ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হ্যাকিংয়ের শিকার এফবিআই, এবার লক্ষ্য অপরাধের তথ্যভাণ্ডার


হ্যাকিংয়ের শিকার এফবিআই, এবার লক্ষ্য অপরাধের তথ্যভাণ্ডার

মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআই আবারও হ্যাকিংয়ের শিকার হয়েছে। বর্তমানে এফবিআই তাদের দেশব্যাপী অপরাধ সংক্রান্ত তথ্যভাণ্ডার (ক্রিমিনাল ইনফরমেশন ডেটাবেস) সম্ভাব্য অনুপ্রবেশের ঘটনা তদন্ত করছে।

এই তথ্যভাণ্ডারটি ফেডারেল, অঙ্গরাজ্য এবং স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর মধ্যে যোগাযোগের মূল মাধ্যম বা লাইফলাইন হিসেবে কাজ করে। সিএনএন জানায়, তদন্তের বিষয়ে অবগত দুজন ব্যক্তির বরাত দিয়ে এই তথ্য প্রকাশিত হয়েছে।

‘ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টার-এনসিআইসি’তে সম্ভাব্য হ্যাকারদের দ্বারা অনুপ্রবেশের এই ঘটনা সাম্প্রতিক মাসগুলোতে এ ধরনের দ্বিতীয় ঘটনা। এনসিআইসি ডেটাবেইসটি গ্রেপ্তারি পরোয়ানা এবং ব্যক্তিগত পটভূমি যাচাইয়ের তথ্য আদান-প্রদানের জন্য সারা দেশের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ব্যবহার করে।

আরও পড়ুন: লাতুরে টিপু সুলতানের জন্মবার্ষিকীর শোভাযাত্রায় শব্দদূষণের অভিযোগে মামলা

ব্যাংক, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন-এফএএ এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে একের পর এক বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাটের পর দেশের সাইবার নিরাপত্তা নিয়ে জনমনে তৈরি হওয়া উদ্বেগ প্রশমিত করার চেষ্টা যখন ট্রাম্প প্রশাসন চালিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়েই সাম্প্রতিক দিনগুলোতে এই নতুন অনুপ্রবেশের ঘটনাটি ধরা পড়ল।

বৃহস্পতিবার, ব্যুরোর কর্মকর্তারা সর্বশেষ এই সাইবার নিরাপত্তা ঘটনার বিষয়ে জানার পর, এফবিআই পরিচালক কাশ প্যাটেল ফক্স নিউজে উপস্থিত হয়ে এফবিআই-এর সাইবার নিরাপত্তা কার্যক্রমের সাফল্য তুলে ধরেন। প্যাটেল ওই অনুষ্ঠানে উপস্থিত হন, যাতে কয়েক মাস আগে সম্পন্ন হওয়া একটি অভিযানের বিষয়ে আলোচনা করা হয়, যার উদ্দেশ্য ছিল কম্পানিগুলোকে তাদের সিস্টেম আপডেট করতে উৎসাহিত করা এবং হ্যাকারদের হাত থেকে সংবেদনশীল তথ্য রক্ষা করা।

প্যাটেল দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় প্রধান সিস্টেমগুলো আপডেট করার জন্য বর্তমান প্রশাসনের প্রশংসা করে বলেন, ‘অন্যান্য প্রশাসনও এই আপডেটগুলো করতে পারত, কিন্তু তারা করেনি। আমরা সময়ের চেয়ে এগিয়ে থাকছি এবং হারানো সময় পুষিয়ে নিচ্ছি।’

সাইবার অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে তদন্তের নেতৃত্ব দেওয়া এফবিআই-এর একজন সাবেক কর্মকর্তা সিএনএনকে বলেন, এনসিআইসি ডেটাবেস হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানের ব্যবস্থা।

আরও পড়ুন: ফিনল্যান্ড উপসাগরে রাশিয়ার জাহাজে ড্রোন হামলা, সতর্কতা জারি

তিনি আরো বলেন, ‘প্রতিদিন সারা দেশের কর্মকর্তারা পলাতক আসামিদের শনাক্ত করতে, বকেয়া গ্রেপ্তারি পরোয়ানা যাচাই করতে এবং এমন সব তথ্য পেতে এনসিআইসি-এর ওপর নির্ভর করেন, যা সরাসরি কর্মকর্তা ও জননিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে। আমার উদ্বেগের বিষয় কেবল এটি নয় যে হ্যাকাররা সংবেদনশীল তথ্যে প্রবেশাধিকার পেয়েছে কি না। বরং তারা কর্মকর্তারা যে তথ্যের ওপর নির্ভর করেন, সেই তথ্যের নির্ভুলতা নষ্ট করতে পেরেছে কি না, সেটিও চিন্তার বিষয়।

গত সেপ্টেম্বরে ‘শাইনিহান্টার্স’ নামক একটি গোষ্ঠীর চালানো হামলায় এফবিআই-এর একটি চাকরির ওয়েবসাইট থেকে কর্মীদের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য লক্ষ্যবস্তু করা হয়েছিল। কানাডার একজন সাইবার নিরাপত্তা গবেষক ও লেখককে শাইনিহান্টার্স-এর ওই তথ্য চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

সিএনএন-এর পূর্ববর্তী এক প্রতিবেদনে জানানো হয়েছিল, শাইনিহান্টার্স-এর ওই ঘটনার পর এফবিআই-এর কিছু কর্মী মনে করেছিলেন যে তথ্য চুরির ফলে তাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন কি না সে বিষয়ে তাদের অন্ধকারে রাখা হয়েছে এবং ভুক্তভোগীদের যে নিরাপত্তা সহায়তা দেওয়া হচ্ছিল তা ছিল অত্যন্ত অপ্রতুল।

সিএনএন-এর আগের আরেকটি প্রতিবেদন অনুযায়ী, এরও আগে ২০২৩ সালে হ্যাকাররা এফবিআই-এর নিউ ইয়র্ক ফিল্ড অফিসের একটি কম্পিউটার সিস্টেমে অনুপ্রবেশ করেছিল, যা শিশু যৌন শোষণ তদন্তে ব্যবহৃত হতো, যার মধ্যে জেফরি এপস্টেইন তদন্তের সঙ্গে সম্পর্কিত ছবি সংরক্ষণের সিস্টেমও অন্তর্ভুক্ত ছিল।

আরও পড়ুন: বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরলেন ছয় দেশের বিশিষ্ট ব্যক্তিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজয় দিবস উপলক্ষে ইলা একাডেমির ‘ওয়ার্ড পাওয়ার চ্যালেঞ্জ ২০২৬’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩০ পি.এম


বিজয় দিবস উপলক্ষে ইলা একাডেমির ‘ওয়ার্ড পাওয়ার চ্যালেঞ্জ ২০২৬’

বিজয় দিবস উপলক্ষে ইলা একাডেমির ‘ওয়ার্ড পাওয়ার চ্যালেঞ্জ' প্রতিযোগিতা

মহান বিজয় দিবসের প্রেক্ষাপটে শিশুদের ইংরেজি শব্দভান্ডার উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে ‘ওয়ার্ড পাওয়ার চ্যালেঞ্জ ২০২৬’ শিরোনামে একটি বিশেষ প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে ইলা একাডেমি। ৫ থেকে ৮ বছর বয়সী শিশুদের জন্য এই প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ৩ নভেম্বর থেকে শুরু হয়েছে এবং ২৫ নভেম্বর পর্যন্ত চলবে।

আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর। এর পর ফাইনাল রাউন্ড ও সমাপনী অনুষ্ঠান এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আগ্রহী শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে গুগল ফর্ম পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য আকর্ষণীয় পার্টিসিপেন্টস সার্টিফিকেট প্রদান করা হবে। অফলাইন প্রতিযোগিতার বিজয়ীদের জন্য মেডেল, সার্টিফিকেট ও মূল্যবান উপহার সামগ্রী এবং অনলাইন প্রতিযোগিতার বিজয়ীদের জন্য ক্রেস্ট, সার্টিফিকেট ও মূল্যবান উপহারের ব্যবস্থা করা হয়েছে।

এবারের প্রতিযোগিতার মূল আকর্ষণ হিসেবে ইলা একাডেমির বিশেষ স্কলারশিপের সুযোগ রয়েছে। অনলাইন ও অফলাইন উভয় ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকারী ২ জন বিজয়ী শিশু তাদের শেখার স্তর ও প্রয়োজন অনুযায়ী ইলা একাডেমির পছন্দের কোর্সে সম্পূর্ণ বিনামূল্যে অংশগ্রহণের সুযোগ পাবেন।

প্রতিযোগিতার উদ্দেশ্য সম্পর্কে ইলা একাডেমির প্রতিষ্ঠাতা ও ফনিক্স শিক্ষক ইলা আফরোজা মন্তব্য করেন, “শিশুদের ছোটবেলা থেকেই ইংরেজি শব্দভান্ডার সমৃদ্ধ করা এবং ইংরেজি শেখার প্রতি আনন্দ ও আগ্রহ তৈরি করা আমাদের অন্যতম লক্ষ্য। আমরা চাই, শিশুরা যেন শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে আনন্দময় প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের মেধা ও দক্ষতা প্রকাশের সুযোগ পায়। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা শিশুদের মধ্যে শেখার আগ্রহ, আত্মবিশ্বাস ও ইতিবাচক প্রতিযোগিতার মানসিকতা তৈরি করতে চাই।”

আয়োজকদের মতে, এই প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা বানান, সঠিক উচ্চারণ ও শব্দের অর্থ শেখার পাশাপাশি স্মৃতিশক্তি, মনোযোগ ও আত্মবিশ্বাস বৃদ্ধির দারুণ সুযোগ পাবে। ভবিষ্যতে শিশুদের মেধা ও দক্ষতা বিকাশে এ ধরনের শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাংকিং খাতে সুশাসন ও ঝুঁকি কমানোর তাগিদ জানালেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


ব্যাংকিং খাতে সুশাসন ও ঝুঁকি কমানোর তাগিদ জানালেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : ব্যাংকিং খাতে আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং ঋণ ও বিনিয়োগের ঝুঁকি কমানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন বিভাগ-৫-এর পরিচালক মনোয়ার উদ্দিন আহমেদ।

তিনি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও তদারকি ব্যবস্থা জোরদারের ওপর বিশেষভাবে গুরুত্ব দেন। আজ শনিবার রাজধানীতে অনুষ্ঠিত এসবিএসি ব্যাংক পিএলসি আয়োজিত বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস এম মঈনুল কবীরের সভাপতিত্বে সম্মেলনটি ব্যাংকের প্রধান কার্যালয়ের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।

মনোয়ার উদ্দিন আহমেদ বলেন, ব্যাংকের জন্য মুনাফা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও আমানতকারীদের স্বার্থ রক্ষা করা সমানভাবে জরুরি। তিনি উল্লেখ করেন, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালী করা এবং তদারকি জোরদারের মাধ্যমে একটি শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার জন্য বাংলাদেশ ব্যাংক কাজ করছে।

তিনি ঋণ বিতরণে নির্দিষ্ট গ্রুপ, খাত বা অঞ্চলের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা পরিহার করতে এবং ঝুঁকিভিত্তিক তদারকি কার্যক্রম যথাযথভাবে পরিচালনার পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে এস এম মঈনুল কবীর বলেন, ঝুঁকি মূল্যায়ন ছাড়া কোনো উদ্যোগ টেকসই হতে পারে না। ব্যাংকিং খাতের প্রতিটি কার্যক্রমে ঝুঁকি বিদ্যমান। তাই যথাযথ প্রক্রিয়ায় এসব ঝুঁকি চিহ্নিত ও মূল্যায়নের পাশাপাশি তা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন তিনি।

এসবিএসি ব্যাংকে করপোরেট সুশাসন প্রতিষ্ঠা এবং প্রতিটি কার্যক্রমে কমপ্লায়েন্স নীতি অনুসরণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

ব্যাংকটির তারল্য ব্যবস্থাপনা ও মূলধন পর্যাপ্ততা সংরক্ষণে কোনো সমস্যা হয়নি বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, প্রযুক্তিগত ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বাড়াতে হবে। এর মাধ্যমে গ্রাহকের আস্থা ও ব্যাংকের সুনাম অক্ষুণ্ন রাখা সম্ভব হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন বিভাগ-৫-এর অতিরিক্ত পরিচালক শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং এসবিএসি ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য মেজর (অব.) আবু ফাতেহ মো. বশিরুর রহমান।

এতে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন বিভাগ-৫-এর যুগ্ম পরিচালক মো. আরিফুর রহমান এবং সুপারভাইজরি পলিসি অ্যান্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক সাগুফতা ইকবাল।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সম্মেলনে ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জরা সরাসরি এবং অনলাইনে অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে অন্নকূট অনুষ্ঠানে দুই নারীর স্বর্ণের চেইন চুরি, গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


চট্টগ্রামে অন্নকূট অনুষ্ঠানে দুই নারীর স্বর্ণের চেইন চুরি, গ্রেপ্তার

চট্টগ্রাম, ২১ নভেম্বর ২০২৬ : অন্নকূট অনুষ্ঠানের সময় চট্টগ্রামের চান্দগাঁওয়ে পূজারি বেশে মন্দিরে প্রবেশ করে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরির অভিযোগে পুলিশ দুই নারীকে গ্রেপ্তার করেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, মন্দিরে চুরির উদ্দেশ্যে তারা প্রবেশ করেছিলেন। তাদের একজন ধর্মীয় পরিচয় গোপন করতে হাতে শাখা ও কপালে সিঁদুর পরিধান করেছিলেন।

শনিবার চান্দগাঁও থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, গতকাল শুক্রবার দুপুরে নগরীর চান্দগাঁও থানার মধ্যম মোহরার ছাফা মোতালেব কলেজ রোডে শ্রীশ্রী রাধাগোবিন্দ ইসকন মন্দিরে এই ঘটনা ঘটেছে। মন্দিরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়েছে এবং চুরি হওয়া দুটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আনোয়ারা বেগম (২৫) এবং আছিয়া বেগম (২২) রয়েছেন। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায়।

পুলিশ জানায়, অন্নকূট উৎসবে মন্দিরটিতে হাজার হাজার নারী, পুরুষ ও শিশু সমাগম ঘটে, ফলে প্রবেশপথে ব্যাপক ভিড় তৈরি হয়। দুপুর ১টার দিকে রাসনা দাশ ও ঝুমকি দাশ নামের দুই নারী প্রবেশপথের ভিড় ঠেলে মন্দিরে প্রবেশ করেন। মন্দিরে প্রবেশের পর তারা বুঝতে পারেন, তাদের গলা থেকে স্বর্ণের দুটি চেইন চুরি হয়ে গেছে।

একটি চেইনের ওজন ছয় আনা এবং অন্যটির ওজন সাড়ে ছয় আনা।

ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, ‘চুরির বিষয়টি জানাজানি হওয়ার পর বিকেলে মন্দির কর্তৃপক্ষ আমাদের খবর দেয়। আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আনোয়ারা ও আছিয়ার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় শনাক্ত করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করি। তারা তখনও মন্দির থেকে বের হননি। একপর্যায়ে তাদের কাছে স্বর্ণের চেইন দুটি পাওয়া যায়।

আনোয়ারা বেগমের বিরুদ্ধে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় এবং আছিয়া বেগমের বিরুদ্ধে গাজীপুর, চট্টগ্রামের সীতাকুণ্ড ও ফটিকছড়ি থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে জানান ওসি। এই ঘটনায় ভুক্তভোগী রাসনা দাশ তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল মোহতাশিম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল মোহতাশিম

কুমিল্লা, ২১ নভেম্বর, ২০২৬ : কুমিল্লা সেনানিবাসে উদযাপিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬।

আজ শনিবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও কুমিল্লা এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী।

তিনি মহান মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের অসীম সাহস, সহযোগিতা ও বীরত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি এ অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

মেজর জেনারেল চৌধুরী আরও বলেন, "দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় জীবনের বিভিন্ন সংকট ও দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূইয়া, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম, কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আখতার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান উদবাতুল বারী আবু, জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরে আলম ভূইয়াসহ শহীদ পরিবারের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু করেন।

মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জনে এ সম্মিলিত সামরিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরই ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর বাংলাদেশ অর্জন করে চূড়ান্ত বিজয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%