মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
১১:৫০ পি.এম
জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হিসেবে পরিচিত জাতীয় ছাত্রশক্তির সভাপতি আবু বাকের মজুমদারের বাড়ির নিকটে কাফনের কাপড়, আতর, লোবান এবং একটি চিরকুটসহ একটি বাক্স পাওয়া গেছে।
কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের ভাতেশ্বর গ্রামে, সোমবার (২৩ নভেম্বর) রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা বাক্সটি রেখে যায়, এমন দাবি করেছেন তার পরিবারের সদস্যরা।
চিরকুটে লেখা ছিল, ‘জঙ্গি গোষ্ঠীর অধিনায়ক (সমন্বয়ক), জরুরি ঘোষণা। মি. বাকের মজুমদার, তুই বঙ্গনেত্রীকে হত্যার জন্য স্নাইপার রাইফেল দিয়ে কী করিয়েছিস, জাতি আজ বুঝতে পেরেছে। তাই তোকে শেষ সংবাদ দিচ্ছি—মৃত্যুর জন্য প্রস্তুত হও। কিছু মসলা দিয়েছি, বুঝে নিস। তোর পুরো এলাকা জ্বালিয়ে দেব। তোকে কবরে পাঠাব।’
এই ঘটনার পর বরুড়া উপজেলা এনসিপির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সংগঠনটি আবু বাকের মজুমদার এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ভয়ভীতি বা সহিংসতা দিয়ে জুলাইয়ের চেতনা ও গণতান্ত্রিক রাজনৈতিক অবস্থানকে দমিয়ে রাখা যাবে না। যেকোনো ধরনের হুমকি বা সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনসম্মত ও গণতান্ত্রিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। রাজনীতির ভিত্তি হতে হবে যুক্তি, আদর্শ এবং জনগণের সমর্থন।
আবু বাকের মজুমদার বলেন, আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং বাড়ির পাশে কাফনের কাপড় রেখে গেছে। তিনি উল্লেখ করেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি আবারও নিষিদ্ধ কর্মকাণ্ডের মাধ্যমে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তিনি বলেন, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া কিংবা হত্যার হুমকি দিয়ে লাভ হবে না। আমরা বুলেটের সামনে লড়াই করে বিজয়ী হয়েছি। পরাজিত শক্তিকে বাংলাদেশের মানুষই রুখে দেবে।
থানায় অভিযোগের বিষয়ে তিনি জানান, এখনো আনুষ্ঠানিকভাবে পুলিশকে অবগত করেননি। তিনি বিষয়টি নিয়ে কী করা যায়, তা ভাবছেন।
আবু বাকেরের বড় ভাই আবু বকর সজিব জানান, রাত ১২টা থেকে সকাল ৮টার মধ্যে কোনো একসময় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা বাড়ির পাশে বাক্সটি রেখে যায়। সকালে বাক্সটি খুলে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল পাওয়া যায়। বিষয়টি ছবি ও ভিডিওসহ বরুড়া থানার ওসির হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে। তবে এখনো লিখিত অভিযোগ করা হয়নি।
বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক জানান, তার হোয়াটসঅ্যাপে এ সংক্রান্ত কিছু ছবি ও ভিডিও এসেছে। তবে কে বা কারা পাঠিয়েছে, তা তিনি জানেন না। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টিতে অর্থায়নের অভিযোগে ৯৭ ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং সরকারের গোয়েন্দা সংস্থাগুলো লেনদেনের তথ্য যাচাইয়ের উদ্যোগ নিয়েছে। তালিকায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় রাজনৈতিক নেতা, সাবেক সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন। তালিকায় আবাসন ও পরিবহন খাতের প্রতিষ্ঠানও রয়েছে। গত তিন দিনে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়ে এসব হিসাব জব্দের কার্যক্রম শুরু হয়েছে।
তালিকায় সাবেক স্বাস্থ্য সচিব মো. সিরাজুল হক খান এবং তার স্ত্রী আশরাফুন নাহারের নাম উল্লেখ রয়েছে। রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খসরুল আলম, গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া এবং সাবেক ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস (শিপন) অন্তর্ভুক্ত আছেন। এছাড়া টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. বাবুল শেখ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস এবং সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখের নামও তালিকায় রয়েছে। মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রবিউল আলম সিকদার, উপজেলা চেয়ারম্যান মো. কবির মিয়া, ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম রিফাতুল আলম এবং কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোক্তার হোসেনও তালিকায় অন্তর্ভুক্ত।
এনবিআর সূত্রের তথ্য অনুযায়ী, ৯৭ জন ব্যক্তির মধ্যে সবচেয়ে বেশি ৩২ জন কোটালীপাড়া উপজেলার বাসিন্দা। কাশিয়ানী উপজেলার ১৯ জন, গোপালগঞ্জ সদরের ১৭ জন, টুঙ্গিপাড়ার ১৫ জন এবং মুকসুদপুরের ১৪ জন রয়েছেন। চারটি কোম্পানির মধ্যে একটি আবাসন ও একটি পরিবহন খাতের প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহের মাধ্যমে তাদের আর্থিক লেনদেনের উৎস, গতিবিধি এবং অভিযোগের সঙ্গে কোনো ধরনের আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা যাচাই করা হবে। এসব তথ্য বিশ্লেষণের পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অনলাইন ট্রেডিং অ্যাপের মাধ্যমে বিনিয়োগের উচ্চ লভ্যাংশের প্রলোভন দেখিয়ে প্রায় ১১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় জড়িত একটি সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারকৃত ব্যক্তি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পিবিআই নারায়ণগঞ্জ জেলা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন পিবিআই-এর পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ।
গ্রেপ্তারকৃত আসামির নাম আব্দুল্লাহ সরকার (৩৯)। তিনি সিরাজগঞ্জের কামারখন্দ থানার রসুলপুর এলাকার বাসিন্দা।
পিবিআই জানায়, নারায়ণগঞ্জ সদরের টানবাজারের ব্যবসায়ী মো. নূর কামাল আজাদকে (৪৮) হোয়াটসঅ্যাপে আন্তর্জাতিক ট্রেডিং বিজনেসের প্রলোভন দেখিয়ে একটি ওয়েবসাইটের লিংক পাঠায় প্রতারক চক্র। ওই লিংকে অ্যাকাউন্ট খোলার পর লাভের লোভ দেখিয়ে গত ১০ মে থেকে ২৪ মে পর্যন্ত বিভিন্ন বিকাশ নম্বর ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তার কাছ থেকে মোট ১০ লাখ ৮১ হাজার ৭০০ টাকা হাতিয়ে নেওয়া হয়। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।
তদন্তে নেমে পিবিআই তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২১ নভেম্বর সিরাজগঞ্জের কামারখন্দ থেকে আব্দুল্লাহ সরকারকে গ্রেপ্তার করে। এর আগে এ চক্রের আরো তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল।
রিমান্ড শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) আদালতে সোপর্দ করা হলে আব্দুল্লাহ সরকার ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে টার্গেট করে প্রতারণার অর্থ বাইন্যান্স ও পকেট অপশন অ্যাপের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে সহযোগীদের কাছে পাঠাত।
এ বিষয়ে পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ জানিয়েছেন, প্রতারক চক্রটি অনলাইনে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিয়ে তা ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করত। গ্রেপ্তারকৃত আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চক্রের মূল হোতা ও অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের তৈরি পোশাকশিল্পে মালিকপক্ষের নতুন বেতন কাঠামো নিয়ে শ্রমিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কিছু শ্রমিক নতুন বেতন কাঠামোকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করছেন, তবে অন্যরা বলছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাসাভাড়া এবং জীবনযাত্রার ব্যয়ের তুলনায় এই বেতন এখনও যথেষ্ট নয়। তাই শ্রমিকরা নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পাশাপাশি জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরির দাবি তুলেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে এমন প্রতিক্রিয়া পাওয়া গেছে।
আশুলিয়ার একটি পোশাক কারখানার শ্রমিক রুবিনা আক্তার মন্তব্য করেন, "নতুন বেতন কাঠামোতে বেতন কিছুটা বাড়লে আমাদের জন্য ভালো। কিন্তু চাল, ডাল, তেল, সবজি থেকে শুরু করে সবকিছুর দাম বেড়েছে। বাসাভাড়া ও পরিবারের অন্যান্য খরচ মেটানোর পর হাতে তেমন টাকা থাকে না। তাই বেতন এমন হওয়া উচিত, যাতে পরিবার নিয়ে স্বাভাবিকভাবে চলতে পারি।"
আরেক শ্রমিক মো. সোহেল বলেন, "আমরা প্রতিদিন দীর্ঘ সময় কাজ করি। মাস শেষে যে বেতন পাই, তা দিয়ে সংসার চালানো কঠিন। নতুন বেতন কাঠামো ঘোষণার পাশাপাশি সেটি যথাসময়ে কার্যকর করতে হবে। ওভারটাইমের টাকাও নিয়মিত পরিশোধ করতে হবে।"
অন্যদিকে, একাধিক নারী শ্রমিকের মতে, বেতন বৃদ্ধির পাশাপাশি কর্মক্ষেত্রে নিরাপত্তা, সময়মতো বেতন পরিশোধ, ছুটির সুবিধা এবং মাতৃত্বকালীন সুযোগ-সুবিধা নিশ্চিত করাও জরুরি।
শ্রমিকদের দাবি, শুধু বেতন বাড়ানোর ঘোষণা দিলেই হবে না, বাস্তবে তার সুফল শ্রমিকদের হাতে পৌঁছাতে হবে। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় নিয়ে ভবিষ্যতে নিয়মিত বেতন পুনর্নির্ধারণের ব্যবস্থা করতে হবে।
সংশ্লিষ্টদের মতে, পোশাকশিল্পের উৎপাদন স্বাভাবিক রাখা এবং শ্রমিকদের সন্তুষ্টি নিশ্চিত করতে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে পোশাক শ্রমিকদের বেশিরভাগ অংশ নতুন বেতন কাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ন্যূনতম মজুরি কোনোভাবেই ২০ হাজার টাকার নিচে মেনে নেওয়া যায় না। এ সময় তারা নতুন বেতন কাঠামো পুনরায় বিবেচনা করার অনুরোধ জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনার দৌলতপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন আবদুল হালিম নামের একজন আওয়ামী লীগ নেতা, যিনি কার্যক্রম নিষিদ্ধ ছিলেন।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায়। তার মাথা ও বুকে গুলি লাগে এবং পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
নিহত আবদুল হালিম স্থানীয় ৪ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত ছিলেন। তিনি কেসিসির ৪ নাম্বার ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন বলে জানা গেছে। দৌলতপুর বাজারে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল।
দৌলতপুর থানার ওসি মুরাদুল ইসলাম হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার বিস্তারিত জানার জন্য পুলিশ তদন্ত চালাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ