ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হার্ট অ্যাটাকের জরুরি চিকিৎসায় পিছিয়ে বরিশাল, জীবন বাঁচাতে ছুটতে হয় ঢাকা-খুলনায়


হার্ট অ্যাটাকের জরুরি চিকিৎসায় পিছিয়ে বরিশাল, জীবন বাঁচাতে ছুটতে হয় ঢাকা-খুলনায়

হৃদ্‌রোগ চিকিৎসায় আধুনিক বিজ্ঞানের অগ্রগতিতে হার্ট অ্যাটাকের ঝুঁকি মোকাবিলায় এসেছে যুগান্তকারী পরিবর্তন। সময়মতো রোগ শনাক্ত এবং দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা গেলে অনেক রোগীর জীবন বাঁচানো সম্ভব। অথচ দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বিভাগীয় শহর বরিশালে হার্ট অ্যাটাকের জরুরি চিকিৎসা নিয়ে রয়েছে বড় ধরনের সীমাবদ্ধতার অভিযোগ। বিশেষ করে আধুনিক প্রাইমারি পিসিআই (Primary PCI) চিকিৎসাসেবা সহজলভ্য না হওয়ায় সংকটাপন্ন রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা কিংবা খুলনামুখী হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

চিকিৎসাবিজ্ঞানে হার্ট অ্যাটাককে সময়নির্ভর একটি গুরুতর জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করা হয়। এ সময় হৃদ্‌যন্ত্রে রক্ত সরবরাহকারী ধমনিতে রক্ত জমাট বেঁধে রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এতে হৃদ্‌পেশি দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসকদের ভাষায়, ‘Time is Muscle’—অর্থাৎ প্রতিটি মিনিটই হৃদ্‌পেশি রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হার্ট অ্যাটাকের নির্দিষ্ট ধরনের রোগীর ক্ষেত্রে দ্রুত বন্ধ হয়ে যাওয়া রক্তনালি খুলে দেওয়ার অন্যতম কার্যকর চিকিৎসাপদ্ধতি হলো প্রাইমারি পিসিআই বা প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি। জরুরি এনজিওগ্রামের মাধ্যমে আক্রান্ত রক্তনালির ব্লক শনাক্ত করে বেলুন ও প্রয়োজন অনুযায়ী স্টেন্ট বা রিং স্থাপনের মাধ্যমে রক্ত চলাচল স্বাভাবিক করা হয়। তবে এ চিকিৎসার জন্য প্রয়োজন আধুনিক ক্যাথল্যাব, দক্ষ ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং সার্বক্ষণিক প্রশিক্ষিত চিকিৎসক ও কারিগরি জনবল।

বরিশালবাসীর অভিযোগ, সরকারি-বেসরকারি পর্যায়ে এ ধরনের জরুরি চিকিৎসাসেবা পর্যাপ্তভাবে নিশ্চিত না হওয়ায় হার্ট অ্যাটাকের রোগীরা নিজ শহরেই প্রয়োজনীয় চিকিৎসা পাওয়ার অনিশ্চয়তায় পড়ছেন। অনেক ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় অথবা খুলনায় নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

কিছু ক্ষেত্রে রক্তের জমাট গলানোর জন্য থ্রম্বোলাইটিক ওষুধ প্রয়োগের ব্যবস্থা থাকলেও এটি সব ধরনের হার্ট অ্যাটাকের রোগীর জন্য উপযুক্ত নয়। রোগীর শারীরিক অবস্থা, হার্ট অ্যাটাকের ধরন এবং চিকিৎসকের মূল্যায়নের ভিত্তিতে চিকিৎসাপদ্ধতি নির্ধারণ করতে হয়। প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময়ে এনজিওগ্রাম ও অ্যাঞ্জিওপ্লাস্টিও জরুরি হতে পারে।

এ অবস্থায় সংকটাপন্ন রোগীকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে অন্য শহরে নেওয়া কতটা নিরাপদ, তা নিয়েও উদ্বেগ রয়েছে। কারণ হার্ট অ্যাটাকের পর প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। যাতায়াতের প্রস্তুতি, হাসপাতাল নির্বাচন কিংবা অ্যাম্বুলেন্সের অপেক্ষায় সময়ক্ষেপণ রোগীর ঝুঁকি আরও বাড়াতে পারে। বিশেষ করে পথে শারীরিক অবস্থার অবনতি হলে পরিস্থিতি সামাল দেওয়াও কঠিন হয়ে পড়ে।

বরিশাল বিভাগীয় শহর হওয়ায় শুধু মহানগরীর বাসিন্দারাই নন, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনাসহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে চিকিৎসা নিতে আসেন। ফলে বরিশালে আধুনিক জরুরি হৃদ্‌রোগ চিকিৎসার সীমাবদ্ধতা থাকলে এর প্রভাব পড়ে পুরো দক্ষিণাঞ্চলের মানুষের ওপর।

বরিশালের প্রধান সরকারি চিকিৎসাকেন্দ্র শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। পাশাপাশি নগরীতে রয়েছে একাধিক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক। এত গুরুত্বপূর্ণ একটি চিকিৎসাকেন্দ্রিক শহরে হৃদ্‌রোগের মতো জীবনসংকটাপন্ন অবস্থায় আধুনিক জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

বিশেষজ্ঞ চিকিৎসাব্যবস্থার উন্নয়নে শুধু ক্যাথল্যাব স্থাপন করলেই সমস্যার সমাধান হবে না। প্রয়োজন ২৪ ঘণ্টা প্রাইমারি পিসিআই চালুর সক্ষমতা, দক্ষ ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, প্রশিক্ষিত নার্স, টেকনিশিয়ান, জরুরি ওষুধ, প্রয়োজনীয় সরঞ্জাম এবং নিবিড় পরিচর্যা ও জটিলতা মোকাবিলার ব্যবস্থা। একই সঙ্গে জরুরি রোগী ব্যবস্থাপনায় কার্যকর সমন্বয় থাকতে হবে।

যেসব হাসপাতালে এখনো এ ধরনের চিকিৎসাসেবা চালু করা সম্ভব হয়নি, তাদের সঙ্গে ঢাকাসহ খুলনার সক্ষম হাসপাতালগুলোর সমন্বিত রেফারেল ব্যবস্থা গড়ে তোলাও জরুরি। প্রয়োজনে রোগী স্থানান্তরের জন্য বিশেষায়িত অ্যাম্বুলেন্স, চিকিৎসকের পরামর্শ এবং সংশ্লিষ্ট হাসপাতালের সঙ্গে আগাম যোগাযোগ নিশ্চিত করতে হবে, যাতে চিকিৎসার গুরুত্বপূর্ণ সময় নষ্ট না হয়।

এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য প্রশাসন এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছেন স্থানীয় সচেতন মহল। পাশাপাশি সক্ষম বেসরকারি হাসপাতালগুলোকেও আধুনিক হৃদ্‌রোগ চিকিৎসাসেবা সম্প্রসারণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তাঁরা।

সংশ্লিষ্টদের মতে, হৃদ্‌রোগের জরুরি চিকিৎসা কোনো বিলাসিতা নয়, এটি মানুষের জীবন রক্ষার মৌলিক প্রয়োজন। একজন রোগীর আর্থিক সামর্থ্য থাকলেও নিজ শহরে প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ার পরিস্থিতি কোনোভাবেই কাম্য হতে পারে না।

বরিশালবাসীর প্রত্যাশা, হার্ট অ্যাটাকের জরুরি চিকিৎসার জন্য আর যেন অন্য শহরের ওপর নির্ভর করতে না হয়। দক্ষিণাঞ্চলের মানুষের জীবন রক্ষায় বরিশালেই দ্রুত সার্বক্ষণিক প্রাইমারি পিসিআই চিকিৎসাসেবা চালুর কার্যকর উদ্যোগ নেওয়া হোক। কারণ হার্ট অ্যাটাকের ক্ষেত্রে সময় নষ্ট হওয়ার অর্থ হৃদ্‌পেশির ক্ষতি এবং অনেক ক্ষেত্রে জীবন হারানোর ঝুঁকি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাঘাটায় নিম্নচাপ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জলাবদ্ধতায় পাকা ধান সহ সরিষা ও আলুর ক্ষেতের ক্ষতির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

শাহীন আলম, স্টাফ রিপোর্টার

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


সাঘাটায় নিম্নচাপ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জলাবদ্ধতায় পাকা ধান সহ সরিষা ও আলুর ক্ষেতের ক্ষতির শঙ্কা

ঘূর্ণিঝড় ও নিম্নচাপের প্রভাবে গাইবান্ধার সাঘাটা উপজেলায় টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকেরা। বৈরী আবহাওয়া ও বৃষ্টির পানিতে মাঠের কাটা-পাকা রোপা আমন ধানসহ সদ্য আবাদ করা সরিষা ও আলুর ক্ষেতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন চাষিরা।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন ফসলের মাঠে পাকা আমন ধান কেটে সারিবদ্ধভাবে রাখা হয়েছে, আবার কোথাও ধান কাটার অপেক্ষায় রয়েছে। এর মধ্যেই নিম্নচাপের প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় এবং থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরায় মাঠে থাকা ধান শুকানো ও ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। অন্যদিকে, প্রস্তুত করা জমি ও নতুন লাগানো সরিষা ও আলুর ক্ষেতে পানি জমে যাওয়ায় চারা নষ্ট হওয়া ও ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় কৃষকদের ভাষ্য, সারা বছরের কষ্ট ও পুঁজি ঢেলে তাঁরা আমন আবাদ করেছেন এবং রবি মৌসুমের শুরুতে সরিষা ও আলুর চাষ করেছেন। কিন্তু অসময়ের এই বৃষ্টি ও জলাবদ্ধতায় তাঁদের স্বপ্ন ভেসে যাওয়ার উপক্রম হয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না হলে এবং আবহাওয়া স্বাভাবিক না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তাঁরা।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা পরিস্থিতি মোকাবিলায় কৃষি বিভাগের পরামর্শ, দ্রুত জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ এবং প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নন্দীগ্রামে বিস্ফোরক মামলায় গ্রেফতার-১

আন্তর্জাতিক ডেস্ক

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


নন্দীগ্রামে বিস্ফোরক মামলায় গ্রেফতার-১
 
 বগুড়ার নন্দীগ্রামে বিস্ফোরক মামলায় একজনকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ওমর ফারক (৩৫)। সে উপজেলার সদর ইউনিয়নের কইগাড়ি গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। ঘটনার রাতেই কইডালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
জানা গেছে, শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার রনবাঘা বাইপাস এলাকায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার মুখে ৮টি মশাল ও একটি অবিস্ফোরিত ককটেল ফেলে পালিয়ে যান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
 
স্থানীয় সূত্রে জানা যায়, মশাল মিছিল চলাকালে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটান নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কর্মীরা। এসময় বিএনপি নেতা কর্মীরা মিছিলকারীদের ধাওয়া করলে তারা মশাল ও একটি অবিস্ফোরিত ককটেল ফেলে পালিয়ে যান। 
 
সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক এল.আর. বলেন, ‘আমরা তখন অফিসের ভেতরে ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পেয়ে দ্রুত বাইরে বের হয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া করি। এ সময় তাঁরা কয়েকটি মশাল ও একটি অবিস্ফোরিত ককটেল ফেলে পালিয়ে যান। তিনি আরও বলেন, কোনো অপশক্তি যেন কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে বিষয়ে বিএনপির নেতাকর্মীরা সব সময় সতর্ক ও প্রস্তুত রয়েছে। 
 
ঘটনার সত্যতা স্বীকার করে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে আটটি মশাল ও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%