০৪:৫৯ পি.এম
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মসংস্থানের উদ্দেশ্যে ১০০ জন প্রশিক্ষিত আনসার-ভিডিপি সদস্য নিয়োগের জন্য বাছাই কার্যক্রম শুরু হয়েছে। ট্রান্সগার্ড গ্রুপ এলএলসিতে নিয়োগের জন্য ১৩৯ জন প্রশিক্ষিত সদস্যের মধ্যে থেকে তাঁদের নির্বাচন করা হচ্ছে।
গতকাল বুধবার, রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রার্থীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
আনসার ও ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে, ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি এবং নিয়োগকারী প্রতিষ্ঠান ম্যান ফোর্স বাংলাদেশের সমন্বয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রার্থীদের কাগজপত্র যাচাই ও সংক্ষিপ্ত মৌখিক পরীক্ষার মাধ্যমে শাটারিং কার্পেন্টার, রাজমিস্ত্রি ও স্টিল ফিক্সার পদে কর্মী নির্বাচন করা হবে।
আরও পড়ুন: এসএসসি পাসে সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির আবেদন ১ ডিসেম্বর থেকে
অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, "বৈদেশিক কর্মসংস্থানে অদক্ষ জনশক্তির পরিবর্তে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী পাঠানো বাহিনীর অন্যতম অগ্রাধিকার।" তিনি উল্লেখ করেন, ট্রান্সগার্ড গ্রুপে প্রায় পাঁচ হাজার কর্মীর চাহিদা রয়েছে। এর বিপরীতে ৬০ দিনের নিবিড় প্রশিক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে প্রথম ধাপের কর্মী নির্বাচন করা হচ্ছে।
তিনি আরও বলেন, "প্রান্তিক জনগোষ্ঠীকে দালালচক্রের প্রতারণা ও আর্থিক ক্ষতি থেকে রক্ষা করতে সরাসরি যোগাযোগ, ডিজিটাল ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহির ভিত্তিতে নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করা হচ্ছে।" প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশের বৈদেশিক মিশন এবং বিদেশি নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপ ছাড়াই নিরাপদ ও মর্যাদাপূর্ণ অভিবাসনের সুযোগ তৈরি হচ্ছে।
মহাপরিচালক আরও জানান, বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সংযুক্ত আরব আমিরাত ও ইতালির রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, "প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো, ঋণের কিস্তি পরিশোধ ও জরুরি সমস্যা সমাধানে বাহিনীর মাইগ্রেশন সেল, ওয়েলফেয়ার ট্রাস্ট, প্রান্তিক শক্তি লিমিটেড ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সমন্বয়ে সেবা কাঠামো গড়ে তোলা হচ্ছে।"
ওয়েলফেয়ার ট্রাস্টের সিআরএম সফটওয়্যার ও ওয়ান সিঙ্গেল পয়েন্ট সার্ভিসের মাধ্যমে নিবন্ধন থেকে বিদেশ গমন এবং প্রবাসে অবস্থানকালীন প্রয়োজনীয় সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশে থাকা প্রবাসীদের পরিবারের নিরাপত্তা ও কল্যাণে বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যের নেটওয়ার্ক কাজে লাগানো হবে।
আরও পড়ুন: ব্র্যাক এনজিওতে চাকরি: একাধিক সুবিধা ও যোগ্যতার বিস্তারিত
বিদেশগামী সদস্যদের উদ্দেশে মহাপরিচালক বলেন, "বিদেশের কর্মক্ষেত্রে প্রত্যেক সদস্য দেশের ভাবমূর্তির প্রতিনিধিত্ব করবেন।" তিনি সতর্ক করেন যে, কর্মক্ষেত্রে শৃঙ্খলা, সততা ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের শর্ত মেনে চলতে হবে। কোনো অনিয়ম বা শৃঙ্খলাভঙ্গের মাধ্যমে বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, সারা দেশ থেকে বাছাই করা প্রায় এক হাজার প্রশিক্ষিত সদস্য বৈদেশিক কর্মসংস্থানের অপেক্ষায় রয়েছেন। বর্তমান নির্বাচিত সদস্যদের দক্ষতা ও সুনাম আন্তর্জাতিক শ্রমবাজারে পরবর্তী সদস্যদের জন্য নতুন সুযোগ তৈরি করবে। নির্ধারিত কর্মস্থলে দায়িত্ব পালন, বৈধ পথে রেমিট্যান্স পাঠানো এবং যথানিয়মে দেশে ফেরার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক শ্রমবাজার সম্প্রসারণে জাপান ও ইউরোপে আনসার-ভিডিপি সদস্যদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মহাপরিচালক। তিনি বলেন, জাপানের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরির পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও ভাষা শিক্ষায় দক্ষ সদস্যদের জন্য বিশ্ববিদ্যালয় ও ভাষা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং বৃত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।
অন্যদিকে, ইউরোপের শ্রমবাজারে কর্মীদের গ্রহণযোগ্যতা বাড়াতে আন্তর্জাতিক মানদণ্ড ও শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। যারা পারিবারিক বা সামাজিক কারণে বিদেশে যেতে পারবেন না, তাঁদের স্থানীয়ভাবে কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সঞ্জীবন প্রকল্পের আওতায় খামার, বায়োগ্যাস ও একক পণ্যভিত্তিক উদ্যোগ সম্প্রসারণ করা হচ্ছে।
আরও পড়ুন: ব্রুনাইয়ে ৩৭০ কর্মী নিয়োগ দেবে বোয়েসেল, আবেদন ফি ১০০ টাকা
অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, চাকরিপ্রার্থী সদস্য ও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন