ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সাদা শার্টের ভেতরে প্রধানমন্ত্রী, নাগরিকদের সঙ্গে সৌজন্য বিনিময়


সাদা শার্টের ভেতরে প্রধানমন্ত্রী, নাগরিকদের সঙ্গে সৌজন্য বিনিময়

একটি সাদা শার্ট। একটি অনাড়ম্বর দৃশ্য। তবে এর ভেতরেই যেন প্রকাশ পায় ক্ষমতার এক ভিন্ন পাঠ। সচিবালয় থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পাশে রয়েছেন মেয়ে জাইমা রহমান।

একুশে পদক প্রদান অনুষ্ঠান শেষে তারা হেঁটে ফিরছেন। সেখানে রাজকীয় বহরের কোনো দৃশ্যমান আয়োজন নেই। ক্ষমতার চেনা জাঁকজমকও অনুপস্থিত। বরং রয়েছে বাবা-মেয়ের পাশাপাশি পথচলা এবং প্রধানমন্ত্রীর গায়ে একটি সাদা শার্ট।

দৃশ্যটি সাধারণ মনে হলেও, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এমন অনাড়ম্বর মুহূর্ত বিরল। কারণ, এই দেশে ক্ষমতা প্রায়ই নিজেকে প্রকাশ করে দূরত্বে, আয়োজনে এবং দৃশ্যমান আড়ম্বরে। এখানে এই সাধারণ পথচলা অন্য একটি বার্তা দেয়। মনে করিয়ে দেয়, ক্ষমতার উচ্চতায় থেকেও মানুষের নাগালে থাকা যায়। রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা অবস্থায়ও ব্যক্তিগত সরলতা হারিয়ে যেতে হয় না।

আরও পড়ুন: ঢাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

সেদিন আমার চোখে তাই শুধু একজন প্রধানমন্ত্রী ধরা পড়েননি। বরং ধরা পড়েছিল একটি সাদা শার্ট, যেন অনাড়ম্বরতার এক নীরব প্রতীক।

আমি জানি না, প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত সাদা শার্ট পরেন কেন। এর পেছনে কোনো দর্শন আছে কিনা, তাও জানি না। পোশাক দিয়ে মানুষের চরিত্রের মাপ নেওয়া যায় না। তবে কিছু দৃশ্য ভাবনার জন্ম দেয়। আমাদের রাজনীতিতে ক্ষমতা মানেই যেখানে দূরত্ব, সেখানে অনাড়ম্বর উপস্থিতি আলাদা করে চোখে পড়ে।

ঢাকার যানজটে প্রধানমন্ত্রীকে নিজেই গাড়ি চালাতে দেখা গেছে। পাশে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। লালবাতিতে গাড়ি থেমেছে। পথচারীদের দিকে হাত নেড়ে অভিবাদন জানিয়েছেন। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। প্রথমে বিশ্বাস করতে কষ্ট হয়েছে।

কারণ, আমাদের স্মৃতিতে প্রধানমন্ত্রীর যাত্রা মানেই রাস্তা ফাঁকা, দীর্ঘ গাড়িবহর, সাইরেন এবং অসংখ্য মানুষের অপেক্ষা।

আরও পড়ুন: ঐক্যের আহ্বানের আড়ালে হুমকি নয়, রাজনৈতিক সম্মান ও দায়িত্বশীলতা দাবি

এই চেনা দৃশ্যপটের বিপরীতে সিগন্যালে দাঁড়িয়ে থাকা একজন প্রধানমন্ত্রী অন্য রকম রাজনৈতিক বার্তা দেয়। রাস্তা কারও একার নয়। প্রধানমন্ত্রীরও নয়। রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীও নাগরিকদের মতো একই শহরের বাসিন্দা। এই উপলব্ধি ছোট নয়।

রমনা ট্রাফিক বিভাগের একজন এডিসির সঙ্গে এক আলাপে বিষয়টি আরও স্পষ্ট হয়েছিল। তার কাছেই শুনেছি, প্রধানমন্ত্রীর চলাচল নিয়ে আগের মতো দীর্ঘ প্রস্তুতি কিংবা আগাম রাস্তা ফাঁকা করার প্রয়োজন অনেক ক্ষেত্রে হচ্ছে না। কাকরাইলের একটি ঘটনার কথাও বলেছিলেন তিনি। দায়িত্ব পালনকালে প্রধানমন্ত্রীর গাড়ি থেমেছিল। তাকে কাছে ডেকে কুশল বিনিময় করেছেন। কাজের খোঁজ নিয়েছেন। উৎসাহ দিয়েছেন। নিজের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়েছেন।

এডিসি সাহেবের কাছে ঘটনাটি ছিল প্রায় অবিশ্বাস্য। তার কণ্ঠে সেই বিস্ময় তখনো ছিল। বলেছিলেন, ঘটনাটি তাকে দায়িত্ব পালনে নতুনভাবে অনুপ্রাণিত করেছে। ভাবুন, যার জন্য একসময় রাস্তা ফাঁকা রাখার কথা, সেই প্রধানমন্ত্রীই থামলেন রাস্তার দায়িত্বে থাকা একজন কর্মকর্তার জন্য। মানুষটির শ্রমকে স্বীকৃতি দিলেন। রাষ্ট্রের সঙ্গে নাগরিকের সম্পর্ক কখনো কখনো এমন একটি সৌজন্যেই নতুন অর্থ পায়।

এখানে আমার মনে পড়ে জাক দেরিদার কেন্দ্রের ধারণা। ক্ষমতা সব সময় নিজেকে কেন্দ্র করে পৃথিবীকে সাজাতে চায়। অথচ গণতন্ত্রের সৌন্দর্য হলো, সেই কেন্দ্রকে নাগরিকের দিকে সরিয়ে দেওয়া। প্রধানমন্ত্রী যদি নিজের যাত্রাকে শহরের অন্য মানুষের জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে না করেন, তবে সেটি কেবল ব্যক্তিগত বিনয় নয়; ক্ষমতার একটি ভিন্ন অনুশীলন।

আরও পড়ুন: রনজিতের সভাকাণ্ডের ব্যানার হাতে দাঁড়ানো ওমর ফারুক অবশেষে পুলিশের খাঁচায়

একে বলা যায় ক্ষমতার বিকেন্দ্রীকরণ। রাষ্ট্রকে নিজের চারপাশে ঘোরানোর বদলে নিজেকে রাষ্ট্রের মানুষের মধ্যে মিশিয়ে দেওয়া।

প্রশাসনিক আচরণেও এমন কিছু সংকেত দেখা যাচ্ছে। নির্ধারিত সময়ে সচিবালয়ে উপস্থিতি, বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন, লিফটের বদলে সিঁড়ি ব্যবহার, অপ্রয়োজনে কক্ষের বাতি বন্ধ রাখা কিংবা শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি বা তার ওপরে রাখার নির্দেশ। শুনতে সামান্য। কিন্তু রাষ্ট্রের সংস্কৃতি গড়ে ওঠে এমন সামান্য অনুশীলনেই। জনগণের অর্থ ব্যবহারে সংযম, সময়ের মূল্য এবং প্রশাসনিক শৃঙ্খলা—এসব বিষয়ে নেতৃত্বের ব্যক্তিগত আচরণও গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজের খরচ নিয়েও আলোচনা হয়েছে। তার খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে—এমন বক্তব্য সংসদে আলোচনায় এসেছিল। সেই বক্তব্যের সূত্র ধরেই সংশ্লিষ্ট নেতাকে একদিন একসঙ্গে দুপুরের খাবারের আমন্ত্রণ জানানোর ঘটনাও সংবাদে এসেছে। খাবারের দাম দিয়ে মানুষের মহত্ত্ব মাপা যায় না। তবে ক্ষমতার সঙ্গে ভোগের সম্পর্কটি গুরুত্বপূর্ণ। পদ যত বড় হবে, ব্যক্তিগত বিলাসও তত বাড়তে হবে—এমন ধারণা থেকে বেরিয়ে আসার প্রয়োজন আছে।

প্রখ্যাত সুরকার প্রিন্স মাহমুদের সঙ্গে এক আড্ডায় তারেক রহমানের প্রসঙ্গ উঠেছিল। তার ব্যক্তিগত অভিজ্ঞতা জানতে চেয়েছিলাম। প্রিন্স মাহমুদ বলেছিলেন, মানুষটি অত্যন্ত বিনয়ী। অল্প সময় কথা বললেই তার সৌজন্যবোধ বোঝা যায়। তার পোষা বিড়াল জেবুর প্রতি মমতার কথাও সংবাদমাধ্যমে এসেছে। এসব কোনো রাজনৈতিক যোগ্যতার মাপকাঠি নয়। তবে মানুষের সংবেদনশীলতার কিছু অনুষঙ্গ নিশ্চয়ই।

আরও পড়ুন: গফরগাঁওয়ে প্রায় ৬ কিলোমিটার সড়ক সংস্কার কাজের উদ্বোধন, স্বস্তির আশায় এলাকাবাসী

তবে আমার কাছে ব্যক্তিগত সরলতা কিংবা সৌজন্যের চেয়েও বড় যে বিষয় সেটি হচ্ছে প্রতিহিংসা ও ন্যায়বিচারের প্রশ্ন। তারেক রহমান নিজেই নির্যাতন ও দীর্ঘ নির্বাসনের অভিজ্ঞতার কথা বলেছেন। তার রাজনৈতিক জীবনের ক্ষতও কম নয়। অথচ বিভিন্ন সময়ে ব্যক্তিগত প্রতিশোধের অসারতা নিয়ে কথা বলেছেন। হারানো সময় প্রতিশোধে ফিরে আসে না। ক্ষতিও পূরণ হয় না। ২০২৪ সালের ৫ আগস্টের পরও তার আহ্বান ছিল প্রতিহিংসা পরিহার এবং আইন নিজের হাতে তুলে না নেওয়া।

রাজনীতিতে এই অবস্থানের তাৎপর্য আছে। ক্ষমতার পালাবদলের পর প্রতিশোধ প্রায়ই ন্যায়বিচারের ভাষা ধার করে। অথচ প্রতিশোধ আর বিচার এক নয়। প্রতিশোধ ব্যক্তিগত আক্রোশের সম্প্রসারণ। বিচার রাষ্ট্রের দায়িত্ব। অপরাধের অভিযোগ থাকলে তদন্ত হবে। প্রমাণের ভিত্তিতে বিচার হবে। অপরাধী যে-ই হোক, আইনের মুখোমুখি হতে হবে। ব্যক্তিগত প্রতিহিংসা পরিহারের অর্থ অপরাধের দায় মুছে দেওয়া নয়। বরং ন্যায়বিচারকে প্রতিহিংসার হাত থেকে রক্ষা করা। ক্ষমতার আসল পরীক্ষা প্রতিপক্ষকে কতটা পরাস্ত করা গেল, তা নয়; প্রতিপক্ষের প্রতি নিজের ক্ষমতা কতটা সংযত রাখা গেল, সেটিও।

গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নেও কিছু ইতিবাচক সংকেত আছে। ২০২৪ সালের ১১ আগস্ট কার্টুনিস্ট মেহেদী হকের একটি কার্টুন নিজের ফেসবুক পেজে শেয়ার করে রাজনৈতিক কার্টুনের স্বাধীনতা ফিরে আসার কথা বলেছিলেন তারেক রহমান। ২০২৫ সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসেও সাংবাদিকের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে অবস্থান জানান।

গণতন্ত্রে ক্ষমতাবানের একটি বড় যোগ্যতা হলো নিজের বিরুদ্ধে বলা কথাও সহ্য করতে পারা। তবে একটি কার্টুন শেয়ার করলেই গণমাধ্যম স্বাধীন হয় না। তার জন্য প্রয়োজন স্বাধীন প্রতিষ্ঠান, সাংবাদিকের নিরাপত্তা, কার্যকর আইন এবং রাষ্ট্রের সমালোচনা করার বাস্তব সুযোগ।

আরও পড়ুন: তৌফিকের নেতৃত্বে প্রধানমন্ত্রীর জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসামগ্রী বিতরণ

এই লেখাটি কোনো আনুগত্যের দলিল নয়। তারেক রহমানের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় নেই। কখনো দেখা হয়নি। কিছু ঘটনা দেখেছি। কিছু কথা শুনেছি। কিছু বক্তব্য পড়েছি। সেগুলো আমাকে ভাবিয়েছে। সেই ভাবনা থেকেই এই লেখা। মুগ্ধতা থাকতে পারে। মতভেদও থাকবে। সমালোচনা হবে। প্রশ্ন উঠবে। এটাই গণতন্ত্রের স্বাভাবিক ব্যাকরণ।

একজন প্রধানমন্ত্রী সাদা শার্ট পরেন, নিজে গাড়ি চালান, সিগন্যালে দাঁড়ান, মানুষের সঙ্গে সৌজন্য বিনিময় করেন—এসব অবশ্যই ইতিবাচক। কিন্তু ব্যক্তিগত সরলতা রাষ্ট্র পরিচালনার সাফল্যের বিকল্প নয়। বিনয় দুর্নীতি দূর করে না। ভালো ব্যবহার অর্থনীতির সংকট সমাধান করে না। অনাড়ম্বর জীবনযাপন দিয়ে বিচারব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত হয় না। শেষ পর্যন্ত তাকে মাপতে হবে অর্থনীতি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা, মানবাধিকার এবং সুশাসনের মানদণ্ডে।

তবু আচরণের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। ক্ষমতাবানের আচরণ অনেক সময় প্রশাসনের ভাষা হয়ে ওঠে। তার সংযম অন্যদের সংযত করতে পারে। তার অসহিষ্ণুতা ছড়িয়ে পড়তে পারে প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানে। রাষ্ট্রের একটি মন আছে। সেই মন গড়ে ওঠে ক্ষমতাবানের প্রতিদিনের ব্যবহারে।

নাগরিকের সঙ্গে দূরত্বে। ভিন্নমত গ্রহণের ক্ষমতায়। ভুল স্বীকারের সাহসে। লালনের সেই পঙ্‌ক্তি মনে পড়ে—‘মানুষ ভজলে সোনার মানুষ হবি।’ রাজনীতিরও শেষ গন্তব্য মানুষ। রাষ্ট্রের সব ক্ষমতা, প্রতিষ্ঠান ও আয়োজন মানুষের মর্যাদা রক্ষার জন্যই।

আরও পড়ুন: আইকাও বাংলাদেশের বিমান খাতের উন্নয়ন ও বিনিয়োগে সহযোগিতা বাড়াতে সম্মত

সাদা শার্ট তাই আমার কাছে কোনো রাজনৈতিক প্রতীক নয়। এটি একটি দৃশ্যের স্মৃতি। একটি ভাবনার সূত্র। এই শুভ্রতার দাবি তার কাজে প্রতিফলিত হোক। শাসনে। ন্যায়বিচারে। নাগরিকের সঙ্গে সম্পর্কে। সমালোচনা সহ্য করার ক্ষমতায়। একজন প্রধানমন্ত্রী কত বড়, তা মাপব না তার সামনে কতজন মাথা নোয়ালেন, তা দিয়ে। দেখব, তিনি নিজে কোথায় মাথা নোয়াতে জানেন—মানুষের মর্যাদার সামনে, আইনের সামনে, গণতন্ত্রের সামনে।

আজ ২০ নভেম্বর। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন। তাকে জন্মদিনের শুভেচ্ছা।

মাহমুদ দিদার

ফিল্ম মেকার , ভিজুয়াল স্ট্রাটেজিস্ট , রাজনীতি পর্যবেক্ষক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঐক্যের আহ্বানের আড়ালে হুমকি নয়, রাজনৈতিক সম্মান ও দায়িত্বশীলতা দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৯ এম


ঐক্যের আহ্বানের আড়ালে হুমকি নয়, রাজনৈতিক সম্মান ও দায়িত্বশীলতা দাবি

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হকের ফেসবুক পোস্টের শিরোনাম ‘জামায়াত, এনসিপি এন্ড *৯ আদার্স’ নিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এই নিন্দা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী জাতীয় সংসদে জাতীয় ঐক্যের আহ্বান জানানোর একদিন পর তার সহকারী প্রেস সচিবের ‘সময় এলে হিসাব মেলানো হবে’- এ ধরনের বক্তব্য অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, স্ববিরোধী ও বিভেদ সৃষ্টিকারী। তিনি প্রশ্ন করেন, "তিনি কী বিএনপি কিংবা প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক মুখপাত্র?" যদি না হন, তাহলে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য সম্পর্কে এ ধরনের বক্তব্য দেওয়ার এখতিয়ার তাকে কে দিয়েছে, দেশবাসী তা জানতে চায়। তিনি বিএনপিকে এ বক্তব্যের বিষয়ে স্পষ্ট অবস্থান জানাতে হবে বলেও উল্লেখ করেন। অন্যথায়, জাতীয় ঐক্যের আহ্বানের আন্তরিকতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক।

তিনি আরো বলেন, জাতীয় ঐক্যের কথা বললে হুমকি, প্রতিশোধ ও আধিপত্যের ভাষা পরিহার করতে হবে। একদিকে ঐক্যের আহ্বান, অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষকে ‘হিসাব মেলানোর’ হুমকি- এ দুটি অবস্থান একসঙ্গে চলতে পারে না। প্রশ্ন উঠেছে, ঐক্যের আহ্বান কি সত্যিই আন্তরিক, নাকি এর আড়ালে রাজনৈতিক চাপ সৃষ্টি ও বিরোধী মতকে দমনের চেষ্টা চলছে?

হামিদুর রহমান আযাদ বলেন, বিএনপিকে অতীতের রাজনৈতিক ইতিহাসও স্মরণ রাখতে হবে। ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। অন্যদিকে জামায়াতে ইসলামী বিএনপির সরকার গঠনে সমর্থন দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অতীতের সহযোগিতার কথা বলতে হলে এই ইতিহাসও স্বীকার করতে হবে।

তিনি বলেন, অতীতের দমন-পীড়ন ও প্রতিহিংসার রাজনীতি দেশকে কোথায় নিয়ে গেছে, তা থেকে শিক্ষা নিতে হবে। ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। রাজনৈতিক প্রতিপক্ষকে হুমকি দিয়ে, মামলা-নির্যাতনের ভয় দেখিয়ে কিংবা মতপ্রকাশের অধিকার সংকুচিত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। অতীতের ভুলের পুনরাবৃত্তি নয়; আমাদের এগোতে হবে ন্যায়বিচার, গণতন্ত্র ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের শাসনামলের গণহত্যা, দমন-পীড়ন, দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের বিচার এবং তাদের পুনরায় রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ বন্ধ করা জাতীয় দায়িত্ব। এ বিষয়কে কোনো দলের একক কৃতিত্ব দাবি কিংবা রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার বানানো উচিত নয়। বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ড. আযাদ বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠার দায় সরকারের। একই সঙ্গে বিরোধী দলের গঠনমূলক সমালোচনা ও সরকারের জবাবদিহি নিশ্চিত করার অধিকারও অক্ষুণ্ন রাখতে হবে। জাতীয় ঐক্যের অর্থ সরকারের জবাবদিহি থেকে অব্যাহতি নয়।

তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, জাতীয় ঐক্য কোনো দলের অনুগ্রহ নয়; এটি জনগণের আকাঙ্ক্ষা ও রাষ্ট্রের প্রয়োজন। অতীতের সহযোগিতাকে বর্তমানের আনুগত্য দাবি কিংবা ভবিষ্যতের প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন এবং সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার মাধ্যমেই জাতীয় ঐক্যের বাস্তব ভিত্তি তৈরি করতে হবে।

তিনি বলেন, আমরা বিএনপির কাছে স্পষ্ট বক্তব্য চাই- প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবের এই বক্তব্য কি সরকারের অবস্থান, নাকি ব্যক্তিগত বক্তব্য? জাতীয় ঐক্যের আহ্বানের সঙ্গে সাংঘর্ষিক এমন বক্তব্যের দায় বিএনপি এড়াতে পারে না।

ড. আযাদ বলেন, সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান, হুমকি ও প্রতিশোধের রাজনীতি পরিহার করে পারস্পরিক সম্মান, আস্থা ও অভিন্ন জাতীয় স্বার্থের ভিত্তিতে এগিয়ে আসুন। মনে রাখতে হবে, ঐক্যের কথা বলে হুমকি দেওয়া যায় না; সহযোগিতার ইতিহাস অস্বীকার করে ভবিষ্যতের সম্পর্ক গড়া যায় না। প্রতিশোধ নয়, প্রয়োজন ন্যায়বিচার; আধিপত্য নয়, প্রয়োজন পারস্পরিক সম্মান; কথার ঐক্য নয়, প্রয়োজন গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে কার্যকর জাতীয় ঐক্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৯ এম


ঢাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

ঢাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী উদযাপন ও বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী ‘চাটগাঁইয়া মেজবানের’ আয়োজন করে উদযাপন কমিটি।

উদযাপন কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও চট্টগ্রাম-৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, হীরক জয়ন্তী সমন্বয় কমিটির আহ্বায়ক আমিন হেলালী, এম ডি ফখরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ এবং সাবেক চাকসু ভিপি জসীমউদ্দিন সরকার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সৈয়দ মাহবুব-ই-জামিল, সারোয়ার হোসেন আজিজ, দুদকের মহাপরিচালক (ডিজি) মোরশেদুল আলম, সোহরাব হোসেন সোহেল, আবুল বাশার, হাফিজ আল আসাদ, শাহনাজ হোসাইন, আব্দুল্লাহ মৃধা, আনছারউদ্দীন, নাসিরউদ্দিন এবং রুস্তম আলীসহ অনেকে।

আয়োজন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই সোসাইটি, উত্তরার সংগঠক জহিরউদ্দীন মাহমুদ, ওয়াকিল উদ্দীন, ফজলুর রহমান সোহেল, মোহাম্মদ মহসিন, আঙ্গিনা চৌধুরী, ফারজানা সাথী, মোসাম্মৎ স্বপ্না, মেজবাহ্ উদ্দীন নাঈম, মাসুদুর রহমান, মোহাম্মদ রফিক, মোস্তাফিজুর রহমান, জুয়েল জাকারিয়া, জনি আকন্দ, মোহাম্মদ এনায়েতউল্ল্যাহ এবং জয়নাল আবেদীনসহ সংশ্লিষ্টরা।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আসলাম চৌধুরী উল্লেখ করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস প্রাক্তন শিক্ষার্থীদের বার্ষিক মিলনমেলায় পরিণত হয়েছে। এই দিনটি প্রাক্তনদের মধ্যে সরাসরি যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক জোরদারের সুযোগ তৈরি করে।

তিনি নিজের দীর্ঘ কারাবাসের স্মৃতিচারণা করে বলেন, ২০১৬ সাল থেকে ২০২৪ সালের ২০ আগস্ট পর্যন্ত কারান্তরীণ থাকায় শারীরিকভাবে দীর্ঘ সময় সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে বিচ্ছিন্ন ছিলেন। তবে তিনি জানান, হৃদয়ে সব সময় তাদের সঙ্গে ছিলেন। কারামুক্তির পর রাজনৈতিক ব্যস্ততা সত্ত্বেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করেছেন বলেও জানান তিনি।

আসলাম চৌধুরী আরও বলেন, গত বছর নানা বাধা-বিপত্তি অতিক্রম করে প্রাক্তনদের সহযোগিতা ও অংশগ্রহণে অ্যালামনাই অ্যাসোসিয়েশন একটি সুন্দর পুনর্মিলনীর আয়োজন করতে সক্ষম হয়েছে। আগামী ২০২৭ সালে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে হীরক জয়ন্তী পুনর্মিলনী আয়োজনের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, চট্টগ্রামের আগ্রাবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ভবন নির্মাণের সিদ্ধান্ত ইনশা আল্লাহ বাস্তবায়ন করা হবে। এ উদ্যোগ বাস্তবায়নে প্রাক্তন শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যেকোনো আয়োজন এবং প্রাক্তন শিক্ষার্থীদের প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী চাটগাঁইয়া মেজবানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে হীরক জয়ন্তী উদযাপন ও বিশ্ববিদ্যালয় দিবসের আয়োজন সম্পন্ন হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিএনএনের বিশ্লেষণ: ট্রাম্প-শি-পুতিনের ঘোষণায় পুরোনো আশার প্রতিধ্বনি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১১ এম


সিএনএনের বিশ্লেষণ: ট্রাম্প-শি-পুতিনের ঘোষণায় পুরোনো আশার প্রতিধ্বনি

গত বৃহস্পতিবার চীনের শেনজেন শহরে বৈঠকে বসেন বিশ্বের তিন প্রভাবশালী নেতা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একত্রিত হন। বৈঠক শেষে তারা পারমাণবিক যুদ্ধ প্রতিরোধে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘পারমাণবিক যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয় এবং এ যুদ্ধ কখনোই করা উচিত নয়।’

প্রায় চার দশক আগে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান এবং সোভিয়েত ইউনিয়নের নেতা মিখাইল গর্বাচেভের দেওয়া একই ঘোষণার পুনরাবৃত্তি ঘটেছে। ১৯৮২ সালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রথমবারের মতো রিগ্যান এই কথা বলেন। পরে ১৯৮৫ সালে সুইজারল্যান্ডের জেনেভায় এক সম্মেলন শেষে দুই নেতা যৌথ বিবৃতিতে এটি অন্তর্ভুক্ত করেন। সেই সময় থেকেই পারমাণবিক অস্ত্রের ঝুঁকি মোকাবিলায় তাদের এই ঘোষণা ‘রিগ্যান-গর্বাচেভ নীতি’ হিসেবে পরিচিতি পায়। তবে তিন পরাশক্তির এই অঙ্গীকার বাস্তবে কতটা কার্যকর হবে, সে বিষয়ে বিশেষজ্ঞদের মধ্যে সংশয় রয়েছে।

রিগ্যানের ভাষণ তৈরির কাজে যুক্ত ছিলেন অ্যালান মেয়ার। তিনি সিএনএনকে বলেন, রিগ্যান ও গর্বাচেভের যৌথ বিবৃতিতে অন্তর্ভুক্ত ওই ঘোষণা ছিল একটি গুরুত্বপূর্ণ প্রভাবক। গর্বাচেভ বিশেষভাবে বক্তব্যটি গ্রহণ করেছিলেন। পরবর্তী সময়ে এটি নিজস্ব গুরুত্ব ও প্রভাব তৈরি করে।

১৯৮৬ সালের অক্টোবরে আইসল্যান্ডের রেইকিয়াভিকে বৈঠকে বসেন দুই নেতা। সেখানে তারা পারমাণবিক অস্ত্র বিলুপ্তির লক্ষ্য নিয়ে আলোচনা করেন এবং উল্লেখযোগ্য অগ্রগতি হয়। তবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার কারণে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। সেই সময় বৈঠকটিকে ব্যর্থ মনে করা হলেও পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে অস্ত্র নিয়ন্ত্রণে দুটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়। ১৯৮৭ সালের আইএনএফ চুক্তির আওতায় মধ্যম ও স্বল্পপাল্লার স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্রের একটি শ্রেণি বিলুপ্ত করা হয়। আর ১৯৯১ সালের স্টার্ট-১ চুক্তির মাধ্যমে দুই দেশের কৌশলগত পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমিত ও কমানোর ব্যবস্থা করা হয়।

পারমাণবিক বোমার জনক জে রবার্ট ওপেনহাইমারের নাতি চার্লস ওপেনহাইমার বিশ্বাস করেন, এবারের বৈঠক থেকেও ভবিষ্যতে ইতিবাচক অগ্রগতি আসতে পারে। তিনি বলেন, তিন নেতার মধ্যে তৈরি হওয়া ‘মানবিক সম্পর্ক’ পারমাণবিক যুদ্ধের ঝুঁকি কমাতে ভবিষ্যতে নীতিগত উদ্যোগের পথ তৈরি করতে পারে।

বাস্তব অগ্রগতি নিয়ে সংশয়

তবে পারমাণবিক ঝুঁকি কমানো নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা এবারের বৈঠক থেকে বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা দেখছেন না। তাদের মতে, রিগ্যান ও গর্বাচেভের রেইকিয়াভিক বৈঠকের আগে জেনেভায় সম্মেলন এবং দীর্ঘদিনের লিখিত আলোচনা হয়েছিল। কিন্তু ট্রাম্প, শি ও পুতিনের এবারের বৈঠকই ছিল এ ধরনের প্রথম আয়োজন।

কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের পারমাণবিক অস্ত্রনীতিবিষয়ক জ্যেষ্ঠ গবেষক টং ঝাও বলেন, রিগ্যান-গর্বাচেভ নীতির প্রতি তিন নেতার যৌথ অঙ্গীকার ‘না থাকার চেয়ে ভালো’। তবে এই ঘোষণা তিন দেশের অভিন্ন স্বার্থের চেয়ে তাদের মধ্যে মতৈক্যের ঘাটতিকেই বেশি স্পষ্ট করেছে।

যৌথ বিবৃতিতে পারমাণবিক ঝুঁকি কমানো ও অস্ত্রের বিস্তার ঠেকাতে সংলাপ চালানোর অঙ্গীকারও করা হয়েছে। তবে বারাক ওবামা প্রশাসনের সাবেক অস্ত্র নিয়ন্ত্রণ কর্মকর্তা জন উলফস্টালের মতে, সম্মেলনের সুযোগ কাজে লাগিয়ে ট্রাম্প চীন ও রাশিয়ার কাছ থেকে বাস্তবসম্মত অগ্রগতির প্রতিশ্রুতি আদায় করতে পারেননি। সুনির্দিষ্ট লক্ষ্য ও কর্মপন্থা নির্ধারণ না হলে শুধু আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিতে ফল আসবে না।

নতুন বিশ্বব্যবস্থার বার্তা

পারমাণবিক অস্ত্র নিয়ে অঙ্গীকারের পাশাপাশি বৈঠকটি বিশ্বরাজনীতির ক্ষমতার ভারসাম্য পরিবর্তনেরও ইঙ্গিত দিয়েছে। বিশ্লেষকদের মতে, পশ্চিমা বিশ্বের একক আধিপত্যের অবসান ঘটিয়ে বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার যে লক্ষ্য চীন ও রাশিয়ার, এই বৈঠক তা এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করেছে।

প্রায় ৯০ মিনিটের বৈঠকে বিশ্বশান্তি ও নিরাপদ ভবিষ্যৎ গড়তে একসঙ্গে কাজ করার প্রত্যয় জানান তিন নেতা। তবে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে পুতিনকে জবাবদিহির আওতায় আনতে কোনো উদ্যোগ নেননি ট্রাম্প। বৈঠক শেষে বড় কোনো কূটনৈতিক সিদ্ধান্তও আসেনি।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বৈঠকটিকে বৃহৎ শক্তিগুলোর সম্পর্কের ‘নতুন মডেলের সূচনা’ হিসেবে বর্ণনা করেছে। শি ও পুতিন মনে করেন, পশ্চিমা বিশ্বের প্রভাব কমছে, অন্যদিকে পূর্বের উত্থান ঘটছে। ট্রাম্পের মতো নিজেদের স্বার্থের প্রতি সহানুভূতিশীল মার্কিন প্রেসিডেন্ট ভবিষ্যতে পাওয়া কঠিন হতে পারে। সে বিবেচনায় বৈঠকটিকে নিজেদের কাঙ্ক্ষিত নতুন বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার পথে বড় অর্জন হিসেবে দেখছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%