ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি


শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি

শেরপুর, ২১ নভেম্বর ২০২৬ : ডেঙ্গু প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে শেরপুর পৌরসভার উদ্যোগে একটি বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি তিন মাসব্যাপী পরিচালিত হচ্ছে।

এই কর্মসূচির আওতায় আজ সকাল থেকে দুপুর পর্যন্ত শেরপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়, যেখানে মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুর ঝুঁকি কমানোর জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়।

শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েজ মো. বজলুল করিম, প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল কাদের, বিদ্যুৎ প্রকৌশলী মো. সোহরাব হোসেন, বস্তি উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ শরিফ উদ্দিনসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সেন্ট মার্টিন থেকে ফিরলেন ৩৮০ পর্যটক ও স্থানীয় বাসিন্দা

পৌর কর্তৃপক্ষ জানায়, শেরপুর পৌরসভার উদ্যোগে বাস্তবায়নাধীন এই কর্মসূচির মূল লক্ষ্য হলো পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, এডিস মশার বংশবিস্তার রোধ করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।

কর্মসূচির শেষে পৌরবাসীকে তাদের নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমারের গণহত্যা থেকে বেঁচে ফেরা রোহিঙ্গাদের ভয়াবহ অভিজ্ঞতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩০ এম


মিয়ানমারের গণহত্যা থেকে বেঁচে ফেরা রোহিঙ্গাদের ভয়াবহ অভিজ্ঞতা

মিয়ানমারের রাখাইন রাজ্যে ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর পরিচালিত সামরিক অভিযানের ভয়াবহতা থেকে বাঁচতে ৭ লাখের বেশি মানুষ পালিয়ে এসেছিলেন। তাদের অনেকের সামনে স্বজনদের হত্যার দৃশ্য, গ্রাম জ্বালিয়ে দেওয়া এবং নারীদের যৌন সহিংসতার শিকার হতে দেখা গেছে। প্রাণ বাঁচাতে কেউ জঙ্গল, পাহাড় ও নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন; কেউ আবার পালানোর পথে পরিবারের সদস্যদের হারিয়েছেন।

সেই ভয়াবহ অভিজ্ঞতার প্রায় এক দশক পরও অনেক রোহিঙ্গা কক্সবাজারের শরণার্থী শিবিরে বসবাস করছেন। সম্প্রতি আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের গণহত্যার অভিযোগে ঐতিহাসিক রায় দেওয়ার পর তাদের বেঁচে থাকার সংগ্রাম ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষা নতুন করে আলোচনায় এসেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত একটি প্রতিবেদনে রোহিঙ্গা বেঁচে ফেরা কয়েকজনের অভিজ্ঞতা তুলে ধরেছেন সাংবাদিক কায়মিল আহমেদ। তাদের বর্ণনায় উঠে এসেছে, কীভাবে পাশের গ্রাম থেকে ওঠা ধোঁয়া হয়ে উঠেছিল আসন্ন হত্যাযজ্ঞের সংকেত, কীভাবে রক্তে লাল হয়ে যাওয়া নদী পেরিয়ে তারা আশ্রয়ের খোঁজে বাংলাদেশে এসেছিলেন।

২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের সময় রোহিঙ্গাদের কাছে পাশের গ্রাম থেকে ওঠা ধোঁয়া ছিল বিপদের সংকেত। দূর থেকে ধোঁয়া দেখা গেলে তারা বুঝতে পারতেন, পাশের গ্রামে হামলা হয়েছে, এবার তাদের গ্রামেও হামলা হতে পারে। কোথাও নদীতে ভেসে আসত লাশ। সেগুলো উদ্ধার করে দ্রুত দাফনের ব্যবস্থা করার পরই প্রাণ বাঁচাতে পালিয়ে যেতেন মানুষ।

মিয়ানমার থেকে পালানোর সময় তাদের পাড়ি দিতে হয়েছে ঘন জঙ্গল, পাহাড় ও নদী। এর মধ্যে বর্ষার প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার সম্মুখীন হতে হয়েছে। প্রাণ বাঁচানোর এই দীর্ঘ যাত্রার অভিজ্ঞতাও রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ হিসেবে আইসিজে বিবেচনা করেছে।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, রোহিঙ্গারা কেবল জাতিগত নিধনের শিকার হননি; পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময়ও তাদের হত্যা করা হয়েছে। এর মাধ্যমে মিয়ানমারের উদ্দেশ্য ছিল একটি জনগোষ্ঠী হিসেবে রোহিঙ্গাদের ধ্বংস করা।

২০১৭ সালের সেই অভিযানে সংগঠিত হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং গ্রামের পর গ্রাম নিশ্চিহ্ন করে দেওয়ার ঘটনা থেকে বেঁচে যাওয়া মানুষ বাংলাদেশে আশ্রয় নেন। তাদের অনেকেই এসেছিলেন রাখাইনের তুলা তোলি ও আশপাশের এলাকা থেকে। তুলা তোলিতে হাজার হাজার মানুষকে একত্র করে হত্যা এবং গণকবরে পুঁতে ফেলার ঘটনা ঘটেছিল। অন্য অনেক গ্রামে পুরুষদের ধরে নিয়ে হত্যা করে নিরাপত্তা বাহিনী।

অনেক রোহিঙ্গা নিজ গ্রামের হামলা থেকে পালিয়ে অন্য গ্রামে আশ্রয় নিয়েও স্বজনদের হত্যার দৃশ্য দেখেছেন। শেষ পর্যন্ত তাদের অনেকেই প্রাণ বাঁচাতে বাংলাদেশে আসেন। তাদের সংখ্যা দাঁড়ায় সাত লাখের বেশি।

তুলা তোলি গ্রামের দুই বোন মমতাজ বেগম ও দিলদার বেগমের অভিজ্ঞতা ছিল প্রায় একই রকম। মমতাজ যখন নিজের ওপর নেমে আসা নির্যাতনের কথা বলছিলেন, তখন পাশে বসে ছিলেন দিলদার। মমতাজের স্বামী ও সন্তানদের হত্যা করার পর তার একমাত্র জীবিত সন্তানের সামনেই তাকে ধর্ষণ করে মিয়ানমারের সেনারা।

দিলদার নীরবে বোনের কথা শুনছিলেন। কারণ, তিনি নিজেও একই গ্রামের বাসিন্দা হিসেবে একই ধরনের সহিংসতার শিকার হয়েছিলেন। দুই বোনই কয়েক মাস ধরে একে অপরকে মৃত বলে মনে করেছিলেন। পরে জানতে পারেন, দুজনই প্রাণে বেঁচে বাংলাদেশে পৌঁছেছেন, তবে আশ্রয় নিয়েছেন শিবিরের ভিন্ন ভিন্ন অংশে।

দুই বোনেরই কেবল একজন করে মেয়ে সন্তান বেঁচে ছিল। তাদের দুজনের মাথার পেছনেও ছিল প্রায় একই ধরনের ক্ষতচিহ্ন।

আনোয়ারা বেগমের জীবনে শরণার্থী হওয়ার অভিজ্ঞতা নতুন নয়। এর আগে দুবার তাকে বাংলাদেশে আশ্রয় নিতে হয়েছিল। প্রথমবার ১৯৭৮ সালে, যখন তিনি শিশু। এরপর ১৯৯০-এর দশকের শুরুর দিকে তরুণী মা হিসেবে আবার বাংলাদেশে আসেন। সেবার বর্ষাকালে দুর্বল তাঁবুতে থাকার সময় শ্বাসতন্ত্রের রোগে তাঁর এক ছেলের মৃত্যু হয়।

পরে তাকে আবার মিয়ানমারে ফিরে যেতে বাধ্য করা হয়। কিন্তু যে নিপীড়ন থেকে পালিয়ে এসেছিলেন, তা বন্ধ হয়নি। এরপর নিজেকে প্রতিজ্ঞা করেছিলেন, আর কখনো শরণার্থী হবেন না।

কিন্তু ২০১৭ সালে তুলা তোলি থেকে ভেসে আসা লাশে গ্রামের পাশের নদী ভরে যেতে দেখে সেই প্রতিজ্ঞা ভাঙতে বাধ্য হন তিনি। তার স্বামী নদী থেকে যতটা সম্ভব মরদেহ তুলে দাফনের ব্যবস্থা করেন। এরপর তারা প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে বাংলাদেশের সীমান্তবর্তী নাফ নদের দিকে রওনা হন।

নাফ নদী পার হয়ে বাংলাদেশে ঢোকার জন্য আনোয়ারাকে নিজের সব সোনা একজন বাংলাদেশি নৌকার মাঝির হাতে তুলে দিতে হয়েছিল। ওই সোনার মূল্য ছিল প্রায় ২০০ মার্কিন ডলার।

চারবার শরণার্থী হয়েছেন নুর আলম

মিয়ানমারের সেনাবাহিনীর হামলা থেকে বয়স্করাও রেহাই পাননি। প্রাণ বাঁচাতে পালানোর সময় বৃদ্ধ নুর আলমকে তার সন্তানদের কাঁধে করে বাংলাদেশে আনতে হয়েছিল। তার ১০ বছর বয়সী নাতি মামুন পুরো যাত্রায় তার হাত ধরে ছিল। শরণার্থীশিবিরে পৌঁছানোর পরও তারা একে অপরকে আঁকড়ে ছিল।

নুর আলমের জীবনে বাংলাদেশে শরণার্থী হওয়ার ঘটনা এ নিয়ে চতুর্থবার। ১৯৫০-এর দশকে মিয়ানমারের সামরিক অভিযানের সময় প্রথমবার তাকে দেশ ছাড়তে হয়েছিল। তখন মিয়ানমার বার্মা নামে পরিচিত ছিল এবং বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়নি।

২০১৭ সালে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের অধিকাংশই প্রায় এক দশক পরও শরণার্থীশিবিরে রয়েছেন। তাদের সঙ্গে সেখানে রয়েছেন ১৯৯০-এর দশকের শুরুতে মিয়ানমারের সামরিক অভিযান ও দীর্ঘদিনের নিপীড়ন থেকে পালিয়ে আসা রোহিঙ্গারাও।

কক্সবাজারের শিবিরগুলোতে এখনো বাঁশ ও ত্রিপল দিয়ে তৈরি অস্থায়ী ঘরে বসবাস করতে হচ্ছে তাদের। শিবিরের বাইরে যাওয়ার, কাজ করার কিংবা শিক্ষার সুযোগও তাদের সীমিত। দীর্ঘদিন ধরে এমন অনিশ্চিত জীবন কাটাতে হচ্ছে লাখো রোহিঙ্গাকে।

এ বছর শরণার্থীশিবির থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে সমুদ্রে শত শত রোহিঙ্গার মৃত্যুর খবরও পাওয়া গেছে। একই সময়ে মালয়েশিয়া ও ভারতসহ কয়েকটি দেশ রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা করেছে। ফলে আইসিজের সাম্প্রতিক রায়কে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন রোহিঙ্গা অধিকারকর্মীরা। তাদের আশা, এ রায়ের ফলে জোরপূর্বক প্রত্যাবাসনের উদ্যোগ বন্ধ হবে এবং নিজ দেশে নিরাপদে ফেরার পথ তৈরি হবে।

তবে গণহত্যার রায় সত্ত্বেও রোহিঙ্গাদের দুর্দশার অবসান এখনো হয়নি। তাদের নিরাপত্তা, নাগরিক অধিকার ও স্বেচ্ছায় নিজ দেশে ফেরার পরিবেশ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন অধিকারকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ ২৮৮ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৪ এম


কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ ২৮৮ জন আটক

কুমিল্লায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি অপরাধ দমনের জন্য জেলা পুলিশের বিশেষ অভিযানে ৬৪ সদস্যসহ ২৮৮ জনকে আটক করা হয়েছে। এই অভিযানটি ১৯ ও ২০ নভেম্বর জেলার বিভিন্ন থানা এবং গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে পরিচালিত হয়।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান এ তথ্য প্রকাশ করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এবং অপরাধ নিয়ন্ত্রণে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটক ২৮৮ জনের মধ্যে ২০৭ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে, ৮১ জনকে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে জেলার অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি করা হয়। অপরাধীদের শনাক্তকরণ এবং জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, মাদক, ছিনতাই, কিশোর গ্যাং, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ তৎপর রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, জননিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা জেলা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলার ভিডিও পুরোনো, এআই দিয়ে তৈরি: পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৩ এম


নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলার ভিডিও পুরোনো, এআই দিয়ে তৈরি: পুলিশ

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা সম্পর্কে পুলিশ ‘মিথ্যা ও বানোয়াট’ মন্তব্য করেছে। পুলিশের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো আসলে পুরোনো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি করা হয়েছে।

নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আল মামুন শিকদারের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য প্রকাশ করা হয়। লিখিত বার্তায় পুলিশ সুপার উল্লেখ করেন, বেন্দারচর গ্রামে কোনো হিন্দু পরিবারের বসতি নেই এবং সেখানে হামলার কোনো ঘটনা ঘটেনি।

পুলিশের তথ্য অনুযায়ী, ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে কালিয়া থানার বেন্দারচর সুইচগেট-সংলগ্ন বটতলায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির একটি মিছিলে হামলা চালান। এই হামলায় কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০) নিহত হন।

এ ঘটনার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাসকে (২১) গ্রেপ্তার করে। পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডের পর ২০ নভেম্বর বিকেল পৌনে ৫টার দিকে নিহতদের বিক্ষুব্ধ স্বজন এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী বেন্দারচর গ্রামে জড়ো হন। একপর্যায়ে তারা হত্যাকাণ্ডে জড়িত নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা চালান। খবর পেয়ে কালিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেন্ট মার্টিন থেকে ফিরলেন ৩৮০ পর্যটক ও স্থানীয় বাসিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৫ এম


সেন্ট মার্টিন থেকে ফিরলেন ৩৮০ পর্যটক ও স্থানীয় বাসিন্দা

বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়া ৩৮০ জন পর্যটক ও স্থানীয় বাসিন্দা টেকনাফের শাহপরীর দ্বীপে ফিরে এসেছেন। আজ শনিবার সকালে সার্ভিস ট্রলারে করে তাঁরা দ্বীপ ত্যাগ করেন। তবে, এখনো বেশ কয়েক শ পর্যটক সেন্টমার্টিনে অবস্থান করছেন।

শনিবার সকাল থেকে মোট ১০টি সার্ভিস ট্রলার দ্বীপ থেকে শাহপরীর দ্বীপের দিকে যাত্রা করে। এর মধ্যে নয়টি ট্রলার গন্তব্যে পৌঁছেছে, অন্য একটি ট্রলার এখনও পথে রয়েছে। ফিরে আসা ব্যক্তিদের মধ্যে পর্যটক এবং স্থানীয় বাসিন্দা উভয়েই অন্তর্ভুক্ত রয়েছেন।

সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানিয়েছেন, সাগরের পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় সকালে ট্রলার চলাচল শুরু হয়েছে। জরুরি প্রয়োজন রয়েছে, এমন পর্যটক ও স্থানীয় বাসিন্দারা এসব ট্রলারে করে টেকনাফে ফিরছেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, দ্বীপে আটকে পড়া পর্যটকদের মধ্যে যাঁরা দ্রুত ফিরতে চেয়েছেন, তাঁদের সার্ভিস ট্রলারে করে শাহপরীর দ্বীপে পাঠানো হয়েছে। এখনো কিছু পর্যটক দ্বীপে রয়েছেন। আবহাওয়া অনুকূলে এলে এবং পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হলে তাঁরা নিরাপদে ফিরতে পারবেন।

টেকনাফ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান জানান, দ্বীপে অবস্থানরত পর্যটকদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি প্রশাসন নজরদারিতে রেখেছে। সাগরের অবস্থা পুরোপুরি স্বাভাবিক হলে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠে। আবহাওয়া অধিদপ্তরের সতর্কসংকেত থাকায় গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে কক্সবাজার-সেন্টমার্টিন ও টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়। এতে দ্বীপে বেড়াতে যাওয়া প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েন।

শনিবার সাগরের পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় জরুরি প্রয়োজনে ফিরতে ইচ্ছুক ব্যক্তিদের নিয়ে সার্ভিস ট্রলার চলাচল শুরু হয়। তবে নিয়মিত পর্যটকবাহী জাহাজের চলাচল এখনও শুরু হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%