ষমতায় এসে বিএনপি বিচারহীনতার সংস্কৃতি বজায় রেখেছে। একসময় তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বললেও এখন ফ্যাসিবাদী কর্তৃত্বের দিকে এগোচ্ছে।’
আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমিরের একান্ত বৈঠক
তিনি জনগণকে আরেকটি বিপ্লবের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘যারা অতীতে জামায়াতকে নির্মূল করার চেষ্টা করেছে তারা নিজেরাই নির্মূল হয়ে গেছে৷ দেশের সার্বভৌমত্ব রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি নির্মূলে আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে।’
তিনি আরও মন্তব্য করেন, সংসদের প্রয়োজন ফুরিয়ে গেলে সেখানে এক মুহূর্তও বিরোধী দল থাকবে না।
এদিকে, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বিচারহীনতার সংস্কৃতি বিলোপে আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেন।
এ সময়ে বিরোধী দলের চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কাজে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে।’
আরও পড়ুন: নৈরাজ্য রুখতে প্রস্তুত ঢাকা দক্ষিণ বিএনপি: আবদুস সালাম
তিনি উল্লেখ করেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগ এবং সংস্কার না করার দায়ে বিএনপি উভয়ই জনগণের কাঠগড়ায় দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘আওয়ামী লীগের আমলে হওয়া সব গণহত্যার বিচার না হলে এই সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে না।’
সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, ‘জীবন দিয়ে হলেও ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকিয়ে দেবে বাংলাদেশের জনগণ। বিএনপি বিচারে ব্যর্থ হলে ১১ দলীয় ঐক্য সরকার গঠন করে আওয়ামী আমলে সংগঠিত সব অপরাধের বিচার করবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন