০৯:১৪ পি.এম
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড, অগ্নি আতঙ্কের ফলে হতাহত ও অব্যবস্থাপনার বিষয়টি নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের দাবিতে নাগরিক সংগঠন ময়মনসিংহ মঞ্চ বিক্ষোভ করেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টায় হাসপাতালের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভের সময় বক্তারা উল্লেখ করেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ময়মনসিংহসহ আশপাশের জেলার মানুষের চিকিৎসাসেবার জন্য অন্যতম ভরসাস্থল। কিন্তু দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
আরও পড়ুন: বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন গ্রেপ্তার
বক্তারা আরও বলেন, গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলার লিফট কন্ট্রোল রুমে আগুন লাগার পর রোগী, স্বজন, চিকিৎসক, নার্স ও স্টাফদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাঁচটি সিঁড়ির মধ্যে মাত্র একটি চালু থাকায় শত শত মানুষ একসঙ্গে নিচে নামার চেষ্টা করেন। এই হুড়োহুড়িতে অনেকে আহত হন এবং কয়েকজনের মৃত্যুর তথ্যও পাওয়া যায় বলে তারা দাবি করেন।
তাদের অভিযোগ, ঘটনার পর হতাহতের প্রকৃত চিত্র প্রকাশ করা হয়নি। প্রশাসনের বক্তব্যের সঙ্গে নিহতদের স্বজনদের বক্তব্যেরও অসঙ্গতি রয়েছে। আহতদের প্রকৃত সংখ্যা জানানো হয়নি বলেও তারা অভিযোগ করেন।
বক্তারা আরও বলেন, অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয় এবং প্রতিবেদন জমা দেওয়ার সময় একাধিকবার বাড়ানো হয়। যদিও শেষ পর্যন্ত প্রতিবেদন জমা হলেও তা প্রকাশ করা হচ্ছে না। পরপর দুটি তদন্ত হয়েছে—তাহলে প্রতিবেদন কোথায়?
তাদের দাবি, এই ঘটনা কোনো গোপন বিষয় নয়; এটি জননিরাপত্তা ও চিকিৎসাসেবার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট। তাই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করতে হবে।
আরও পড়ুন: সেন্ট মার্টিনে আটকা ৯৬ জাবিপ্রবি ও রাবি শিক্ষক-শিক্ষার্থী, খাবারের সংকট
তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ময়মনসিংহ মঞ্চ।
ময়মনসিংহ মঞ্চের মুখ্য সমন্বয়কারী ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন আবু বকর ছিদ্দিক রুমেল, আব্দুল হান্নান আল আজাদ, ইঞ্জিনিয়ার এম এ জিন্নাহ, আনোয়ার হোসেন, আরিফুল হাসান, শাহরিয়ার আহমেদ আশিক, সাদ্দাম হোসেন, সুশান্ত শীল, আবু সাইফ মুহাম্মদ সাইফুল্লাহ প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন