১২:৩৯ পি.এম
নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা সোহেল ও শাহীন হত্যার ঘটনার ছয় দিন পর ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে, জাসাস নেতা সোহেল রানার বড় ভাই জুয়েল মোল্যা ৫১ জনের নাম উল্লেখ করে মামলাটি করেছেন। মামলায় অজ্ঞাত আরো ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত ওই মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
নিহতদের মধ্যে রয়েছেন—কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা এবং পৌর কৃষকদলের সদস্যসচিব শাহিনুর ইসলাম।
কালিয়া থানার ওসি ইদ্রিস আলী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের ঘটনায় নিহত সোহেলের বড় ভাই একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এজাহার নামীয় দিশা বিশ্বাস ও রাকিব বিশ্বাস নামের আপন দুই ভাইকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি। বাকি আসামি গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে। এলাকার পরিবেশ বর্তমানে শান্ত আছে। জনসাধারণের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।’
আরও পড়ুন: কেন ক্রসফায়ারে হয়েছিল, মরহুম মমিনুল্লাহ ডেবিট জানতে চায় নারায়ণগঞ্জবাসী
সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে চলতি মাসের ১৮ নভেম্বর বিকেলে কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। সন্ধ্যায় মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির গ্রামের বাড়ি বেন্দারচর গ্রামের সড়কে প্রবেশ করে।
মিছিল থেকে ফেরার পথে বটতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে মিছিলের পেছনের অংশে থাকা বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা এবং পৌর কৃষকদলের সদস্য সচিব শাহিনুর ইসলাম গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য খুলনা পাঠানো হয়। পথেই সোহেল রানার মৃত্যু হয়, আর খুলনা মেডিক্যাল নিয়ে গেলে শাহিনুরকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন