০১:৩৪ পি.এম
পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়েছে রাজমিস্ত্রি ওবায়দুর রহমান সুমন (৩০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ।
বুধবার (২২ জুলাই) সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুইজগেট এলাকার একটি বাসা থেকে এই মরদেহ উদ্ধার হয়।
নিহত ওবায়দুর রহমান বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বাসিন্দা ছিলেন। তাঁর বাবার নাম হচ্ছে ময়েন প্রামাণিক। তিনি গত প্রায় পাঁচ বছর ধরে মঠবাড়িয়া পৌর শহরের সুইজগেট এলাকাতে ভাড়া বাসায় বসবাস করে রাজমিস্ত্রির কাজ করছেন।
আরও পড়ুন: গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আর্থিক সংকট এবং পারিবারিক নানা বিষয় নিয়ে ওবায়দুরের সঙ্গে পরিবারের সদস্যদের মাঝে মাঝে বিরোধ হয়ে থাকতো। এসব কারণে স্থানীয়দের ধারণা, তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনাটি আত্মহত্যা হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
নিহতের স্ত্রী সখি বেগম বলেন, তাঁর স্বামী রাজমিস্ত্রির কাজ করতেন। তিনি কিছু টাকা সঞ্চয় করেছিলেন। পরে অনলাইন জুয়ায় জড়িয়ে পড়ার কারণে ঋণগ্রস্ত হয়ে যান। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ ঘটতো। তাঁর স্বামীর অনেক টাকা দেনা হয়ে গিয়েছিল। বুধবার সকালে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে জানান তিনি।
মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) শেখ হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের পরে আসল রহস্য উন্মোচন করা সম্ভব হবে।
আরও পড়ুন: নেত্রকোনার অতিথপুর রেলস্টেশনে পেট্রল ঢেলে আগুন লাগাল দুর্বৃত্তরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন