ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভৈরবে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মামলা (২৮ জনের নাম উল্লেখ, অজ্ঞাতনামা আসামি ১০০-১২০জন)


ভৈরবে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মামলা (২৮ জনের নাম উল্লেখ, অজ্ঞাতনামা আসামি ১০০-১২০জন)

কিশোরগঞ্জের ভৈরবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে আরও একটি মামলা করেছে পুলিশ।

গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে ভৈরব থানার প্রধান ফটকের সামনে মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ওই ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টুসহ ২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন: অবসরের চার মাস আগে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শক শহিদুল ইসলামের মৃত্যু

গত ২০ নভেম্বর, শুক্রবার রাতে ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) মো. সাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলাটি করেন। তবে মামলার বিষয়টি গোপন রাখা হয়। আজ রোববার সন্ধ্যায় ভৈরব থানা পুলিশ মামলার তথ্য প্রকাশ করে।

মামলায় প্রধান আসামি করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টুকে (৫৫)। দ্বিতীয় আসামি করা হয়েছে নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভকে (৫০)।

এ ছাড়া আসামিদের মধ্যে রয়েছেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মামুন (৫৫), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান (৫৬), সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল মনসুর (৬৫), যুবলীগ নেতা ইকবাল হোসেন (৫৪), অরুন আল আজাদ (৫২), সাবেক পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু (৬৮) এবং পৌর আওয়ামী লীগ নেতা মঈন (৪৫)। এ ছাড়া স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নামও এজাহারে উল্লেখ রয়েছে।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা গত কয়েক দিন ধরে ভৈরব শহরের বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি, থানার সামনে ককটেল বিস্ফোরণ, সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন এবং রাষ্ট্রীয় কার্যক্রম বাধাগ্রস্ত করার কর্মকাণ্ডে জড়িত। একই সঙ্গে সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগও আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে।

আরও পড়ুন: ঢাকা-১৩ আসনে ৭০ মহল্লায় নাগরিক কমিটি গঠন করলেন ববি হাজ্জাজ

এর আগে, গত সপ্তাহে একই ধরনের অভিযোগে আরও একটি মামলা করে পুলিশ। ওই মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করা হয়। সড়কে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলাটি করেছিল। ওই মামলার আসামিরাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাঁর অঙ্গসংগঠনের নেতাকর্মী।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান দুটি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং সাধারণ মানুষের জানমালের ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে।


উল্লেখ্য, ১০ নভেম্বর, মঙ্গলবার রাত ১০টা ২০মিনিটে চলন্ত মোটরসাইকেল থেকে ভৈরব থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জয়বাংলা শ্লোগান দেন মোটরসাইকেল আরোহী যুবকরা। তবে ভৈরব থানার ওসি মাহবুবুর রহমানের দাবি ট্রাকের চাকা ব্লাস্ট।

কিন্তু ঘটনার ঘন্টাখানেক পরই ভৈরব থানার সামনে ককটেল বিস্ফোরণের ২১ সেকেন্ডের একটি ভিডিও Mohammad Tamim নামে একটি আইডি থেকে আপলোড করা হয়। ক্যাপশনে লেখা হয়, অবৈধ মামলার প্রতিবাদে ভৈরব থানার সামনে ককটেল উপহার দিলেন Royal Riad ভাই। জয় বাংলা!

আরও পড়ুন: কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা আব্দুল মালেক সর্দার গ্রেফতার

পরে Royal Riad নামক একটি ফেসবুক আইডি থেকে শেয়ার করে ক্যাপশনে লিখেন, "সকালে মামলা দিলেন, রাইতে ককটেল দিলাম" আমি এমনই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এই পোস্টের পর সঙ্গে সঙ্গে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
রয়েল রিয়াদের গ্রামের বাড়ি ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ এলাকায়। সে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে তিনি অস্ট্রেলিয়া প্রবাসী। ২১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ককটেল বিস্ফোরণের পর শ্লোগান দেয়া হয়, ভৈরব থানার সামনে বোমা বিস্ফোরণ, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রত্যক্ষদর্শী পথচারী দ্বিন ইসলাম ফোন করে জানান, তাঁর সামনে চলন্ত মোটরসাইকেল থেকে থানার মুল ফটকের সামনে মহাসড়কের ওপর ককটেল নিক্ষেপ করলে বিকট শব্দে মানুষজন আতংকিত হয়ে যায়। বিকট শব্দ শুনে থানার ভেতর থেকে কয়েকজন পুলিশ সদস্যও সড়কের আসেন। তিনি বলেন, হাসপাতালে রোগী দেখতে যাওয়ার সময় এ ঘটনা দেখে আতংকিত হয়ে যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘খামখেয়ালির রাজা’ হিসেবে পরিচিত জামালপুরের ভোক্তা অধিকার কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


‘খামখেয়ালির রাজা’ হিসেবে পরিচিত জামালপুরের ভোক্তা অধিকার কর্মকর্তা

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি পরীক্ষাগারে কোনো নমুনা পরীক্ষা না করেই কারখানার কাঁচামালকে ‘ভেজাল’ আখ্যা দিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছেন। অভিযোগ রয়েছে, তিনি ভয়ভীতি দেখিয়ে ফাঁকা ফরমে স্বাক্ষর আদায় করেছেন এবং প্রায় এক কোটি টাকার কাঁচামাল ধ্বংস করেছেন।

ভুক্তভোগী প্রতিষ্ঠান গ্রিন বায়োটেকনোলজি জানায়, অভিযানের ঘটনা নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রদান করা হয়েছে। এসব ঘটনা জামালপুরের মেলান্দহ উপজেলার সুন্সি নাংলা এলাকায় প্রতিষ্ঠানের উৎপাদন কারখানায় ঘটে।

রোববার (২২ নভেম্বর) সকালে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দায়ের করে, যাতে নিরপেক্ষ তদন্ত, প্রশাসনিক প্রতিকার, বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং আদায় করা জরিমানার অর্থ ফেরত ও ধ্বংস করা কাঁচামালের ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৮ নভেম্বর দুপুরে সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম কারখানাটি পরিদর্শনে যান। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাকে স্বাগত জানান এবং কারখানার উৎপাদন কার্যক্রম ও সংরক্ষণাগার পরিদর্শনে সহায়তা করেন। পরিদর্শনকালে কিছু কাঁচামাল তার নজরে আসে। প্রতিষ্ঠানটির দাবি, ওই কাঁচামালগুলো তাদের নিজস্ব মান নিয়ন্ত্রণ পরীক্ষাগারে পুনঃপরীক্ষার আওতায় ছিল এবং প্রতিটি পাত্রে ‘পুনঃ পরীক্ষিত’ লেবেল লাগানো ছিল, যার মেয়াদ তখনো শেষ হয়নি।

তবে সহকারী পরিচালক কোনো ধরনের নমুনা পরীক্ষা বা পরীক্ষাগারভিত্তিক প্রমাণ ছাড়াই কাঁচামালগুলোকে ‘ভেজাল’ ঘোষণা করেন। তিনি ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় প্রতিষ্ঠানটিকে সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানা করেন এবং কারখানায় থাকা বিভিন্ন পণ্যের প্রায় ১ কোটি টাকার কাঁচামাল ধ্বংস করেন।

গ্রিন বায়োটেকনোলজির তত্ত্বাবধায়ক (ইনচার্জ) মো. নজরুল ইসলাম অভিযোগ করেন, ‘আমরা তাকে কাঁচামালগুলো সরকারি বা অন্য যেকোনো পরীক্ষাগারে পরীক্ষা করে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু তিনি সেই সুযোগ দেননি। আইনি প্রক্রিয়া অনুসরণ না করে তাৎক্ষণিকভাবে ২ লাখ টাকা পরিশোধে বাধ্য করেন। জরিমানার সুনির্দিষ্ট আইনগত ভিত্তি ও পূর্ণাঙ্গ লিখিত আদেশও আমাদের দেওয়া হয়নি।’

তিনি আরও বলেন, অভিযানের সময় তাকে একটি ফাঁকা ও অসম্পূর্ণ ফরমে স্বাক্ষর করতে বলা হয়। গ্রেপ্তার ও এক বছরের কারাদণ্ডের হুমকি দেওয়ার কারণে তিনি স্বাক্ষর করতে বাধ্য হন। টাকা তাৎক্ষণিক পরিশোধ না করলে কারখানা বন্ধ করে দেওয়ার ভয়ও দেখানো হয় বলে তিনি অভিযোগ করেন।

গ্রিন বায়োটেকনোলজি কর্তৃপক্ষের দাবি, তাদের প্রতিটি পণ্যের বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) বৈধ লাইসেন্স রয়েছে এবং পণ্যগুলো প্রযোজ্য মানদণ্ড অনুযায়ী পরীক্ষাগারে পরীক্ষিত। অধিকাংশ পণ্য বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) কর্তৃক ডার্মাটোলজিক্যালি টেস্টেড ও নিরাপদ।

স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মো. শরীফুল ইসলাম ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে জামালপুরে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। এর আগে বিভিন্ন এলাকায় অভিযানের সময় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই কেবল চোখের দেখায় জরিমানা, পণ্য ধ্বংস ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

নাম প্রকাশ না করার শর্তে জামালপুর শহরের এক ব্যবসায়ী জানান, ‘সম্প্রতি আমার প্রতিষ্ঠানেও অভিযান চালিয়ে তিনি একই আচরণ করেন। আমি পণ্য পরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছিলাম, কিন্তু তিনি শোনেননি। আমাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার পণ্যের ক্ষতি করেন। নিরপেক্ষ তদন্ত হলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে।’

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ওই কর্মকর্তা নিজ উদ্যোগে কয়েকজন গণমাধ্যমকর্মীকে কারখানার ভেতরে নিয়ে যান এবং প্রকৃত ঘটনার বিপরীতে গিয়ে সম্পূর্ণ পৃথক আরেকটি প্রতিষ্ঠান ‘বায়োজিন কসমেসিউটিক্যালস’-এর প্রসঙ্গ টেনে গণমাধ্যমে বক্তব্য দেন।

এ বিষয়ে বায়োজিন কসমেসিউটিক্যালসের সিনিয়র ম্যানেজার (প্রশাসন) সাইফুল ইসলাম বলেন, ‘বায়োজিন কসমেসিউটিক্যালস ও গ্রিন বায়োটেকনোলজি সম্পূর্ণ পৃথক ও স্বতন্ত্র দুটি প্রতিষ্ঠান। অথচ পরীক্ষাগার পরীক্ষা ছাড়াই একটি কারখানার কাঁচামালকে ভেজাল ঘোষণা করে তিনি। একইসঙ্গে গণমাধ্যমকর্মীদের ডেকে বায়োজিনের বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন।’

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, ‘আমি ওই কারখানায় গিয়ে কাঁচামালগুলোর মেয়াদোত্তীর্ণ পেয়েছি। মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহারের সুযোগ নাই। ফলে কাঁচামালগুলোর পরীক্ষা করা হয়নি। আমি কোনো জব্দ তালিকাও করি নাই। তবে কাঁচামালগুলো আমি ধ্বংস করেছি। আমি কোনো ফাঁকা ফরমে স্বাক্ষর আদায় করেনি। আমি সেখানে কাউকে গ্রেপ্তারের হুমকি দেইনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীতে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ২ লাখ ৪৫ হাজার ৯৫ জন মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


পটুয়াখালীতে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ২ লাখ ৪৫ হাজার ৯৫ জন মানুষ

পটুয়াখালী, ২২ নভেম্বর, ২০২৬ : জেলার আটটি উপজেলায় অর্থনৈতিক শুমারি ২০২৪-এর আওতায় ১ লাখ ৩২ হাজার ১৬৪টি অর্থনৈতিক ইউনিটের তথ্য সংগ্রহ করা হয়েছে।

এই অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৯৫ জন মানুষ।

তবে, কর্মসংস্থানে নারীদের অংশগ্রহণ পুরুষদের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। জেলায় মোট কর্মরত মানুষের মধ্যে পুরুষের হার ৮৭ দশমিক ৪৮ শতাংশ এবং নারীর হার ১২ দশমিক ৫২ শতাংশ।

আজ রোববার বিকেল ৫টায় জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল প্রকাশ এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) কার্যক্রম বিষয়ক সেমিনারে এসব তথ্য উপস্থাপন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম।

এ সময় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. কামাল হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে ই-রিকশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের নতুন উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫০ পি.এম


গাজীপুরে ই-রিকশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের নতুন উদ্যোগ

গাজীপুর, ২২ নভেম্বর, ২০২৬ : মহানগরীর সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে সিটি কর্পোরেশন ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) নিবন্ধনের প্রক্রিয়া শুরু করছে।

নতুন নীতিমালার আওতায়, নগরীকে ৮টি অঞ্চলে বিভক্ত করা হবে এবং প্রতিটি অঞ্চলের ই-রিকশার জন্য আলাদা রং নির্ধারণ করা হবে। অনুমোদিত সীমানার বাইরে কোনো রিকশা চলাচল করতে পারবে না।

গত ২৯ অক্টোবর সরকার ‘সিটি কর্পোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা-২০২৬’ গেজেট আকারে প্রকাশ করে, যা দেশের সব সিটি কর্পোরেশনে কার্যকর হয়েছে।

এর ধারাবাহিকতায়, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর পর গাজীপুরেও নিবন্ধন প্রক্রিয়া এবং যানবাহনের সংখ্যা নির্ধারণের প্রাথমিক কাজ শুরু হয়েছে।

গেজেটের নির্দেশনা অনুযায়ী, দুই আসনবিশিষ্ট ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ৮ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, চার আসনের ই-রিকশার জন্য এককালীন নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা দিতে হবে। এই খাত থেকে অর্জিত অর্থ সিটি কর্পোরেশনের নিজস্ব রাজস্ব আয় হিসেবে যুক্ত হবে।

নিবন্ধিত প্রতিটি রিকশাকে চার্জিং গ্যারেজ ও চালকের বিস্তারিত তথ্যসহ স্বতন্ত্র কিউআর কোডযুক্ত নম্বর প্লেট বিনা মূল্যে সরবরাহ করবে কর্তৃপক্ষ। নিবন্ধন ব্যতীত কোনো ই-রিকশা সড়কে চলাচল করতে পারবে না।

নতুন বিধিমালার অধীনে নিবন্ধন পেতে হলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত কারিগরি মানদণ্ড ও নিরাপত্তা শর্ত পূরণ করা বাধ্যতামূলক। একই সঙ্গে সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের প্রতিস্বাক্ষরসহ ফিটনেস সনদ সংগ্রহ করা হবে।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ সানাউল কাদের বাসসকে জানান, নিবন্ধন দেওয়ার জন্য তাদের দাপ্তরিক সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আবেদনকারীরা বুয়েটের কারিগরি ফিটনেস এবং ট্রাফিক বিভাগের ছাড়পত্র জমা দিলে ৩০ দিনের মধ্যে তাদের লাইসেন্স প্রদান করা হবে।

নগরীর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিজ্ তানজিলা খানম বাসসকে বলেন, জোনভিত্তিক আলাদা রঙের রিকশা পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

কোন জোনে কতটি ই-রিকশা চলবে, সেই সংখ্যা চূড়ান্ত করার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে পরবর্তী পদক্ষেপ বাস্তবায়ন করা হবে।

সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বাসসকে জানান, ই-রিকশা নিয়ন্ত্রণের জন্য আটটি জোনের জন্য পৃথক রং চূড়ান্ত করা হয়েছে এবং কার্যক্রম শুরুর সব প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্যান্য বড় সিটি কর্পোরেশনের মতো গাজীপুরেও দ্রুত এই ব্যবস্থা চালু করা হবে।

এদিকে, সরকারি বিধিমালা মেনে নিবন্ধন ও অনুমোদন নিয়ে যানবাহন চালাতে আগ্রহী স্থানীয় রিকশাচালকরা।

তাদের মতে, জোন ও রঙের ভিন্নতা চালু হলে এক এলাকার রিকশা অন্য এলাকায় প্রবেশ করতে পারবে না, ফলে সড়কে শৃঙ্খলা ফিরবে এবং অনিয়ন্ত্রিত রিকশার আধিক্য কমে আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যার ঘটনায় মামলা দায়ের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫১ পি.এম


কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যার ঘটনায় মামলা দায়ের

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন চৌধুরীসহ ৯৬ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করা হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) ভাঙ্গা থানায় রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম এই মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ রয়েছে, গত ১৭ নভেম্বর রাত ৭টা ২০ মিনিটের দিকে কৃষক দলের ভাঙ্গা উপজেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা ভাঙ্গার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকুপুরা গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ভাঙ্গার উদ্দেশ্যে রওনা দেন।

রাত পৌনে ৮টার দিকে মামলায় উল্লেখিত আসামিসহ ১০০ থেকে ১৫০ জন নিষিদ্ধ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সক্রিয় সদস্যরা ১ নম্বর আসামি নিক্সন চৌধুরীর নির্দেশে ও অর্থায়নে হামিরদী বাসস্ট্যান্ডে হাইওয়ে সড়ক অবরোধ করে। তারা মশাল জ্বালিয়ে ইটের খোয়া, পাথরের টুকরা, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র সড়কি, কাতরা, রামদা, চাপাতি, ককটেল বোমা নিয়ে রাজুকে আটকে ধারালো সড়কি দিয়ে কুপিয়ে কোমরের ডানপাশে গুরুতর জখম করে।

এরপর রাজুকে বেধরক মারপিট করে রাস্তা দিয়ে টেনে-হেঁচড়ে পেটের ডান পাশ থেকে ডান পায়ের হাঁটু পর্যন্ত রক্তাক্ত জখম করা হয়। এ সময় তার মোটরসাইকেলসহ আরো দুটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। পরে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%