১১:৪১ পি.এম
শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য এমপিও নীতিমালায় কিছু পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করেছে।
বিদ্যমান নীতিমালায় বিভিন্ন জটিলতা ও অসংগতি দূর করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছ থেকে সুপারিশ সংগ্রহ করা হচ্ছে। এসব সুপারিশের ভিত্তিতে নীতিমালা সংশোধনের খসড়া তৈরি করা হচ্ছে। এতে শিক্ষকদের উচ্চতর গ্রেড, পদোন্নতি, চাকরিচ্যুতির বিধান, নিয়োগ ও এমপিওভুক্তির ক্ষেত্রে পরিবর্তনের প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সংশোধিত নীতিমালায় শিক্ষকদের উচ্চতর গ্রেড পাওয়ার সময়সীমা কমানোর সুপারিশ করেছে।
আরও পড়ুন: একযুগ ধরে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার আলো ছড়াচ্ছে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ধর্মীয় শিক্ষকদের বেতন গ্রেডে সমতা, সহকারী প্রধান শিক্ষক নিয়োগ এবং অফিস সহায়ক নিয়োগের ক্ষেত্রেও নতুন বিধান যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
স্কুলের এমপিও নীতিমালায় যেসব পরিবর্তনের প্রস্তাব রয়েছে তা হলো, শিক্ষকদের উচ্চতর গ্রেড পাওয়ার সময়সীমা কমানোর সুপারিশ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, চাকরির বয়স আট বছর পূর্ণ হলে শিক্ষকরা প্রথম উচ্চতর গ্রেড পাবেন। বর্তমানে এ জন্য ১০ বছর চাকরির অভিজ্ঞতা প্রয়োজন। দ্বিতীয় উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে আট বছরের পরিবর্তে ছয় বছর করার সুপারিশ করা হয়েছে।
শিক্ষক-কর্মচারীদের চাকরিচ্যুতির বিধানেও পরিবর্তনের প্রস্তাব রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, কোনো শিক্ষক বা কর্মচারীর বিরুদ্ধে থানায় অভিযোগ, সাধারণ ডায়েরি (জিডি) কিংবা মামলা হলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা যাবে না।
এ ক্ষেত্রে মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের পর বরখাস্তের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। বর্তমানে থানায় মামলা হলেই ম্যানেজিং কমিটির বরখাস্ত করার সুযোগ রয়েছে।
আরও পড়ুন: যবিপ্রবির মুন্সী মেহেরুল্লাহ হলে পানি পরিশোধন কেন্দ্র উদ্বোধন
ধর্মীয় শিক্ষকদের বেতন গ্রেডেও পরিবর্তন আসতে পারে। বিদ্যমান এমপিও নীতিমালা অনুযায়ী, হিন্দুধর্মের শিক্ষকরা চাকরিতে যোগদানের শুরুতেই দশম গ্রেডে বেতন-ভাতা পান। তবে সংশোধিত নীতিমালায় সব ধর্মীয় শিক্ষকের জন্য একই বিধান রাখার সুপারিশ করেছে মাউশি।
প্রস্তাব অনুযায়ী, চাকরির শুরুতে সবাই একাদশ গ্রেডে বেতন পাবেন। তবে বিএড ডিগ্রি থাকলে দশম গ্রেডে বেতন পাওয়ার সুযোগ থাকবে।
এ ছাড়া সিটি করপোরেশন, জেলা সদর ও পৌরসভা এলাকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব অর্থায়নে অফিস সহায়ক নিয়োগ দিতে পারবে—এমন প্রস্তাবও করা হয়েছে। প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী এ নিয়োগের সুযোগ রাখার কথা বলা হয়েছে। আগের নীতিমালায় শুধু মফস্বল এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এ সুযোগ ছিল।
সংস্থা পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধানের পাশাপাশি সহকারী প্রধান শিক্ষক নিয়োগের সুযোগ রাখার সুপারিশ করেছে মাউশি। একই সঙ্গে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে এসব পদে নিয়োগ পাওয়া শিক্ষকদের এমপিওভুক্তির সুযোগও যুক্ত করা হচ্ছে। বিদ্যমান নীতিমালায় শুধু প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের বিধান রয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিনে বগুড়ায় স্তন ক্যান্সার স্ক্রিনিং ও বৃক্ষরোপণ কর্মসূচি
কলেজের এমপিও নীতিমালায়ও কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে কর্মরত শিক্ষকদের পদোন্নতি, ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তি এবং পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়োগসংক্রান্ত জটিলতা নিরসন।
মাউশির একটি সূত্র জানায়, স্কুলে কর্মরত সহকারী শিক্ষক ও কলেজে কর্মরত প্রভাষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) পদধারীদের পদোন্নতির দাবি রয়েছে। পদোন্নতির পাশাপাশি পদবির নাম পরিবর্তনের আবেদনও করা হয়েছিল। তবে শিক্ষা মন্ত্রণালয় পদবির নাম পরিবর্তনের পক্ষে নয়।
সূত্রের তথ্য অনুযায়ী, পদবির নাম অপরিবর্তিত থাকলেও চাকরির বিধি অনুযায়ী প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে তারা পদোন্নতির সব সুযোগ-সুবিধা পাবেন। অর্থাৎ পদোন্নতির পর বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ার যে বিধান রয়েছে, তাদের জন্যও তা প্রযোজ্য হবে। এ বিষয়টি বিবেচনায় রেখেই নীতিমালার খসড়া তৈরি করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ডিগ্রি কলেজের তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তি নিয়েও দীর্ঘদিনের জটিলতা রয়েছে। এ সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে বছরের শুরুতেই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা
জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ডিগ্রি কলেজের অনুমোদন নেওয়ার ক্ষেত্রে কমপক্ষে তিনজন শিক্ষক থাকার নিয়ম করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুজন শিক্ষকের কথা উল্লেখ করা হয়েছিল। মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে ডিগ্রি কলেজগুলো তৃতীয় শিক্ষক নিয়োগ দেয়। পরবর্তী সময়ে এসব শিক্ষক এমপিওভুক্ত হতে গিয়ে জটিলতায় পড়েন।
এদিকে শিক্ষক নিয়োগ ও এমপিওভুক্তির ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের সনদধারীদের মধ্যে যে জটিলতা রয়েছে, তা দূর করারও উদ্যোগ নেওয়া হয়েছে।
২০২৫ সালের এমপিও নীতিমালায় শিক্ষক নিয়োগ ও এমপিওভুক্তির ক্ষেত্রে ‘জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা অধিভুক্ত কলেজ’ শব্দ ব্যবহার করা হয়েছে। এতে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়োগ ও এমপিওভুক্তির ক্ষেত্রে কিছুটা জটিলতা তৈরি হয়। এ সমস্যা সমাধানে সংশোধিত নীতিমালায় ‘জাতীয় বিশ্ববিদ্যালয়/পাবলিক বিশ্ববিদ্যালয়’ শব্দ যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও পেতে কারিগরি বিষয়ে পড়াশোনা ও তৃতীয় ভাষা বাধ্যতামূলক। নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ক্ষেত্রেও নতুন শর্ত যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: বেরোবিতে নিরাপদ ক্যাম্পাস ও জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
এ ক্ষেত্রে ২০২৫ সালের এমপিও নীতিমালাকে ভিত্তি হিসেবে রাখা হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দুটি নতুন শর্ত যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নতুন কোনো স্কুল বা কলেজ এমপিওভুক্ত হতে হলে সেখানে কমপক্ষে দুটি কারিগরি বিষয় চালু থাকতে হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজির বাইরে তৃতীয় একটি ভাষা শেখানোর কার্যক্রমও থাকতে হবে। নতুন করে যুক্ত হতে যাওয়া এ দুটি শর্ত পূরণ করতে না পারলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির সুযোগ পাবে না।
নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির বিদ্যমান শর্ত অনুযায়ী, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’ অনুযায়ী, নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত হতে হলে বেশ কিছু শর্ত পূরণ করতে হয়।
এসব শর্তের মধ্যে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈধ স্বীকৃতি ও নিয়মিত নবায়ন থাকা, প্রতিষ্ঠানের নামে প্রয়োজনীয় ও উপযুক্ত নিজস্ব জমি থাকা এবং শ্রেণি ও স্তরভেদে নির্ধারিত সংখ্যক অনুমোদিত ও নিয়মিত শিক্ষার্থী থাকা।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে জবি ছাত্রদলের ফল উৎসব
এ ছাড়া বোর্ড পরীক্ষায় নির্দিষ্টসংখ্যক পরীক্ষার্থীর অংশগ্রহণ ও সন্তোষজনক পাসের হার থাকতে হয়। শিক্ষক-কর্মচারীদের নিয়োগ সরকার নির্ধারিত বিধি অনুযায়ী হতে হয় এবং শিক্ষকদের জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশপ্রাপ্ত হতে হয়। পাশাপাশি প্রতিষ্ঠানভেদে সরকার নির্ধারিত পদসংখ্যা ও জনবল কাঠামো বজায় রাখাসহ অন্যান্য শর্ত পূরণ করতে হয়।
এসব বিদ্যমান শর্তের পাশাপাশি সংশোধিত নীতিমালায় কারিগরি বিষয়ে পাঠদান ও তৃতীয় ভাষা শিক্ষার নতুন শর্ত যুক্ত হলে নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির ক্ষেত্রে তা বাধ্যতামূলক হবে। তবে প্রস্তাবিত পরিবর্তনগুলো এখনো চূড়ান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের পর্যালোচনা ও অনুমোদনের পরই সংশোধিত নীতিমালার চূড়ান্ত রূপ জানা যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন