১১:৫১ এম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এই ঘটনা ঘটে রোববার (২২ নভেম্বর) সকালে, উপজেলার মনাকষা ইউনিয়নের হাউজনগর গ্রামে।
নিহতদের মধ্যে রয়েছেন, ওই গ্রামের বকুল হোসেনের স্ত্রী মোসা. মিলি খাতুন (৪৫) এবং তাদের কন্যা লিমা খাতুন (১৬)।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সকালে মিলি নিজ বাড়ির সামনে অবস্থিত দোকানের গেট খুলতে যান। দোকানঘরটি পূর্ব থেকেই বিদ্যুৎতায়িত ছিল, এবং দোকানের নিরাপত্তার জন্য স্থাপন করা একটি লোহার রডে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে লিমা তাকে বাঁচাতে এগিয়ে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায়।
আরও পড়ুন: টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, পুলিশ আসছে শুনেই পালালেন ঝর্ণা আক্তার
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৭টা ৪৫ মিনিটে মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন