০২:০৭ পি.এম
চৌহালীতে এক খামারি ইউটিউবে ভিডিও দেখে স্বাবলম্বী হয়েছেন। খামারির নাম বহুলুল বেপারি এবং তিনি খাষকাউলিয়া ইউনিয়নের উত্তর খাষকাউলিয়া পূর্ব পাড়া গ্রামের বাসিন্দা।
এখন বহুলুল এলাকার অন্যদের কাছে এক অনুকরণীয় নাম হিসেবে পরিচিত। এক সময় সংসারের হাল ধরতে হিমশিম খাওয়া বহুলুল বেপারির ভাগ্যের চাকা হাঁসের খামার বদলে দিয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে বহুলুল বেপারি জানান, উত্তরাধিকার সূত্রে পাওয়া দেড় বিঘা জমিতে তিনি প্রায় ১ বছর ধরে হাঁসের খামার গড়ে তুলেছেন। কোনো প্রশিক্ষণ ছাড়াই ইউটিউব দেখে ব্যবসায় আসেন তিনি। মাত্র চার লাখ ৬৫ হাজার টাকা মেয়ের জামাই থেকে ঋণ নিয়ে ৪-৫ মাস বয়সের ৯৪১ হাঁসের বাচ্চা নিয়ে এ যাত্রা শুরু করেন। ২৭৫টি হাঁস মারা যাওয়ার পর বর্তমানে তার খামারে ৬৬৬টি হাঁস রয়েছে। এর মধ্যে হাঁস ২২টি ও হাঁসি ৪৪৪টি। ৪৪৪টি লেয়ার হাঁস প্রতিদিন ৪৩৫ থেকে ৪৪০টি ডিম দেন।
আরও পড়ুন: জিআই পণ্য ব্রান্ডিংয়ের জন্য ১৭ দফা রোডম্যাপ প্রণয়ন
এদিকে বাজারে প্রতিটি ডিম ১৫ থেকে ১৬ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি খাঁচা ডিমের বাজার মূল্য অনেক সময় ৪৫০ থেকে ৪৮০ টাকা পর্যন্ত ওঠে বলে তিনি জানান।
তার খামারে উৎপাদিত ডিম এখন প্রতিদিন স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে আশপাশের বিভিন্ন হাটবাজারে যাচ্ছে।
বহুলুল বেপারি আরও বলেন, হাঁসের এ খামার তার জীবন পালটে দিয়েছে। তিন ছেলেমেয়ের পড়ালেখার খরচ থেকে শুরু করে সবকিছুই করা হয় এ আয় থেকে। তার স্ত্রী মর্জিনা বেগম বলেন, খামারটি তাদের বড় স্বপ্ন দেখার সাহস দিয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংক: খেলাপি ঋণের ২০ হাজার কোটি টাকা পুনঃতফসিল
স্থানীয় সূত্রে জানা যায়, খাষকাউলিয়া ইউনিয়নের বেশ কিছু জায়গায় বছরের বেশিরভাগ সময় বর্ষায় পানি জমে থাকে। শুষ্ক মৌসুমে এখানকার জলাশয় ও খাল-বিল হাঁস পালনের জন্য বেশ উপযোগী। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্বল্প পুঁজিতে হাঁস পালন শুরু করেন বহুলুল বেপারি। ভবিষ্যতে খামার আরও বড় করার পরিকল্পনা রয়েছে তার।
স্থানীয়দের মতে, বহুলুল বেপারির এ উদ্যোগ দেখে গ্রামের অনেক বেকার যুবক এখন বিকল্প কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। সঠিক পরামর্শ ও সহজ শর্তে ঋণ সহায়তা পেলে চরাঞ্চল ও জলাশয়নির্ভর এলাকায় হাঁসের খামার আরও প্রসার লাভ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে চৌহালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাআলম জানান, উপজেলার চরাঞ্চল ও নদীবেষ্টিত এলাকায় হাঁস পালনের অপার সম্ভাবনা রয়েছে। অল্প পুঁজি, স্বল্প পরিশ্রম এবং তুলনামূলক কম ঝুঁকিতে হাঁস পালন করে খুব সহজেই গ্রামীণ পরিবারগুলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। বিশেষ করে বেকার যুবক ও গ্রামীণ নারীদের জন্য এটি একটি অত্যন্ত সম্ভাবনাময় ও লাভজনক কর্মসংস্থান।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে খামারিদের নিয়মিত পরামর্শ, টিকাদান এবং আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদানসহ সঠিক পরিচর্যা, মানসম্মত খাদ্য ও সময়মতো রোগ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করলে হাঁস পালনে আরও নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে বলে মনে করেন সচেতন মহল।
আরও পড়ুন: ই-ফ্রাংকিংয়ে ডাক বিভাগের রাজস্ব ৫০ কোটি ছাড়াল, মাসিক আদায় ৪৯ গুণ বেড়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন