বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:০৬ পি.এম
যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার মধ্যে সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় দুই দেশের মধ্যে যৌথ সামরিক প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য বিনিময় এবং প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করা হবে। বুধবার (১৮ নভেম্বর) রাজধানী কারাকাসে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে এক অনুষ্ঠানে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই ঘোষণা দেন।
মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর এটি হেগসেথের দেশটিতে প্রথম সফর। রদ্রিগেজ জানিয়েছেন, নতুন এই চুক্তি দুই দেশের অভিন্ন হুমকি মোকাবিলা এবং ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে।
হেগসেথের বক্তব্য অনুযায়ী, এই অংশীদারিত্বের মাধ্যমে মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দুই দেশের যৌথ পদক্ষেপকে আরও শক্তিশালী করা হবে। তিনি কারাকাসে বলেন, "মাদক-সন্ত্রাসীদের জন্য এ অঞ্চলে নিরাপদ আশ্রয়ের সুযোগ শেষ হয়ে আসছে। তাদের খুঁজে বের করে দমন করা হবে।"
মাদুরোকে আটক করার পর ভেনেজুয়েলার জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের প্রভাব বৃদ্ধি পেয়েছে। গত আগস্টে নর্থ আমেরিকান ব্লু এনার্জি পার্টনার্সের (এনএবিইপি) সঙ্গে একটি চুক্তির মাধ্যমে দেশটির ১৭টি তেলক্ষেতে দীর্ঘমেয়াদি কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হয়েছে। এসব তেলক্ষেত্রে ভেনেজুয়েলার মোট তেল মজুতের প্রায় এক-পঞ্চমাংশ রয়েছে।
এনএবিইপির নিয়ন্ত্রণকারী ব্যবসায়ী আলেহান্দ্রো বেটানকার্ট জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ তাঁদের দৈনিক তেল উৎপাদন আড়াই লাখ ব্যারেলের বেশি করার লক্ষ্য রয়েছে। কোম্পানির হিসাব অনুযায়ী, অক্টোবরের মাঝামাঝি সময়ে তাদের দৈনিক উৎপাদন ছিল ২ লাখ ২৪ হাজার ব্যারেল।
ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনের ঝুঁকির প্রসঙ্গ টেনে হেগসেথ বলেছেন, ভেনেজুয়েলার সঙ্গে তেল সহযোগিতা পশ্চিম গোলার্ধের দেশগুলোর হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমিয়ে দেবে। তাঁর ভাষায়, "এ সহযোগিতার ফলে পশ্চিম গোলার্ধের জন্য হরমুজ প্রণালি ‘গুরুত্বহীন’ হয়ে উঠবে।"
কারাকাসের একটি সমাবেশে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক প্রভাব বিস্তারের নীতিকে ‘ডনরো ডকট্রিন’ নামে উল্লেখ করেন হেগসেথ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জেমস মনরোর নামের সঙ্গে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম মিলিয়ে এই শব্দটি তৈরি হয়েছে। মনরো ডকট্রিনের আধুনিক রূপ হিসেবে যুক্তরাষ্ট্রের পশ্চিম গোলার্ধকেন্দ্রিক নীতিকে তিনি এ নামে অভিহিত করেন।
হেগসেথ বলেন, ভেনেজুয়েলা এখন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা অংশীদার হিসেবে নিজেদের সামরিক বাহিনী পুনর্গঠনের পথে এগোচ্ছে। লাতিন আমেরিকা সফরের অংশ হিসেবে তাঁর কলম্বিয়া যাওয়ারও পরিকল্পনা রয়েছে। সেখানে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা এবং দেশটিকে একটি লকহিড মার্টিন হারকিউলিস সি-১৩০ বিমান হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। তথ্যসূত্র: রয়টার্স, এএফপি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা কথিত লকডাউনের মধ্যে রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষা স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল স্বাভাবিক। কোথাও পরীক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটার কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সকাল থেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসেন। অভিভাবকেরাও স্বাভাবিকভাবে সন্তানদের নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছান। পরীক্ষা আয়োজন ও পরিচালনায় কোনো সমস্যা হয়নি বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, লকডাউন কর্মসূচি নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা তৈরি হয়নি। নিয়মিত সময়সূচি মেনে পরীক্ষা নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের পরীক্ষা দিতে আসা কিংবা প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় কোনো বাধা সৃষ্টি হয়নি।
সন্তানকে পরীক্ষা দিতে নিয়ে আসা কয়েকজন অভিভাবক বলেছেন, সকালে বাসা থেকে বের হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে কোনো সমস্যা হয়নি। সড়কে যানবাহন চলাচলও ছিল স্বাভাবিক। গণপরিবহন ও ব্যক্তিগত গাড়িতে সহজেই সন্তানদের নিয়ে স্কুলে পৌঁছানো গেছে। লকডাউন নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও চলাচলের ক্ষেত্রে তেমন কোনো প্রভাব দেখা যায়নি।
এদিকে পরীক্ষা চলাকালে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে বাড়তি সতর্কতা দেখা গেছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কিছু প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় নিরাপত্তা জোরদার করে। প্রবেশপথ ও আশপাশের এলাকায় নজরদারিও রাখা হয়।
পুলিশ সূত্র জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিল। কোথাও যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট এলাকায় পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।
সব মিলিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত লকডাউন কর্মসূচির মধ্যেও রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রমে দৃশ্যমান কোনো প্রভাব পড়েনি। নির্ধারিত সূচি অনুযায়ী বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সড়কে যানবাহন চলাচল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশও ছিল স্বাভাবিক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহের সাবেক দুই সংসদ সদস্যের (এমপি) বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একইসঙ্গে চার উপজেলায় একটি ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে ঈশ্বরগঞ্জ, ফুলপুর, ফুলবাড়িয়া ও ভালুকা উপজেলায় এসব নাশকতা সংঘটিত হয়। তবে, কোনো ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা সংশ্লিষ্ট থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যরাতে ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনের বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
অন্যদিকে, একই রাতে ফুলপুর উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি অ্যাডভোকেট আবুল বাশার আকন্দের বাড়িতেও হামলা হয়। এ সময় দুর্বৃত্তরা বাড়িটিতে পেট্রোল বোমা নিক্ষেপ ও পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে।
ফুলবাড়িয়া উপজেলার ৬ নম্বর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঢুকে চেয়ারম্যানের কক্ষে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এছাড়া, ভালুকা উপজেলায় জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তফা কামালের একটি ব্যক্তিগত গাড়ি ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ‘মীর এক্সপ্রেস’ নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। স্কয়ার ফ্যাশন সংলগ্ন সড়কে দাঁড়িয়ে থাকা বাসটির ভেতরে সে সময় একজন কর্মী ঘুমিয়ে থাকলেও তিনি অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হন।
খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় ভোর ৪টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, আগুনে বাসটির ভেতরের আসন ও জানালার কাঁচ পুড়ে গেলেও ইঞ্জিন অক্ষত রয়েছে। প্রাথমিক হিসাবে এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাসের মালিক গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার বাসিন্দা মো. শফিকুল ইসলাম দাবি করেন, আগুনে তার পুরো বাসটিই ভস্মীভূত হয়েছে। তিনি জানান, ছয় মাস আগে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বাসটি কিনেছিলেন। গাড়ির মেরামতসহ তার প্রায় ২১ লাখ টাকার ঋণ রয়েছে। এই অগ্নিকাণ্ডে চরম আর্থিক সংকটে পড়েছেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকায় নিযুক্ত ৫ কূটনীতিক পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। আজ বৃহস্পতিবার সকাল থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারা পৃথকভাবে বৈঠক করেন। তবে বৈঠকগুলোর আলোচনার বিষয়বস্তু সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বিস্তারিত কিছু জানানো হয়নি।
বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি বলেন, ‘সাক্ষাতে দুই দেশের সুসম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে।’
যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার পাশাপাশি রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়েছে বলে জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আল-আমিন শাহরিয়ার
ভোলা (উপকূল), ১৯ নভেম্বর, ২০২৬ : দেশের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উপকূলীয় জেলা ভোলা ও আশেপাশের জেলাগুলোতে গুমোট আবহাওয়া বিরাজ করছে।
গতকাল বুধবার রাত ১২টা থেকে আজ বৃহস্পতিবার দিনভর মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
কোথাও আকাশ মেঘাচ্ছন্ন, আবার কোথাও বাতাসের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। আকাশ ঘন মেঘে ঢাকা পড়েছে। ঘূর্ণিঝড় আকভান’র প্রভাবে উপকূলীয় এলাকার নদী ও সাগর উত্তাল হয়ে উঠেছে।
এমন পরিস্থিতিতে দেশের ৪টি সমুদ্রবন্দরকে আজ বৃহস্পতিবার সকাল থেকে ৩ নম্বর-দূরবর্তী হুঁশিয়ারি সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে এবং নদীবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী বিপদ সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ভোলা জেলা আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান আজ সকাল ১০ টায় বাসসকে জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তিনি জানান, প্রবল ঘূর্ণিঝড়টি উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। আজ সকাল ৬টায় ঘূর্ণিঝড়টির কেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১শ’ ২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম উপকূলবর্তী কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
তিনি আরও জানান, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল (২০ নভেম্বর) শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। প্রবল এ ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার; যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১শ’ ১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে যাচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।
তাছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালণশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। সমুদ্রবন্দর, দক্ষিণ-পূূূর্ব এবং উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বিরাজ করছে।
এ অবস্থায় উপকূলীয় জেলা ভোলা, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে।
এছাড়া, দক্ষিণ-পূূূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
এবং নদীগামী জেলেদের ১ নম্বর হুশিয়ারী সংকেত জানিয়ে তাদেরকে উপকূলের তীরবর্তী এলাকায় থাকতে বলা হয়েছে।
ভোলার জেলা প্রশাসন সূত্র জানায়, দুর্যোগ মোকাবেলায় তারা সর্বোচ্চ সতর্কবস্থায় রয়েছেন। দুর্যোগে ক্ষতি মেটাতেও এখানকার প্রশাসনের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে।
সরেজমিন আজ সকাল সাড়ে ৭ টায় ভোলার ইলিশা এলাকার মেঘনা নদী পাড় ঘুরে দেখা গেছে-গতকাল বুধবারের তুলনায় আজ নদী খুবই উত্তাল রয়েছে। পানির প্রবল ঢেউ-এ নদীর সর্বত্র আছড়ে পড়ছে। পানি আর বাতাসের শক্তির খেলায় মেঘনার বুকে ভয়ানক বিকট শব্দ এখন আঁতকে উঠার মতো পরিস্থিতি বিরাজ করছে। নিজেদের রক্ষায় জাল, নৌকা আর ট্রলার নিয়ে জেলেরা এখন জেলার মূল ভূ-খন্ডে নিরাপদ আশ্রয়ে রয়েছেন।
আবহাওয়ার এমন প্রতিকূল অবস্থায় উপকূলের পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর-দূরবর্তী হুঁশিয়ারি সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে বরিশাল, ভোলা, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালী, খুলনা, যশোর, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের উপকূলীয় ১০টি জেলার প্রশাসন ঘূর্ণিঝড় মোকাবেলায় স্ব-স্ব এলাকায় সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বলে খবর মিলেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ