০৬:৪৮ পি.এম
কুষ্টিয়ার কুমারখালী থানা হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মো. ইকবাল শেখ গারো (৪০) নামের এক আসামি। তবে পাশে থাকা আরেক আসামির চিৎকারে দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা। থানার সিসিটিভি ফুটেজেও ঘটনার প্রমাণ মিলেছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ইকবাল শেখ উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকার ইসলাম শেখের ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
পুলিশ জানায়, সোমবার ভোরে জিলাপীতলা এলাকা থেকে ছয়টি মুরগি চুরি করে পালানোর সময় ইকবালকে আটক করা হয়। পরে তাকে থানার হাজতখানায় রাখা হয়। সেখানে সকাল সাড়ে ৬টার দিকে তিনি নিজের পরনের লুঙ্গি ছিঁড়ে দেওয়ালে থাকা লোহার গ্রিলের সঙ্গে বেঁধে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেন।
আরও পড়ুন: কালিকাপুর প্রি-ক্যাডেট স্কুলের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সরকারি নিবন্ধনপ্রাপ্তিতে আনন্দ র্যালি
এ সময় হাজতে থাকা আরেক আসামি বিষয়টি দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা দ্রুত হাজতখানায় ছুটে গিয়ে ইকবালকে উদ্ধার করেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, হাজতখানায় একজন আসামি ঘুমিয়ে ছিলেন। ইকবাল প্রথমে নিজের লুঙ্গি ছিঁড়ে গ্রিলের সঙ্গে বাঁধেন। এরপর গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েন। প্রথমবার ব্যর্থ হওয়ার পর আবারও ফাঁস নেওয়ার চেষ্টা করেন। তখন ঘুমিয়ে থাকা অপর আসামি জেগে উঠে চিৎকার করেন। পরে পুলিশ সদস্যরা এসে তাকে উদ্ধার করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ জুন সদকী ইউনিয়নের দরবেশপুর গ্রামের বিপ্লব হোসেনের খামার থেকে একটি গরু চুরির অভিযোগ রয়েছে ইকবালের বিরুদ্ধে। গরুটির বাজারমূল্য ছিল প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। পরে গরুটি ৫৫ হাজার টাকায় বিক্রি করে সেই টাকা দিয়ে বাবার কুলখানি করার পর তিনি আত্মগোপনে চলে যান বলে অভিযোগ।
চুরি হওয়া গরুর মালিক বিপ্লব হোসেন জানান, ইকবালের বাবা ৫ জুন মারা যান। পরদিন রাতে তার গরু চুরি করে ৭ জুন বিক্রি করা হয়। পরে ওই টাকা দিয়ে ইকবাল তার বাবার কুলখানি করেন বলে তিনি জানতে পারেন। ইকবাল গ্রেপ্তার হওয়ার খবর পেয়ে তিনি থানায় মামলা করতে আসেন।
আরও পড়ুন: কিশোরগঞ্জ উপজেলা সমিতির সংবর্ধনা ও শিক্ষার্থী সমাবেশ কেআইবিতে অনুষ্ঠিত
পুলিশ হেফাজতে ইকবাল বলেন, গরুটি ৫৫ হাজার টাকায় বিক্রি করে তিনি ২৫ হাজার টাকা ভাগ পেয়েছিলেন। এর মধ্যে ১৫ হাজার টাকা বাবার দেনা পরিশোধে দিয়েছেন এবং বাকি টাকা খরচ করেছেন। থানায় নেওয়ার কারণে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেও জানান তিনি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে ইকবাল আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পুলিশের তৎপরতায় তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টার অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন