০৫:৫৭ পি.এম
রাজবাড়ীতে এক তরুণীকে যৌনপল্লীতে বিক্রি ও পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে দায়েরকৃত মামলায় আদালত দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে রাজবাড়ীর মানবপাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. তহিদুল ইসলাম এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর সর্দারানি রোজি এবং বাহিরচর দৌলতদিয়া মজি ফকির পাড়া গ্রামের মৃত বাসেদের ছেলে মজি ফকির।
আরও পড়ুন: বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ঔদ্ধত্যপূর্ণ ও উসকানিমূলক: খেলাফত মজলিস
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৫ অক্টোবর গাজীপুরের জয়দেবপুরে অভিযুক্ত রোজি সর্দারানীর সঙ্গে ওই তরুণীর পরিচয় ঘটে। পরিচয়ের পর রোজি তাকে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে দৌলতদিয়ায় নিয়ে আসে। এরপর রাত সোয়া ১০টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর পেছনের গেট দিয়ে ভেতরে প্রবেশ করিয়ে মজি ফকিরের বাড়িতে নিয়ে যায়। সেখানে রোজি ও মজি ফকির তাকে ভয়ভীতি দেখিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করে।
এক মাস পর, তরুণী পতিতাবৃত্তি করতে অস্বীকার করলে ১৭ নভেম্বর রাত ৯টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত রোজি ও মজি ফকির তাকে বাঁশের লাঠি ও কাঠের চলা দিয়ে মারধর করে, যার ফলে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
পরে, তার চিৎকারে যৌনপল্লীতে কর্মরত এনজিও কর্মীদের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে গোয়ালন্দ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণী মানবপাচার প্রতিরোধ দমন আইনে রোজি ও মজি ফকিরকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে গোয়ালন্দ ঘাট থানার এসআই রাকিবুল ইসলাম মামলার তদন্ত করে উল্লেখিতদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।
আরও পড়ুন: অন্যের নামে ৩৮ বছর চাকরি : ১৩ বছরের কারাদণ্ড, সুদসহ বেতন-ভাতা ফেরতের নির্দেশ
রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর জাহিদ উদ্দিন মোল্লা জানান, মামলার আসামি রোজি সর্দারানি ও মজি ফকির পরস্পরের সহযোগিতায় পরিকল্পিতভাবে ভুক্তভোগীকে দৌলতদিয়া যৌনপল্লীতে পাচার করে মারধর করে পতিতাবৃত্তিতে বাধ্য করে। আজ আদালত এ মামলার রায় ঘোষণা করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন