মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
১১:৩৭ পি.এম
২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান একটি নতুন ভোরের সূচনা করেছিল। এই বিপ্লবের মাধ্যমে দীর্ঘ সাড়ে ১৫ বছরের স্বৈরতান্ত্রিক ও একদলীয় শাসনের অবসান ঘটানো সম্ভব হয়েছিল। সেদিন দেশের সাধারণ মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। তারা এমন একটি রাষ্ট্র চেয়েছিল, যেখানে গুম বা খুনের কোনো স্থান থাকবে না। সেখানে বিচারবহির্ভূত হত্যা কিংবা রাষ্ট্রীয় নিপীড়নের কোনো অস্তিত্ব থাকবে না। মানুষ বুকভরা আশা নিয়ে ভেবেছিল, রক্তের বিনিময়ে এই দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। তাই তারা বিশ্বাস করেছিল, দেশে অন্তত আর কখনো ফ্যাসিবাদী অপশক্তির ছায়া পড়বে না। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে, সেই আশা আজ হোঁচট খাচ্ছে। ফ্যাসিবাদ তাড়ানোর পর যে মসৃণ ও গণতান্ত্রিক যাত্রা শুরু হওয়ার কথা ছিল, তা আজ নানা অভ্যন্তরীণ দ্বন্দ্বে ব্যাহত হচ্ছে। ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে পারস্পরিক অনৈক্য এখন স্পষ্ট হয়ে উঠেছে। তারা একে অপরকে ঘায়েল করতে বেফাঁস কথার আক্রমণ করছে। এই রাজনৈতিক দূরদর্শিতার অভাব পতিত শক্তিকে নতুন করে উৎসাহিত করছে। ফলে দেশের সামগ্রিক স্থিতিশীলতা আজ এক গভীর সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। রাজপথে আবারও শুরু হয়েছে জ্বালাও-পোড়াও, হামলা ও অগ্নিসন্ত্রাসের পুরনো মহড়া।
দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম ও হাজারো প্রাণের বিনিময়ে স্বৈরাচারী শাসনের পতন ঘটেছিল। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর সম্মিলিত প্রয়াসে এই পতন ত্বরান্বিত হয়েছিল। তারা রাষ্ট্র সংস্কার ও নতুন সরকার গঠনের পথ সুগম করেছিল। তবে রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহলের পর্যবেক্ষণ ভিন্ন কথা বলছে। তাদের মতে, চব্বিশের আগস্টে সুযোগ পেয়েও বিপ্লবী সরকার কিংবা জাতীয় সরকার—কোনোটিই গঠন না করায় শুরুতেই মতভেদ দেখা দেয়। মূলত অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই ঐতিহাসিক ঐক্যে সূক্ষ্ম ফাটল ধরতে শুরু করে। সংস্কারের রূপরেখা এবং নির্বাচনের সময়সীমা নিয়ে শুরু হয়েছিল বাকযুদ্ধ। পরবর্তী সময়ে ক্ষমতা বিন্যাসকে কেন্দ্র করে দলগুলোর মধ্যে মতপার্থক্য দ্রুত প্রকাশ্যে চলে আসে। রাজনৈতিক উচ্চাভিলাষ এই দূরত্বকে আরো বাড়িয়ে দেয়। এরপর ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নতুন সরকার গঠিত হয়। এরপর আদর্শগত বা নীতিগত দূরত্ব ছাপিয়ে সংকীর্ণ দলীয় হিসাব-নিকাশ বড় হয়ে দাঁড়ায়। ঠিক তখনই তৈরি হয় সেই কাঙ্ক্ষিত শূন্যতা, যা পতিত ফ্যাসিস্ট শক্তি সব সময় প্রত্যাশা করে। মাঠের রাজনীতিতে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর এই প্রকাশ্য কাদা ছোড়াছুড়ি পরিস্থিতি ঘোলাটে করছে। ঐক্যহীনতার এই পারদ ক্রমাগত ঊর্ধ্বমুখী হচ্ছে। আর এই সুযোগ নিয়েই আজ কোণঠাসা হয়ে পড়া আওয়ামী লীগ ও তার দোসররা নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠার দুঃসাহস দেখাচ্ছে।
রাজনীতির মাঠের সাম্প্রতিক ঘটনাবলি গভীরভাবে পর্যবেক্ষণ করলে বিষয়টি আরো স্পষ্ট হয়ে ওঠে। পলাতক আওয়ামী লীগপ্রধান শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এরপর থেকেই দীর্ঘদিন আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীরা নতুন করে উজ্জীবিত হয়ে উঠেছে। বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গোপন বার্তার মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হচ্ছে। এর জেরে দেশের বিভিন্ন স্থানে ঘোষণা দিয়ে সন্ত্রাস ও নাশকতার রামরাজত্ব কায়েমের চেষ্টা চলছে। বিশেষ করে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি বা তীর্থস্থান হিসেবে পরিচিত গোপালগঞ্জ জেলায় সম্প্রতি ভয়াবহ তাণ্ডব চালানো হয়েছে। সেখানে যা ঘটেছে, তা যেকোনো বিবেকবান মানুষকে স্তম্ভিত করার জন্য যথেষ্ট। ক্ষিপ্ত নেতাকর্মীরা খোদ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থানায় অগ্নিসংযোগ করেছে। এ ছাড়া বিএনপির বর্তমান সংসদ সদস্যসহ (এমপি) বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এসব ঘটনা স্পষ্ট প্রমাণ করে যে, তারা আবারো দেশকে এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের দিকে ঠেলে দিতে চায়।
দীর্ঘ সাড়ে ১৫ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম করা ত্যাগী নেতাকর্মীরা ভবিষ্যতে যেন দলে বা রাষ্ট্রে নতুন কোনো ফ্যাসিস্ট তৈরি না হয়, সে বিষয়ে তীব্র প্রত্যাশা ব্যক্ত করেছেন। কিন্তু এই অভ্যন্তরীণ অনৈতিক বলয় তৈরি ও ক্ষমতার অপব্যবহারের বিষয়ে সরকার এবং দলীয় প্রধানের পক্ষ থেকে দ্রুত নজর দেওয়ার জোরালো পরামর্শ দিয়েছেন রাজনৈতিক বোদ্ধা মহল।
বর্তমান পরিস্থিতির সবচেয়ে উদ্বেগজনক দিক হলো এর মনস্তাত্ত্বিক কৌশল। ফ্যাসিস্টদের সমর্থনে সন্ত্রাসীরা ধ্বংসাত্মক কর্মকাণ্ড, লুটপাট ও হামলার ঘটনা ঘটাচ্ছে। এরপর তা আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে। ফেসবুক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোতে নাশকতার ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে একদিকে দেশের ভেতরে ও বাইরে থাকা নিজেদের কর্মীদের চাঙা করার চেষ্টা চলছে। অন্যদিকে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষকে এক ধরনের মনস্তাত্ত্বিক আতঙ্কের মধ্যে রাখার কৌশল নেওয়া হয়েছে। প্রশাসনের নাকের ডগায় থানা পুড়িয়ে দেওয়া কোনো সাধারণ বিষয় নয়। জনপ্রতিনিধিদের বাড়িতে হামলার পরও তা গর্বের সঙ্গে প্রচার করা হচ্ছে। এই প্রবণতা নিছক কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি সরাসরি রাষ্ট্রের সক্ষমতাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার শামিল। রাজনৈতিক বোদ্ধাদের মতে, আওয়ামী লীগের এই বেপরোয়া হয়ে ওঠার পেছনে মূল সাহস জোগাচ্ছে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর বর্তমান পারস্পরিক অনৈক্য। বিপ্লবের অংশীদার দলগুলোর সমন্বয়হীনতা তাদের শক্তি বাড়াচ্ছে। দলগুলো যখন নিজেদের মধ্যে ক্ষমতার ভাগাভাগি ও কথার লড়াইয়ে ব্যস্ত, ঠিক সেই সুযোগটিই লুফে নিচ্ছে পলাতক স্বৈরাচারের দোসররা।
পাশাপাশি, প্রশাসনের ভেতরের চিত্রও খুব একটা স্বস্তিদায়ক নয়। সেখানে ঘাপটি মেরে থাকা বিগত সরকারের সুবিধাভোগী আমলারা এখনো সক্রিয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাংশের নিষ্ক্রিয়তাও এই নাশকতা বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রাখছে বলে জনমনে প্রবল ধারণা রয়েছে। মাঠ প্রশাসনের কার্যকর নজরদারির অভাব স্পষ্ট। গোয়েন্দা তৎপরতায় ঘাটতি থাকার কারণেই নাশকতাকারীরা পূর্বঘোষণা দিয়ে জ্বালাও-পোড়াও করার সুযোগ পাচ্ছে। সাধারণ মানুষ আজ এ নিয়ে নানা প্রশ্ন তুলছে। যে দেশের ছাত্র-জনতা বুক চিতিয়ে বুলেটের সামনে দাঁড়িয়েছিল, তারা একটি শক্তিশালী স্বৈরশাসককে দেশছাড়া করতে পেরেছে। সেই দেশে আজ কীভাবে পরাজিত শক্তির দোসররা থানা জ্বালিয়ে দেওয়ার মতো দুঃসাহস দেখায়? এর উত্তর একটাই—ফ্যাসিবাদবিরোধী শক্তির অভ্যন্তরীণ বিভাজন। নিজেদের মধ্যে অবিশ্বাসের দেয়াল তৈরি হওয়াই এর মূল কারণ।
ইতিহাসের শিক্ষা বড়ই নির্মম ও আপসহীন। পারস্পরিক অনৈক্য, অহমিকা এবং বিভাজনের খেসারত অতীতেও এই জাতিকে বহুবার চড়া মূল্যে দিতে হয়েছে। আমাদের ভুলে গেলে চলবে না যে, ২০২৪ সালের জুলাই-আগস্টের বিপ্লব কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয়। এটি কোনো একক ব্যক্তির কৃতিত্বও নয়। এটি ছিল দলমত ও শ্রেণি-পেশা নির্বিশেষে সর্বস্তরের ছাত্র-জনতার রক্তস্নাত অভ্যুত্থান। দীর্ঘ সাড়ে ১৫ বছর ধরে এই আন্দোলনের বীজ বপন করা হয়েছিল। জেল-জুলুম, মামলা-হামলা ও গুম-খুনের শিকার হয়েও রাজপথ আঁকড়ে ধরেছিল বিএনপি-জামায়াতসহ আওয়ামী লীগবিরোধী রাজনৈতিক শক্তিগুলো। তিলে তিলে তারাই এই অভ্যুত্থানের ক্ষেত্র প্রস্তুত ও ভিত্তি গড়ে তুলেছিল। আর চূড়ান্ত মুহূর্তে তরুণ প্রজন্ম তথা ছাত্রসমাজের অদম্য সাহস ও আত্মত্যাগ সেই আন্দোলনকে সফল পরিণতিতে নিয়ে গিয়েছিল। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে, বিজয়ের পর সেই ইস্পাতকঠিন ঐক্য খুব দ্রুতই ভাঙতে শুরু করে। একে অপরকে ছোট করার প্রবণতা প্রকট হয়ে ওঠে। কৃতিত্ব নেওয়ার অসুস্থ প্রতিযোগিতা আজকের এই ভয়াবহ পরিস্থিতির জন্ম দিয়েছে। সুতরাং, রক্তের বিনিময়ে অর্জিত এই গণতন্ত্র ও স্বাধীনতাকে রক্ষা করতে হলে এখনই সচেতন হতে হবে। ফ্যাসিবাদবিরোধী সব শক্তির মধ্যে অবিলম্বে জাতীয় ঐকমত্য গড়ে তোলার কোনো বিকল্প নেই।
একই সঙ্গে, সচেতন নাগরিক সমাজ, বুদ্ধিজীবী ও রাজনৈতিক বিশ্লেষকেরা আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্কবার্তা উচ্চারণ করছেন। পুরোনো ফ্যাসিবাদ তাড়িয়ে গণতন্ত্র রক্ষা করতে গিয়ে যেন নতুন করে অন্য কোনো রূপের ফ্যাসিবাদের জন্ম না হয়। নতুন কোনো আধিপত্যবাদ যেন মাথাচাড়া দিয়ে না ওঠে, সেদিকেও তীক্ষ্ণ ও সজাগ দৃষ্টি রাখতে হবে। বিগত দেড় দশকে ক্ষমতার অপব্যবহার ও দলীয়করণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল। চাঁদাবাজি, দখলদারত্ব, দমন-পীড়ন কিংবা ভিন্নমত দমনে খুন-গুমের সেই ঘৃণ্য সংস্কৃতির বিরুদ্ধে মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। সেই অন্ধকার অধ্যায় যেন নতুন প্রশাসনে বা রাজনীতিতে কোনোভাবেই ফিরে না আসে। রাষ্ট্রীয় কাঠামোয় এর পুনরাবৃত্তি কোনোভাবেই কাম্য নয়। শহীদ জিয়া ও বেগম জিয়ার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমানের কাছে জনগণের প্রত্যাশা আজ আকাশচুম্বী। তিনি রাজনৈতিক সংস্কৃতিতে যে সভ্য আচরণ দেখাচ্ছেন, তাতে মানুষ আশাবাদী। তারা এখন আর প্রতিহিংসার রাজনীতি চায় না, তারা চায় সুশাসন ও ন্যায়বিচার। রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা। আইনের শাসন প্রতিষ্ঠায় আরো কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি। সাধারণ নাগরিকের মৌলিক ও ভোটাধিকারের পূর্ণ নিশ্চয়তা থাকলেই কেবল নতুন কোনো ফ্যাসিবাদের উত্থান স্থায়ীভাবে ঠেকানো সম্ভব।
আনন্দের বিষয় হলো, দেরিতে হলেও রাজনৈতিক অঙ্গনে ঐক্যের সেই প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হচ্ছে। সম্প্রতি, গত ১৪ নভেম্বর জাতীয়তাবাদী সমমনা জোটের পরিচালনা পরিষদের সভা থেকেও এই একই সুর ধ্বনিত হয়েছে। জোটের আহ্বায়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় জাগপা, সাম্যবাদী দল, পিপলস লীগ, বাংলাদেশ ন্যাপ ও বাংলাদেশ গণতান্ত্রিক পার্টিসহ শরিক দলগুলোর শীর্ষ নেতারা এক গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতির বৃহত্তর স্বার্থে সব দেশপ্রেমিক শক্তিকে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে। পতিত ফ্যাসিবাদী শক্তি বোমাবাজি ও অগ্নিসংযোগের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্তও নিয়েছে জোটটি।
আজকের এই চরম ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকেও সংকীর্ণ দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠতে হবে। ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। মনে রাখতে হবে, অস্তিত্বের লড়াইয়ে হেরে গেলে ক্ষমতার হিসাব-নিকাশ অর্থহীন হয়ে পড়বে। ফ্যাসিবাদী শক্তির যেকোনো ষড়যন্ত্র ও নাশকতা প্রতিহত করতে হবে। তাদের প্রত্যাবর্তনের নীলনকশা রুখে দিতে বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব গণতান্ত্রিক শক্তিকে এক হতে হবে। সব দেশপ্রেমিক শক্তিকে সব ভেদাভেদ ও অভিমান ভুলে আবারও এক কাতারে দাঁড়াতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হস্তে গোপালগঞ্জসহ সারা দেশের নাশকতাকারীদের দমন করতে হবে। অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। পারস্পরিক অনৈক্য ও কাদা ছোড়াছুড়ি ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রকৃত গণতন্ত্র, টেকসই স্থিতিশীলতা এবং একটি বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠনে কার্যকর ভূমিকা রাখাই আজ দেশের কোটি কোটি সাধারণ মানুষের একমাত্র কাম্য।
লেখক : সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইউল্যাব আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চালুর অনুমোদন লাভ করেছে। এই নতুন উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে একটি নতুন একাডেমিক দিগন্ত যুক্ত হলো। মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ একটি চিঠির মাধ্যমে ইউল্যাবকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ চালুর অনুমোদন প্রদান করেছে। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে বিএসএস ইন ইন্টারন্যাশনাল রিলেশনস প্রোগ্রাম চালুর অনুমোদন দেওয়া হয়েছে।
এই অনুমোদনের ফলে ইউল্যাবে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক পর্যায়ে পড়াশোনার সুযোগ সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় নতুন এই প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করেছে। শিক্ষার্থীরা আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, বৈশ্বিক শাসনব্যবস্থা, আন্তর্জাতিক নিরাপত্তা, ভূরাজনীতি এবং সমসাময়িক বৈশ্বিক বিষয়াবলি নিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন।
নতুন বিভাগ চালুর অনুমোদন সম্পর্কে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. শামসাদ মর্তূজা মন্তব্য করেন, ‘এই প্রোগ্রামটি বাস্তবায়নে দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য আমরা বোর্ড অব ট্রাস্টিজের প্রতি কৃতজ্ঞ। নতুন এই বিভাগ ইউল্যাবের বহুমাত্রিক শিক্ষার পরিসর আরও বিস্তৃত করবে এবং পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করবে। এ প্রোগ্রামে বৈশ্বিক বিষয়াবলি, বাণিজ্য আলোচনা, কূটনীতি, নিরাপত্তা, এআই ও নজরদারি, জলবায়ু রাজনীতি এবং আন্তর্জাতিক শাসনব্যবস্থা সম্পর্কে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের সুযোগ পাবে। আমরা আশা করি, এ প্রোগ্রামের শিক্ষার্থীরা ‘ডিসকভার, ডেভেলপ, ডেমনস্ট্রেট অ্যান্ড ডিস্টিংগুইশ’ এই চারটি মূলমন্ত্র ধারণ করে বাংলাদেশ ও বিশ্বে ইতিবাচক অবদান রাখবে।’
নতুন বিভাগ ও প্রোগ্রাম চালুর মাধ্যমে ইউল্যাব তার একাডেমিক কার্যক্রমের পরিধি আরও সম্প্রসারণ করেছে। এর ফলে শিক্ষার্থীদের জন্য বহুমাত্রিক উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে জ্ঞান, গবেষণা ও দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় একটি নতুন অধ্যায় যুক্ত হলো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং সততার মাধ্যমে শূন্যতা থেকে সফলতার শিখরে পৌঁছানোর একটি অনন্য উদাহরণ স্থাপন করেছেন ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান হাজারী। অর্থনৈতিক অসচ্ছলতা ও পারিবারিক টানাপোড়েনের মধ্য দিয়ে জীবনের শুরুতে কঠোর সংগ্রামের পথ বেছে নেওয়া এই তরুণ আজ শুধু একজন সফল উদ্যোক্তা নন, তিনি এলাকার শত শত কর্মহীন মানুষের বেঁচে থাকার অবলম্বন হয়ে উঠেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, উচ্চমাধ্যমিক পড়ালেখা শেষ করার পরপরই পরিবারের অর্থনৈতিক অসচ্ছলতা ও নানা প্রতিকূল পরিস্থিতির কারণে তাকে কর্মজীবনে প্রবেশ করতে বাধ্য হতে হয়। জীবনসংগ্রামের তাগিদে তিনি প্রথমে ঢাকায় ‘ঢাকা কুইন বেকারি’ নামের একটি প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে কর্মজীবন শুরু করেন। সেখানে দীর্ঘ আট বছর সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে ব্যবসার বিভিন্ন খুঁটিনাটি রপ্ত করেন। পরে বাবা-মায়ের হঠাৎ অসুস্থতার কারণে তাকে নিজের জন্মভূমি চরফ্যাশনে ফিরে আসতে হয়।
জন্মভূমিতে ফিরে এলেও তার থমকে যাওয়ার সুযোগ ছিল না। ঢাকায় অর্জিত অভিজ্ঞতাকে পুঁজি করে চরফ্যাশন ন্যাশনাল ব্যাংকের নিচে ‘ঢাকা কুইন বেকারি এন্ড কনফেকশনারি’ নামে একটি ছোট শোরুমের মাধ্যমে ব্যবসা শুরু করেন। মানসম্মত পণ্য এবং চমৎকার গ্রাহকসেবার কারণে দ্রুতই তার এই উদ্যোগ সফলতা লাভ করে।
ব্যবসায়িক সফলতা পাওয়ার পর তিনি থেমে থাকেননি। ব্যবসার পরিধি বাড়াতে চরফ্যাশন থানা রোডের মাথায় তুলনামূলক বড় পরিসরে গড়ে তোলেন ‘ঢাকা বেকারি এন্ড কনফেকশনারি’। এরপর উৎপাদনে নজর দিয়ে চরফ্যাশন টিভি স্কুলের পাশে স্থাপন করেন বিস্কুট, রুটিসহ বিভিন্ন বেকারি পণ্য তৈরির কারখানা। সেখানেও সাফল্য মিললে আব্দুর রহমান এবার চোখ দেন আরও বড় পরিসরে। নিজের পৈতৃক জমিতে গড়ে তোলেন আধুনিক ও বিশাল এক কারখানা—ঢাকা কুইন ব্রেড এন্ড ফ্যাক্টরি।
বর্তমানে তার তিনটি প্রতিষ্ঠান মিলে মোট প্রায় ২১৫ জন কর্মী কাজ করছেন। এর মধ্যে প্রধান কারখানাতেই কর্মসংস্থান হয়েছে প্রায় ২০০ জন শ্রমিকের। আজ কেবল ভোলা জেলাই নয়, তার উৎপাদিত মানসম্মত বেকারি সামগ্রী অন্যান্য জেলাগুলোতেও সরবরাহ করা হচ্ছে। বর্তমানে এই তিনটি প্রতিষ্ঠান থেকে তার বাৎসরিক আয় দাঁড়িয়েছে প্রায় ৬০ লক্ষ টাকায়।
আয়ের একটি বড় অংশ তিনি সামাজিক ও মানবিক কাজে ব্যয় করেন বলে স্থানীয়রা জানান। আব্দুর রহমান বলেন, ‘আমার প্রতিষ্ঠানের অর্জিত আয়ের ৮০ শতাংশ ব্যবসায়ের মানোন্নয়ন ও পারিবারিক কাজে ব্যবহার করলেও বাকি ২০ শতাংশ এলাকার অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করি।’ তার ব্যক্তিগত তহবিল থেকে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা এবং দরিদ্র পরিবারের বিয়েতে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি গ্রামীণ রাস্তাঘাট সংস্কারে অংশ নেওয়ার কথাও জানা যায়।
কারখানায় কর্মরত শ্রমিকরা জানান, তারা এখানে মালিক-কর্মচারী নয়, বরং একটি পরিবারের মতো কাজ করেন। আব্দুর রহমান তাদের সাথে সবসময় অমায়িক ব্যবহার করেন এবং বিপদে-আপদে বা পারিবারিক প্রয়োজনে অগ্রিম টাকা চাইলে হাসিমুখে পাশে দাঁড়ান।
এলাকাবাসীর একটি অংশ তার এই সমাজসেবা ও উদ্যোক্তা ভূমিকার প্রশংসা করে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে চেয়ারম্যান হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। প্রথমে অনীহা থাকলেও, এলাকাবাসীর অনুরোধে তিনি পরবর্তীতে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সম্মতি জানান।
এ ব্যাপারে উদ্যোক্তা আবদুর রহমান হাজারী বলেন, ‘আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আর্থিক সংকটের কারণে উচ্চ শিক্ষা নিতে পারিনি। চাকরি শেষে এলাকায় ফিরে পর্যায়ক্রমে তিনটি প্রতিষ্ঠান গড়ে তুলেছি। আলহামদুলিল্লাহ, এখন বাৎসরিক ভালো আয় হচ্ছে। আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত। স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাই যদি দলগতভাবে আমাকে সমর্থন বা মনোনয়ন দেন, আর আমি যদি নির্বাচিত হতে পারি, তবে এলাকার অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন ও জনগণের কল্যাণে নিজেকে পুরোপুরি আত্মনিয়োগ করব।’
তবে এলাকার কিছু বাসিন্দার মতে, আব্দুর রহমান একজন সফল ব্যবসায়ী ও পরোপকারী হলেও, জনপ্রতিনিধি হিসেবে নেতৃত্ব দেওয়ার বিষয়টি একেবারেই আলাদা। নির্বাচনে জয়-পরাজয় ও চেয়ারম্যান হিসেবে তার ভূমিকা কেমন হবে, তা ভবিষ্যতের ওপরই নির্ভর করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ফিজিকে ১৫-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে শেষ ৩২ নিশ্চিত করেছে স্পেন। মঙ্গলবার কাতারের দোহায় অ্যাসপায়ার একাডেমি কমপ্লেক্সের চার নম্বর পিচে অনুষ্ঠিত গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে এই দাপুটে জয় অর্জন করে ডেভিড গার্সিয়া কুবিয়োর দল। যদিও তারা মাত্র এক গোলের আক্ষেপে বয়সভিত্তিক ফিফা বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড স্পর্শ করতে পারেনি, তবুও নিজেদের জাতীয় রেকর্ড ভেঙে ফেলেছে স্প্যানিশ যুবারা।
ম্যাচের শুরু থেকেই ওশেনিয়া অঞ্চলের দল ফিজির ওপর স্পেন একচ্ছত্র আধিপত্য বিস্তার করে। প্রথমার্ধ থেকে শেষ বাঁশি পর্যন্ত ফিজি কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। স্পেনের এই গোলবন্যায় রাফায়েল ক্রুজ একাই চারটি গোল করেন। এছাড়া হ্যাটট্রিক পূর্ণ করেন রবার্তো টমাস ও গিয়ের্মো ট্রুহিয়ানো। হোর্হে ডমিঙ্গেজ জোড়া গোল করেন এবং মার্কো কোম্পানি ও ইয়েরেমিয়াহ রামোস একবার করে জালের দেখা পান।
এই জয়ের মাধ্যমে বয়সভিত্তিক বৈশ্বিক আসরে নিজেদের পূর্বের জাতীয় রেকর্ডকে ছাড়িয়ে গেছে স্পেন। ২০০৫ সালে অনূর্ধ্ব-২১ বিশ্বকাপে সান ম্যারিনোর বিরুদ্ধে তাদের সর্বোচ্চ ব্যবধান ছিল ১৪-০ গোলের জয়। তবে ফিফা বয়সভিত্তিক বিশ্বকাপে সবচেয়ে বড় জয়ের বিশ্বরেকর্ডটি এখনও মরক্কো অনূর্ধ্ব-১৭ দলের দখলে রয়েছে, যারা ২০২৫ সালের আসরে নিউ ক্যালেডোনিয়াকে ১৬-০ গোলে পরাজিত করেছিল।
নিজেদের প্রথম ম্যাচে চীনকে ৫-০ গোলে পরাজিত করার পর স্পেন টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে। আগামী বৃহস্পতিবার গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে আগেভাগেই পরের রাউন্ড নিশ্চিত করা মরক্কোর মুখোমুখি হবে তারা। অন্যদিকে, টানা দুই হার ও মাইনাস ২১ গোল ব্যবধান নিয়ে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার শঙ্কায় ফিজি; সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে টিকে থাকার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে তাদের শেষ ম্যাচে চীনকে হারাতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্টের পদ থেকে অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রেজা মোহাম্মদ আরিফ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে বক্তব্য দেওয়ার কারণে অধ্যাপক স্নিগ্ধার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অপসারণের দাবি তুলেছিল ছাত্রদল, ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তি।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে অধ্যাপক ড. রেজা মোহাম্মদ আরিফকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে এ দায়িত্ব দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। নতুন প্রভোস্ট প্রচলিত নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা ভোগ করবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে বক্তব্য দেওয়ার অভিযোগে অধ্যাপক স্নিগ্ধাসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ জানায় ছাত্রদল, ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তি।
গত ২১ নভেম্বর ছাত্রদল তিন শিক্ষকের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার এবং দায় স্বীকারের বিষয়ে তাঁদের সুস্পষ্ট অবস্থান জানানোর দাবি তোলে।
একই দিন জাতীয় ছাত্রশক্তি চার শিক্ষকের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। তদন্ত চলাকালে তাঁদের সাময়িক অব্যাহতি এবং অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় সংগঠনটি।
এর পরদিন, ২২ নভেম্বর, চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেয় ছাত্রশিবির। স্মারকলিপিতে অধ্যাপক স্নিগ্ধাকে সুফিয়া কামাল হলের প্রভোস্টের পদ থেকে অপসারণের দাবিও অন্তর্ভুক্ত ছিল।
কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা অফিস আদেশে অধ্যাপক স্নিগ্ধাকে প্রভোস্টের পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত জানানো হলেও এর সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ