ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সাভারে শ্রমিক আন্দোলনে ভাঙচুরের মামলায় দুই নেতা গ্রেপ্তার


সাভারে শ্রমিক আন্দোলনে ভাঙচুরের মামলায় দুই নেতা গ্রেপ্তার

সাভার-আশুলিয়ায় অব্যাহত শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে পোশাক কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ দুই শ্রমিক নেতা গ্রেপ্তার করেছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে সাভারের কাতলাপুর এলাকা থেকে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের কার্যালয়ে অভিযান চালিয়ে সংগঠনের সাভার উপজেলা কমিটির সভাপতি ইমদাদুল ইসলাম এমদাদ ও সদস্য দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: ঢাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, গত ১ নভেম্বর দুপুর থেকে বিকেল পর্যন্ত শ্রমিক আন্দোলনের সময় বহিরাগতরা সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় একেএইচ গ্রুপের একটি কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।

এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ অজ্ঞাতনামা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করে। মামলার তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর এমদাদ ও দুলালকে গ্রেপ্তার করা হয় এবং শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, দুই শ্রমিক নেতার গ্রেপ্তারের ঘটনায় বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, "চলমান শ্রমিক আন্দোলন দমনে পুলিশ শ্রমিক ও শ্রমিক নেতাদের গণগ্রেপ্তার ও হয়রানি করছে।" তিনি অবিলম্বে গ্রেপ্তার শ্রমিক নেতা ও শ্রমিকদের মুক্তির দাবি জানান।

তিনি আরো বলেন, "শ্রমিক ও শ্রমিক নেতাদের গ্রেপ্তার করে আন্দোলন দমানো সম্ভব নয়। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ও নেতিবাচক বার্তা ছড়িয়ে পড়তে পারে।" ফলে শ্রমিক অসন্তোষ আরো বাড়ার আশঙ্কা রয়েছে। মালিক, শ্রমিক ও শ্রমিকনেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রমিকদের কাজে ফেরানো সম্ভব।

আরও পড়ুন: ঐক্যের আহ্বানের আড়ালে হুমকি নয়, রাজনৈতিক সম্মান ও দায়িত্বশীলতা দাবি

শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সবুজ মিয়া জানান, মামলায় এ পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তার সুনির্দিষ্ট সংখ্যা জানতে মামলার নথি দেখতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইকাও বাংলাদেশের বিমান খাতের উন্নয়ন ও বিনিয়োগে সহযোগিতা বাড়াতে সম্মত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০১ এম


আইকাও বাংলাদেশের বিমান খাতের উন্নয়ন ও বিনিয়োগে সহযোগিতা বাড়াতে সম্মত

বাংলাদেশের বিমান পরিবহন খাতের উন্নয়ন, বিনিয়োগ আকর্ষণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা জোরদার করার বিষয়ে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও) সম্মত হয়েছে।

কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত আইকাও অ্যাসেম্বলির ৪৩তম বিশেষ অধিবেশনের সাইডলাইনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত আইকাও মহাসচিব জুয়ান কার্লোস সালাজার গোমেজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

শুক্রবারের এই বৈঠকে বাংলাদেশের বিমান পরিবহন খাতের উন্নয়ন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, পরিবেশগত স্থায়িত্ব এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

আইকাও মহাসচিব বৈঠকে জানান, বিশ্বব্যাপী বিমান পরিবহন খাতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আগামী ২৫ বছরে প্রায় ১০ ট্রিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রয়োজন হবে। এই লক্ষ্য পূরণের জন্য বিমানবন্দর অবকাঠামো এবং বিমান পরিবহনসেবার উন্নয়নে বেসরকারি খাতের অংশগ্রহণ ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আইকাও মহাসচিব বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে দেশটির সংস্থাটির সঙ্গে সম্পৃক্ততা আরও বাড়ানোর আহ্বান জানান। তিনি পরিবেশগত স্থায়িত্ব ও অ্যাডভান্সড এয়ার মোবিলিটির মতো নতুন প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশের কাজ করার সুযোগের কথাও উল্লেখ করেন।

অন্যদিকে, বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত আইকাওয়ের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, "দেশে আধুনিক, নিরাপদ ও টেকসই বিমান পরিবহন খাত গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।"

মন্ত্রী এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বাড়াতে আইকাওয়ের সহযোগিতা চান। বিশেষ করে কারিগরি দক্ষতা উন্নয়ন, বিমান চলাচলের নিরাপত্তা তদারকি, পরিদর্শকদের প্রশিক্ষণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সংস্থাটির সহায়তা কামনা করেন তিনি।

বিমানমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিমান পরিবহন খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেন। এ খাতের অগ্রগতিতে প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে বাংলাদেশের বিমান পরিবহন খাতের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে কারিগরি সহযোগিতা, বিনিয়োগ সম্প্রসারণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে উভয় পক্ষ।

এ সময় কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. জসীম উদ্দিনসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একদিনেই শান্ত হলো গোপালগঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০২ এম


একদিনেই শান্ত হলো গোপালগঞ্জ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হত্যা, নাশকতা ও আগুন-সন্ত্রাস মোকাবিলায় জাতি আবার ঐক্যবদ্ধ হয়েছে। ঐক্যের এই সুর বাজতে শুরু করতেই থেমে গেছে অসুরের সকল নৈরাজ্য, সন্ত্রাস ও অপতৎপরতা। নারায়ণগঞ্জ, গাজীপুর ও আশুলিয়া সহ বিভিন্ন শিল্পাঞ্চল ইতোমধ্যে শান্ত ও কর্মমুখর হয়ে উঠেছে। শ্রমিক অসন্তোষ থেমে গেছে। ঠিক তেমনি উত্তপ্ত গোপালগঞ্জও একদিনেই একেবারে শান্ত হয়ে গেছে। যোগাযোগব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। গোপালগঞ্জ থেকে দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে। হাট-বাজার ও দোকানপাট স্বাভাবিক নিয়মে চলছে। সব মিলিয়ে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে।

গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দিল্লিতে বসে দেশের অস্থিতিশীলতার জন্য নানা অপতৎপরতা চালাচ্ছেন। ডিসেম্বরে দেশে আসার ঘোষণা দিয়ে দলের নেতাকর্মীদের সক্রিয় করার চেষ্টা করছেন। নির্দেশনা দিয়ে বিপুল অর্থ ব্যয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে চেয়েছেন। তার নির্দেশে গত কয়েকদিন ধরে দেশের অন্তত ২৯ জেলায় হামলা, ভাঙচুর, পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগসহ নাশকতা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত এ দলটির ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও হামলার ঘটনায় নড়াইলে বিএনপির দুই নেতাসহ ৫ জন নিহত হয়েছে। তারা একের পর এক সহিংসতা সৃষ্টি করে বর্তমান ও সাবেক তিন সংসদ সদস্যসহ ১৪ জনের বাড়িতে আগুন দিয়েছেন। হামলা ও অগ্নিসংযোগের শিকার হয়েছে একটি ট্রেন এবং ২০টি বাস, ট্রাক ও পিকআপভ্যান। বাদ যায়নি দুটি ইউনিয়ন পরিষদ কার্যালয়, এক ভূমি অফিস ও গ্রামীণ ব্যাংকের সাতটি কার্যালয়ও। শুধু তাই নয়, দিল্লিতে বসে নির্দেশনা দিয়ে এদেশের প্রধান রফতানিখাত তৈরি পোশাক শিল্পেও অস্থিরতা তৈরির চেষ্টা চালানো হয়েছে।

তবে দিল্লির প্রেসক্রিপশনে পরিচালিত আগুন সন্ত্রাসসহ উদ্ভূত পরিস্থিতি সরকার অত্যন্ত ধৈর্য্যরে সাথে মোকাবেলা করেছে। গোপালগঞ্জ ইস্যুকে বিশেষ গুরুত্বের সাথে নিয়ে সরকার অত্যন্ত সুকৌশলে সব প্রতিরোধ করেছে। সারা দেশে গত ১২ দিনে থানায় হামলাসহ ৭৮ বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনী শান্ত থেকে তা মোকাবেলা করেছে। আওয়ামী সন্ত্রাসীদের উস্কানিতে তারা অতিরিক্ত বল প্রয়োগ করেনি। পুলিশের উপর আক্রমণ হওয়ার পরও তারা একটি গুলিও ছোড়েনি। অনেকে এটিকে পুলিশের নির্লিপ্ততা বলে সমালোচনা করছেন। তবে সরকার আওয়ামী লীগের নাশকতা ও আগুন সন্ত্রাসকে যে কৌশলে মোকাবেলা করেছে তা এখন সর্বমহলে প্রশংসিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর বলপ্রয়োগ বা পাল্টা আক্রমণে না যাওয়ায় বড় ধরনের প্রাণহানি এবং রক্তক্ষয়ী সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। তারা মনে করেন, এখন গোপালগঞ্জে পুরোপুরি শান্তি ফিরিয়ে আনতে সহিংসতা ও ধ্বংসযজ্ঞের পেছনে কারা জড়িত তা নির্মোহভাবে তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা প্রয়োজন। কোনো নিরপরাধ নাগরিক যেন গণমামলা বা হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার ধৈর্য ধরলেও সাধারণ মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা বিঘ্নিত হলে ছাড় দেয়া হবে না। ইতিমধ্যে, সিসিটিভি ও ভিডিও ফুটেজ দেখে নাশকতাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের সংযমী অবস্থান প্রশংসনীয় হলেও অনির্দিষ্টকালের জন্য কোনো জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণহীন রাখা ঝুঁকিপূর্ণ। পাল্টা সহিংসতা এড়িয়ে দ্রুততম সময়ের মধ্যে গোপালগঞ্জে প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ।

অবশ্যই সরকার আওয়ামী লীগ তথা পতিত ফ্যাসিবাদকে মোকাবেলায় খুবই প্রাজ্ঞতার পরিচয় দিয়েছে। অতিরিক্ত বল প্রয়োগ না করে যেমন রক্তক্ষয়ী সংঘর্ষ এড়িয়েছে, তেমনি সরকার ধৈর্যধরে জনমতও তার পক্ষে নিতে পেরেছে। এরপর গোপালগঞ্জসহ সারাদেশের পরিস্থিতি মোকাবিলায় সংসদে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই আহ্বানে সাড়া দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে আওয়ামী লীগের সন্ত্রাস মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে অভিন্ন অবস্থান তৈরি হয়েছে। এতে রাজনৈতিক অঙ্গনে স্বস্তির সুবাতাস ফিরে এসেছে।

পতিত আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতে চব্বিশের সেই সব ফ্যাসিবাদবিরোধী শক্তি আবার ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে। বর্তমান সরকারি দল, বিরোধীদলসহ অন্যান্য দলগুলো যার যার অবস্থান থেকে পৃথক কর্মসূচি নিয়ে রাজপথে সক্রিয় থাকার কথা বলেছে। ইতোমধ্যে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ৪০ দিনের এবং বিএনপি ডিসেম্বর ঘিরে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান তার সমাপনী বক্তব্যে বলেন, আসুন চব্বিশে আমরা যেভাবে পতিত পলাতক স্বৈরাচারকে এ দেশ থেকে বিতাড়িত করেছিলাম সেই একই চেতনায় আমরা আবারও তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই। ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে আমরা সবাই একই কাতারে ছিলাম। এখন ঐক্যের জায়গায় দুর্বলতা তৈরি হওয়ায় ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিচ্ছে। দেশের বৃহত্তর স্বার্থে আগের ঐক্যের জায়গায় ফিরে আসতে হবে। ঐক্যবদ্ধভাবে আমরা পলাতক ফ্যাসিবাদী শক্তিকে মোকাবিলা করবো। আওয়ামী লীগের যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সব সময় মাঠে থাকবে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগের যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে আমরা সর্বশক্তি নিয়ে মাঠে নামব। তবে সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারকে অবশ্যই কঠোর হতে হবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সংসদে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মাধ্যমে যে ঐক্যের আহবান জাতি পেয়েছে তা রাজনীতি ও দেশের জন্য অবশ্যই ইতিবাচক। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবে রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সেটিই বাংলাদেশের রক্ষাকবচ। সেই চেতনাকে ধারণ করেই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

গোপালগঞ্জের নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় সংসদ সদস্যদের ভূমিকা এলাকায় ব্যাপক সমালোচিত হচ্ছে। যেকোনো এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে নির্বাচিত সংসদ সদস্যদের নৈতিক ও রাজনৈতিক দায়বদ্ধতা থাকে। কিন্তু গোপালগঞ্জের তিনজন সংসদ সদস্যদের বেলায় সেটা অনুপস্থিত বলে স্থানীয় ভুক্তভোগীরা প্রকাশ্যে বলাবলি করছেন। আমাদের সংবাদদাতা জানান, গতকাল কাশিয়ানি হাসপাতাল মোড় মনার খাবার হোটেল, একসাথে আড্ডা হচ্ছে ২০/২৫ জন মিলে। এরা কেউ আর আন্দোলনমুখী নয়। তাদের মতে, স্থানীয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, উত্তেজনা প্রশমন করা এবং সাধারণ মানুষকে সহিংসতা থেকে বিরত রাখতে জনপ্রতিনিধিদের আরও সক্রিয় ও দৃশ্যমান ভূমিকা পালনের সুযোগ ছিল। সময়মতো কার্যকর রাজনৈতিক সংলাপ ও হস্তক্ষেপ থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যেত বলে তারা মনে করেন। কিন্তু যারা করবে তারা নিজেরাই নিরাপত্তাহীনতায় এলাকা ছেড়েছেন। অন্যদিকে, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমর্থকদের ভাষ্যমতে, আকস্মিক ও বহুমুখী অস্থিরতার মুখে পরিস্থিতি তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করা কঠিন ছিল এবং এককভাবে জনপ্রতিনিধিদের ওপর এর সম্পূর্ণ দায় চাপানো যুক্তিসঙ্গত নয়। সচেতন নাগরিকদের মতে, এই পরিস্থিতিতে সাধারণ মানুষের বক্তব্য হওয়া উচিত আবেগতাড়িত না হয়ে বাস্তবমুখী এবং গঠনমূলক। ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেয়ার পাশাপাশি প্রকৃত দোষীদের চিহ্নিত করা এবং নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সোচ্চার থাকাই এখন সাধারণ মানুষের প্রধান দায়িত্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তৌফিকের নেতৃত্বে প্রধানমন্ত্রীর জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসামগ্রী বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৩ এম


তৌফিকের নেতৃত্বে প্রধানমন্ত্রীর জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসামগ্রী বিতরণ

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষাসামগ্রী বিতরণ করেছে। এই কার্যক্রমের নেতৃত্ব দেন চাকসুর যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) আইয়ুবুর রহমান তৌফিক।

শুক্রবার (২০ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনসংলগ্ন একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালিত ক্লাসরুমে শিশুদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।

এই উপলক্ষে আইয়ুবুর রহমান তৌফিক বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের অত্যন্ত ভালোবাসেন। তিনি সবসময় শিশুদের আগামীর বাংলাদেশ হিসেবে উল্লেখ করেন। আপনারা দেখেছেন, আজ তাঁর জন্মদিনেও তিনি শিশুদের উপহার দিয়েছেন। শিশুদের প্রতি তাঁর ভালোবাসা ও এমন উদ্যোগে অনুপ্রাণিত হয়ে আমরা সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছি। আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশুর শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং তাদের স্বপ্ন দেখার পরিবেশ তৈরি করা আমাদের দায়িত্ব।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন ফারহান ও আকিজ মাহমুদ, জলবায়ুবিষয়ক সম্পাদক আব্দুর রহমান, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তৈমুরসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, শিশুদের শিক্ষা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাজীবনে উৎসাহ জোগাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গফরগাঁওয়ে প্রায় ৬ কিলোমিটার সড়ক সংস্কার কাজের উদ্বোধন, স্বস্তির আশায় এলাকাবাসী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৩ এম


গফরগাঁওয়ে প্রায় ৬ কিলোমিটার সড়ক সংস্কার কাজের উদ্বোধন, স্বস্তির আশায় এলাকাবাসী

ময়মনসিংহের গফরগাঁওয়ে দীর্ঘদিন ধরে চলা যোগাযোগের সমস্যা সমাধানের উদ্দেশ্যে প্রায় ৬ কিলোমিটার সড়ক সংস্কার ও প্রশস্তকরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে এই গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজ শুরু হওয়ায় দক্ষিণ গফরগাঁওয়ের বাসিন্দাদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) গফরগাঁও জিসি–বাইরহাটি জিসি সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। প্রকল্পের আওতায় সড়কটির ৭ হাজার ৬২০ মিটার থেকে ১৩ হাজার ৫০০ মিটার চেইনেজ পর্যন্ত মোট ৫ দশমিক ৮৮ কিলোমিটার অংশ সংস্কার ও প্রশস্ত করা হবে।

দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে দক্ষিণ গফরগাঁওয়ের বিভিন্ন এলাকার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক ও সাধারণ যাত্রীদের প্রতিদিনের চলাচলে নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। সড়কের দুরবস্থার কারণে কৃষিপণ্যসহ বিভিন্ন মালামাল পরিবহনেও প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে।

স্থানীয়দের প্রত্যাশা, সংস্কার ও প্রশস্তকরণের কাজ সম্পন্ন হলে এ অঞ্চলের যোগাযোগব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হবে। এতে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য বাজারজাতকরণ, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং শিক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ আরও সহজ হবে।

এলাকাবাসী মনে করছেন, জনগুরুত্বপূর্ণ সড়কটির উন্নয়ন দক্ষিণ গফরগাঁওয়ের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার করবে। একই সঙ্গে আশপাশের এলাকার মানুষের দৈনন্দিন চলাচলেও ইতিবাচক পরিবর্তন আসবে। দীর্ঘদিনের প্রতীক্ষিত সড়কটির উন্নয়নকাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তবে জনদুর্ভোগের স্থায়ী সমাধানে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হওয়ার প্রত্যাশা তাঁদের।

এদিকে দক্ষিন গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় (চন্দ্র ভিটা) হাজী জালাল উদ্দিনের ছেলে মো. সুজন মিয়া জানান, "প্রায় ৯ মাসে গফরগাঁও দুই উপজেলায় ব্যাপক উন্নয়নের কাজ পুরোদমে চলছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%