ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঢাকা-পাবনা রুটে চলবে ভারত থেকে আনা ১৮ রেলকোচ


ঢাকা-পাবনা রুটে চলবে ভারত থেকে আনা ১৮ রেলকোচ

নীলফামারীর সৈয়দপুর রেল কারখানায় ভারত থেকে আমদানি করা ১৮টি রেলকোচের কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও ট্রায়াল রান সম্পন্ন করে পাকশী ট্রাফিক বিভাগকে হস্তান্তর করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে পাকশী রেলওয়ের প্রতিনিধিদের হাতে কোচগুলো হস্তান্তর করা হয়।

কারখানা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই কোচগুলো ব্যবহার করে আগামী ১৯ নভেম্বর পাবনা-ঢাকা সরাসরি আন্ত নগর ট্রেনের উদ্বোধন করা হবে এবং বাণিজ্যিকভাবে চলাচল শুরু হবে।

রেল কারখানা সূত্রে জানা যায়, সহকারী যান্ত্রিক প্রকৌশলী মো. সাইফুল ইসলাম (সিএন্ডডাব্লু-২) ও ঈশ্বরদীর প্রধান ট্রেন পরীক্ষক তন্ময় সরকারের হাতে কোচগুলো হস্তান্তর করা হয়। এরপর সেগুলো পাকশীর উদ্দেশে সৈয়দপুর ত্যাগ করে। উল্লেখ্য, গত ১৭ অক্টোবর ভোর ৪টার দিকে ভারত থেকে প্রথম চালানের ১৮টি কোচ সৈয়দপুর রেল কারখানায় পৌঁছায়। এরপর সেখানে বিশেষ ডিপ্রসেসিং, যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা ও কমিশনিং কাজ সম্পন্ন হয়।

আরও পড়ুন: গাড়ির ওয়েবিলের নামে ১৫০ টাকা চাঁদা না দেওয়ায় বন্ধু খুন

পরীক্ষা-নিরীক্ষার পর গত ৮ নভেম্বর রেলপথে পরীক্ষামূলক ট্রায়াল রান অনুষ্ঠিত হয়। ট্রায়াল চলাকালে ট্রেনে ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাপরিচালক (জিএম) আহম্মদ মাসুম, ভারত থেকে ২০০ কোচ আমদানি-সংক্রান্ত প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) জয়দুল ইসলাম এবং সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ। ট্রায়াল রান শেষে ওই দিনই পঞ্চগড় থেকে আবার সৈয়দপুর রেলকারখানায় ফিরিয়ে আনা হয়।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ এই বিষয়ে জানান, ভারতীয় কোচগুলোর নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। ট্রায়াল রানে কারখানার প্রকৌশলীদের সঙ্গে ভারতীয় বিশেষজ্ঞ দল যুক্ত ছিলেন। তারা ট্রায়াল রানে গতিবেগসহ অন্যান্য কারিগরি দিক পরীক্ষা করেছেন। পরে ট্রায়াল রানের ফলাফল মূল্যায়ন করে কিছু কারিগরি কাজ সম্পন্ন করে কোচগুলোকে ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। এখন কোচগুলো দিয়ে পাবনা এক্সপ্রেস ট্রেন চলাচল করবে।

এছাড়া, ইউরোপীয় স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি এই কোচগুলোতে অ্যান্টি-টেলিস্কোপিক ও অ্যান্টি-ক্লাইম্বিং বৈশিষ্ট্য রয়েছে। ফলে দুর্ঘটনা বা সংঘর্ষের সময় কোচগুলো একে অপরের ওপর উঠে যাবে না। পুরনো স্ক্রু কাপলিং ব্যবস্থার পরিবর্তে উন্নত সিবিসি কাপলিং থাকায় কোচগুলোতে ঝাঁকুনি অনেক কম হবে এবং ভ্রমণ হবে আরামদায়ক।

এছাড়া, এসব কোচে ছোট শিশুসহ যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে আলাদা শিশু পরিচর্যা বা বেবি কেয়ার রুম রয়েছে। কোচে প্রার্থনাকক্ষ বা নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।

আরও পড়ুন: সারের বিতরণে অনিয়ম বরদাশত করা হবে না: কৃষি সচিব

বাংলাদেশের রেলওয়ের বাস্তব অবস্থা মাথায় রেখে অতিরিক্ত ওজন বহনের উপযোগী করে কোচগুলোর কাঠামো শক্তিশালী করা হয়েছে। কোচগুলোর অভ্যন্তরীণ সাজসজ্জা (ইন্টেরিয়র ডেকোরেশন) অনেক আধুনিক। আসনগুলোতে রয়েছে ফোল্ডিং ব্যবস্থা। কোচগুলোতে সুসংহত সিসিটিভি নজরদারি ব্যবস্থা এবং যাত্রীদের জরুরি প্রয়োজনের জন্য প্যাসেঞ্জার অ্যালার্ম সিস্টেম রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে মজুরি বৃদ্ধির আন্দোলনে আহত শ্রমিক সেলিমের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


গাজীপুরে মজুরি বৃদ্ধির আন্দোলনে আহত শ্রমিক সেলিমের মৃত্যু

গাজীপুরের আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবির প্রেক্ষাপটে হামলার শিকার হয়ে আহত সেলিম (২৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান। তিনি জানান, গত ৪ নভেম্বর বিকেলে আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।

নিহত সেলিমের বাবা আব্দুর রহিম জানান, তাদের বাড়ি মাদারীপুর জেলার কালকারী থানার উত্তর কানাইপুর গ্রামে। বর্তমানে সাভার সবুজবাগ এলাকায় বসবাস করতেন। সেলিম এক ভাই ও এক বোনের মধ্যে ছোট। তিনি সাভার ট্রেন্ট সুজ নামে একটি জুতার কারখানায় কর্মরত ছিলেন।

প্রসঙ্গত, গত ৪ নভেম্বর দুপুরে সেলিম হামলার শিকার হন। হামলার পর তাকে প্রথমে এনাম মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজাতে সরকারের বড় উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজাতে সরকারের বড় উদ্যোগ

সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জননিরাপত্তা অবকাঠামো ঢেলে সাজানোর জন্য একটি বড় উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগের অংশ হিসেবে বর্তমানে ২৫টি উন্নয়ন প্রকল্পের কাজ চলছে এবং ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে বাস্তবায়নের জন্য আরও ৬৭টি প্রকল্প প্রস্তাব করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নেওয়া এসব উদ্যোগের মূল উদ্দেশ্য হলো বাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, জরাজীর্ণ অবকাঠামোর আধুনিকায়ন, আধুনিক নজরদারি প্রযুক্তির সংযোজন এবং জননিরাপত্তা ও পুনর্বাসন সেবা সম্প্রসারণ করা। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো আধুনিকায়নে এসব উদ্যোগ গ্রহণ সরকারের বৃহত্তর প্রচেষ্টার প্রতিফলন।

তিনি আরও বলেন, এগুলো নির্বাচনী ইশতেহার এবং ২০২৬-২০৩১ মেয়াদি পঞ্চবার্ষিকীর কৌশলগত কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রকল্প বাস্তবায়নের দক্ষতা বাড়াতে পরিকল্পনা কমিশন একটি সমন্বিত কর্মসূচিভিত্তিক পদ্ধতি অনুসরণ করছে। কাজের বিচ্ছিন্নতা কমানো এবং সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে একই ধরনের প্রকল্পগুলোকে একীভূত করে বড় কর্মসূচির আওতায় আনা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সাতটি সংস্থা বর্তমানে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২৫টি প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে ১৭টি প্রকল্প অবকাঠামো সংক্রান্ত।

চলমান এসব প্রকল্পের জন্য সরকার ২ হাজার ৩৩৯ কোটি ২১ লাখ টাকা বরাদ্দ করেছে। এর মধ্যে দেশীয় উৎস থেকে ২ হাজার ২৯৬ কোটি ৯১ লাখ টাকা এবং প্রকল্প সহায়তা হিসেবে ৪২ কোটি ৩০ লাখ টাকা রয়েছে। তবে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত অর্থ ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে মাত্র ১১০ কোটি ৬৩ লাখ টাকায়। এই ধীরগতি প্রকল্প বাস্তবায়নের কাজের গতি বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

চলমান প্রকল্পগুলোর বাইরে সংশোধিত এডিপি কাঠামোর আওতায় নয়টি অধিদপ্তর ও সংস্থা নতুন আরো ৬৭টি প্রকল্পের প্রস্তাব দিয়েছে। ২০৩০-৩১ সালের মধ্যে এসব প্রকল্পের কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

প্রস্তাবিত বিনিয়োগের একটি বড় অংশ বাংলাদেশ পুলিশের জন্য বরাদ্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশনাল সক্ষমতা পুনরুদ্ধার ও অবকাঠামোগত উন্নয়নের ওপর সরকারের বিশেষ গুরুত্ব এতে প্রতিফলিত হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি মাসের ৪ নভেম্বর অনুষ্ঠিত একনেক সভায় দুটি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন পেয়েছে। এর আওতায় ৪ হাজার ৩২৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ৪ হাজার ৮২৯টি অপারেশনাল যানবাহন এবং ২ হাজার ২৮০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ১টি বিশেষায়িত যানবাহন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া ১ হাজার ৯০০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ১২৫টি জরাজীর্ণ থানা পুনর্নির্মাণ এবং ৮০০ কোটি টাকা ব্যয়ে পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, নৌ পুলিশ স্থাপনা ও হাইওয়ে থানাসহ আরো ১৫০টি স্থাপনা পুনর্নির্মাণের প্রস্তাবগুলো পুনর্মূল্যায়ন করছে সরকার।

আধুনিকায়নের এই পরিকল্পনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও নির্বাচিত আঞ্চলিক ইউনিটগুলোর জন্য স্মার্ট পুলিশিং উদ্যোগও অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন সুবিধার আধুনিকায়নও এর অংশ।

সীমান্ত এলাকায় নজরদারি ও অপারেশনাল প্রস্তুতি জোরদার করতে অবকাঠামোগত সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর সক্ষমতা বৃদ্ধির সমন্বয়ে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির চলমান উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ৭৩টি আধুনিক বর্ডার আউটপোস্ট (বিওপি) নির্মাণ এবং গাজীপুরে ৬৩ বিজিবি ব্যাটালিয়নের অবকাঠামো উন্নয়ন।

নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বাহিনীটি ড্রোন, অ্যান্টি-ড্রোন সিস্টেম এবং উন্নত ল্যাবরেটরি সরঞ্জাম যুক্ত করার পরিকল্পনাও করছে।

এছাড়া একটি ‘স্কুল অব সার্ভিল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

চুয়াডাঙ্গায় বিজিবি প্রশিক্ষণ কেন্দ্র এবং নীলডুমুরে ১৭ বিজিবি ব্যাটালিয়নের আরো অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

এদিকে সমুদ্র নিরাপত্তা জোরদার ও নৌযান রক্ষণাবেক্ষণের সক্ষমতা বাড়াতে দুটি বড় প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ছাড়া ১৩টি উচ্চগতির বোট কেনার একটি পৃথক প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

উন্নয়ন এজেন্ডার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো জরুরি সাড়াদান বা রেসপন্স সক্ষমতা বাড়ানো।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ২০টি ফায়ার স্টেশন নির্মাণ বা পুনর্নির্মাণ, অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণ এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের কাছে চকরিয়া ও উখিয়ায় নতুন স্থাপনাসহ অতিরিক্ত অবকাঠামো তৈরির পরিকল্পনা করেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকার কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সম্প্রসারণ এবং সাতটি বিভাগীয় শহরে চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র স্থাপনের প্রস্তুতি নিচ্ছে।

পাশাপাশি খুলনা, রংপুর ও ময়মনসিংহে পরীক্ষার সুবিধাসহ ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

কারাগারের অবকাঠামো উন্নয়নও সরকারের অন্যতম অগ্রাধিকার। প্রস্তাবিত প্রকল্পগুলোর আওতায় ময়মনসিংহ কারাগার সম্প্রসারণ, জামালপুর, কুমিল্লা ও নরসিংদী জেলা কারাগার পুনর্নির্মাণ এবং রংপুর ও রাজশাহী কেন্দ্রীয় কারাগার পুনর্নির্মাণ করা হবে। ঐতিহাসিক পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্স সংরক্ষণের বিষয়টিও এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে।

অন্যদিকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) তাদের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির আওতায় আরো ১২টি অস্ত্রাগার নির্মাণের বিষয়টি বিবেচনা করছে। এর পাশাপাশি আনসার-ভিডিপি একাডেমির ব্যাপক অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনাও রয়েছে।

এই কর্মসূচির বিশাল ব্যাপ্তি বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামোকে নতুন রূপ দেওয়ার প্রচেষ্টাকেই প্রতিফলিত করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে মাইন বিস্ফোরণে তেলবাহী জাহাজে আগুন লাগল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


হরমুজে মাইন বিস্ফোরণে তেলবাহী জাহাজে আগুন লাগল

হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে সামুদ্রিক মাইন বিস্ফোরণের ফলে আরো একটি তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিস্ফোরণের ফলে জাহাজটিতে আগুন লেগে যায় এবং এটি সাগরে অচল হয়ে পড়েছে, এমনটি জানিয়েছে ইরানের নৌবাহিনী।

সোমবার সকালে এই ঘটনা ঘটে বলে ইরানের নৌবাহিনীর জনসংযোগ বিভাগ একটি বিবৃতিতে জানায়। তাদের দাবি, জাহাজটি একটি নিষিদ্ধ সামুদ্রিক এলাকায় প্রবেশ করার পর মাইনে আঘাতপ্রাপ্ত হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘জাহাজের অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা (ট্র্যাকিং সিস্টেম) বন্ধ রাখা এবং অনুমতি ছাড়া নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণ সামুদ্রিক এলাকায় প্রবেশের ফলে সংশ্লিষ্ট জাহাজগুলো গুরুতর বিপদের মুখে পড়তে পারে।’

তবে ইরানের নৌবাহিনী ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজটির নাম এবং পরিচয় প্রকাশ করেনি। এ ঘটনার ফলে কেউ হতাহত হয়েছেন কি না, কিংবা জাহাজটির ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে মার্কিন যুদ্ধবিমানের নিরাপত্তা পাহারায় হরমুজ প্রণালির দক্ষিণ দিকের নৌপথ দিয়ে চলাচলের সময় সাগরে পেতে রাখা মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ তথ্য জানায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনকে কোণঠাসা করতে ভারত ও যুক্তরাষ্ট্রের চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


চীনকে কোণঠাসা করতে ভারত ও যুক্তরাষ্ট্রের চুক্তি

ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করেছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্প ও প্রযুক্তিতে চীনের একচ্ছত্র আধিপত্যকে খর্ব করার লক্ষ্যে। এই চুক্তির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও যন্ত্রাংশের সরবরাহ ব্যবস্থা বেইজিংয়ের নিয়ন্ত্রণ থেকে মুক্ত রাখতে একটি বিশেষ উদ্যোগে যুক্ত হয়েছে দিল্লি।

এই চুক্তিটি ‘সান ফ্রান্সিসকো ডিক্লারেশন অন দ্য সিকিওর ফাউন্ডেশনস অব এন্ডিউরিং প্রসপারিটি’ নামে পরিচিত। এতে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, ইজ়রায়েল, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, ভারত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত স্বাক্ষর করেছে। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহে জার্মানি, সুইডেন, নেদারল্যান্ডস এবং ইউরোপীয় কমিশনও এই চুক্তিতে যোগ দেবে।

উন্নত এআই চিপের ওপর চীনের নিয়ন্ত্রণ এবং সেগুলো পাওয়ার সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এনভিডিয়ার তৈরি অত্যাধুনিক এআই চিপ নিয়ে ওয়াশিংটনের চিন্তা বাড়ছে। ‘দ্য ফাইন্যান্সিয়াল টাইমস’-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন সংস্থাগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন, যাদের বিরুদ্ধে এনভিডিয়ার উন্নত প্রযুক্তির চিপ বেআইনিভাবে চীনে পাচার করার সন্দেহ রয়েছে।

সিলিকন ভ্যালির সরবরাহ শৃঙ্খলকে সমৃদ্ধশালী ও নিরাপদ রাখতে এবং এর উদ্ভাবনী শক্তি দৃঢ় করতে এই জোটের সূচনা হয়েছে। ভারতীয় প্রযুক্তি বিশেষজ্ঞেরা মনে করছেন, এই জোটের অংশীদার হওয়া ভারতীয় প্রযুক্তি ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই চুক্তির ফলে বিশ্বজুড়ে প্রযুক্তি সরবরাহের ক্ষেত্রে ভারতের অবস্থান আরও মজবুত হতে পারে বলে তারা আশা করছেন।

সূত্র: আনন্দবাজার অনলাইন

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%