ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কালীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের মিলনমেলায় আনন্দ ও দক্ষতা উন্নয়ন


কালীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের মিলনমেলায় আনন্দ ও দক্ষতা উন্নয়ন

লালমনিরহাটের কালীগঞ্জে বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার উদ্যোগে স্বেচ্ছাসেবীদের নিয়ে একটি দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৪ নভেম্বর) উত্তর বাংলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই মিলনমেলায় শতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। আয়োজনে ছিল খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বেচ্ছাসেবীদের দক্ষতা উন্নয়নবিষয়ক কর্মশালা, অভিজ্ঞতা বিনিময়, পুরস্কার বিতরণী এবং প্রীতিভোজসহ নানা আয়োজন।

স্বেচ্ছাসেবীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সাংগঠনিক বন্ধনকে আরও সুদৃঢ় করার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে দক্ষতা ও নেতৃত্বের বিকাশে গুরুত্ব দেওয়া হয়। কর্মব্যস্ততার বাইরে একে অপরের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ছিলেন অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীরা।

মিলনমেলার শুরুতে স্বেচ্ছাসেবীদের নিয়ে পরিচিতি ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের কার্যক্রম, স্বেচ্ছাসেবীদের দায়িত্ব, সামাজিক কাজে নেতৃত্বের ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি স্বেচ্ছাসেবীদের দক্ষতা উন্নয়ন ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতে একটি কর্মশালার আয়োজন করা হয়। এতে স্বেচ্ছাসেবামূলক কাজের অভিজ্ঞতা, দলগত সমন্বয়, দায়িত্বশীলতা ও মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আরও পড়ুন: ‘মামাকে বিয়ে’ বিতর্কে মুখ খুললেন কীর্তি, অস্বস্তিতে রাধিকা

আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় নারী ও পুরুষদের পৃথক বালিশ খেলা। নারী বিভাগে প্রথম স্থান অর্জন করেন সুবর্ণা এবং দ্বিতীয় হন হালিমাতুস সাদীয়া। পুরুষ বিভাগে প্রথম হন সামু ইসলাম এবং দ্বিতীয় স্থান অর্জন করেন হৃদয় মিয়া।

এ ছাড়া সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন নিলা আক্তার, নৃত্য পরিবেশন করেন নোহা আক্তার, আবৃত্তি করেন সুমি আক্তার এবং গজল পরিবেশন করেন আনিছুর রহমান। দলীয় নৃত্যে অংশ নেন জাকিয়া ফেরদৌসী জীম ও হালিমাতুস সাদীয়া। স্বেচ্ছাসেবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দমুখর।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাঈম রহমান। তিনি বলেন, “একটি সংগঠনের শক্তি শুধু তার কর্মসূচি কিংবা সদস্যসংখ্যায় নয়, বরং স্বেচ্ছাসেবীদের পারস্পরিক সম্পর্ক, আন্তরিকতা ও কাজের প্রতি দায়বদ্ধতার মধ্যে নিহিত। স্বেচ্ছাসেবীরা যখন একে অপরকে জানার, বোঝার এবং নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান, তখন সাংগঠনিক বন্ধন আরও দৃঢ় হয়। এ ধরনের মিলনমেলা স্বেচ্ছাসেবীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করে। আনন্দের পাশাপাশি দক্ষতা উন্নয়নের এমন আয়োজন প্রতিটি শাখায় নিয়মিত হওয়া প্রয়োজন। আমি আশা করি, কালীগঞ্জ উপজেলা শাখার স্বেচ্ছাসেবীরা আগামীতেও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।”

বসুন্ধরা শুভসংঘ কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান বলেন, “স্বেচ্ছাসেবীরা সারা বছর মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেদের সময় ও শ্রম দিয়ে থাকেন। তাদের মধ্যে পারস্পরিক পরিচিতি, আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধ বাড়ানোর পাশাপাশি কিছুটা আনন্দের সময় উপহার দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন। একই সঙ্গে কর্মশালার মাধ্যমে স্বেচ্ছাসেবীদের দক্ষতা ও সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করেছি। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি সফল ও আনন্দমুখর হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা করছি।”

আরও পড়ুন: ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন ম্যাকোলে কালকিন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কালীগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মো. শাহ আলম, মো. মজিবুর রহমান ও মো. শাহজামাল; সহসভাপতি বখতিয়ার খলজি; যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় মিয়া; সাংগঠনিক সম্পাদক মো. শফিনুর ইসলাম; সহসাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ হাসান; শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক মো. শাহরিয়ার আহমেদ হিমেল; তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন; নারী বিষয়ক সম্পাদক মোছা. জেসমিন আক্তার এবং কার্যকরী সদস্য মো. সোহেল রানা, মো. জাহিদ হাসান ও মো. ফাতাউর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ উত্তর বাংলা কলেজ শাখার সভাপতি সুরুজ আলী, সহসভাপতি তমা আক্তার, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইশরাত জাহান, সাংগঠনিক সম্পাদক সুমন সরকার, কোষাধ্যক্ষ মো. মতিয়ার রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবীরা।

দিনের শেষপর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে অংশগ্রহণকারীরা একসঙ্গে প্রীতিভোজে অংশ নেন। হাসি, আনন্দ, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে দিনব্যাপী এ মিলনমেলার সমাপ্তি ঘটে।

আরও পড়ুন: ঋতুপর্ণার গাড়ি দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে, অল্পের জন্য রক্ষা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমুদ্রবন্দর থেকে নামানো হলো সতর্কসংকেত, মৎস্যজীবীদের সাবধানে চলাচলের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


সমুদ্রবন্দর থেকে নামানো হলো সতর্কসংকেত, মৎস্যজীবীদের সাবধানে চলাচলের নির্দেশ

উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই। এই কারণে আবহাওয়া অধিদপ্তর দেশের চারটি সমুদ্রবন্দর থেকে সতর্কসংকেত নামিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে।

শনিবার আবহাওয়া অফিসের পক্ষ থেকে একটি সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়ার কোনো সম্ভাবনা নেই। এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। একই সঙ্গে উপকূলে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে আগামীকাল উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিকলীতে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


নিকলীতে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নির্যাতন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে দুই দিনের পুলিশ অভিযান পরিচালনা করে নিকলী উপজেলায় ৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

নিকলীর থানার পুলিশ ১৮ নভেম্বর গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন দামপাড়া ইউনিয়নের (৩ নম্বর ওয়ার্ডের) হাসানপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মাজহারুল ইসলাম ওরফে মাজু (৪৬) এবং পূর্বপাড়া গ্রামের রহিম উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৩২)। পুলিশের তথ্য অনুযায়ী, মাজহারুল ইসলাম স্থানীয় ওয়ার্ড মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীর আলম ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য। এছাড়া নিকলী পূর্বগ্রাম নয়াহাটির মৃত হাতেম আলীর ছেলে আবুল কালাম (৫২), কারপাশা ইউনিয়নের জালালপুর গ্রামের আ: বারিকের ছেলে শামছুল ইসলাম, গুরুই ইউনিয়নের মৃত শব্দর আলীর ছেলে আ: সালাম (৪১) এবং একই ইউনিয়নের পাড়া বাজিতপুর গ্রামের আবু তাহের (৪৫) রয়েছেন।

পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির কার্যক্রম এবং নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে আসামিরা জড়িত। কিছু আসামি পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। আন্দোলন সংক্রান্ত মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এ বিষয়ে নিকলী থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদের সাথে মুঠোফোনে কথা হলে ইনকিলাবকে তিনি জানান, আসামিরা নাশকতার পরিকল্পনার সাথে এবং লকডাউন কর্মসূচির সাথে জড়িত ছিল। কারো নামে রাজনৈতিক মামলা রয়েছে, তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলায় ছয় লাখ শিশুর জন্য মাত্র দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


ভোলায় ছয় লাখ শিশুর জন্য মাত্র দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক

হাসপাতালের বারান্দা, হাঁটার পথ এবং সিঁড়িকোঠা- কোথাও খালি জায়গা নেই। শিশু রোগীদের শয্যা না পেয়ে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। এসব রোগী আশানুরূপ চিকিৎসা পাচ্ছে না।

এটি ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের অবস্থা, তবে শুধু এই হাসপাতাল নয়, জেলার সরকারি হাসপাতালগুলোর দৈনন্দিন পরিস্থিতি এমনই।

জেলায় সাতটি হাসপাতালের মধ্যে পাঁচটিতে দীর্ঘদিন ধরে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পদ শূন্য রয়েছে। ফলে জেলার ছয় লাখের বেশি শিশুর চিকিৎসার দায়িত্ব বর্তমানে মাত্র দুইজন বিশেষজ্ঞ চিকিৎসকের ওপর নির্ভর করছে।

জেলার বাসিন্দাদের মতে, উপজেলা হাসপাতালে চিকিৎসক না থাকায় ৫০ থেকে ৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা শহরে আসলেও কাঙ্খিত সেবা মিলছে না। ফলে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের শিশুদের নামমাত্র চিকিৎসা নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে।

ভোলার মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ শিশু হলেও বছরের পর বছর ধরে তাদের চিকিৎসায় এমন সংকট চলছে। এ সংকটের সমাধানে কোনো কার্যকর পদক্ষেপও দৃশ্যমান নয়।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশু ওয়ার্ডে শয্যা সংখ্যা ৬০টি, কিন্তু গত এক বছরের বেশি সময় ধরে এ ওয়ার্ডে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৩৫০ রোগী ভর্তি থাকে। শয্যা সংকুলান না হওয়ায় সংবেদনশীল রোগীদের হাসপাতালের বারান্দা, চলাচলের রাস্তা ও সিঁড়ি কোটায় রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সেখানে দৈনিক গড়ে ৩০০ থেকে ৩৫০ জন শিশু ভর্তি হয়। আউটডোরে চিকিৎসা নেয় পাঁচ শতাধিক। এই বিপুল সংখ্যক শিশু রোগীর চিকিৎসার জন্য শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন মাত্র একজন।

সম্প্রতি সরেজমিনে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, জ্যেষ্ঠ বিশেষজ্ঞ চিকিৎসক মো. সালাহউদ্দীন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগীদের দেখতে ছুটোছুটি করছেন। শিশু ওয়ার্ড থেকে হাম ও ডেঙ্গু ওয়ার্ডে, সেখান থেকে আবার ডায়রিয়া ওয়ার্ডে। ইনডোরের রোগী দেখা শুরু সকাল থেকে, এরপর দুপুর গড়িয়ে গেলেও শেষ হচ্ছে না রোগী দেখা।

অন্যদিকে, বহির্বিভাগেও অসুস্থ শিশু নিয়ে অপেক্ষা করছেন অনেক অভিভাবক। অক্লান্ত পরিশ্রম করেও রোগীর অভিভাবকদের মন জয় করতে পারছেন না এই চিকিৎসক।

২০২২ সালের সর্বশেষ জনশুমারি অনুযায়ী, ভোলা জেলায় শূন্য থেকে ১৪ বছর বয়সী মোট শিশুর সংখ্যা ছয় লাখ ৪১ হাজার, যা মোট জনসংখ্যার ৩৩ দশমিক ১৯ শতাংশ। এর মধ্যে ১০ বছরের কম বয়সী শিশুর সংখ্যা চার লাখ ২৭ হাজার।

তবে স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বর্তমানে পাঁচ বছরের নিচে শিশুর সংখ্যা দুই লাখ ২৫ হাজার। এসব শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা ও উপজেলার সাতটি হাসপাতালে মোট আটজন শিশু বিশেষজ্ঞের পদ রয়েছে। এর মধ্যে সদরে জেনারেল হাসপাতালে একজন জ্যেষ্ঠ বিশেষজ্ঞ এবং লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন কনিষ্ঠ বিশেষজ্ঞ চিকিৎসক কর্মরত রয়েছেন। বাকি ছয়টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।

উপজেলা পর্যায়ে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় অসুস্থ শিশুদের নিয়ে জেলা সদরে ছুটতে হচ্ছে অভিভাবকদের। আর সদর হাসপাতালের একমাত্র বিশেষজ্ঞ চিকিৎসকের পক্ষে বিপুল সংখ্যক শিশু রোগীর কাঙ্খিত সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

শিশু নিয়ে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি ফারিয়া আক্তার ও ইকবাল হোসেনসহ চার-পাঁচজন অভিভাবক জানান, উপজেলা হাসপাতালে আশানুরূপ চিকিৎসা না পেয়ে জেলা শহরের হাসপাতালে এসেছেন, কিন্তু এখানে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় শিশুদের সঠিক চিকিৎসা মিলছে না।

হাসপাতালে ভর্তি এক শিশুর মা মরিয়ম বেগমের বক্তব্য, ‘তিন বছর বয়সী অসুস্থ শিশুকে ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে ভর্তি করেছি, কিন্তু হাসপাতালেও শিশুদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক নাই। বেসরকারিভাবে চিকিৎসা করানোর সামর্থ্যও আমাদের নাই। তাহলে আমরা কই যামু?’

ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত ৯ মাস বয়সী শিশু সন্তানকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করিয়েছেন কামরুল ইসলাম। তিনি জানান, তার বাড়ির পাশেই তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সেখানে শিশুরোগের বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় প্রায় ৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভোলা জেনারেল হাসপাতালে এসেছেন, কিন্তু কোনো শয্যা পাচ্ছেন না। বসার জায়গা পর্যন্ত নেই শিশু ওয়ার্ডে। ভর্তির ২৪ ঘণ্টা পরও চিকিৎসকের দেখাও পাচ্ছেন না। তাই উৎকণ্ঠায় রয়েছেন তিনি।

ভোলা জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মো. সালাহউদ্দিনের বক্তব্য, তার একার পক্ষে এত রোগীর সঠিক চিকিৎসা দেওয়া অসম্ভব। শিশুর অভিভাবকদের সব কথা শোনাও সম্ভব হচ্ছে না। তবে তিনি সামর্থ্য অনুযায়ী যথাযথ চিকিৎসা দিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।

ডা. সালাহউদ্দিন বলেন, উপজেলা পর্যায়ের হাসপাতালে শিশুরোগের বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় জেলা সদরে সবসময় রোগীর চাপ বেশি থাকে। রোগীর চিকিৎসা নিশ্চিত করতে হলে চিকিৎসকের সংখ্যা বাড়ানোর বিকল্প নেই।

ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান কালের কণ্ঠকে বলেন, চিকিৎসক সংকটের কারণে শিশুদের চিকিৎসা নিশ্চিত করা চ্যালেঞ্জের মুখে পড়ছে। শিশু বিভাগের দুইজন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছেন একজন। স্থায়ী সমাধানের জন্য জরুরি ভিত্তিতে শিশুরোগের চিকিৎসক প্রয়োজন।

ভোলার সিভিল সার্জন ডা. মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সদর জেনারেল হাসপাতাল ও লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে শিশুরোগ বিশেষজ্ঞ রয়েছেন। বাকি ছয়টি পদই দীর্ঘদিন ধরে শূন্য। এতে শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করা কষ্টকর। শূন্য পদে চিকিৎসক দেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীতে ৪ দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত, জনজীবনে ভোগান্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


পটুয়াখালীতে ৪ দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত, জনজীবনে ভোগান্তি

ঘূর্নিঝড় আকভান দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীতে গত ৪ দিন ধরে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল নয়টা থেকে আজ শনিবার সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলার কলাপাড়ায় ৩৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে শীতের অনুভূতি বাড়ছে। টানা বৃষ্টি ও শীতে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। নিম্ন আয়ের শ্রমজীবি মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এদিকে, টানা বৃষ্টির কারণে জমির আধা পাকা ধান চিটা হয়ে যাওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন আমন চাষীরা। একই সঙ্গে শীতকালীন সবজি চাষীরা বৃষ্টির পানিতে ক্ষতির শংকায় পড়েছেন।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঢাকা, পটুয়াখালী, বরিশাল, ফরিদপুর, মাদারীপুর, পাবনা, টাঙ্গাইল, কুমিল্লা, খুলনা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ-পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদী বন্দর সমূহকে ০১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

মহিপুর হাওলাদার ফিসের স্বত্বাধিকারী আ: জলিল হাওলাদার বলেন, "এই নিষেধাজ্ঞা, এই আবহাওয়া খারাপ। জানিনা এই মৎস্য ব্যবসার সাথে জড়িত যারা তাদের কপালে আল্লাহ কি রাখছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%