ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

‘নকীব পদক ২০২৬’ অর্জন করলো কলরব শিল্পীগোষ্ঠী


‘নকীব পদক ২০২৬’ অর্জন করলো কলরব শিল্পীগোষ্ঠী

শিশু-কিশোর সাহিত্য ও সুস্থ সংস্কৃতি বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘নকীব পদক ২০২৬’ অর্জন করেছে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব।

জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বাংলা একাডেমি মিলনায়তনে ‘নকীব একাডেমি’ আয়োজিত দিনব্যাপী ‘নকীব উৎসব ২০২৬’-এ এই সম্মাননা পদক গ্রহণ করে। সংগঠনটির নির্বাহী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান পদকটি গ্রহণ করেন।

অনুষ্ঠানে কলরব ছাড়াও ব্যক্তি ক্যাটাগরিতে গুণী লেখক মাওলানা শরীফ মুহাম্মাদ এবং সাংবাদিক সমর ইসলামকে নকীব পদক প্রদান করা হয়।

আরও পড়ুন: ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন ম্যাকোলে কালকিন

মাসিক নকীবের সম্পাদক জিয়াউল আশরাফ ও নির্বাহী সম্পাদক সাঈদ আবরারের সঞ্চালনায় উৎসবে সভাপতিত্ব করেন নকীব একাডেমির সভাপতি মুনতাছির আহমাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকীব একাডেমির উপদেষ্টা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. জেহাদ উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী এবং মুনীরুল ইসলাম উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই আয়োজনে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, অতিথিবৃন্দ এবং শিশু-কিশোর লেখক ও পাঠকরা অংশগ্রহণ করেন।

পদক গ্রহণের পর মুহাম্মদ বদরুজ্জামান তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই কলরব শিশু-কিশোরদের মাঝে সুস্থ সংস্কৃতি বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই নকীব পদক প্রাপ্তি আমাদের আগামী দিনের কার্যক্রমকে আরও বেগবান করবে, ইনশাআল্লাহ। এই সম্মাননার জন্য কলরবের পক্ষ থেকে নকীব একাডেমিকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মণিপুরে ভেজাল মদ গিলে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৭ পি.এম


মণিপুরে ভেজাল মদ গিলে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮০

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে বিষাক্ত বা ভেজাল মদপান করে গত ২ দিনে ১৫ জনের মৃত্যু ঘটেছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৮০ জন। এই ঘটনাটি মণিপুরের চান্দেল জেলায় ঘটেছে।

শনিবার (২১ নভেম্বর) ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

চান্দেল জেলা পুলিশ সুপারের দপ্তর থেকে জানানো হয়েছে, গত ১৮ নভেম্বর থেকে ২০ নভেম্বরের মধ্যে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে। এই সময়ে কেউ বাড়িতে, কেউ হাসপাতালে নেওয়ার পথে এবং বাকিরা হাসপাতালে মারা গেছেন।

এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা জারি করেছে এবং প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে দেওয়া এক নির্দেশনায় চান্দেলের বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানীয়ভাবে তৈরি মদ বা সন্দেহজনক উৎস থেকে আসা যেকোনো অ্যালকোহলযুক্ত পানীয়—বিশেষ করে ক্ষতিগ্রস্ত এলাকায় পাওয়া সন্দেহজনক উৎস থেকে সংগৃহীত পানীয়—পান করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অ্যালকোহল পানের পর যদি কারো বমি, পেটে ব্যথা, মাথাব্যথা, মাথা ঘোরা, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়, তবে তাদের অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে নির্দেশনায়।

মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচান্দ সিং এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক উল্লেখ করে দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে রাজধানী ইম্ফল থেকে চান্ডেল জেলায় প্রয়োজনীয় ওষুধসহ জেনারেল মেডিসিন বিশেষজ্ঞদের একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে বলেও এক বিবৃতিতে উল্লেখ করেছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরিয়ড না হলে ওষুধ খান, জানেন কী ক্ষতি?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৮ পি.এম


পিরিয়ড না হলে ওষুধ খান, জানেন কী ক্ষতি?

নারীদের মধ্যে অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা একটি সাধারণ বিষয়। কিছু নারীর পিরিয়ড নির্দিষ্ট সময়ের তুলনায় দেরিতে আসে, আবার অন্যদের ক্ষেত্রে মাসে দুইবার ঋতুস্রাব হতে দেখা যায়। কিছু ক্ষেত্রে পিরিয়ড চলাকালীন অতিরিক্ত রক্তপাত হয়, আবার কারো ক্ষেত্রে রক্তপাতের পরিমাণ খুবই কম হতে পারে।

এই সমস্যা সমাধানে অনেকেই চিকিৎসকের পরামর্শে হরমোনের ওষুধ গ্রহণ করেন। তবে, কিছু নারী পরিচিতদের পরামর্শে বা নিজের ইচ্ছায় ওষুধ খেতে শুরু করেন। কিন্তু জানেন কি, নিয়মিতভাবে হরমোনের ওষুধ খেলে শরীরে বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে?

হরমোনের ওষুধ খেলে যে ক্ষতি

ওজন বেড়ে যাওয়া

হরমোনের ওষুধ গ্রহণের পর কিছু নারীর শরীরে পানি জমে যেতে পারে। এর ফলে ওজন বেড়ে যাওয়ার অনুভূতি হতে পারে। কিছু ক্ষেত্রে খিদে বা বিপাকক্রিয়াতেও পরিবর্তন দেখা দিতে পারে।

মুড সুইং

হরমোনের পরিবর্তনের প্রভাব মনের অবস্থার উপরও পড়তে পারে। কিছু নারীর মধ্যে অল্পতেই রেগে যাওয়া, মন খারাপ, উদ্বেগ বা মেজাজের আকস্মিক পরিবর্তন দেখা দিতে পারে।

বমি বমি ভাব

হরমোনের ওষুধ খাওয়ার পর অনেকের মধ্যে বমি বমি ভাব, মাথা ঘোরা বা অস্বস্তির অনুভূতি হতে পারে। বিশেষ করে, ওষুধ গ্রহণের প্রথম দিকে এই সমস্যা দেখা দেয়।

স্তনে ব্যথা

হরমোনের পরিবর্তনের কারণে স্তনে ভারী ভাব, ব্যথা বা স্পর্শকাতরতা অনুভূত হতে পারে।

মাথাব্যথা

কিছু নারীর ক্ষেত্রে হরমোনের ওষুধ খাওয়ার পর মাথাব্যথার সমস্যা দেখা দিতে পারে। যদি আগে থেকেই মাইগ্রেনের সমস্যা থাকে, তাহলে চিকিৎসককে তা জানানো জরুরি।

অনিয়মিত রক্তপাত

ওষুধ খাওয়ার পরেও মাঝে মাঝে পিরিয়ডের মধ্যে অল্প রক্তপাত বা স্পটিং হতে পারে। আবার ঋতুস্রাবের স্বাভাবিক সময় ও রক্তপাতের পরিমাণেও পরিবর্তন আসতে পারে।

রক্ত জমাট বাঁধার ঝুঁকি

কিছু ধরনের ইস্ট্রোজেনযুক্ত হরমোনের ওষুধ রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়াতে পারে। পায়ে হঠাৎ ব্যথা, ফোলা, বুকে ব্যথা বা শ্বাসকষ্ট হলে দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন।

যা করবেন

চিকিৎসকের পরামর্শ ছাড়া অনিয়মিত পিরিয়ডের জন্য নিজে থেকে হরমোনের ওষুধ গ্রহণ করা উচিত নয়। কারণ পলিসিস্টিক ওভারি সিনড্রোম, থাইরয়েডের সমস্যা, অতিরিক্ত মানসিক চাপ, ওজনের পরিবর্তনসহ একাধিক কারণে ঋতুচক্র অনিয়মিত হতে পারে। তাই শুধুমাত্র ওষুধ খেয়ে পিরিয়ড নিয়মিত করলেই সমস্যার মূল কারণ দূর হয় না।

যদি কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়, তাহলে নিজে থেকে ওষুধ বন্ধ না করে চিকিৎসকের সঙ্গে আলোচনা করা উচিত। প্রয়োজন হলে চিকিৎসক ওষুধের মাত্রা পরিবর্তন করতে পারেন অথবা বিকল্প চিকিৎসার পরামর্শ দিতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ককরোচ পার্টি কি আন্দোলন থেকে পিছু হটছে?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৮ পি.এম


ককরোচ পার্টি কি আন্দোলন থেকে পিছু হটছে?

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছিল ককরোচ জনতা পার্টি। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে দেশজুড়ে বিক্ষোভ শুরু করার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। তবে গত কয়েক দিন ধরে আন্দোলনে কার্যত নীরবতা দেখা যাচ্ছে। সামাজিক মাধ্যমেও জ্ঞানেশ কুমারকে নিয়ে আগের মতো সরব নয় সংগঠনের নেতারা।

এ অবস্থায় প্রশ্ন উঠেছে, ককরোচ পার্টি কি শেষ পর্যন্ত আন্দোলন থেকে পিছিয়ে আসছে? এই প্রশ্নের জবাবে সংগঠনের সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা বলেন, "আন্দোলন থেমে যায়নি। বরং একাধিক কর্মসূচি নিয়ে এখনো রাস্তায় রয়েছেন তারা।"

শনিবার সাংবাদিক অজিত অঞ্জুমের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, দীপাবলির সময় পরিবারকে সময় দেওয়ার জন্য কয়েক দিনের বিরতি নেওয়া হয়েছিল। তবে সেই বিরতিকে আন্দোলন বন্ধ হয়ে যাওয়া বলে ব্যাখ্যা করা ঠিক নয়।

আশুতোষ রাঙ্কা জানান, এই মুহূর্তে তাদের সংগঠনের মূল লক্ষ্য তিনটি বিষয়। প্রথমত, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। দ্বিতীয়ত, স্কুলের পরিকাঠামো এবং শিক্ষাব্যবস্থার উন্নতির দাবিতে ‘স্কুল ঠিক করো’ অভিযান ফের শুরু করা। তৃতীয়ত, সংগঠনকে আরো শক্তিশালী করে তোলা।

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি এখনো বহাল রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে আশুতোষ বলেন, "মাত্র ১৫ দিনের বিরতিকে আন্দোলনের সমাপ্তি হিসেবে দেখানো হচ্ছে।" তার বক্তব্য, অন্যান্য রাজনৈতিক দল এবং সংগঠনও দীপাবলির সময় বিরতি নিয়েছিল। তাহলে শুধু তাদের সংগঠনকেই কেন আন্দোলন থেকে পিছিয়ে যাওয়ার অভিযোগের মুখে পড়তে হচ্ছে?

তিনি আরো জানান, আগামী দিনে পুনে ও গোয়ায় কর্মসূচি রয়েছে। বিভিন্ন রাজ্যে গিয়ে আন্দোলন এবং সাংগঠনিক কাজ চালানো হবে। এর আগে, জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সেপ্টেম্বর মাসে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল সিজেপি। তাদের অভিযোগ, এসআইআরের মাধ্যমে ভোটার তালিকায় কারচুপি হচ্ছে এবং নির্বাচন কমিশন শাসক দলকে সুবিধা করে দিচ্ছে। যদিও নির্বাচন কমিশনের বক্তব্য, মৃত, ভুয়া ও একাধিক জায়গায় নথিভুক্ত ভোটারদের নাম বাদ দেওয়াই এই প্রক্রিয়ার উদ্দেশ্য।

আপাতত জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলন বন্ধ করার কোনও ঘোষণা করেনি ককরোচ জনতা পার্টি। বরং আন্দোলনের পাশাপাশি সংগঠন বিস্তার এবং শিক্ষা সংস্কারের দিকে নজর দিচ্ছে তারা। তবে আগামী দিনে কবে ফের দেশজুড়ে বড় বিক্ষোভ শুরু হবে, সেই নির্দিষ্ট দিনক্ষণ এখনো ঘোষণা করেনি সংগঠনটি।

সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় নতুন রেফারেল ব্যবস্থা চালু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় নতুন রেফারেল ব্যবস্থা চালু

পেশাগত দায়িত্ব পালনকালে হামলা, হুমকি ও হয়রানির শিকার সাংবাদিকদের জন্য চিকিৎসা, আইনি, মনোসামাজিক ও ডিজিটাল নিরাপত্তাবিষয়ক সহায়তা প্রদান করতে রেফারেল ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই ব্যবস্থার আওতায় বিপদগ্রস্ত সাংবাদিকরা স্থানীয় অংশীদার সংস্থার মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি কর্মক্ষেত্রে গুরুতর আহত ১২৮ জন সাংবাদিককে এককালীন ১৯ হাজার ১৮০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও মানুষের জন্য ফাউন্ডেশনের নেতৃত্বে বাস্তবায়িত ‘ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি (স্বাধীনতা)’ প্রকল্পের আওতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ উপলক্ষে রাজধানীর ফার্মগেটে তৌফিক আজিজ খান সেমিনার হলে দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন করে উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স। এই কর্মশালায় টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইন গণমাধ্যমের সম্পাদকীয়, প্রশাসনিক ও সেফগার্ডিং বিভাগের ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

কর্মশালায় সাংবাদিকদের নিরাপত্তাঝুঁকি মোকাবেলা, অভিযোগ গ্রহণ এবং বিপদগ্রস্ত গণমাধ্যমকর্মীদের দ্রুত সহায়তা দেওয়ার বিদ্যমান নীতিমালা ও ব্যবস্থাপনা পর্যালোচনা করা হয়। অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশ নিয়ে সহায়তা পাওয়ার প্রক্রিয়া সহজ ও কার্যকর করার লক্ষ্যে আলোচনা করা হয়।

কর্মশালায় বাস্তব ঘটনা পর্যালোচনা করে বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সীমাবদ্ধতা চিহ্নিত করা হয়। এ সময় বিপদগ্রস্ত সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা, সম্মতি নেওয়া এবং ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার ওপর গুরুত্ব আরোপ করা হয়। প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠানে একজন ‘সেফগার্ডিং ফোকাল পারসন’ এবং তার বিকল্প দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নির্ধারণের সুপারিশও করা হয়।

মানুষের জন্য ফাউন্ডেশনের ইয়ুথ অ্যান্ড সোশ্যাল কোহেশন বিভাগের প্রধান ওয়াসিউর রহমান তন্ময় জানান, সহায়তা পাওয়ার জন্য আবেদনকারী সাংবাদিকের প্রেসকার্ড, স্থায়ী চাকরি, সদস্যপদ কার্ড কিংবা পুলিশের কাছে করা মামলার প্রয়োজন হবে না। প্রকাশিত প্রতিবেদন, কাজের নমুনা, প্রত্যক্ষদর্শীর বক্তব্য অথবা চিকিৎসার নথিপত্রের ভিত্তিতে আবেদন করা যাবে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোতে গোপনীয়তা বজায় রেখে অভিযোগ জানানোর ব্যবস্থা, নিরাপত্তা সরঞ্জাম এবং জরুরি সহায়তার সংস্থান রাখার আহ্বান জানান।

মানুষের জন্য ফাউন্ডেশনের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কর্মকর্তা নুসরাত ফাতিমা বলেন, সাংবাদিকতা পেশায় যুক্ত ব্যক্তিরা নানা ধরনের গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারেন। তাই গণমাধ্যমকর্মীদের জন্য সুস্পষ্ট ও দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করা প্রয়োজন।

ব্রেকিং দ্য সাইলেন্স-এর কর্মকর্তা মো. নূরে আলম জানান, কর্মশালার পরবর্তী ধাপে অংশগ্রহণকারী গণমাধ্যম প্রতিষ্ঠান ও প্রকল্পের অংশীদারদের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হবে। এর মাধ্যমে রেফারেল ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চালু হবে। পাশাপাশি সাংবাদিকদের সুরক্ষায় নিজস্ব নীতিমালা পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%