ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আশুলিয়ার ২০ কারখানা আজও বন্ধ, শ্রমিক বিক্ষোভের প্রভাব


আশুলিয়ার ২০ কারখানা আজও বন্ধ, শ্রমিক বিক্ষোভের প্রভাব

শ্রমিকদের বিক্ষোভের কারণে ঢাকার আশুলিয়ায় ১৩ এর এক ধারায় ২০টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মালিকপক্ষ এই কারখানাগুলো বন্ধের ঘোষণা দেয়। এরপর তারা কারখানার মূল ফটকের সামনে বন্ধের নোটিশ টাঙিয়ে দেয়। পাশাপাশি, আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে চারটি তৈরি পোশাক কারখানা।

শিল্প পুলিশ জানিয়েছে, সকালে চারটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা প্রবেশ করে উৎপাদন বন্ধ করে দেয়। এর ফলস্বরূপ, মালিকপক্ষ সেই চারটি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকরা যার যার মত বাড়ি ফিরে যায়। অন্যদিকে, শিল্পাঞ্চল আশুলিয়া ও সাভারের বেশিরভাগ কারখানায় সকাল থেকে শ্রমিকরা দলবদ্ধভাবে প্রবেশ করে উৎপাদন শুরু করেছেন। যেকোনো অপ্রত্যাশিত ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বর্তমানে শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পোশাক কারখানাগুলোতে উৎপাদন পুরোদমে চলছে।

আরও পড়ুন: আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের অবস্থান বিদেশিদের জানানো হয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার এস্তোনিয়াকে প্রকাশ্য যুদ্ধের হুমকি দিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২০ এম


এবার এস্তোনিয়াকে প্রকাশ্য যুদ্ধের হুমকি দিল রাশিয়া

রাশিয়ার বিরুদ্ধে ‘শত্রুতামূলক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগ তুলে ইউরোপের দেশ এস্তোনিয়াকে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুমকি দিয়েছে মস্কো। সীমান্ত বন্ধের সিদ্ধান্ত, ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে হামলায় নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দেওয়া এবং এস্তোনিয়ায় বসবাসরত রুশ জনগোষ্ঠীর প্রতি বৈষম্যের অভিযোগ তুলে এই হুঁশিয়ারি প্রদান করেছে রাশিয়া।

সোমবার (২৩ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ অভিযোগ তোলে। এর আগে, মস্কোয় নিযুক্ত এস্তোনিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মারেক উহতেগিকে তলব করে সীমান্ত বন্ধের সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় রুশ কর্তৃপক্ষ।

বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এস্তোনিয়ার এই ধরনের উসকানিমূলক ও অত্যন্ত বিপজ্জনক কর্মকাণ্ড দেশটিকে রাশিয়ার সঙ্গে প্রকাশ্য যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। একই সঙ্গে, এস্তোনিয়ার বিরুদ্ধে রুশবিদ্বেষী মনোভাব ছড়িয়ে দেওয়ার অভিযোগও আনে মস্কো।

রাশিয়ার অভিযোগ, ইউক্রেনের ড্রোন যেন দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে হামলা চালাতে পারে, সে জন্য এস্তোনিয়া নীরবে নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দিচ্ছে। তবে এ অভিযোগ দ্রুত নাকচ করে দিয়েছে তাল্লিন।

এ ছাড়া, বাল্টিক সাগরে রাশিয়ার পণ্যবাহী জাহাজ চলাচলে বাধা দেওয়া, রাশিয়া ও বেলারুশের শস্য পরিবহনে নিষেধাজ্ঞা, রুশ ভাষার ব্যবহার নিষিদ্ধের উদ্যোগ এবং রুশ অর্থোডক্স চার্চ বন্ধের হুমকি দেওয়ার অভিযোগও তুলেছে মস্কো।

বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, নিজেদের জাতীয় স্বার্থ এবং নাগরিকদের বৈধ অধিকার রক্ষায় প্রয়োজনীয় রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করে রাশিয়া।

এস্তোনিয়ায় উল্লেখযোগ্যসংখ্যক জাতিগত রুশ জনগোষ্ঠীর বসবাস রয়েছে। তাদের প্রতি বৈষম্য করা হচ্ছে বলে মস্কো প্রায়ই অভিযোগ করে আসছে। ২০১৪ সালে ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সামরিক হস্তক্ষেপের ক্ষেত্রেও রুশভাষীদের অধিকার দমনের অভিযোগকে যুক্তি হিসেবে তুলে ধরেছিল মস্কো।

রাশিয়া ও এস্তোনিয়ার মধ্যে সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত সীমান্ত বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে। চলতি মাসের শুরুতে এস্তোনিয়া ঘোষণা দেয়, আগামী ১ ডিসেম্বর থেকে রাশিয়ার সঙ্গে দেশটির সীমান্তের কয়েকটি প্রবেশপথ অন্তত ছয় মাসের জন্য বন্ধ রাখা হবে। এর মধ্যে নারভা নদীর ওপর থাকা গুরুত্বপূর্ণ সীমান্ত পারাপারের পথও রয়েছে।

এস্তোনিয়ার অভিযোগ, দেশটির একটি প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের চেষ্টা করেছিল রাশিয়ার নিরাপত্তা সংস্থাগুলো। এ ঘটনার পর সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেয় তাল্লিন। তবে এ ঘটনায় নিজেদের কোনো ধরনের সম্পৃক্ততা থাকার অভিযোগ অস্বীকার করেছে মস্কো।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, সীমান্ত বন্ধের সিদ্ধান্তের পরিণতি শুধু এস্তোনিয়াকেই নয়, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোর মিত্র দেশগুলোকেও ভোগ করতে হতে পারে।

অন্যদিকে, ইউক্রেনের সামরিক অভিযানের জন্য এস্তোনিয়ার ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতিতে এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়ার প্রচারণামূলক বক্তব্য নিয়ে তারা সাধারণত মন্তব্য করে না। তবে এ ক্ষেত্রে স্পষ্ট করে বলতে চায়, এস্তোনিয়া কখনোই অন্য কোনো দেশকে সামরিক অভিযানের জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না।

বাল্টিক অঞ্চলের অন্যান্য দেশও একই অবস্থান স্পষ্ট করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

রাশিয়া দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, বাল্টিক অঞ্চলের এস্তোনিয়াসহ ন্যাটোর কয়েকটি দেশ ইউক্রেনীয় ড্রোনকে নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দিচ্ছে। তবে ন্যাটোভুক্ত দেশগুলো এ অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, রাশিয়ার ইলেকট্রনিক সংকেত বাধাগ্রস্ত করার কার্যক্রমের কারণে ইউক্রেনীয় ড্রোনগুলো ভুল করে ন্যাটোর আকাশসীমায় প্রবেশ করছে বলে দাবি করেছে কিয়েভ।

এদিকে, এস্তোনিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে ন্যাটো। জার্মানির বার্লিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেন, এস্তোনিয়ার পাশাপাশি গত সপ্তাহে পোল্যান্ডের আকাশসীমায় রুশ ক্ষেপণাস্ত্র প্রবেশের ঘটনাও নজরে রেখেছে জোটটি।

তিনি বলেন, সামরিক পরিস্থিতির প্রতিটি ঘটনায় ন্যাটো নিজেদের প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতা পর্যালোচনা করবে। প্রয়োজন অনুযায়ী সেগুলো হালনাগাদ করার ব্যবস্থাও নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট মিথুন রায়ের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২২ এম


ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট মিথুন রায়ের

অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী সকল ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন অটুট রাখার জন্য আহ্বান জানিয়েছেন।

তিনি সোমবার (২৩ নভেম্বর) মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের ধনুচিয়া গ্রামে আয়োজিত নামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী। বক্তব্যে তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি উল্লেখ করেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার—এমন সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবার সম্মিলিত প্রচেষ্টাই হোক আগামীর অঙ্গীকার।’

মিথুন রায় আরও বলেন, ‘বাংলাদেশে আরেকটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। নড়াইলে প্রচার হয়েছে, একটি গ্রামের অনেক হিন্দু পরিবারের বাড়িঘর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে যদি আপনাদের কোনো স্বজন থাকেন, খোঁজ নিয়ে দেখবেন, ওই গ্রামে কোনো হিন্দু পরিবারের বসবাস নেই।’

তিনি আরও বলেন, ‘বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে অনেকে নানা ধরনের সুযোগ নিতে পারে। এ জন্য আপনারা নিজেদের গ্রাম পাহারা দিয়ে রাখবেন, যাতে কেউ অগ্নিসন্ত্রাস করতে না পারে। বাংলাদেশের এই সংকট থাকবে না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমএলএসের খেলার ধরন গা-ছাড়া মনে করছেন থমাস মুলার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৩ এম


এমএলএসের খেলার ধরন গা-ছাড়া মনে করছেন থমাস মুলার

ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের থমাস মুলার মেজর লিগ সকারে (এমএলএস) খেলার ধরনকে কিছুটা গা-ছাড়া বলে অভিহিত করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, এই লিগে প্রমোশন এবং রেলিগেশন পদ্ধতি অনুপস্থিত থাকায় খেলোয়াড়দের মধ্যে একটি নির্লিপ্ত ভাব দেখা যায়।

এমএলএসের সঙ্গে প্রিমিয়ার লিগ বা ইউরোপের অন্যান্য লিগের তুলনা করতে বললে মুলার এই মন্তব্য করেন। জার্মানির সাবেক ফুটবলার, যিনি বায়ার্ন মিউনিখে ১৭ বছরের ক্যারিয়ার শেষ করে ২০২৫ সালের আগস্টে এমএলএসের ভ্যাঙ্কুভার দলে যোগ দেন, সম্প্রতি আগামী বছর পর্যন্ত তার চুক্তির মেয়াদ বাড়িয়েছেন।

কানাডার সংবাদমাধ্যম গ্লোবাল নিউজকে তিনি বলেন, "ব্যবস্থাগত পার্থক্যের কারণে তুলনা করাটা কঠিন। এখানে কোনো রেলিগেশন নেই। বড় কোনো চাপও নেই।"

মুলার মনে করেন, চাপের অভাবের কারণে খেলোয়াড়দের মধ্যে পুরো ৯০ মিনিট মনোযোগ ধরে রাখার তাগিদ কম থাকে। তিনি উল্লেখ করেন, "ইউরোপে যখন কোনো দল রেলিগেশনের ঝুঁকিতে থাকে, তখন পরের বছরের জন্য খেলোয়াড়দের চুক্তি পাওয়ার নিশ্চয়তা থাকে না। ফলে খেলার ধরন বদলে যায়। ইউরোপে লিগের তলানির কোনো দলের বিপক্ষে খেলতে গেলে তারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করে। কিন্তু এমএলএসের ব্যবস্থার কারণে আমার মাঝে মাঝে মনে হয়, এখানকার খেলার ধরন কিছুটা বেশি আশাবাদী, অথবা গা-ছাড়া।"

তিনি আরও যোগ করেন, "ফরাসিরা যেটাকে বলে ‘লেসে ফেয়ার’ অর্থাৎ অনেকটা স্বাধীনভাবে চলতে দেওয়া বা ঢিলেঢালা মনোভাব, এখানে ব্যাপারটা কিছুটা তেমন। এর একটা ভালো দিক হলো, ম্যাচ যখন উন্মুক্ত হয়ে যায়, তখন বেশ কিছু দারুণ আক্রমণাত্মক খেলা দেখা যায়। তুলনা করতে গেলে আমি খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতার অসাধারণ কিছু ঝলক দেখতে পাই।"

মুলার বলেন, "তবে মাঝে মাঝে যে বিষয়টি আমার চোখে পড়ে, তা হলো ধারাবাহিকতার অভাব। ভালো ও খারাপ পারফরম্যান্সের মধ্যে ব্যবধানটা অনেক বেশি। বিষয়টিকে গলফের সঙ্গে তুলনা করা যায়। ধরুন, ১০ হ্যান্ডিক্যাপের একজন গলফারও কখনও কখনও এমন শট খেলতে পারেন, যা একজন পেশাদার গলফারও এর চেয়ে ভালো করতে পারবেন না। যেমন ফ্রি-কিক থেকে একেবারে ওপরের কর্নারে বল পাঠানো।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বকেয়া গ্যাস বিল পরিশোধে তিতাসের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৩ এম


বকেয়া গ্যাস বিল পরিশোধে তিতাসের সতর্কবার্তা

তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি জানিয়েছে যে, বকেয়া গ্যাস বিল আদায়ের জন্য বিভিন্ন শ্রেণির খেলাপি গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্নকরণের অভিযান চলছে। সংস্থাটি গ্রাহকদের নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত গ্যাস বিল পরিশোধের জন্য অনুরোধ করেছে, যাতে সংযোগ বিচ্ছিন্ন হওয়া এড়ানো যায়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি, ক্যাপটিভ ও আবাসিক শ্রেণির খেলাপি গ্রাহকদের বিরুদ্ধে সংযোগ বিচ্ছিন্নকরণের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রাহকদের গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত বিল পরিশোধ করতে হবে। তিতাস গ্যাস সকলকে অবৈধভাবে গ্যাস ব্যবহার থেকে বিরত থাকার জন্যও সতর্ক করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%