০৯:৪৭ এম
মার্কিন দূতাবাসগুলো মধ্যপ্রাচ্যের ১২টি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে। এই সতর্কতার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে সংঘাত, ফ্লাইট বাতিল এবং আকাশসীমা বন্ধ থাকার পাশাপাশি মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সম্ভাব্য হামলার ঝুঁকি।
এক যৌথ বিবৃতিতে সোমবার (১৯ অক্টোবর) এ সতর্কতা প্রকাশ করা হয়। ইউরো নিউজের প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
সতর্কতার আওতায় থাকা দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, জর্দান, বাহরাইন, ওমান, ইরান, কাতার, ইরাক, লেবানন, ইয়েমেন ও ইসরায়েল।
আরও পড়ুন: জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত দুজন
বিবৃতিতে মার্কিন নাগরিকদের এই দেশগুলোতে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, বর্তমানে যেসব মার্কিন নাগরিক এসব দেশে অবস্থান করছেন, তাদের সতর্ক থাকতে, বিমান সংস্থাগুলোর কার্যক্রমের ওপর নজর রাখতে এবং সংশ্লিষ্ট মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে বলা হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, ইরান এবং তেহরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও সংস্থাকে লক্ষ্যবস্তু করতে পারে। অতীতে বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার ফলে প্রাণহানির ঘটনা ঘটেছে এবং ভ্রমণব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।
এই পরিস্থিতিতে যাত্রীদের ফ্লাইট নির্ধারিত সময় অনুযায়ী চলবে, এমনটা ধরে না নেওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন মিশনগুলো। যাত্রার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থা বা বিমানবন্দরের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।
লেবাননে অবস্থিত মার্কিন দূতাবাস বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে। ইয়েমেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের ফ্লাইটের তথ্য জানতে ইয়েমেনিয়া এয়ারওয়েজ ও ফ্লাই এডেন এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
আরও পড়ুন: বিসকেইন বে-তে নৌকার ছবি তুলতে গিয়ে বিধ্বস্ত হেলিকপ্টার, পাইলট নিহত
মার্কিন নাগরিকদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রগ্রাম’ (স্টেপ)-এ নিবন্ধন করার আহ্বান জানানো হয়েছে। এই প্রোগ্রামের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতির হালনাগাদ তথ্য পাওয়া যাবে এবং জরুরি অবস্থায় কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ সহজ হবে।
এছাড়া, স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসরণ করা, কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা, মোবাইল ফোন সচল রাখা এবং মার্কিন দূতাবাস সংশ্লিষ্ট স্থানে চলাচলের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন