ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভারতে ট্রেনের কামরায় ৫০ বছর বয়সী নারীকে ধর্ষণের পর পিটিয়ে হত্যা


ভারতে ট্রেনের কামরায় ৫০ বছর বয়সী নারীকে ধর্ষণের পর পিটিয়ে হত্যা

ভারতের তামিলনাড়ুর নাগরকোয়েল জংশন রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের কামরার ভেতরে ৫০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের পর পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নৃশংস এই হত্যাকাণ্ডের চার দিন পর, ট্রেনটি মেরামতের জন্য ইয়ার্ডে নেওয়া হলে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শুক্রবার আইয়্যাপ্পান (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর সকাল ৮টার দিকে ১৩ নম্বর ইয়ার্ডে রাখা ১৬৩৬৬ নম্বর ট্রেনের পেছনের দিকের একটি কামরার আসনের নিচ থেকে অজ্ঞাতনামা ওই নারীর পচাগলা মরদেহ উদ্ধার করা হয়। কামরাটি প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত ছিল। নাগরকোয়েল পূর্ব গ্রাম প্রশাসনিক কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে শুরুতে রেলওয়ে পুলিশ একটি অপমৃত্যুর মামলা দায়ের করে। তবে ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হওয়ার পর মামলাটিতে হত্যা ধারা যুক্ত করা হয়।

ঘটনা তদন্তে রেলওয়ে পুলিশের পরিদর্শক ক্যাথরিন সুজাতার নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। দলটি স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ১৪ নভেম্বর সকাল ৮টার দিকে সাদা শার্ট ও ধুতি পরা এক ব্যক্তিকে ওই কামরা থেকে নেমে যেতে শনাক্ত করে। ট্রেনটি তখন ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের কাছে দাঁড়িয়ে ছিল।

আরও পড়ুন: আবুধাবি সংলাপে প্রধান বাধা ন্যাটোর সম্প্রসারণ: জেফরি স্যাক্স

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, অধিকতর তদন্তে বেরিয়ে আসে যে সিসিটিভিতে ওই ব্যক্তিকে কামরা থেকে নেমে যেতে দেখার প্রায় সাড়ে সাত ঘণ্টা আগে, অর্থাৎ ১৪ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে হত্যাকাণ্ডটি ঘটেছিল।

পুলিশের এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৪ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে ওই নারী ৫ নম্বর প্ল্যাটফর্মের কাছে হাঁটছিলেন। এ সময় অভিযুক্ত যুবক তাঁকে দেখতে পান এবং হাত ধরে জোর করে প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত ফাঁকা কামরাটির ভেতরে টেনে নিয়ে ধর্ষণ করেন। এরপর তিনি ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ঘুষি, লাথি ও পা দিয়ে আঘাত করেন। গুরুতর জখমের কারণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

গ্রেপ্তার হওয়া আইয়্যাপ্পান কন্যাকুমারী জেলার চেনবাগারমনপুথুর এলাকার জনসনের ছেলে। পুলিশ জানিয়েছে, গত চার মাস ধরে তিনি এলাকায় ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছিলেন। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, নিহত ওই নারীর পরিচয় শনাক্ত এবং তাঁর পরিবারের সন্ধান পেতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরার ভেতরে এমন ভয়াবহ অপরাধ এবং চার দিন ধরে মরদেহটি কারও নজরে না আসার ঘটনায় রেলওয়ে স্টেশনগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন: রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত হলেও আতঙ্কিত নন কিয়েভের বাসিন্দারা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীসহ দুইজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪২ পি.এম


সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীসহ দুইজন নিহত

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন, একজন প্রকৌশলীও রয়েছেন তাদের মধ্যে। শুক্রবার দিবাগত রাতে আলাদা সময়ে এসব দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে শামস মোটরসাইকেলে করে জৈন্তাপুর বাজার থেকে দরবস্ত বাজারের দিকে যাচ্ছিলেন। যখন তার মোটরসাইকেল সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের জৈন্তাপুর সারিঘাট পেট্রল পাম্পের সামনে পৌঁছায়, তখন একটি জাফলংগামী ট্রাক তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে। খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি শনাক্ত ও উদ্ধারের কাজ শুরু করে। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং ট্রাকের গায়ে রক্তের চিহ্নের সূত্র ধরে গাড়িটির সন্ধান পায় পুলিশ। এরপর অভিযান চালিয়ে শনিবার সকাল ৬টার দিকে জাফলং সড়কের জৈন্তাপুর চাঙ্গিল বাজারের একটি গলি থেকে ট্রাকটি আটক করা হয়।

সিলেটের তামাবিল হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হক জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেলেও সিসিটিভি ফুটেজ ও ট্রাকের গায়ে রক্তের চিহ্নের সূত্র ধরে দীর্ঘ অভিযান চালিয়ে সেটি আটক করা হয়েছে।

এর আগে, শুক্রবার রাতে সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতকে একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ডিপ্লোমা প্রকৌশলী লুৎফুর রহমান নিহত হন।

নিহতের মামা মো. ওবায়দুল হক মিলন বলেন, লুৎফুর সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে শান্তিগঞ্জের দামোধরতপি গ্রামে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। রাত ৮টার দিকে সড়কের চৌকা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনার পরপরই পিকআপের চালক পালিয়ে গেছেন, তবে পিকআপটি জব্দ করা হয়েছে।

ওসি জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সশস্ত্র বাহিনী দিবসে নয়াপল্টনে বিএনপির র‌্যালি, শহীদ জিয়াকে স্মরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


সশস্ত্র বাহিনী দিবসে নয়াপল্টনে বিএনপির র‌্যালি, শহীদ জিয়াকে স্মরণ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি র‌্যালি আয়োজন করেছে। র‌্যালির সময় নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে বিভিন্ন স্লোগান দেন।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ র‌্যালির নেতৃত্ব দেন।

র‌্যালিতে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে একটি সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, ৭ নভেম্বর দেশকে বহুদলীয় গণতন্ত্র, বাকপ্রকাশের স্বাধীনতা ও অসংখ্য টেলিভিশন দিয়েছে। সশস্ত্র বাহিনী ও জনগণের অবদান এই অর্জনের পেছনে রয়েছে।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া সেনাবাহিনীকে আধুনিক করে গড়ে তোলার এবং প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সক্ষমতা বাড়ানোর জন্য কাজ করেছেন। বর্তমানে তারেক রহমানও এই কাজ করে যাচ্ছেন।

রিজভী আরও মন্তব্য করেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি আধুনিক সশস্ত্র বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন। সশস্ত্র বাহিনী দিবসে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।

নয়াপল্টন থেকে শুরু হওয়া র‌্যালিটি বিজয়নগর ও পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফটিকছড়ির নতুন এসিল্যান্ড মঈনুল হাসান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


ফটিকছড়ির নতুন এসিল্যান্ড মঈনুল হাসান

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভূমি অফিসে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মো. মঈনুল হাসানকে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে, বর্তমান সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহকে চট্টগ্রাম রাজস্ব সার্কেলে বদলি করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনার আওতায় চট্টগ্রাম বিভাগের সহকারী কমিশনার (ভূমি) পর্যায়ের কর্মকর্তাদের বদলি ও পদায়নের অংশ হিসেবে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

গত ১৯ নভেম্বর, চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে, মঈনুল হাসান এর আগে কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রামে পরবর্তী পদায়নের জন্য দায়িত্ব পালন করছিলেন। তাঁর নিজ জেলা মুন্সীগঞ্জ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট সহকারী কমিশনারদের আগামীকাল ২২ নভেম্বর রবিবারের মধ্যে পদায়নকৃত জেলার জেলা প্রশাসকের কাছে যোগদানপত্র দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, ফটিকছড়ির বর্তমান সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহকে চট্টগ্রাম রাজস্ব সার্কেলে বদলি করা হয়েছে। তাঁর বদলির পর নতুন কর্মকর্তা হিসেবে মো. মঈনুল হাসান দায়িত্ব গ্রহণ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেমোথেরাপিতে আওয়ামী লীগকে ক্যান্সার থেকে বাঁচানো যাবে না: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


কেমোথেরাপিতে আওয়ামী লীগকে ক্যান্সার থেকে বাঁচানো যাবে না: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগ নামক দল ডিসেম্বরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিরদিনের জন্য পৃথিবী ত্যাগ করবে। শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, ‘শামীম ওসমান, যিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেত্রী শেখ হাসিনার জন্য না ফেরার জট খুলে দিয়েছেন, দাবি করেছেন যে, তিনি ক্যান্সারে আক্রান্ত। এজন্য নেত্রী তাকে ডিসেম্বরে ফিরতে নিষেধ করেছেন। অতীতে শোনা গিয়েছিল যে, শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত। তাহলে কি শোনা যাবে যে, শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত হওয়ায় ভারত তাকে ডিসেম্বরে বাংলাদেশে না ফেরার পরামর্শ দিয়েছে! হয়তো কিছুদিন পর ওবায়দুল কাদেরসহ অন্যান্য পলাতক নেতারাও দাবি করবেন যে, নেত্রী তাদের দেশে ফিরতে নিষেধ করেছেন। সে ক্ষেত্রে আওয়ামী লীগের হাল ধরার জন্য সজীব ওয়াজেদ জয়কে বাংলাদেশে পাঠানো হতে পারে!'

তিনি আরও বলেন, ‘এতে অন্তত ডিসেম্বরে শেখ হাসিনা ফিরে না এলেও ভবিষ্যতে শেখ হাসিনা দেশে ফিরে আসবে, সেই স্টান্টবাজিটা অন্তত জিইয়ে রাখতে পারবে। কিন্তু যদি সত্যিই ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে শেখ হাসিনা বাংলাদেশে না ফেরেন এবং সজীব ওয়াজেদ জয়ও ঝুঁকি নিয়ে দেশে আসতে না চান, তবে সত্যিই এই ডিসেম্বরে আওয়ামী লীগ নামক দল ক্যান্সারে আক্রান্ত হয়ে চিরদিনের জন্য পৃথিবী ত্যাগ করবে এবং কোনো কেমোথেরাপি দিয়ে আওয়ামী লীগকে ক্যান্সার থেকে বাঁচিয়ে ফেরানো যাবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%