বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
১১:৫৪ এম
হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রের একটি আদালত হাইতীয় বংশোদ্ভূত যাজক ক্রিশ্চিয়ান ইমানুয়েল স্যাননকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করতে যাচ্ছে। গতকাল বুধবার ফ্লোরিডার মায়ামির একটি ফেডারেল আদালত স্যাননকে আটটি অভিযোগে দোষী সাব্যস্ত করে। মোইসকে ২০২১ সালের ৭ জুলাই তার নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়। প্রায় আট সপ্তাহ ধরে চলা বিচার শেষে এই রায় ঘোষণা করা হয়।
৬৮ বছর বয়সী স্যানন যুক্তরাষ্ট্র ও হাইতির দ্বৈত নাগরিক। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, প্রেসিডেন্ট মোইসকে হত্যার ষড়যন্ত্র এবং তাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনায় জড়িত থাকার। আদালতে কৌঁসুলিরা জানান, হত্যার পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রায় চব্বিশ বিদেশি ভাড়াটে যোদ্ধাকে অর্থ প্রদান করা হয়েছিল। এই অর্থের একটি অংশ করোনাভাইরাস মহামারির সময় যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন কর্মসূচি থেকে সংগ্রহ করা হয়েছিল।
কৌঁসুলিদের বক্তব্য অনুযায়ী, মোইসকে ক্ষমতাচ্যুত করে ষড়যন্ত্রকারীদের পছন্দের একজনকে প্রেসিডেন্ট হিসেবে বসানোর পরিকল্পনা করা হয়েছিল। এই ষড়যন্ত্রের পরিকল্পনা ও অর্থায়নের কেন্দ্রস্থল ছিল যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডা।
বিচার চলাকালে স্যানন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি আদালতে স্বীকার করেন যে, একসময় মোইসকে ক্ষমতা থেকে সরিয়ে অন্য কাউকে প্রেসিডেন্ট করার চেষ্টা করা ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ ছিল। তবে তিনি দাবি করেন, হত্যাকাণ্ডের অনেক আগেই ওই গোষ্ঠী অন্য একজন প্রার্থীকে বেছে নিয়েছিল এবং প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনার বিষয়ে তার কোনো ধারণা ছিল না।
হত্যাকাণ্ডের কয়েক দিন পর হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে স্যাননকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় পুলিশের একটি প্রতিবেদনে দেখা যায়, স্যাননের বাসায় তল্লাশি চালিয়ে আটটি গাড়ির নিবন্ধন নম্বরপ্লেট, ১৯টি পাসপোর্ট ও ১২টি মোবাইলফোন উদ্ধার করা হয়। এছাড়া ৩০ বাক্স গুলি এবং ১২টি পিস্তলের খাপও পাওয়া যায়।
মোইসের স্ত্রী মার্টিন মোইসও হত্যাকাণ্ডের সময় গুলিবিদ্ধ হয়েছিলেন। তাকে চিকিৎসার জন্য ফ্লোরিডায় নেওয়া হয়েছিল এবং তিনি আগামী ২০২৭ সালের হাইতির সাধারণ নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে নিজের নাম নিবন্ধন করেছেন। এক দশকের বেশি সময় পর দেশটিতে ওই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত স্যানন কোনো প্রতিক্রিয়া দেখাননি। তিনি এখনো ফেডারেল হেফাজতে রয়েছেন এবং আগামী ১০ ফেব্রুয়ারি তার সাজা ঘোষণা করা হবে। তার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
স্যাননের আইনজীবী জেলকা বোজানিচ আদালতের রায়ে হতাশা প্রকাশ করেছেন এবং যথাসময়ে এ রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করেছেন। রায়ের পর কৌঁসুলিরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
হত্যাকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্রের কৌঁসুলিরা এ পর্যন্ত ৪০ জনের বেশি ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছেন, যাদের মধ্যে ১২ জনের দণ্ড হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া পাঁচজনও রয়েছেন।
গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের কৌঁসুলিরা অভিযোগের নতুন একটি তালিকা প্রকাশ করেন, যেখানে চারজনের নাম গোপন রাখা হয়েছিল। হত্যার ষড়যন্ত্রে অর্থের জোগান দেওয়া এবং হত্যাকাণ্ডের পর দায়ীদের বিচার এড়াতে সহায়তা করার অভিযোগে আরো সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে ভিটেলহোম ইনোসেন্ট নামের এক গ্যাং নেতাও রয়েছেন, যিনি ২০২১ সালের শেষ দিকে ১৭ জন মার্কিন ও কানাডীয় ধর্মপ্রচারককে অপহরণের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগের সম্মুখীন। তবে তাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এ ঘটনায় এখনো যাদের বিচার বাকি, তাদের মধ্যে সাবেক সরকারি দুর্নীতিবিরোধী কর্মকর্তা জোসেফ ফেলিক্স বাদিও রয়েছেন। অন্য আসামিদের আইনজীবীরা তাকে হত্যার ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করেছেন। এছাড়া কলম্বিয়ার সাবেক ১৭ সেনাসদস্যেরও বিচার বাকি রয়েছে, যাদের গত সেপ্টেম্বরে হাইতি থেকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়।
হত্যাকাণ্ডের পর অস্থিরতায় হাইতি
প্রেসিডেন্ট মোইস হত্যাকাণ্ডের পর থেকে হাইতিতে আর কোনো প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেননি। দেশটির কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ প্রশাসনের (ডিইএ) কর্মকর্তা পরিচয়ে একদল ব্যক্তি রাতে পোর্ট-অ-প্রিন্সের বাইরে মোইসের বাড়িতে হামলা চালান। তাদের অধিকাংশই ছিলেন কলম্বিয়ার অবসরপ্রাপ্ত সেনাসদস্য। তারাই প্রেসিডেন্টকে হত্যা করেন এবং তার স্ত্রীকে আহত করেন।
এরপর দেশটিতে একের পর এক অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। একই সময়ে সশস্ত্র গ্যাংগুলো রাজধানী ও আশপাশের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। এসব গ্যাংকে দুর্নীতিগ্রস্ত রাজনীতিকেরা সহায়তা করছেন বলে ব্যাপকভাবে ধারণা করা হয়।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত হাইতিতে সশস্ত্র সহিংসতায় ৪ হাজার ৫৯৫ জন নিহত হয়েছেন।
দেশটিতে নিরাপত্তা, অর্থনীতি ও মানবিক সংকট আরো গভীর হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, সহিংসতা ও অস্থিরতার কারণে প্রায় ১৫ লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাতক্ষীরার শ্যামনগরে বিএনপি নেতাদের উপস্থিতিতে একটি গোপন বৈঠক থেকে পুলিশ দুই নেতাকে আটক করেছে, যারা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সদস্য। বুধবার রাত সাড়ে ১০টার দিকে পৌর সদরের বঙ্গবন্ধু মার্কেটের দোতলার একটি কক্ষে তাঁদের আটক করা হয়। এই ঘটনার ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আটক হওয়া ব্যক্তিরা হলেন আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগের শ্যামনগর উপজেলা শাখার সহসভাপতি ইয়াছিন মোড়ল (৩৭) এবং কৈখালী ইউনিয়ন সৈনিক লীগের সভাপতি ইব্রাহিম খলিল (৪৬)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার রাত ৯টার দিকে উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, যুবদল নেতা কল্লোল এবং তাঁদের কর্মী-সমর্থকেরা বঙ্গবন্ধু মার্কেটে উপস্থিত হন। এ সময় মার্কেটের দোতলায় একটি কক্ষে গোপন বৈঠক চলছিল, যেখানে ১০ থেকে ১২ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি টের পেয়ে বৈঠকে অংশ নেওয়া কয়েকজন দ্রুত পালিয়ে যান। তবে ইয়াছিন মোড়ল ও ইব্রাহিম খলিলকে অবরুদ্ধ করে রাখা হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাঁদের মারধর করেন। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৈঠকে জাতীয় পার্টির (জাপা) গাবুরা ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল হাকিম এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বাবুসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁদের কয়েকজন সেখান থেকে সরে যান। বৈঠকে বিএনপির সাবেক উপজেলা পর্যায়ের নেতাসহ যুবদলের কয়েকজন নেতার উপস্থিতির কথাও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
একাধিক স্থানীয় সূত্রের দাবি, আটক ইব্রাহিম খলিলের বিরুদ্ধে এর আগে চাঁদাবাজির মামলা রয়েছে। অভিযোগ করা হয়েছে যে, তিনি দীর্ঘদিন ধরে গোপনে অবস্থান করে বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি করে আসছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু মন্তব্য করেন, "দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যখন আলোচনা চলছে, তখন পতিত সরকারের নেতাদের নিয়ে গোপনে বৈঠকের ঘটনায় দলের নেতাকর্মীরা মর্মাহত হয়েছেন।" তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম জানান, বিক্ষুব্ধ জনতা দুজনকে আটক করে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করেছে। প্রাথমিকভাবে তাঁদের আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এদিকে, একই দিন দুপুর ও সন্ধ্যায় পৃথক ঘটনায় যুবলীগ নেতা শরিফুল ইসলাম সোহাগ এবং আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিককেও আটক করা হয়েছে।
এমএইচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজায় ইসরাইলি হামলা ও মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের দুর্ভোগের বিষয়ে তুরস্ক নীরব থাকবে না বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে উপত্যকায় বাস্তুচ্যুত মানুষের সংকট আরও গভীর হচ্ছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
বুধবার রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদীয় দলের বৈঠকে বক্তব্য রাখেন এরদোয়ান। এ সময় তিনি গাজার সাধারণ মানুষের, বিশেষ করে শীত ও আশ্রয় সংকটে থাকা শিশুদের দুর্দশার কথা তুলে ধরেন।
এরদোয়ান বলেন, “অন্যরা চোখ বন্ধ করে থাকুক কিংবা কান বন্ধ করে রাখুক, গাজায় নিপীড়নের ঘটনায় আমরা নীরব থাকব না।”
তিনি গাজার বাস্তুচ্যুত পরিবার ও শিশুদের দুরবস্থার কথা উল্লেখ করে বলেন, তীব্র শীতে শিশুদের কাঁপতে দেখা তাদের হৃদয়কে ভারাক্রান্ত করে। অনেক শিশুর মাথা গোঁজার মতো একটি তাঁবুও নেই।
চলতি মাসের শুরুতে ভারী বৃষ্টির কারণে গাজার বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত মানুষের হাজার হাজার তাঁবু পানিতে তলিয়ে যায়। দীর্ঘদিনের সংঘাত ও ইসরাইলি হামলায় উপত্যকাটির অধিকাংশ মানুষ একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন। বৃষ্টির পর একটি বালুর বাঁধ ধসে পড়লে তিন শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়।
এরপর গাজা সিটি এবং মধ্য ও উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টির পানিতে শিবিরগুলো প্লাবিত হওয়ায় শত শত পরিবারকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে অন্যত্র চলে যেতে দেখা যায়।
ফিলিস্তিনিদের ওপর চলমান সহিংসতারও নিন্দা জানান এরদোয়ান। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনেই প্রায় প্রতিদিন ফিলিস্তিনিদের হত্যা, গুপ্তহত্যা, বৈষম্য ও বিচ্ছিন্ন করে রাখার ঘটনা ঘটছে।
গত সপ্তাহে তুরস্কসহ ৫৩টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা গাজায় নির্বিঘ্নে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে ইসরাইলের প্রতি আহ্বান জানায়। এর আগে ভয়াবহ আবহাওয়া ও বন্যায় তাঁবুতে আশ্রয় নেওয়া হাজার হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হন। এ সময় হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে নয় মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনাও সামনে আসে।
গাজা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার সমালোচনা করে এরদোয়ান মুসলিম বিশ্বের আত্মসমালোচনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, “ইসলামি বিশ্বের আত্মসমালোচনা করা উচিত।” মানবিক বিপর্যয় মোকাবিলায় আরো সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
২০০২ সালের স্মৃতিচারণ
বৈঠকে একে পার্টির ক্ষমতায় আসার প্রায় ২৪ বছরের ইতিহাসও তুলে ধরেন এরদোয়ান। ২০০২ সালে দলটির প্রথম সংসদীয় দলের বৈঠকের ভিডিওচিত্র দেখানো হয়। সেখানে এরদোয়ানের দেওয়া বক্তব্যও পুনরায় প্রচার করা হয়।
ওই বক্তব্যে তিনি বলেছিলেন, “এখন থেকে এমন এক যুগের সূচনা হবে, যা অতীতের সবকিছুর চেয়ে আলাদা। আপনারা বিষয়টি মনে রাখবেন।”
২০০২ সালের ৩ নভেম্বরের সাধারণ নির্বাচনে বড় জয় পেয়ে ক্ষমতায় আসে একে পার্টি। ওই নির্বাচনের পর ১৯ নভেম্বর অনুষ্ঠিত হয় দলটির প্রথম সংসদীয় দলের বৈঠক। সেই সময়ের কথা স্মরণ করে এরদোয়ান বলেন, গত ২৪ বছরে দলটি প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও নীতি থেকে সরে যায়নি।
তার মতে, ২০০২ সালের নির্বাচন ছিল তুরস্কের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বাঁকবদল। ওই নির্বাচনের ফলাফলে জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল এবং দেশ পরিচালনায় নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছিল।
এরদোয়ান বলেন, জনগণের প্রয়োজন পূরণ, সংস্কার কার্যক্রম এবং দেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়েই তার দল কাজ করে যাচ্ছে।
১ কোটি ৭০ লাখের বেশি অবসরভোগীর জন্য সুবিধার ঘোষণা
বক্তব্যে দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং অবসরভোগীদের আর্থিক সংকট নিয়েও কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট। তিনি জানান, আগামী বছরের শুরু হওয়ার আগেই দেশটির ১ কোটি ৭০ লাখের বেশি অবসরভোগীর জন্য আর্থিক সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
এরদোয়ান বলেন, “সংসদের সহযোগিতায় বছরের শুরু হওয়ার আগেই আমাদের ১ কোটি ৭০ লাখের বেশি অবসরভোগীর জন্য একটি উন্নয়নমূলক সুবিধা কার্যকর করা হবে।”
তিনি আরো বলেন, একে পার্টি ও তাদের জোটসঙ্গী ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি (এমএইচপি) জনগণের উদ্বেগ ও প্রত্যাশা পূরণে কাজ চালিয়ে যাবে।
সূত্র: ডেইলি সাবাহ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরের ভুরুলিয়া এলাকায় পল্লীবিদ্যুৎ অফিসের অভ্যন্তরে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা কাঠের স্তূপে আগুন লাগিয়ে দেয়। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা কাজ করে।
বুধবার (১৯ নভেম্বর) রাতে ভুরুলিয়া এলাকার পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে এই ঘটনা ঘটে, যা গাজীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ রাজা মিয়া জানিয়েছেন।
তিনি উল্লেখ করেন, পল্লীবিদ্যুতের অভিযোগ কেন্দ্রের ভিতরে পুরোনো কাঠের স্তূপে আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনের কারণে পুরোনো বৈদ্যুতিক খুঁটি ও ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার মো. ইউসুফ আলী জানান, রাতে দুর্বৃত্তরা বাইরের দিক থেকে কাঠের স্তূপ লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে, যার ফলে আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এই ঘটনার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পর জানা যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়ার ঘটনাকে ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা হিসেবে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি মন্তব্য করেন, বিচারপতি হিসেবে এই চেয়ারে বসে যে রায় দেওয়া হয়েছে, সেটি লজ্জার বিষয়। তিনি এ ধরনের ঘটনাকে ‘মিসক্যারেজ অব জাস্টিস’ বা বিচারিক অবিচার বলেও চিহ্নিত করেন।
প্রধান বিচারপতি এসব কথা বলেন মানবতাবিরোধী অপরাধের মামলায় আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির সময়। আপিল বিভাগে এ সময় প্রশ্ন ওঠে, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাত্র ১৩ বছর বয়সী একজনকে কিভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া সম্ভব?
২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি শেরপুরের নকলা উপজেলার তিনজনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা এবং এ কে এম আকরাম হোসেন। তারা ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। বর্তমানে তিনজনই কারাগারে রয়েছেন।
এর আগে নকলার চারজনের বিরুদ্ধে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ২০১৭ সালের ২৬ জুলাই প্রতিবেদন দাখিল করে।
তবে আপিল শুনানিতে প্রশ্ন ওঠে যে, আমিনুজ্জামান ফারুকের বিরুদ্ধে অভিযোগের সময় তার বয়স ছিল ১৩ বছর। সেই বয়সে সংঘটিত অপরাধের অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার বিষয়টি নিয়ে সর্বোচ্চ আদালতে প্রশ্ন তোলেন বিচারপতিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ