ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাজশাহীতে ৪০০ বছর বয়সি বট-পাকুড়ের যুগলবন্দি পর্যটকদের দৃষ্টি কাড়ছে


রাজশাহীতে ৪০০ বছর বয়সি বট-পাকুড়ের যুগলবন্দি পর্যটকদের দৃষ্টি কাড়ছে

॥ ওমর ফারুক ॥

রাজশাহী, ২১ নভেম্বর ২০২৬ : তানোর উপজেলার ময়েনপুর গ্রামে অবস্থিত প্রায় ৪০০ বছর বয়সি যুগলবন্দি বট ও পাকুড় গাছ বর্তমানে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। এই যুগলবন্দি গাছকে কেন্দ্র করে এলাকায় বিভিন্ন রহস্য ও লোককথার প্রচলন রয়েছে। প্রকৃতির এই বিস্ময়কর যুগল এখন প্রকৃতিপ্রেমীদের মনোযোগ আকর্ষণ করছে।

মুন্ডুমালা পৌর এলাকার ময়েনপুর গ্রামের প্রাচীন বট ও পাকুড় গাছ রাস্তার দুই পাশে বিস্তৃত। বিশাল শাখা-প্রশাখা এবং মাটি স্পর্শকারী ঝুড়ি-শিকড়ের জাল যেন এই স্থানটিকে স্নেহের ছায়ায় আবৃত করে রেখেছে। বাতাসে পাতার মর্মর ধ্বনি এবং শান্ত গ্রামীণ পরিবেশ এক মায়াময় আবহ তৈরি করছে।

আরও পড়ুন: নওগাঁয় বাংলাদেশ পোল্ট্রি খামারি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন

স্থানীয়দের মতে, প্রায় ৪০০ বছর পুরোনো এই যুগল বৃক্ষ একসময় রহস্যময় স্থান হিসেবে পরিচিত ছিল, তবে এখন এটি স্থানীয় দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে।

ময়েনপুর গ্রামে ঘুরে দেখা যায়, এটি কেবল একটি বটগাছ নয়, বরং বট ও পাকুড় গাছের একটি বিরল যুগলবন্দি। গ্রামের প্রবীণ ও মধ্যবয়সী বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, এই গাছ দুটিকে ঘিরে প্রজন্মের পর প্রজন্ম ধরে নানা লোককথা ও জনশ্রুতি প্রচলিত রয়েছে।

গ্রামের প্রবীণ বাসিন্দা সাবের হোসেন বাসস’কে জানান, ‘ছোটোবেলায় এই পাকুড় গাছকে ঘিরে আমরা নানা ভীতিকর কথা শুনেছি। অনেক মা-বাবা বা মুরুব্বি এই গাছের ভয় দেখিয়ে শিশুদের ঘুম পাড়াতেন। প্রায় ৩০ বছর আগে, দিনের বেলাতেও অনেকে এই পাকুড় গাছের পাশে একা যেতে ভয় পেতেন।’

তিনি আরও বলেন, সময়ের সাথে সাথে মানুষের ধারণা পরিবর্তিত হয়েছে। কুসংস্কার ও ভয়ের জায়গাটি এখন কৌতূহল ও প্রকৃতির প্রতি ভালোবাসায় পরিণত হয়েছে। বর্তমানে আশপাশের এলাকা থেকে মানুষ গাছ দুটি দেখতে আসেন। প্রকৃতির শীতল ছায়ায় প্রাণ জুড়ান এবং মুঠোফোন বা ক্যামেরায় ছবি তোলেন। জনসমাগম বেড়ে যাওয়ায় এলাকায় বেশ কয়েকটি দোকানও গড়ে উঠেছে। গ্রামবাসী ও দর্শনার্থীরা সেখানে চা খান, যা কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে।

আরও পড়ুন: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবক সুজন মিয়ার মৃত্যু

গাছ দুটির প্রকৃত বয়স সম্পর্কে সুনির্দিষ্ট কোনো দালিলিক প্রমাণ বা জরিপ নেই। স্থানীয় বেশিরভাগ প্রবীণদের মতে, গাছ দুটির বয়স আনুমানিক ৪০০ বছর। কিছু লোকের মতে, এর বয়স আরও বেশি।

স্থানীয় বাসিন্দা সুমন আলী জানান, ‘আমরা ছোটোবেলা থেকেই গাছগুলোকে এমন বিশাল আকারে দেখে আসছি। সঠিক বয়স কেউ নিশ্চিত করে বলতে পারেন না। তবে অনেকের মতে, এই পাকুড় ও বট গাছের বয়স ৫০০ বছরও হতে পারে। আমাদের এলাকায় এত পুরোনো গাছ আর নেই।’

প্রত্নতত্ত্ব ও ইতিহাস গবেষকদের মতে, প্রাচীন বট বা পাকুড় গাছ প্রায়ই কোনো পুরোনো জনপদ, বাণিজ্যপথ বা গ্রামীণ স্মৃতির নীরব সাক্ষী হিসেবে টিকে থাকে।

স্থানীয় বাসিন্দা শামিম বলেন, প্রায়ই দূর-দূরান্ত থেকে লোকজন গাছটি দেখতে আসে এবং ছবি তোলে। পরিবেশটি খুব সুন্দর ও শান্ত। যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, পর্যটকদের বিশ্রামের ব্যবস্থা এবং সঠিক রক্ষণাবেক্ষণ করা গেলে এটি সহজেই আশপাশের মানুষের জন্য একটি জনপ্রিয় অবকাশকেন্দ্রে পরিণত হতে পারে।

আরও পড়ুন: প্রাপ্য সেবা নিশ্চিত করতে চেয়ারম্যান পদে লড়বেন সেচ্ছাসেবক দল নেতা রঙ্গিন

ময়েনপুর গ্রামের এই প্রাচীন বট ও পাকুড় গাছ এখন আর কেবল ভয়ের বা লোককথার অংশ নয়। বরং এটি প্রকৃতি, ঐতিহ্য এবং গ্রামীণ সম্ভাবনার একটি জীবন্ত নিদর্শন হয়ে উঠেছে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক একেএম সাইফুর রহমান মন্তব্য করেন, কোনো গাছের বয়স ৪০০ বা ৫০০ বছর কি না, তা কেবল লোককথায় নির্ধারণ করা সম্ভব নয়। বৈজ্ঞানিক পদ্ধতি, উদ্ভিদবিজ্ঞানীদের পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট এলাকার ইতিহাস বিশ্লেষণের মাধ্যমে যাচাই করা সম্ভব। তবে এত প্রাচীন বৃক্ষ প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। এটি উদ্ভিদ বিজ্ঞানীরা ভালো বলতে পারবেন। এটি সরাসরি আমরা দেখিনি। দেখার পর মন্তব্য করতে পারবো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাজেকে সেনাবাহিনীর সঙ্গে জেএসএসের গোলাগুলি, হতাহতের খবর নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


সাজেকে সেনাবাহিনীর সঙ্গে জেএসএসের গোলাগুলি, হতাহতের খবর নেই

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের মাচালং ১৪ কিলোমিটার এলাকায় সেনাবাহিনীর সঙ্গে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে সাড়ে বারোটা পর্যন্ত গোলাগুলির ঘটনা থেমে থেমে ঘটে।

সাজেক থানার ওসি মো. তোফাজ্জল হোসেন জানান, মাচালংয়ের ১৪ কিলোমিটার এলাকায় সেনাবাহিনীর টহল দল অভিযান পরিচালনা করার সময় জেএসএসের সশস্ত্র সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়, ফলে উভয় পক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটে। তবে, ঘণ্টাখানেক ধরে কোন গুলির শব্দ শোনা যায়নি। এই ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি, জানান ওসি তোফাজ্জল।

এদিকে, বিভিন্ন দাবিতে গণকমিটির ডাকা অবরোধ চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিপিএল ফিক্সিং: সাত ক্রিকেটার ও কর্মকর্তার অভিযোগ স্বীকার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


বিপিএল ফিক্সিং: সাত ক্রিকেটার ও কর্মকর্তার অভিযোগ স্বীকার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফিক্সিং বিতর্কে নতুন একটি মোড় এসেছে। ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত ১০ জনের মধ্যে সাতজন নিজেদের দায় স্বীকার করেছেন। এর ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখন তাদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির অপেক্ষায় রয়েছে। অন্যদিকে, অভিযোগ অস্বীকার করা বাকি তিনজনের ভাগ্য নির্ধারণ হবে ট্রাইব্যুনালে।

গত বছরের ফেব্রুয়ারিতে বিপিএলের একাদশ আসরে বিভিন্ন সন্দেহজনক কর্মকাণ্ডের পর তদন্ত কমিটি গঠন করে বিসিবি। অবসরপ্রাপ্ত বিচারপতি মির্জা হোসেইন হায়দারের নেতৃত্বে গঠিত ওই কমিটি দীর্ঘ তদন্ত শেষে ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেয়।

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে, বিপিএলের দ্বাদশ আসরের নিলাম থেকে নয় ক্রিকেটারকে বাদ দেওয়া হয়। তাদের মধ্যে রয়েছেন এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, সানজামুল ইসলাম, মিজানুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, আরিফুল হক, নিহাদুজ্জামান ও আল আমিন।

তবে বোর্ডের পরিবর্তনের পর তদন্ত প্রতিবেদন নিয়ে অবস্থানেও পরিবর্তন আসে। তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ড ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনের গুরুত্ব আগের মতো দেয়নি। তবে বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল কাউন্সেল ব্যারিস্টার মাহিন এম রহমান জানিয়েছিলেন যে ওই নয় ক্রিকেটারের ওপর বাড়তি নজরদারি রাখা হবে।

এদিকে, দ্বাদশ বিপিএলে নতুন করে ফিক্সিংয়ের অভিযোগ সামনে এসেছে। তদন্ত শেষে তিন দফায় এখন পর্যন্ত ১০ জনের নাম প্রকাশ করেছে বিসিবি। অভিযুক্ত সবাইকে সাময়িকভাবে নিষিদ্ধ করার পাশাপাশি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ স্বীকার করা সাতজনের মধ্যে রয়েছেন ক্রিকেটার অমিত মজুমদার, সিলেট টাইটান্সের টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিক, নোয়াখালী এক্সপ্রেসের সহ-মালিক তৌহিদুল হক, চট্টগ্রাম রয়্যালসের লজিস্টিকস ম্যানেজার লাবলুর রহমান, বিসিবির সাবেক লিয়াজোঁ অফিসার জাকির হোসেন এবং চট্টগ্রাম রয়্যালসের মালিক আবদুল কাইয়ুম রাশেদ। বাকি একজনের পরিচয় প্রকাশ করা হয়নি।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন তিনজন। তারা হলেন বিসিবির সাবেক পরিচালক মুখলেসুর রহমান শামীম, সাবেক কাউন্সিলর রাকিবুল ইসলাম সানি এবং দুর্বার রাজশাহীর কর্মকর্তা আমিন খান। তাদের বিরুদ্ধে অভিযোগের নিষ্পত্তি হবে ট্রাইব্যুনালের মাধ্যমে।

তবে বিপিএলে ফিক্সিংবিরোধী এই তদন্ত এখানেই শেষ হচ্ছে না। আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে বলে জানা গেছে।

এত তদন্ত, নিষেধাজ্ঞা ও শাস্তির উদ্যোগের পরও দেশের ক্রিকেট থেকে ফিক্সিং কতটা কমেছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ, বিসিবির ইন্টেগ্রিটি ইউনিট তদন্ত পরিচালনা করতে পারলেও অভিযুক্তদের নাম প্রকাশ এবং শাস্তি দেওয়ার চূড়ান্ত এখতিয়ার শুধুমাত্র ক্রিকেট বোর্ডের হাতে রয়েছে। ফলে ফিক্সিংয়ের বিরুদ্ধে বিসিবির পরবর্তী পদক্ষেপের দিকে এখন তাকিয়ে ক্রিকেটাঙ্গন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নয়ন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নয়ন গ্রেফতার

গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকা থেকে খাগড়াছড়ির রামগড় উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম হোসেন নয়নকে (৩১) গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে রাজধানীর ডেমরা থানাধীন কোনাপাড়া এলাকার একটি আবাস থেকে তাকে আটক করা হয়। তিনি রামগড় পৌরসভার আনন্দপাড়ার বাবুল মিয়ার পুত্র।

রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রামগড় থানার এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ডিএমপির ডিবি পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে তাকে ডেমরা থানার কোনাপাড়া এলাকা থেকে গ্রেফতার করে।

শুক্রবার দুপুরের পর তাকে ঢাকা থেকে রামগড় থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে রামগড় থানায় একাধিক মামলা রয়েছে।

ওসি আরও জানিয়েছেন, দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিকে শুক্রবার বিকালে খাগড়াছড়ি জুডিশিয়াল আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রয়োজনে সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


প্রয়োজনে সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম মন্তব্য করেছেন, প্রয়োজনে সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার ব্যবস্থা নেওয়া হবে। এই সিদ্ধান্তটি সরকার ও বিরোধী দলের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে গ্রহণ করা হবে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদের নামে নামকরণ এবং উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

মীর শাহে আলম আরও বলেন, ‘নতুন করে ভাবার সময় এসেছে। যে সংবিধান সংশোধন হচ্ছে, সেখানে নতুন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে সংবিধান সংশোধন করার প্রয়োজন হলে বর্তমান সরকার এবং বিরোধী দল ঐকমত্যের মাধ্যমে সেটা করবে, ইনশাআল্লাহ।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%