১০:৪৮ পি.এম
ঢাকা, ৪ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ ও নেদারল্যান্ডস পানিসম্পদ ব্যবস্থাপনায় যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেছে।
আজ সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সাথে সাক্ষাৎকালে, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।
পানিসম্পদ মন্ত্রী দুই দেশের মধ্যে পানিসম্পদ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে সহযোগিতার আহ্বান জানান।
আরও পড়ুন: ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪ জন
তিনি উল্লেখ করেন, "নেদারল্যান্ডস বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশের অত্যন্ত সুদৃঢ় সম্পর্ক বিরাজমান।"
প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পানিসম্পদ ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতার জন্য নেদারল্যান্ডসের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিলেন।
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস উল্লেখ করেন, "বাংলাদেশ ও নেদারল্যান্ডস ব-দ্বীপ। ভূ-প্রকৃতিভাবে উভয়ের মধ্যে মিল রয়েছে।" তিনি জানান, বাংলাদেশে টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীর তীর সংরক্ষণ এবং ভাঙন প্রতিরোধে ডাচ সরকার কাজ করতে আগ্রহী।
এসময় তিনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নেদারল্যান্ডসের অবদানের কথা উল্লেখ করে ভবিষ্যতে তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন: কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
বৈঠকে পানিসম্পদ সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন এবং অতিরিক্ত সচিব মহা. এনামূল হক উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন