০৭:৪১ পি.এম
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের নাতি মুহাম্মদ রাজা দারসহ আটজনের বিরুদ্ধে দুই বিদেশি নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, অপহরণ ও নির্যাতনের অভিযোগে আদালত অভিযোগ গঠন করেছে। মঙ্গলবার লাহোরের একটি বিচারিক আদালতে অভিযোগ গঠনের পর আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেছেন।
আদালতের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ রফাকত আলী গন্ডাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলার আনুষ্ঠানিক বিচারকাজ আগামী ৯ ডিসেম্বর থেকে শুরু হবে। ওই দিন বিচারক রাষ্ট্রপক্ষকে সাক্ষীদের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন।
বর্তমানে মামলার আট আসামিই বিচারিক হেফাজতে রয়েছেন। পাকিস্তানের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব ইসহাক দারের সঙ্গে রাজা দারের পারিবারিক সম্পর্কের কারণে ঘটনাটি দেশটিতে বিশেষ গুরুত্ব পেয়েছে।
আরও পড়ুন: আইসিজের রায়ের অপেক্ষায় কক্সবাজারের রোহিঙ্গারা
পাঞ্জাব পুলিশ মামলার অসম্পূর্ণ তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছে। প্রতিবেদনে রাজা দারসহ পাঁচজনকে যৌন নিপীড়নের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে বেআইনিভাবে আটকে রাখা, চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধের অভিযোগ আনা হয়েছে।
পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রধান অভিযুক্তদের একজনের কর্মচারী হিসেবে পরিচিত বাকি তিনজনের বিরুদ্ধে দুই নারীকে যৌন নিপীড়নের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। অন্যদিকে, রাজা দারসহ পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ মেলেনি বলে তদন্তকারী সংস্থা দাবি করেছে।
যেভাবে ঘটনার সূত্রপাত
মামলার দুই ভুক্তভোগীর একজন নেদারল্যান্ডসের এবং অন্যজন ভেনেজুয়েলার নাগরিক। ব্যবসায়িক কাজে গত জুনে তারা পাকিস্তানে আসেন। অভিযোগ অনুযায়ী, গত ২৯ জুন তাদের অপহরণ করে লাহোরের ডিফেন্স হাউজিং অথরিটি (ডিএইচএ) এলাকার একটি বাড়িতে আটকে রাখা হয়। এ সময় রাজা দারের পাওনা টাকা পরিশোধের জন্য তাদের চাপ দেওয়া হয়।
আরও পড়ুন: কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬১ নেতাকর্মীসহ আটক ২১১
পুলিশের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে সিঙ্গাপুরে রাজা দারের সঙ্গে ওই দুই নারীর পরিচয় ঘটে। পরে তারা নিজেদের ক্রিপ্টোকারেন্সি ব্যবসায় বিনিয়োগের প্রস্তাব দেন। প্রাথমিক বিনিয়োগ থেকে মুনাফা পাওয়ার পর রাজা দার আরো পাঁচ লাখ ডলারের বেশি বিনিয়োগ করেন বলে অভিযোগ রয়েছে।
তবে পরবর্তী সময়ে ওই দুই নারী বিনিয়োগের বিপরীতে আর মুনাফা দিতে পারেননি কিংবা মূল অর্থ ফেরত দিতে ব্যর্থ হন বলে রাজা দার অভিযোগ করেছেন। এরপর অন্য এক বিনিয়োগকারীর সঙ্গে বৈঠকের ব্যবস্থা করার কথা বলে তিনি তাদের পাকিস্তানে আমন্ত্রণ জানান।
তদন্ত প্রতিবেদন বলছে, প্রথমে ওই দুই নারী ইসলামাবাদের একটি হোটেলে ওঠেন। পরে পর্যটনকেন্দ্র মুরিতে যাওয়ার পর তাদের লাহোরের একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়।
সেখানে তাদের আটকে রেখে জোরপূর্বক প্রায় ১৯ হাজার ৫০০ ডলার স্থানান্তরে বাধ্য করা হয় বলে অভিযোগ রয়েছে। অস্ত্রধারীরা তাদের পাহারা দিতেন। ছুরি, বন্দুক ও ভাঙা আয়না দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি দাবি পূরণ না করলে হত্যা এবং শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল বলেও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: চিকিৎসার বাইরে কোনো রোগী যেন না থাকে: ডা. জুবাইদা রহমান
যেভাবে পালিয়ে বাঁচেন দুই নারী
গত ১ জুলাই দুই নারীকে লাহোর বিমানবন্দরে নেওয়ার পথে ভাট্টা চকের কাছে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় তারা চিৎকার করে সাহায্য চাইলে রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিবারের সদস্য হিসেবে পরিচিত অভিযুক্তদের একজন পালিয়ে যান। পরে পুলিশ দুই নারীকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
উদ্ধারের পর তাদের শারীরিক পরীক্ষা করা হয় এবং বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি রেকর্ড করা হয়। জবানবন্দি দেওয়ার পর গত ৩ জুলাই তারা পাকিস্তান ছেড়ে চলে যান।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্তে ডিএনএ, আঙুলের ছাপ ও পলিগ্রাফ পরীক্ষা করা হয়েছে। তবে অসম্পূর্ণ তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার সময় ফরেনসিক পরীক্ষার ফলাফল হাতে পাওয়া যায়নি।
আরও পড়ুন: মামুনুল হক: যেকোনো মূল্যে অপশক্তিকে মোকাবিলা করা হবে
তদন্তকারীদের দাবি, দুই নারীর কাছ থেকে চাঁদাবাজির মাধ্যমে আদায় করা ৪৩ লাখ রুপি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি মোবাইল ফোন ও অপরাধে ব্যবহৃত হয়েছে বলে সন্দেহ করা একটি গাড়ি জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে পিস্তল ও রাইফেলসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।
এদিকে গ্রেপ্তার হওয়া তিন আসামির জামিন আবেদনের শুনানিও চলছে। বুধবার এসব আবেদনের বিষয়ে রাষ্ট্রপক্ষকে যুক্তিতর্ক উপস্থাপনের শেষ সুযোগ দিয়েছেন বিচারক রফাকত আলী গন্ডাল। নির্ধারিত সময়ের মধ্যে যুক্তি উপস্থাপন করা না হলে মামলার নথিতে থাকা তথ্যের ভিত্তিতেই জামিন আবেদনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
এআরবি
আরও পড়ুন: পাকুন্দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন