ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঢাকায় নাগরিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা


ঢাকায় নাগরিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা

রাজধানী ঢাকায় নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধের উদ্দেশ্যে এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবার ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

এই ঘোষণার অংশ হিসেবে, আগামী ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মহানগরীর প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে প্রতিদিন একটি করে নাগরিক সমাবেশ আয়োজন করবে দলটি। সমাবেশগুলোর পাশাপাশি মিছিল, সভা ও গণসংযোগ কর্মসূচি পালন করা হবে।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এই কর্মসূচি ঘোষণা করেন।

আরও পড়ুন: ‘চাঁদা না পেয়ে’ ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর পুকুরে ফেলে দেওয়া হলো লাশ

তিনি বলেন, কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকা মহানগরী উত্তর আরও ৬০ দিনের কর্মসূচি গ্রহণ করেছে। ফলে, সব মিলিয়ে ১০০ দিনের কর্মসূচি পালন করা হবে।

সেলিম উদ্দিন আরও জানান, নিরাপদ রাজধানী গড়ার দাবিতে ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মহানগরী উত্তরের প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে প্রতিদিন একটি করে বড় নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব সমাবেশে অংশগ্রহণের জন্য দল-মত, জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল নাগরিককে আহ্বান জানানো হবে। একটি সমাবেশকে কেন্দ্র করে একাধিক মিছিল, সভা ও গণসংযোগ কর্মসূচিও চলবে।

তিনি উল্লেখ করেন, জামায়াতের শ্রমিক, পেশাজীবী ও নারী সংগঠনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। রমজান মাসে ধর্মীয় মর্যাদা বিবেচনায় রেখে ইফতার মাহফিল ও গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। ফেব্রুয়ারি শেষে মার্চে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে জামায়াতের এই নেতা দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় জননিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে প্রত্যেক নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা।

আরও পড়ুন: উন্নয়ন থমকে যাবে, বাংলাদেশকে সতর্ক: বিশ্বব্যাংক

বিএনপি সরকার এবং বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে সেলিম উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে সরকারের দাবি এবং মাঠপর্যায়ের মানুষের নিরাপত্তাবোধের মধ্যে যেন ব্যবধান তৈরি না হয়। সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সরকারের প্রতি পাঁচ দফা আহ্বান জানিয়ে জামায়াতের এই কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বলেন, প্রতিটি সহিংসতা ও নাশকতার নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে সকলকে আইনের আওতায় আনতে হবে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে। চাঁদাবাজি, দখলদারত্ব, সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি জনগণের জানমাল, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতার বিরোধিতা করে তিনি বলেন, বৈধ রাজনীতি, বক্তব্য তুলে ধরা এবং আন্দোলন-সংগ্রাম করার অধিকার সবার রয়েছে। তবে এর মাধ্যমে সন্ত্রাস, বোমাবাজি, অস্ত্রবাজি কিংবা নাগরিকের ওপর হামলা হতে পারে না। কোনো রাজনৈতিক পরিচয় অপরাধের দায়মুক্তি হতে পারে না।

জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে সেলিম উদ্দিন বলেন, সরকার জুলাই সনদে স্বাক্ষর করেছিল এবং জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল। ভোটারদের প্রায় ৭০ শতাংশ জুলাই সনদের পক্ষে রায় দেওয়ার পরও সরকার রাষ্ট্রীয় সংস্কারের কার্যক্রমে আগ্রহ দেখাচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।

আরও পড়ুন: রাজনৈতিক অস্থিতিশীলতায় দেশের অর্থনীতি অনেক ভালো করতে পারিনি: আহসান এইচ মনসুর

সংখ্যাগরিষ্ঠতার জোরে সংসদে কর্তৃত্ববাদ প্রদর্শনের চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা মহানগরী উত্তর জামায়েতের আমির আরও বলেন, জাতির এই সংকটে জনগণকে ঐক্যবদ্ধ করতে হলে সবার আগে জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানতে হবে। সংসদে জুলাই সংস্কার পরিষদের শপথ নিয়ে সনদের বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো, আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থায় সংস্কার আনতে হবে।

জামায়াতে ইসলামী গঠনমূলক সহযোগিতার নীতিতে বিশ্বাসী জানিয়ে তিনি বলেন, জনগণের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে কোনো ধামাচাপা বা গড়িমসি মেনে নেওয়া হবে না।

এরপর নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, সবাইকে শান্ত ও সচেতন থাকতে হবে। কোনো গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে উসকানি ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি: দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের উদ্যোগে নাগরিকদের জন্য একটি ডিজিটাল অ্যাপ তৈরির কথাও জানান সেলিম উদ্দিন। তিনি বলেন, অ্যাপটির মাধ্যমে ঘরে বসে কয়েক ডজন সেবা পাওয়া যাবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে পরে আরেকটি সংবাদ সম্মেলন করা হবে। পাশাপাশি আরও কিছু সচেতনতামূলক প্রচারাভিযানের প্রস্তুতি চলছে।

সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর নায়েবে আমির আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত ও প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার প্রমুখ।

আরতিভি/এসএইচএম

আরও পড়ুন: পটুয়াখালীতে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৮ বিলিয়ন ডলার অতিক্রম করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৮ বিলিয়ন ডলার অতিক্রম করেছে

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৮ বিলিয়ন অর্থাৎ ৪ হাজার ৮০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সামরিক অভিযান, যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম প্রতিস্থাপনে এই বিপুল পরিমাণ অর্থ খরচ করা হয়েছে।

তবে, ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক স্থাপনাগুলোর মেরামতের ব্যয় এখনও এই হিসাবের অন্তর্ভুক্ত নয়। তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি জানাচ্ছে, সম্প্রতি মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের একটি শুনানিতে প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একজন কর্মকর্তা এই তথ্য প্রকাশ করেছেন। সিনেটে মার্কিন আইনপ্রণেতাদের সামনে ইরান যুদ্ধে খরচ হওয়া অর্থের বিবরণ তুলে ধরেন ওই কর্মকর্তা, যিনি আর্থার মিলার নামে পরিচিত। তিনি মার্কিন নৌবাহিনীর আর্থিক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক বিভাগের সহকারী সচিব হিসেবে নিয়োগের জন্য মনোনীত হয়েছেন।

সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির সামনে নিয়োগসংক্রান্ত শুনানিতে অংশ নিয়ে তিনি ইরান যুদ্ধের ব্যয়ের এই হিসাব উপস্থাপন করেন। আর্থার মিলার বলেন, এই হিসাবের মধ্যে রয়েছে যুদ্ধাস্ত্রের খরচ, সামরিক সরঞ্জাম প্রতিস্থাপনের ব্যয় এবং সামরিক অভিযান পরিচালনার খরচ। তবে, ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক স্থাপনাগুলোর মেরামতের খরচ এই হিসাবের অন্তর্ভুক্ত নয়।

এ বিষয়ে সিনেটর রিচার্ড ব্লুমেনথালের প্রশ্নের জবাবে মিলার স্বীকার করেন, স্থাপনাগুলো মেরামতের অতিরিক্ত ব্যয় এই হিসাবের মধ্যে ধরা হয়নি। তবে, এই খাতে ঠিক কত অর্থ ব্যয় হতে পারে, সে বিষয়ে তার কাছে কোনো হিসাব নেই।

প্রসঙ্গত, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে যুদ্ধ শুরু হয়। পরে এপ্রিলে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে আলোচনা থমকে যাওয়ার পর পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও লড়াই শুরু হয়। এর আগে জুনে দুই দেশ একটি সমঝোতা স্মারকেও সই করেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমার: গণহত্যার রায় ‘ন্যায্য নয়’ দাবি আন্তর্জাতিক আদালতের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫০ পি.এম


মিয়ানমার: গণহত্যার রায় ‘ন্যায্য নয়’ দাবি আন্তর্জাতিক আদালতের বিরুদ্ধে

মিয়ানমারের সরকার আন্তর্জাতিক বিচার আদালত কর্তৃক রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে তাদের দোষী সাব্যস্ত করার রায়কে ‘ন্যায্য নয়’ বলে অভিহিত করেছে। শুক্রবার (২০ নভেম্বর) রাজধানী নেপিদোতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মিয়ানমারের প্রেসিডেন্টের মুখপাত্র খাইং খাইং সোয়ে এই মন্তব্য করেন।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি শুক্রবার (২০ নভেম্বর) এই তথ্য জানায়।

মিয়ানমারের প্রেসিডেন্টের মুখপাত্র খাইং খাইং সোয়ে উল্লেখ করেন যে, ১৫ বিচারকের মধ্যে ৯ জন রায়ের পক্ষে এবং ৬ জন বিপক্ষে মত দিয়েছেন। তাই এটি একটি সর্বসম্মত সিদ্ধান্ত নয়। তার মতে, রায়টি ন্যায্য হয়নি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক বিচার আদালত তাদের ঐতিহাসিক রায়ে জানায়, ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক হত্যাযজ্ঞ, যৌন সহিংসতা ও শিশুদের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে। এই সময়ে কয়েক লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন।

মিয়ানমার সরকার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, সশস্ত্র বিদ্রোহীদের হামলার প্রতিক্রিয়ায় ওই অভিযান পরিচালিত হয়েছিল। তবে আদালত বলেছে, অভিযানের সময় বেসামরিক মানুষ ও কথিত যোদ্ধাদের মধ্যে কোনো পার্থক্য করা হয়নি।

আদালত রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে তাদের নিজ দেশে ফেরার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হয়েছে, যদিও এর পরিমাণ পরে নির্ধারণ করা হবে। তবে আদালতের রায় কার্যকর করার জন্য তাদের কাছে কোনো নিজস্ব ব্যবস্থা নেই। তাই মিয়ানমার সরকার এসব নির্দেশ কতটা মানবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

সূত্র: ফ্রান্স২৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোশাক শ্রমিকদের মজুরি প্রস্তাবে সিপিডির বিরুদ্ধে বিজিএমইএর আপত্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


পোশাক শ্রমিকদের মজুরি প্রস্তাবে সিপিডির বিরুদ্ধে বিজিএমইএর আপত্তি

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া ও তথ্যের ভিত্তিতে সিপিডির প্রস্তাবের বিরুদ্ধে আপত্তি জানিয়েছে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

এই বিষয়ে সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদের কাছে একটি চিঠি পাঠিয়ে নিজেদের পর্যবেক্ষণ এবং পাল্টা পরিসংখ্যান উপস্থাপন করেছে সংগঠনটি।

বিজিএমইএ চিঠিতে উল্লেখ করেছে, শ্রমিকদের পরিবারের সদস্য ও উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যা নির্ধারণে গড়ের পরিবর্তে মিডিয়ান ব্যবহার করার ফলে প্রকৃত চিত্র প্রতিফলিত হয়নি। তারা আরও জানায়, পুরো পোশাকশিল্পের জন্য শুধুমাত্র ঢাকা-আরবান এলাকার দারিদ্র্যসীমা বিবেচনা করাও যুক্তিসঙ্গত নয়। কারণ, তাদের হিসাব অনুযায়ী, ঢাকা-আরবান এলাকার কারখানা থেকে দেশের মোট পোশাক রপ্তানির মাত্র ৯ শতাংশ আসে।

এছাড়াও, সিপিডির প্রস্তাবে খাদ্যবহির্ভূত ব্যয়ের সঙ্গে অতিরিক্ত আবাসন ব্যয় যুক্ত করার কারণে দ্বৈত গণনার সম্ভাবনা রয়েছে বলেও দাবি করেছে বিজিএমইএ। শিল্পের আর্থিক সংকট তুলে ধরে সংগঠনটি জানায়, গত ৩ বছরে উৎপাদন ব্যয় ২৫ থেকে ৩০ শতাংশ বেড়েছে। অথচ, একই সময়ে রপ্তানি মূল্য ২ দশমিক ৬ শতাংশ কমেছে। অন্যদিকে, ব্যাংক ঋণের সুদের হার বেড়ে ১২ থেকে ১৬ শতাংশে পৌঁছেছে। রপ্তানি প্রণোদনাও কমেছে।

বিজিএমইএর দাবি, গত ৩ বছরে ২৮৭টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। পাশাপাশি, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে বাংলাদেশে ন্যূনতম মজুরি ১৩৬ শতাংশ বেড়েছে, যেখানে ভারত, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় বেড়েছে যথাক্রমে ৫৯, ৫৪ ও ৫০ শতাংশ।

চিঠিতে ২০২৩ সালে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরির পরবর্তী ইনক্রিমেন্ট এবং ২০২৪ সালে দেওয়া ৯ শতাংশ ইনক্রিমেন্টের বিষয়টিও তুলে ধরা হয়েছে।

বিজিএমইএর মতে, মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা, আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং সামগ্রিক ব্যবসায়িক পরিস্থিতিও গুরুত্ব সহকারে বিবেচনা করা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘চাঁদা না পেয়ে’ ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর পুকুরে ফেলে দেওয়া হলো লাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


‘চাঁদা না পেয়ে’ ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর পুকুরে ফেলে দেওয়া হলো লাশ

কুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না পেয়ে রেদোয়ান হোসেন রিফাত (৩৬) নামে এক ব্যাংক কর্মকর্তাকে হত্যা করে তার মরদেহ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ স্থানীয় এক কিশোর গ্যাং সদস্যের বিরুদ্ধে উঠেছে।

শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই শিবপুর মধ্যমপাড়ার একটি পুকুর থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত রেদোয়ান হোসেন রিফাত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর মৈশান বাড়ির দেলোয়ার হোসেনের পুত্র। তিনি লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

অভিযুক্ত আবরাদ হাসান সজিব, কলেজ পাড়ার সাবেক যুবলীগ নেতা কবির হোসেন রিঙ্কুর ছেলে। তিনি দীর্ঘ সময় ধরে এলাকায় একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে আসছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত পাঁচ দিন আগে সজিব লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় গিয়ে রেদোয়ান হোসেনের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সজিব তাকে মারধর করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ভেঙে ফেলে। এরপর থেকেই রেদোয়ান নিখোঁজ ছিলেন। তার কোনো খোঁজ না পেয়ে বাবা দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের পাঁচ দিন পর শিবপুর মধ্যমপাড়া এলাকার সৈয়দুজ্জামানের বাড়ির পাশের একটি পুকুরে রেদোয়ানের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহতের বাবা দেলোয়ার হোসেন বলেন, "আমার ছেলেকে সজিব হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে। এই ঘটনায় আমি তার সর্বোচ্চ বিচার ফাঁসি দাবি করছি।"

তিনি আরও বলেন, "সজিব আমার ছেলের কাছে চাঁদা চায়। না দেওয়ায় সেদিন তাকে ব্যাপক মারধর করে। ভেবেছিলাম আর ঝামেলা করবে না। আজ আমার চোখের সামনে ছেলের লাশ। এটা কিভাবে মানব?"

এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, "গত ১৭ তারিখ থেকে রেদোয়ান হোসেন নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। এ ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকে পুলিশ মাঠে নেমেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%