ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হলিউডে একই নামের দুই সিনেমা নিয়ে বিরোধ


হলিউডে একই নামের দুই সিনেমা নিয়ে বিরোধ

হলিউডের দুই স্টুডিও ইউনিভার্সাল ও ওয়ার্নার ব্রাদার্স প্রায় একই রকম নামের দুটি আসন্ন সিনেমা নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছে। জেনিফার অ্যানিস্টন অভিনীত ‘নটি’ এবং জেনা ওর্তেগা অভিনীত ‘ন্যাস্টি’—এই দুটি ছবির শিরোনাম নিয়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

‘ভ্যারাইটি’র প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পরিকল্পনা থাকা দুটি ছবির নাম নিয়ে এই টানাপড়েন চলছে। অলিভিয়া ওয়াইল্ড পরিচালিত ক্রিসমাস কমেডি ‘নটি’তে অভিনয় করেছেন জেনিফার অ্যানিস্টন ও পিটার ডিঙ্কলেজ। গল্পে এক মাকে তার বিবাহবিচ্ছেদের শুনানিতে সাক্ষ্য দিতে সান্তা ক্লজকে রাজি করাতে দেখা যাবে।

অন্যদিকে, মেরি ব্রনস্টাইন পরিচালিত মনস্তাত্ত্বিক ড্রামা ‘ন্যাস্টি’র প্রধান চরিত্রে আছেন জেনা ওর্তেগা। কাহিনি একজন সেরা জিমন্যাস্টকে ঘিরে, যিনি অলিম্পিক দলে জায়গা পাওয়ার প্রতিযোগিতার পাশাপাশি এক ধূর্ত কোচের সঙ্গে মানিয়ে চলেন। দুই স্টুডিওর সূত্রগুলো মনে করছে, নাম দুটি প্রায় সমার্থক হওয়ায় দর্শকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: কলকাতা চলচ্চিত্র উৎসবে সালমানের পাশাপাশি আরও তারকারা

২০২৩ সালে মোশন পিকচার অ্যাসোসিয়েশন বা এমপিএ-তে নাম নিবন্ধনের পর ইউনিভার্সাল ২০২৭ সালের ৫ নভেম্বর ‘নটি’ মুক্তির তারিখ নির্ধারণ করেছে। অপরদিকে, নিওনের সাবেক অভিজ্ঞ ক্রিশ্চিয়ান পার্কসের নতুন প্রযোজনা সংস্থা ক্লকওয়ার্ক ‘ন্যাস্টি’র মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তবে চারটি সূত্র জানিয়েছে, ছবিটিও ২০২৭ সালের নভেম্বরেই মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিরোধটি নিষ্পত্তিতে এমপিএ-এর টাইটেল রেজিস্ট্রেশন ব্যুরো (টিআরবি) আনুষ্ঠানিক পর্যালোচনায় যেতে পারে। আইনজীবীদের একটি প্যানেল এই সালিশি পরিচালনা করবে এবং টিআরবির সিদ্ধান্ত আইনত বাধ্যতামূলক হবে। এক্সিবিটর রিলেশনস-এর বিশ্লেষক জেফ বক বলেন, সিনেমাগুলো নিজেদের স্বতন্ত্র করে তুলতে চায় এবং এর প্রথম উপায় হলো শিরোনাম। নামগুলো শুনতে একই রকম হলে দর্শকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে।

ইউনিভার্সাল আগে নাম নিবন্ধনের যুক্তিতে অগ্রাধিকার দাবি করছে। তবে ‘ন্যাস্টি’র ঘনিষ্ঠ সূত্রগুলোর অভিযোগ, ইউনিভার্সাল ছোট স্বাধীন প্রযোজনা প্রতিষ্ঠান ক্লকওয়ার্কের ওপর চাপ সৃষ্টি করছে। এদিকে, দুই প্রকল্পের সঙ্গেই যুক্ত মার্গো রবির প্রযোজনা সংস্থা লাকিচ্যাপ এমপিএ-র মধ্যস্থতা ছাড়াই একটি সমাধানে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন: ছাদের সিলিং ভেঙে পড়ায় অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী টিনা দত্ত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে দুই বাবার লড়াই, নৈপথ্যে কী ঘটছে?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


ভারতে দুই বাবার লড়াই, নৈপথ্যে কী ঘটছে?

ভারতের যোগগুরু বাবা রামদেব এবং বাগেশ্বর ধামের ধর্মীয় বক্তা ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রির মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে, যা দেশটির ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করেছে। শাস্ত্রির বিতর্কিত মন্তব্যের কারণে রামদেব প্রকাশ্যে তার সমালোচনা করেন। তবে, কিছুদিনের ব্যবধানে দুই ধর্মীয় ব্যক্তিত্বের বক্তব্যে বিরোধ প্রশমনের লক্ষণ দেখা গেছে।

বিরোধের শুরু হয় ধীরেন্দ্র শাস্ত্রির একটি বক্তব্যকে কেন্দ্র করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে ভগবান রাম ও কৃষ্ণের তুলনা করতে দেখা যায়। সেখানে তিনি রামকে ‘সোজাসাপ্টা’ এবং কৃষ্ণকে ‘বাঁকা-ত্যাড়া’ হিসেবে বর্ণনা করেন। কৃষ্ণের প্রচলিত ত্রিভঙ্গ ভঙ্গির প্রসঙ্গ টেনে দেওয়া ওই বক্তব্যের পর বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। অনেকে তার কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান।

পরে শাস্ত্রি নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান। তিনি এটিকে আবেগের বশে বলা কথা উল্লেখ করে নিজেকে কৃষ্ণভক্ত বলেও দাবি করেন। তবে, শাস্ত্রির ক্ষমা চাওয়ার পরও বিষয়টি নিয়ে রামদেব সরব হন। ভারতের ঝাড়খণ্ডের জামশেদপুরে এক অনুষ্ঠানে তিনি শাস্ত্রির বক্তব্যের কঠোর সমালোচনা করেন। দেব-দেবীর মধ্যে তুলনা করার অধিকার কারও নেই উল্লেখ করে তাকে ‘ভণ্ড’ বলেও আখ্যা দেন।

রামদেব বলেন, "সবকিছুরই শিষ্টাচার, শৃঙ্খলা ও নির্দিষ্ট নিয়ম রয়েছে। দেব-দেবীদের নিয়ে এমন মন্তব্য করা উচিত নয়।" বিষয়টি আরও আলোচনায় আসে, কারণ এর মাত্র কয়েক দিন আগেই উত্তর প্রদেশের কুন্ডায় শাস্ত্রির রামকথা অনুষ্ঠানে রামদেব অংশ নিয়েছিলেন। সেখানে দুজনকে একই মঞ্চে দেখা যায়। ওই অনুষ্ঠানে প্রভাবশালী ঠাকুর নেতা ও রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতিও ছিল।

তবে প্রকাশ্য সমালোচনার পর দ্রুতই পরিস্থিতি বদলে যায়। গত ২৪ নভেম্বর হরিদ্বারে এক সংবাদ সম্মেলনে রামদেব জানান, আগের দিন শাস্ত্রির সঙ্গে তার কথা হয়েছে। স্নেহ থেকেই তিনি শাস্ত্রিকে ভর্ৎসনা করেছিলেন। রামদেব বলেন, "শাস্ত্রি তার কাছে সন্তানের মতো, ছোট ভাই ও শিষ্যের মতো। তার কিছু কথা অনুচিত মনে হওয়ায় নিজের অধিকার থেকেই তাকে শাসন করেছেন। শাস্ত্রিও বিষয়টি ভালোবাসার প্রকাশ হিসেবে গ্রহণ করেছেন।"

অন্যদিকে, পাঞ্জাবের পাঠানকোটে এক ধর্মীয় অনুষ্ঠানে রামদেবের সমালোচনার জবাবে শাস্ত্রি বিষয়টিকে বড় করে দেখেননি। তিনি বলেন, "রামদেব একজন মহান ব্যক্তি এবং তার অভিভাবকতুল্য। ভালোবাসা থেকে তিনি যা বলেছেন, সেটিকে আশীর্বাদ হিসেবেই দেখছেন।" শাস্ত্রির ভাষ্য, রামদেবের প্রশংসা ও সমালোচনা— দুটিই তিনি সমানভাবে গ্রহণ করেন। সাধু-সন্তদের প্রতি অসম্মান দেখানোর কোনো সুযোগ নেই। হিন্দু সমাজকে বিভক্ত করা নয়, ঐক্যবদ্ধ করাই তাদের লক্ষ্য।

তবে দুই ধর্মীয় ব্যক্তিত্বের এই বাক্যবিনিময় শুধুমাত্র ব্যক্তিগত বিরোধ হিসেবে সীমাবদ্ধ থাকেনি। ভারতের ক্ষমতাসীন বিজেপির রাজনৈতিক বলয়ের সঙ্গে দুজনেরই ঘনিষ্ঠতার কারণে বিষয়টি রাজনৈতিক আলোচনাতেও জায়গা করে নিয়েছে। রামদেব দীর্ঘদিন ধরে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে দুর্নীতিবিরোধী আন্দোলন এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের বিরুদ্ধে প্রচারেও ভূমিকা রেখেছিলেন তিনি। অন্যদিকে, ধীরেন্দ্র শাস্ত্রির সঙ্গেও বিজেপির শীর্ষ নেতৃত্বের প্রকাশ্য যোগাযোগ রয়েছে। প্রধানমন্ত্রী মোদি তাকে ‘ভাই’ বলেও সম্বোধন করেছেন।

এ ঘটনায় বিজেপিবিরোধী রাজনৈতিক দলগুলোর নেতারাও সমালোচনার সুযোগ নিয়েছেন। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব দুই ধর্মীয় ব্যক্তিত্বের বিরোধ নিয়ে কটাক্ষ করেন। এর আগে কৃষ্ণকে নিয়ে শাস্ত্রির মন্তব্যের প্রতিবাদে তার ধর্মীয় অনুষ্ঠানের বিরোধিতা করেছিল সমাজবাদী পার্টি। যাদব সম্প্রদায় নিজেদের ভগবান কৃষ্ণের বংশধর হিসেবে পরিচয় দেয়।

উত্তর প্রদেশের ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে কৃষ্ণ জন্মভূমি ও মথুরায় মন্দির নির্মাণের বিষয়টি বিজেপির রাজনৈতিক আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এমন সময়ে হিন্দু ধর্মীয় ব্যক্তিত্বদের মধ্যে দেব-দেবীকে নিয়ে বিতর্ক রাজনৈতিক মাত্রা পেয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাকচালক হত্যা মামলায় হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে প্রথম দিনে সাক্ষ্য হয়নি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১৬ পি.এম


ট্রাকচালক হত্যা মামলায় হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে প্রথম দিনে সাক্ষ্য হয়নি

জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মো. হোসেন নামে এক মালবাহী ট্রাকের চালক হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ হয়নি।

বুধবার (২৫ নভেম্বর) মামলাটির সাক্ষ্য গ্রহণের জন্য নির্ধারিত ছিল। কিন্তু এদিন কাশিমপুর কারাগার থেকে ৬ আসামিকে আদালতে উপস্থিত করতে পারেনি কারা কর্তৃপক্ষ। এ কারণে ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে আগামী ৭ ডিসেম্বর নির্ধারণ করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ মামলার প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন সাক্ষ্য দিতে নিহতের মা ও মামলার বাদী রীনা বেগমসহ ৪ জন আদালতে উপস্থিত ছিলেন। তবে কাশিমপুর কারাগার থেকে ছয় আসামিকে নিরাপত্তাজনিত কারণে আদালতে হাজির করা সম্ভব হয়নি। এজন্য আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৭ ডিসেম্বর দিন নির্ধারণ করেছে।

এর আগে, গত ২৬ অক্টোবর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ ২৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল।

এদিন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, মুহাম্মদ বদিউল আলম ওরফে বদিউজ্জামান এবং সুমন মিয়া ওরফে কাইল্লা সুমনকে কারাগার থেকে আদালতে উপস্থিত করা হয়। জামিনে থাকা অন্যান্য আসামিরাও হাজির ছিলেন। এই মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ ১০ জন কারাগারে আটক রয়েছেন।

মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান, নুর মোহাম্মদ সেন্টু, তোফায়েল সিদ্দিক ওরফে তুহিন, রহমান মিয়া ওরফে এ কে এম অহিদুর রহমান, পলাশ, ওলিউর রহমান, খলিলুর রহমান, ইমন, এস এম রিয়াজুল হক তামিম, মাসুদুর রহমান বিপ্লব, আব্দুস সাত্তার ভূইয়া ওরফে এম এ সাত্তার, পারভেজ ওরফে গোল্ডেন পারভেজ, সুমন মিয়া ওরফে কাইল্লা সুমন, মিলন হোসেন, সোহেল ওরফে ভূইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল, সলিম উল্লাহ সলু, ইরফান, মুহাম্মদ বদিউল আলম ওরফে বদিউজ্জামান, ফুরকান হোসেন, শাহজাহান খান, সাজ্জাদ হোসেন, ফারুক হোসেন অভি এবং নাইমুল হাসান রাসেল।

মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন মো. হোসেন। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। ওইদিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন। চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।

২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুসফুস ক্যানসারের কারণ ও প্রতিকার: নভেম্বর মাসে সচেতনতা বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১৭ পি.এম


ফুসফুস ক্যানসারের কারণ ও প্রতিকার: নভেম্বর মাসে সচেতনতা বৃদ্ধি

নভেম্বর মাসটি ফুসফুস ক্যানসার সচেতনতার মাস হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটি বিশ্বব্যাপী ক্যানসারজনিত মৃত্যুর একটি প্রধান কারণ হিসেবে বিবেচিত। বাংলাদেশের প্রেক্ষাপটেও এটি একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা। যদিও ধূমপান ফুসফুস ক্যানসারের মূল কারণ, অধূমপায়ীদের মধ্যেও এই রোগের উপস্থিতি দেখা যেতে পারে। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত হলে অনেক ক্ষেত্রে সফল চিকিৎসা সম্ভব। সচেতনতা বৃদ্ধি, ঝুঁকি কমানো এবং সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে ফুসফুস ক্যানসারের ঝুঁকি ও জটিলতা কমানো সম্ভব।

ফুসফুস ক্যানসারের কারণ

ফুসফুস ক্যানসার ঘটে ফুসফুসের স্বাভাবিক কোষের অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত বৃদ্ধির কারণে।

এর প্রধান কারণ ও ঝুঁকিগুলো হলো—

ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার : সিগারেট, বিড়ি এবং অন্যান্য তামাকজাত দ্রব্যের ব্যবহার।

দীর্ঘকাল ধরে ধূমপান করা এবং প্রতিদিন অধিক পরিমাণে ধূমপান করা।

অন্যের সিগারেটের ধোঁয়া শ্বাসের সঙ্গে গ্রহণ করা বা পরোক্ষ ধূমপান।

বায়ুদূষণ : দীর্ঘ সময় ধরে বায়ুদূষণের সংস্পর্শে থাকা।

কর্মক্ষেত্রে ক্ষতিকর পদার্থের সংস্পর্শ : যেমন : Asbestos, Silica, Arsenic এবং Diesel exhaust।

পারিবারিক ইতিহাস : পরিবারের নিকটাত্মীয়ের ফুসফুস ক্যানসার থাকলে ঝুঁকি কিছুটা বাড়তে পারে।

অন্যান্য ঝুঁকি : দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ, radon গ্যাসের সংস্পর্শ এবং কিছু ক্ষেত্রে বংশগত জিনগত বৈশিষ্ট্য। মনে রাখতে হবে, ধূমপান না করলেও ফুসফুস ক্যানসার হতে পারে।

ফুসফুস ক্যানসারের লক্ষণ : ফুসফুস ক্যানসারের প্রাথমিক পর্যায়ে অনেক সময় কোনো লক্ষণ প্রকাশ পায় না। রোগের অগ্রগতির সঙ্গে বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে।

প্রধান লক্ষণগুলো

* দীর্ঘস্থায়ী কাশি বা কাশির ধরনে পরিবর্তন।
* কাশির সঙ্গে রক্ত আসা।
* বুকে ব্যথা বা চাপ অনুভব করা।
* শ্বাসকষ্ট।
* কণ্ঠস্বর পরিবর্তন বা ভেঙে যাওয়া।
* অকারণে ওজন কমে যাওয়া।
* ক্ষুধামান্দ্য ও দীর্ঘস্থায়ী ক্লান্তি।
* বারবার নিউমোনিয়া বা ফুসফুসের সংক্রমণ হওয়া।

কখন সতর্ক হবেন

দীর্ঘস্থায়ী কাশি, কাশির সঙ্গে রক্ত আসা অথবা অকারণে ওজন কমে যাওয়ার মতো লক্ষণগুলোকে অবহেলা করা উচিত নয়। এগুলো ফুসফুস ক্যানসার ছাড়াও বিভিন্ন রোগের কারণে হতে পারে।

এজন্য সঠিক রোগ নির্ণয়ের জন্য চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা প্রয়োজন।

ফুসফুস ক্যানসার প্রতিরোধের উপায়

ফুসফুস ক্যানসারের সব ক্ষেত্রে প্রতিরোধ সম্ভব নয়, তবে কিছু কার্যকর পদক্ষেপের মাধ্যমে এর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো যেতে পারে।

* ধূমপান সম্পূর্ণভাবে পরিহার করুন।
* ধূমপান ফুসফুস ক্যানসারের অন্যতম প্রধান প্রতিরোধযোগ্য কারণ। যারা ধূমপান করেন, তাদের জন্য ধূমপান ত্যাগ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ধূমপান ত্যাগের পর সময়ের সঙ্গে ফুসফুস ক্যানসারের ঝুঁকি কমতে থাকে।
* পরোক্ষ ধূমপান থেকে দূরে থাকুন।
* নিজের বাড়ি, কর্মক্ষেত্র ও গাড়িকে ধূমপানমুক্ত রাখুন।
* বায়ুদূষণ কমানোর চেষ্টা করুন।
* ধুলাবালি ও দূষিত বাতাসের সংস্পর্শ কমাতে প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা গ্রহণ করুন।
* কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করুন।
* Asbestos, silica ও অন্যান্য ক্ষতিকর পদার্থের সংস্পর্শে কাজ করার সময় উপযুক্ত সুরক্ষাব্যবস্থা গ্রহণ করুন।

উচ্চঝুঁকিতে থাকলে

বর্তমানে বা অতীতে দীর্ঘকাল ধরে ধূমপান করেছেন এমন ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শে Low-dose CT (LDCT) screening-এর উপযুক্ততা যাচাই করা উচিত। তবে সবার জন্য নিয়মিত CT scan প্রয়োজন হয় না। Screening মূলত নির্দিষ্ট উচ্চঝুঁকির ব্যক্তিদের জন্য প্রযোজ্য।

সন্দেহ হলে কী করবেন

ফুসফুস ক্যানসার সন্দেহ হলে চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা করতে হবে।

রোগ নির্ণয়ের জন্য প্রয়োজন অনুযায়ী করা হয়—

* Chest CT scan

* Bronchoscopy

* Biopsy ও Histopathology

* Molecular testing ও Biomarker analysis

রোগের ধরন, Stage এবং Biomarker-এর ফলাফলের ওপর ভিত্তি করে চিকিৎসা নির্ধারণ করা হয়। বর্তমানে ফুসফুস ক্যানসারের চিকিৎসায় Surgery, Chemotherapy, Radiotherapy, Targeted Therapy এবং Immunotherapy ব্যবহৃত হচ্ছে। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে অনেক ক্ষেত্রে নিরাময়ের উদ্দেশ্যে চিকিৎসা দেওয়া সম্ভব। ফুসফুস ক্যানসার প্রতিরোধে ধূমপান ত্যাগ করুন, ধূমপানমুক্ত পরিবেশ গড়ে তুলুন এবং দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের উপসর্গ অবহেলা করবেন না।

মনে রাখবেন, ক্যানসার মানেই মৃত্যু নয়। সঠিক সময়ে রোগ নির্ণয় এবং যথাযথ চিকিৎসা গ্রহণের মাধ্যমে অনেক রোগীর জীবন রক্ষা করা সম্ভব। আসুন, নভেম্বর মাসে ফুসফুস ক্যানসার সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিই এবং একটি সুস্থ, ধূমপানমুক্ত সমাজ গড়ে তুলি।

লেখক : রেডিয়েশন অনকোলজিস্ট টিএমএসএস ক্যানসার সেন্টার, বগুড়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য ৭ ডিসেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:২২ পি.এম


ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য ৭ ডিসেম্বর

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৭ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছে আদালত। এই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জন আসামির বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

আজ ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই তারিখ নির্ধারণ করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুর রহমান বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ মামলার প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। নিহতের মা ও মামলার বাদী রীনা বেগমসহ চারজন আদালতে উপস্থিত ছিলেন। কিন্তু কাশিমপুর কারাগার থেকে ছয় আসামিকে নিরাপত্তাজনিত কারণে হাজির না করায় আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৭ ডিসেম্বর তারিখ নির্ধারণ করে।

ভিকটিম মো. হোসেন নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম মোহাম্মদপুর থানায় এই হত্যা মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। ঘটনার দিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন।

মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

গত ২৬ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম।

এই মামলায় শেখ হাসিনা ছাড়াও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, আসিফ আহমেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান এবং নুর মোহাম্মদ সেন্টু পলাতক রয়েছেন।

মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ দশজন কারাগারে আছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%