ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কাউখালীতে দেশীয় মাছের চরম আকাল: সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে


কাউখালীতে দেশীয় মাছের চরম আকাল: সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে

পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের চরম আকাল দেখা দিয়েছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে। হাট-বাজারে দেশীয় মাছের সরবরাহ তলানিতে নামায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে এসব মাছ। একসময় যেসব মাছ ছিল গ্রামীণ জনপদের দৈনন্দিন খাদ্যতালিকার নিয়মিত অনুষঙ্গ, তা এখন অনেকটাই ‘সোনার হরিণ ,এ পরিণত হয়েছে। এতে করে চিরায়ত ‘মাছে-ভাতে বাঙালি’ পরিচিতি এখন কেবল কথার কথা ও স্মৃতিতে সীমাবদ্ধ হয়ে পড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।
সরেজমিনে উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায়, দেশীয় মাছের নাম শুনলেই অনেকের মুখে জল এলেও বাস্তবে বাজারে সেসব মাছের দেখা মিলছে না। বর্তমান প্রজন্মের শিশু-কিশোররা পাঠ্যবইয়ে বিভিন্ন দেশীয় মাছের নাম ও বিবরণ পড়লেও বাস্তবে সেগুলো দেখার ও চেনার সুযোগ পাচ্ছে না। কোন মাছের কী নাম, তা-ও অনেক কিশোর-তরুণ বলতে পারছে না।
স্থানীয় প্রবীণদের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় কাউখালীসহ উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলের মানুষ খাল-বিল, নদী-নালা ও জলাশয়ে নানা কৌশলে মাছ ধরতেন। কাজলী, রুই, কাতলা, মৃগেল, ভেদা, তপশী বোয়াল, চিতল, মাগুর, শিং, শোল, গজার, পাবদা, কৈ, টেংরা, পুঁটি, টাকি, চিংড়ি, মলা-ঢেলা, খলিশা ও কাচকিসহ অন্তত অর্ধশতাধিক প্রজাতির দেশীয় মাছ পাওয়া যেত। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব মাছ দেশের বিভিন্ন অঞ্চলেও পাঠানো হতো।
সংশ্লিষ্টদের মতে, জলাশয় ও খাল-বিল ভরাট, নদনদীর নাব্যতা কমে যাওয়া, নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের অবাধ ব্যবহার এবং পোনা মাছ নিধন দেশীয় মাছের সংকটকে তীব্র করেছে। পাশাপাশি কৃষিজমিতে মাত্রাতিরিক্ত ও নিয়মবহির্ভূত কীটনাশক ও রাসায়নিকের ব্যবহার, জলবায়ুর বিরূপ প্রভাব, জলাবদ্ধতা এবং প্রাকৃতিক বিপর্যয়ও দেশীয় মাছের প্রজনন ও বিস্তারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
কাউখালীর মাছ ব্যবসায়ী সাইদুর রহমান বলেন, বর্ষাকালে কিছু দেশীয় ছোট-বড় মাছ বাজারে আসে, তবে বর্ষা শেষ হতেই সংকট প্রকট হয়। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সারা বছরই দেশীয় মাছ চড়া দামে বিক্রি হয়, যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে থাকে।
এ বিষয়ে কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, অবৈধ জালের ব্যবহার, জলাশয় ভরাট এবং ফসলি জমিতে অতিরিক্ত কীটনাশক প্রয়োগের কারণে দেশীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রগুলো নষ্ট হচ্ছে। দেশীয় প্রজাতির মাছ রক্ষা ও বংশবিস্তারে আমরা নিয়মিত অবৈধ জালবিরোধী অভিযান পরিচালনা করছি। পাশাপাশি উপজেলায় অভয়াশ্রম স্থাপন ও ব্যবস্থাপনা এবং মৎস্যজীবীদের সচেতন করতে প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রজনন মৌসুমে মা ও পোনা মাছ নিধন বন্ধে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ

‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও সমাজকর্মী মোঃ মামুন-অর-রশিদ। ২০১৩ সালে তাঁর হাতেই প্রতিষ্ঠিত বন্ধুত্বপূর্ণ সংগঠন ‘চিরন্তন ফ্রেন্ডস সার্কেল’ তাঁকে এ সম্মাননায় ভূষিত করে। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে বরিশাল নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা তাঁর হাতে এই পদক তুলে দেন।
এর আগে শুক্রবার বিকেল ৩টায় নগরীর চাঁদমারী ঘাট থেকে একটি নৌযানে করে কাটাচামচ বিনোদন স্পটের উদ্দেশে যাত্রা করেন চিরন্তন ফ্রেন্ডস সার্কেলের সদস্যরা। সেখানে পৌঁছে সদস্যদের অংশগ্রহণে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী ‘অন্ধের হাঁড়ি ভাঙা’ খেলা। খেলাধুলা, হাসি-আড্ডা ও আনন্দঘন সময় কাটানোর মধ্য দিয়ে সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হয়। সন্ধ্যার পর অনুষ্ঠিত হয় ইসলামী সাংস্কৃতিক আড্ডা। এতে সঙ্গীত পরিবেশন করে সুফিয়ানা নাশিদ ব্যান্ড দল। তাদের পরিবেশনায় আড্ডাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উপভোগ্য। পরে নৌযানে করে বরিশালে ফিরে নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজন করা হয় দারসুল হাদিস, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন চিরন্তন ফ্রেন্ডস সার্কেলের সভাপতি মোঃ নেয়ামত উল্লাহ, সাধারণ সম্পাদক এন.আই মুরাদ, সাবেক সভাপতি এএসএম আকরাম, নাজমুল হক, নিয়াজ আল মামুন, সিনিয়র সদস্য মাওলানা মোঃ মাইনুদ্দিন, মাওলানা আল আমিনসহ সংগঠনের প্রায় ৩০ জন সদস্য।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চিরন্তন ফ্রেন্ডস সার্কেল প্রতিষ্ঠার মধ্য দিয়ে মোঃ মামুন-অর-রশিদ দীর্ঘদিন ধরে যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ ও সাংগঠনিক বন্ধন তৈরিতে ভূমিকা রেখেছেন, এই পদক তারই স্বীকৃতি। সংগঠনের প্রতিষ্ঠাতাকে তাঁরই গড়ে তোলা সংগঠনের পক্ষ থেকে সম্মানিত করতে পেরে সদস্যরা গর্বিত।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় মোঃ মামুন-অর-রশিদ সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, একটি সংগঠন প্রতিষ্ঠা করা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সেই সংগঠনের সদস্যদের মধ্যে ভালোবাসা, আস্থা ও ঐক্য ধরে রাখা। চিরন্তন ফ্রেন্ডস সার্কেল তাঁর কাছে শুধু একটি সংগঠন নয়, এটি ভালোবাসা, স্মৃতি, আন্তরিকতা ও পারস্পরিক নির্ভরতার একটি পরিবার। এ সম্মাননা তাঁর কাছে বিশেষ আবেগ ও ভালবাসার।
উল্লেখ্য, মোঃ মামুন-অর-রশিদ জাতীয় দৈনিক বর্তমান’র বরিশাল ব্যুরো চিফ, বরিশাল বাণীর প্রকাশক ও সম্পাদক এবং দৈনিক দক্ষিণাঞ্চলের বিশেষ প্রতিনিধি। পাশাপাশি তিনি জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি, অনলাইন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জেলা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক হিসেবে সাংবাদিকদের পেশাগত অধিকার, ঐক্য ও কল্যাণে কাজ করছেন। ১৯৮৪ সালে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বাদলপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ২০০৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করার পর বেসরকারি চাকরির পাশাপাশি সাহিত্যচর্চা ও সাংবাদিকতায় মনোনিবেশ করেন। লেখালেখির স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়েও একাধিক পদক ও সম্মাননা অর্জন করেছেন তিনি। ‘বন্ধুত্ব চিরকাল’ স্লোগানকে ধারন করে প্রতিষ্ঠা করেছিলেন চিরন্তন ফ্রেন্ডস সার্কেল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোনালদো: বিশ্বকাপ জেতার সামর্থ্য হারিয়েছে ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


রোনালদো: বিশ্বকাপ জেতার সামর্থ্য হারিয়েছে ব্রাজিল

একসময় বিশ্ব ফুটবলের সৌন্দর্য, সৃজনশীলতা এবং জাদুকরি খেলার প্রতীক ছিল ব্রাজিল। পেলে, গারিঞ্চা, রোমারিও, রোনালদিনহো থেকে শুরু করে রোনালদো নাজারিও, প্রজন্মের পর প্রজন্ম ধরে নিজেদের নান্দনিক ফুটবল দিয়ে বিশ্বকে মুগ্ধ করেছে সেলেসাওরা। তবে কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও মনে করেন, সময়ের সঙ্গে সঙ্গে সেই চিরচেনা ব্রাজিলিয়ান ফুটবলের জৌলুশ কমেছে।

রোনালদোর মতে, ইউরোপীয় ফুটবলের ধরন অনুসরণ করতে গিয়ে ব্রাজিল তাদের স্বকীয়তা হারাচ্ছে। বর্তমান দলটির মধ্যে বিশ্বকাপ জয়ের মতো শক্তি এবং দলীয় ঐক্যের অভাব রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। সাবেক এই বিশ্বকাপজয়ী তারকা আগামী বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে ব্রাজিলকে দেখছেন না।

একসময় সহজাত প্রতিভা, অসাধারণ ড্রিবলিং, গতি এবং সৃজনশীলতা ছিল ব্রাজিলের ফুটবলের প্রধান পরিচয়। ১৯৫৮ থেকে ২০০২ সাল পর্যন্ত পাঁচটি বিশ্বকাপ জয়ের পথেও এই স্বকীয়তা বড় ভূমিকা রেখেছে। কিন্তু এখন ইউরোপীয় দলগুলোর শারীরিক সক্ষমতা, গতি এবং কৌশলগত শৃঙ্খলার সঙ্গে পাল্লা দিতে গিয়ে ব্রাজিল নিজেদের খেলার ধরন থেকে সরে যাচ্ছে বলে মনে করেন রোনালদো।

তিনি বলেন, ‘আমার মনে হয়, আমরা ইউরোপীয় খেলোয়াড়দের অনুকরণ করছি। আগে নিজেদের প্রতিভার ওপর আমাদের অনেক বেশি আত্মবিশ্বাস ছিল। কিন্তু এখন ইউরোপীয়রা আরও শক্তিশালী, দ্রুতগতির, সুসংগঠিত এবং ভালো ফুটবল খেলছে।’

ব্রাজিলের দুর্বলতা শুধু খেলার ধরনেই সীমাবদ্ধ নয়, দলীয় সংহতির অভাবও বড় সমস্যা বলে মনে করেন রোনালদো। ব্যক্তিগত প্রতিভার বিচারে দলে এখনো বিশ্বমানের ফুটবলার রয়েছেন। তবে সেই প্রতিভাকে একসঙ্গে কাজে লাগিয়ে দল হিসেবে সাফল্য পাওয়ার জায়গায় ঘাটতি দেখছেন তিনি। আর্জেন্টিনার লড়াকু মানসিকতা এবং দলীয় ঐক্যও ব্রাজিলের জন্য তুলনার বিষয় হয়ে উঠেছে।

বর্তমান দলটির বিশ্বকাপ জয়ের সামর্থ্য নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে রোনালদো বলেন, ‘ব্রাজিল বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী নয়। আমাদের দল যথেষ্ট শক্তিশালী নয়, আমরা ঐক্যবদ্ধও নই।’

রোনালদোর এমন মন্তব্য ব্রাজিলের ফুটবল ঐতিহ্য এবং ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কাছে সমর্থকদের প্রত্যাশা বরাবরই বেশি। তবে শুধুমাত্র ব্যক্তিগত প্রতিভা দিয়ে বিশ্বকাপ জেতা সম্ভব নয়, প্রয়োজন দলীয় সংহতি, কৌশলগত শৃঙ্খলা এবং মাঠের ধারাবাহিক পারফরম্যান্স।

তাহলে ব্রাজিলের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো নিজেদের পুরোনো ফুটবলীয় পরিচয় ফিরিয়ে আনার পাশাপাশি আধুনিক ফুটবলের সঙ্গে তাল মেলানো। প্রতিভা এবং নান্দনিকতার সঙ্গে শারীরিক সক্ষমতা এবং দলীয় ঐক্যের সমন্বয় ঘটাতে পারলেই হারানো গৌরব ফিরে পাওয়ার সুযোগ তৈরি হবে সেলেসাওদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে আজহারীর মাহফিলের আগে ৬৫ নারী পকেটমার আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


রাজশাহীতে আজহারীর মাহফিলের আগে ৬৫ নারী পকেটমার আটক

রাজশাহীতে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ৬৫ নারীকে আটক করেছে পকেটমারির অভিযোগে।

শনিবার (২৮ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন আরএমপির মিডিয়া মুখপাত্র ও ডিবি প্রধান গাজিউর রহমান।

তিনি জানিয়েছেন, তাফসির মাহফিলে বিপুলসংখ্যক মানুষের সমাগমের কারণে পকেটমারির আশঙ্কা থাকায় পুলিশের বিশেষ গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এই সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে এবং পকেটমারির সঙ্গে জড়িত থাকার সন্দেহে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৬৫ নারীকে আটক করা হয়।

আটক নারীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে তাফসির মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ ড. মিজানুর রহমান আজহারীর।

রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%