০৮:৩৮ পি.এম
রাজশাহীর গোদাগাড়ীতে অটোরিকশাচালক কিশোর শিহাব আলী হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সর্বস্তরের মানুষের উদ্যোগে।
স্থানীয়রা এ মানববন্ধনটি আয়োজন করে রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় গোদাগাড়ী গোলচত্বরে ‘গোদাগাড়ীর সর্বস্তরের সাধারণ মানুষ’-এর ব্যানারে। এতে শিহাবের পরিবার, স্থানীয় বাসিন্দা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। তারা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি, গোদাগাড়ীর সভাপতি অ্যাডভোকেট সালাহউদ্দীন বিশ্বাস, যুবদলের সদস্য নুর আলম সরকার এবং সমাজ ও মানবকল্যাণ সংগঠনের মহাসচিব নুরে আলম অহিদ। এ সময় নিহত শিহাবের বাবা সোহেল, মা এবং অন্যান্য স্বজনরাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আইএলওর তাগিদ: পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনা করতে হবে
বক্তারা উল্লেখ করেন, ১৫ বছর বয়সী শিহাব আলী অটোরিকশা চালিয়ে অসুস্থ বাবার চিকিৎসা এবং পরিবারের ভরণপোষণের দায়িত্ব পালন করতেন। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করেছে। ঘটনার এতদিন পরও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার হয়নি এবং জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক।
তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার এবং প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বক্তারা নিহতের পরিবারের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের আহ্বানও জানান।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর জীবিকার উদ্দেশ্যে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন শিহাব আলী। নিখোঁজের চার দিন পর, ৩১ অক্টোবর গোদাগাড়ী উপজেলার কলিপুর এলাকার একটি সড়কের পাশের ধানখেত থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিহাব গোদাগাড়ী পৌরসভার বারুইপাড়া মহল্লার বাসিন্দা।
আরও পড়ুন: নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী সন্দেহে শিক্ষার্থী দেবজয়কে মারধর, অবরুদ্ধ ছাত্রদলের নেতাকর্মীরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন